ঠাকুরগাঁওয়ের নেকমরদ পশুর হাটে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার সর্ববৃহৎ নেকমরদ পশুর হাটে দীর্ঘদিন ধরে দাপটের সাথে অতিরিক্ত টোল আদায় করে আসছেন হাট ইজারাদার, জেলা পরিষদ সাবেক সদস্য।

গতকাল রবিবার ৪ সেপ্টেম্বর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।

জানা যায়, সরকারী নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে গরু প্রতি ২৩০ এর পরিবর্তে ৪০০ এবং ছাগল প্রতি ৯০ এর পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রভাবশালী হাট ইজারাদার কে জরিমানা করে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রতিহাটে অতিরিক্ত টোল আমরা দিয়ে আসছি। কিন্তু প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। আর মাঝে মধ্যে হাটে এসিল্যান্ড এসে নামে মাত্র জরিমানা করছে। তিনি চলে যাওয়ার পরেও অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকে।

এব্যপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, হাটে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গার্ড অব অনার’ প্রদান

বিনোদন ডেস্কঃ আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ শহীদ মিনারে নেওয়ার পর রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি, পেশা ও সংগঠনের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছে।

এছাড়া শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় বিএফডিসিতে নেওয়া হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে বাদজোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চ্যানেল আই ভবনে হবে দ্বিতীয় নামাজে জানাজা। পরবর্তীতে গুলশানের আজাদ মসজিদে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, অনেক কালজয়ী গানের স্রষ্টা, কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন তিনি। ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’-এর মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ারের বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্ম নেন। ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখায়ও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নান্টু ঘটক’ ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১টি।

এছাড়া, গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ লাভ করেন। এ ছাড়াও পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিকবার বাচসাস পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

ফুলবাড়ীতে ধরলার ভাঙ্গনে হুমকির মুখে তিন শতাধিক পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামে ধরলা নদীর ভাঙ্গন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে ধরলার ভাঙ্গনে নদী নিকটবর্তী ওই গ্রামের ফসলী জমি, বাঁশঝাড়, গাছপালার বাগান সহ চলাচলের একমাত্র রাস্তার প্রায় দুইশত পঞ্চাশ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙ্গন হুমকির মুখে পড়েছে ওই গ্রামের তিন শতাধিক পরিবার।

চর গোরকমন্ডল গ্রামের বাসিন্দা আমীর হোসেন (৪৫) জহুরুল হক (৫০) জাহাঙ্গীর আলম (৩৮) জানান, বর্ষা মৌসুমের শুরু থেকে এই এলাকায় ধরলা নদীর ভাঙ্গন শুরু হয়েছে। গত দুই মাসে প্রায় শতাধিক বিঘা আবাদী জমি, গাছপালার বাগান ও বাঁশঝাড় নদী গিলে খেয়েছে। আর গত এক সপ্তাহে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটিও নদীতে চলে গেল। এভাবে ভাঙ্গতে থাকলে দুই চার দিনের মধ্যে বাড়ী ভিটাও নদীতে চলে যাবে।

চর গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, এই গ্রামে প্রায় সাড়ে তিন’শ পরিবার বাস করে। তাছাড়া একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা, চারটি মসজিদ, একটি সরকারী আবাসন প্রকল্পসহ বেশকিছু গুরত্বপূর্ন স্থাপনা ও প্রতিষ্ঠান রয়েছে এই গ্রামে। ভাঙ্গন প্রতিরোধে জরুরি ব্যবস্থা না নিলে হয়তো অল্পদিনের মধ্যেই ফুলবাড়ী উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে নদী তীরবর্তী এ গ্রামটি।

এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী জানান, চর গোরকমন্ডল এলাকার নদী ভাঙ্গন উদ্বেগ জনক। ভাঙ্গন প্রতিরোধে ইউনিয়ন পরিষদের প্যাডে আবেদন করে মাননীয় সংসদ সদস্যের সুপারিশ সহ পানি উন্নয়ন বোর্ডে পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড মাত্র দুইশত জিও ব্যাগ প্রদান করেছে। যা দিয়ে ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব নয়।

রাণীশংকৈলে সিনজেনটা কোম্পানীর নকল কিটনাশক রাখার দায়ে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মেসার্স জান্নাতুন ট্রেডার্স দীর্ঘদিন ধরে নকল কিটনাশক বিক্রি করে আসছিল। সিনজেনটাা কোম্পানীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার ৪ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা স্বরেজমিনে তদন্তে গেলে ঘটনার সত্যতা পায়।

