পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা প্রায় ১৩০০

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে ত্রাণতৎপরতা অব্যাহত থাকা সত্ত্বেও দেশটিতে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।

গতকাল শনিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানায়, গত ২৪ ঘণ্টায় ২৯ জন মারা যাওয়ায় জুন থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯০। ইতোমধ্যে পাকিস্তানের সরকারি সংস্থা এবং বেসরকারি এনজিওগুলো ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশটির বড় অংশ বিশেষ করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণে সিন্ধ প্রদেশ প্লাবিত হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় ১৩৮, বেলুচিস্তানে ১২৫ ও সিন্ধু প্রদেশে কমপক্ষে ১৮০ জন মারা গেছে। বন্যার কারণে এ পর্যন্ত কমপক্ষে ১৪ লাখ ৬৮ হাজার ১৯টি ঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সাত লাখ ৩৬ হাজার ৪৫৯টি গবাদিপশু মারা গেছে।

এদিকে, শনিবার সকালে ফ্রান্স থেকে প্রথম ত্রাণবাহী ফ্লাইট ইসলামাবাদে অবতরণ করে। এ ছাড়া ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ থেকে সহায়তা এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১০ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে জরিপ করা হচ্ছে।

কেন্দ্রীয় দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী শাজিয়া মারি বলেন, এ পর্যন্ত সাত লাখ ২৩ হাজার ৯১৯টি পরিবারের মাঝে ২৫ হাজার রুপি করে নগদ সহায়তা হিসেবে ১৮ দশমিক ২৫ বিলিয়ন রুপি বিতরণ করা হয়েছে।

সূত্র : জিও নিউজ। 

চলতি অর্থবছরের আগস্টে রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ চলতি অর্থবছরের আগস্টে রপ্তানিতে রেকর্ড প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ। বৈশ্বিক সংকট ও মুদ্রাস্ফীতির মধ্যেও আগস্ট মাসে ৩৬ দশমিক ১৮ শতাংশ রেকর্ড প্রবৃদ্ধিতে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার পণ্য রপ্তানি করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ রোববার (৪ সেপ্টেম্বর) হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর আগে ২০২১-২২ অর্থবছরের আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডালারের পণ্য রপ্তানি হয়েছিল; যা সেই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ। চলতি অর্থবছরের আগস্টে ৪৩০ কোটি ডলারের পণ্য রপ্তানির আশা করেছিল সরকার, আর সে হিসাবে আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি। এবারের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছিল যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি ছিল।

ইপিবি’র তথ্যে আরো দেখা যায়, নতুন অর্থবছরের প্রথম দুই মাস শেষে দেশের রপ্তানি আয়ে ২৫ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। দুই মাস মিলিয়ে মোট রপ্তানি হয়েছে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৪ দশমিক ৫২ শতাংশ বেশি। গেল দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭১১ কোটি ২৬ ডলারের, এই খাতে প্রবৃদ্ধি এসেছে ২৬ শতাংশ। দুই মাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি। হোম টেক্সটাইল একটি উদীয়মান খাত হিসাবে রূপ নিচ্ছে। এই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলারের; প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। পাটপণ্য রপ্তানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলারের; প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ। গত দুই মাসে তিন কোটি ৩৩ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানির ফলে ৬০ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে।

সাতক্ষীরায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, চা বিক্রেতার খণ্ডিত মাথা উদ্ধার

অনলাইন ডেস্কঃ সাতক্ষীরার লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল আসামি জাকির হোসেনকে গ্রেপ্তারের পর হত্যার শিকার চা বিক্রেতা ইয়াসিন আলীর খণ্ডিত মাথা উদ্ধার করেছে র‌্যাব। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের একটি কালভাটের নিচ থেকে বস্তাভর্তি মাথাটি উদ্ধার করা হয়। মাথা উদ্ধারের পর অভিযুক্তের ব্যবহৃত মোটরভ্যান ও পোশাক উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের চেষ্টা করছে বলে র‌্যাব জানিয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।

এর আগে, শনিবার দিবাগত রাতে ঘাতক জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব। ঘাতক জাকির হোসেন সদর উপজেলার পারকুখরালী গড়েরকান্দা এলাকার বাচ্চু শেখের ছেলে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ জানান, ইয়াছিন আলীর সঙ্গে জাকিরের ব্যবসা ছিল। ব্যবসার লেনদেনের ২০ হাজার টাকা পেতেন ঘাতক জাকির। কয়েকবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করে জাকির।কিন্তু ইয়াছিনকে তা বুঝতে না দিয়ে নতুন ব্যবসার কথা বলে গত ৩০ আগস্ট একটি ভ্যানে তাকে শহরের বাইপাস সড়কে নিয়ে যায়। দীর্ঘসময় গল্পগুজব করে সময়ক্ষেপণ করতে থাকে জাকির। রাত যখন গভীর হয় তখন খুনি সুযোগ বুঝে রাত ১২টার পর ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ মারে। কোপানোর পর ইয়াছিন আলী পড়ে গেলে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে জাকির। একপর্যায়ে ভিকটিমের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তখন মাথাবিহীন মৃতদেহ টেনে রাস্তার পাশে পানিতে ফেলে দেয়। তার মাথাটি আলাদা নিয়ে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বাইপাসের একটি কালভাটের নিচে বস্তাবন্দি করে ফেলে রেখে চলে যায়।

লে. কর্নেল মোসতাক আহমেদ আরো জানান, পরদিন ৩১ আগস্ট এলাকার লোকজন রাস্তার পাশের পানিতে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর ৪দিন পর র‌্যাব-৬ ইয়াাছিন হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হলো।

রায়পুরায় স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

অনলাইন ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় স্বামীর ঘর ছেড়ে গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভার হাসিমপুর এলাকায় বিয়ের দাবিতে সামি নামের এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।

স্থানীয়রা জানিয়েছে, গত ৩ মাস আগে উভয় পরিবারের সম্মতিতে একই গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। কিন্তু স্থানীয় স্কুলে পড়ার সময় ৪ বছর আগে সামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিয়ের পরও স্বামীর অনুপস্থিতিতে মোবাইলে ওই সামির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তিনি। এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিশি হয়। গত ৩ দিন আগে সালিশি মীমাংসায় স্বামীর সংসার করবে না বলে তালাক দিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসেন তিনি। এরপর শনিবার সকালে বাবার বাড়ি থেকে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। প্রেমিককে না পেয়ে বিয়ের দাবিতে অবস্থান করেন।

এদিকে প্রেমিকের পরিবার এ ঘটনার পর ঘরে তালাবদ্ধ করে অন্যত্র চলে যায়। আর ওই প্রেমিকও উধাও। প্রেমিককে না পেয়ে ওই প্রেমিকা বিয়ের দাবিতে রান্না ঘরে অনশনে বসেন। সন্ধ্যা পর্যন্ত চলে। এ নিয়ে সকাল থেকে দিনব্যাপী এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক সামির বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

অনশনে থাকা ওই তরুণী বলেন, সামির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাকে আমার সামনে এনে হাজির করেন। বিয়ের পরও প্রতিনিয়ত তার সঙ্গে কথা হতো আমার। বিয়ে করবে বলে স্বামীর ঘর ছেড়ে বাড়িতে এসেছি। তাকে না পেলে মরে যাব, তাকেই চাই। এ সময় তিনি সামিকে না পেলে আত্মহত্যার হুমকি দেন।

এ বিষয়ে রায়পুরা পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার নাহিদ মিয়া বলেন, এই ঘটনার বিষয়ে আমি শুনেছি। আমি এই বিষয় নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলব এবং এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

দ্বিতীয় দফায় চন্দ্র অভিযানের রকেট উৎক্ষেপণ স্থগিত করলো নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ দ্বিতীয় দফায় মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা চন্দ্র অভিযানের জন্য আর্মেটিস মিশনের এস এল এস রকেট উৎক্ষেপণ স্থগিত করেছে। রকেটের জ্বালানি ট্যাংকিতে ফের আরো একটি ছিদ্র পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নাসা।

এর আগে, গতকাল শনিবার ১০০ মিটার দীর্ঘ এ রকেট উৎক্ষেপণের কথা ছিল। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে এক দফা এই রকেট উৎক্ষেপণের প্রচেষ্টা স্থগিত করতে বাধ্য হন নাসার বিজ্ঞানীরা। গতকাল দ্বিতীয় দফায় রকেট উৎক্ষেপণ বন্ধের ঘোষণা দেয়ার পর কবে এই রকেট নতুন করে উৎক্ষেপণ করা হবে তার সম্ভাব্য কোনো তারিখ নাসা জানায়নি।

এদিকে ধারনা করা হচ্ছে, রকেটের জ্বালানি ট্যাংকিতে যে ছিদ্র দেখা দিয়েছে তা ঠিক করতে হলে রকেটকে লঞ্চ প্যাড থেকে খুলে নিতে হবে এবং ঠিকঠাক করার পর আবার তাকে হ্যাঙ্গারে ফিরে আনতে হবে। সেক্ষেত্রে অক্টোবরের দিকে রকেট উৎক্ষেপণ করা হতে পারে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রকেট উৎক্ষেপণ প্রকল্পের পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল-থমসন এবং তার দল এই ছিদ্র ঠিক করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে। ছিদ্র বন্ধের জন্য তারা প্রায় ৩ থেকে ৪ ঘন্টা চেষ্টা চালান। শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে রকেট উৎক্ষেপণ স্থগিতের ঘোষণা দেয়া হয়।