এসময় মেসার্স জান্নাতুন ট্রেডার্সে সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমিরউদ্দীনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, সিনজেনটা কোম্পানীর ভিরতাকো নকল কিটনাশক (বিষ) ও বিভিন্ন কম্পানির মেয়াদ উত্তীর্ণ বিষ পাওয়ার অপরাধে জান্নাতুন ট্রেডার্সের প্রোঃ জমিরউদ্দীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশের সব নদ-নদীর পানি বাড়ার আভাস দিয়েছে বাপাউবো

সিএনবিডি ডেস্কঃ ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের সব নদ-নদীর পানি বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। গতকাল রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় বা তার পরেও এটি বাড়তে পারে। এছাড়া, যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এর বাইরেও দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী দুইদিন এটি অব্যাহত থাকবে।

প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আরও বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এ সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

জ্বালানি গ্যাস নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি জানালো ইইউ

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া যদি বাল্টিক সাগরে তার মূল পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আবার শুরু না করে তাহলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা ব্যবস্থা নেবে জানিয়েছেন ইইউ’র অর্থনীতি বিষয়ক কমিটির সদস্য পাওলো জানতিলানি।

জানতিলানি ইউরোপে গ্যাস রপ্তানি চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ইউরোপ ভয় পায় না।

তবে জানতিলানি পাল্টা ব্যবস্থা নেয়ার কথা বললেও ইউরোপ ঠিক কী ব্যবস্থা নেবে তা জানাতে পারেননি। আসন্ন শীতকে সামনে রেখে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

সম্প্রতি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানী কোম্পানি গ্যাসপ্রম সম্প্রতি ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে। রাশিয়া বলেছে, নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনের টারবাইনে সমস্যা দেখা দেয়ায় ওই পাইপলাইন দিয়ে গ্যাস পাঠানো যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ওই টারবাইন কানাডা থেকে আনা যাচ্ছে না বলেও দাবি করেছে মস্কো।

জ্বালানী কোম্পানি গ্যাসপ্রম আরো বলেছে, নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপ লাইনে ছিদ্র ধরা পড়েছে এবং তা মেরামত না করা পর্যন্ত ইউরোপে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না।

প্রসঙ্গত, রাশিয়ার বক্তব্য অনুযায়ী নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে পারে। গত চার দিনেরও বেশি সময় ধরে পাইপলাইনটি বন্ধ রয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস সরাসরি জার্মানিতে প্রবেশ করে এবং এরপর ইউরোপের আরো কয়েকটি দেশে সরবরাহ করা হয়।

এশিয়ার ৫ দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

জাতীয় ডেস্কঃ এশিয়ার পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে দেশগুলোর সঙ্গে করা হয়েছে দ্বিপক্ষীয় চুক্তি। দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, রাশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যে পাঁচটি দেশ থেকে খাদ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করেছে। এই পাঁচটি দেশ ছাড়া আরও যদি কোনো বিকল্প দেশ থেকে খাদ্য আমদানি করা যায়, সেগুলো নিয়েও চিন্তাভাবনা করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া দেশে আবাদযোগ্য জমি পতিত না রেখে ফসল উৎপাদন বাড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাজনগরে ৬ জুয়ারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনয় ও পুলিশ পরির্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এসআই/ সুলেমান আহমদ, এসআই/ আবুল হাসান, এসআই/ মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই/উবায়েদ আহমেদ এবং এএসআই/চিত্তরঞ্জন বিশ্বাস রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউপিস্থ ভাঙ্গারহাট বাজার এলাকা গাপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়াড়ী ১। জাহাঙ্গীর মিয়া(৫৬), পিতা-মৃত সমুজ মিয়া, সাং- আকুয়া, ২। সাহাব উদ্দিন(২২), পিতা- আজিজ মিয়া, সাং- আকুয়া, ৩। সিরাজ মিয়া(২৮), পিতা- মোবারক মিয়া, সাং-সৈয়দনগর, ৪। আলা উদ্দিন(৩১), পিতা- কাপ্তান মিয়া, সাং-সৈয়দনগর, ৫। আলী হোসেন(৩১), পিতা- মখদুছ উল্ল্যা, সাং-সৈয়দনগর, ৬। সজনু মিয়া((২৫), পিতা- ইরা মিয়া, সাং- আকুয়া, সর্বথানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারদেরক গ্রেফতার করেন এবং ৭। জাহির খান(২৩), পিতা- ইন্তাজ খান, সাং-সৈয়দনগর, ৮। লয়েছ মিয়া(৩২), পিতা- আলকাছ মিয়া, সাং-আকুয়া, ৯। সুজা মিয়া(৪০), পিতা-মানিক মিয়া, সাং- কাছাড়ী, সর্বথানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার দৌড়ে পালিয়ে যায়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

“আগামী ৩দিন দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে”

আবহাওয়া ডেস্কঃ আগামী ৭২ ঘন্টা অর্থাৎ ৩দিন দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কম ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১১৬ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।