আবারও এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ আজ রোববার (৪ সেপ্টেম্বর) সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে  পিরোজপুরের বেকুটিয়া পয়েন্টে কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাটির উর্বরতাকে কাজে লাগিয়ে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারলে রাশিয়া-ইউক্রেনে মতো যুদ্ধ কিংবা যে কোনো পরিস্থিতিতেও দেশের অর্থনীতির চাকা সচল রাখা যায়। আর তাই এক ইঞ্চি জমিও অনাবাদি না রেখে দেশের সব মানুষকে উৎপাদনমুখী হতে হবে।

এছাড়া করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক মন্দা পরিস্থিতি সামাল দিতে আবারও পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি চাই এ (রাশিয়া-ইউক্রেন) ধরনের যুদ্ধ বাধুক আর যাই বাধুক, বাংলাদেশের অর্থনীতি সচল রাখার জন্য আমাদের যে উর্বর মাটি আমরা সেটা ব্যবহার করে নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব। কারও মুখাপেক্ষী হব না। ভিক্ষা চেয়ে চলব না। বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। এইভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের চলতে হবে। সেটাই আমি আপরাদের আহ্বান জানাব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে, যেটা আমি আহ্বান করেছি, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। আপনারা জানেন, একদিকে যেমন করোনা, এই মহামারিতে বিশ্ব অর্থনীতির অবস্থা অনেক নাজুক হয়ে পড়েছে। অনেক উন্নত দেশ তাদের মূল্যস্ফীতি এত বেশি এবং সেখানে তাদের পণ্য পাওয়া কষ্টকর।’

বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিদ্যুৎ সেখানে তারা রেশনিং করে দিচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ব্যবস্থা নিচ্ছে। পানি ব্যবহার তারা সীমিত করে দিয়েছে। এমনকি যেন গোসলের পানি ও বেশি ব্যবহার না হয় সেই নির্দেশনা দিচ্ছে এটা ইউরোপে এবং ইংল্যান্ডে। এই অবস্থায় আমাদেরও আগে থেকে সতর্ক থাকতে হবে। তাই পানি বিদ্যুৎ ব্যবহারের সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বেধেছে, আমেরিকা রাশিয়ার ওপর স্যাংশন দিয়েছে। ফলে খাদ্য ক্রয়, সার প্রাপ্তি সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে। সবথেকে বড় কথা পরিবহন, আমরা বিদেশ থেকে যে জাহাজে করে পণ্য আনব, সেই জাহাজের ভাড়া অতিরিক্তি বেড়ে গেছে। কাজেই প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে। কাজেই সেই অবস্থায় আমাদেরকে আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে।’

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘এই সেতুটি হবার পর পিরোজপুরবাসীর জন্য অর্থনৈতিক উন্নয়নের পথ আরও উন্মুক্ত হবে। আমরা এদিকে পদ্মা সেতুর করে দিয়েছি, পায়রার উপর অনেকগুলো সেতু করা হয়েছে, কীর্তনখোলা নদীতে সেতু করা হয়েছে। এই সেতুটি হবার পর পিরোজপুর এর সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। সবথেকে বড় কথা পিরোজপুরের পেয়ারা আমরা খুব তাড়াতাড়ি তাজা তাজা ঢাকায় বসে খেতে পারব। সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। পিরোজপুরে প্রচুর পেয়ারা হয়। সেগুলোকে ওখানে আপনারা প্রসেস করতে পারেন, ইন্ডাস্ট্রি করতে পারেন, প্রিজার্ভ করার ব্যবস্থা করতে পারেন, শিল্পায়ন গড়তে পারেন ওই অঞ্চলে-সেই সুযোগটাও সৃষ্টি হবে। পদ্মা সেতু হওয়াতে যেমন তাজা ইলিশ চলে আসছে, তেমনি আপনাদের এদিক থেকে শাকসবজি ফলমূল বিশেষ করে পেয়ারা খুব দ্রুত চলে আসবে। আমাদের ওই অঞ্চলের মানুষ তারা চিরদিনই অবহেলিত। হয়তো একটা ফসল হয়, কোনোরকম কষ্ট করে দিনযাপন করতে হয়। আমরা কিন্তু বসে থাকিনি। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নে আমরা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে দিয়েছি, সেখানে একটা ক্যান্টনমেন্টও নির্মাণ করে দিয়েছি, সেখানে নৌঘাঁটি করা হচ্ছে। এখন আপনাদের উৎপাদনমুখী হতে হবে। একইঞ্চি জমিও যেন পড়ে না থাকে।’

একনজরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুঃ পিরোজপুর ও বরিশালকে সংযোগকারী এই সেতুটির মূল দৈর্ঘ্য প্রায় ১৫০০ মিটার। সেতুর দুই প্রান্তে ৪৯৫ মিটার ভায়াডাক্ট বাদ দিলে মূল সেতুর দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ১ কিলোমিটার। সেতুটি ১০টি পিলার এবং ৯টি স্প্যানের ওপর দাঁড়িয়ে আছে। ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের এই সেতুর পিরোজপুর ও বরিশাল প্রান্তে এক হাজার ৪৬৭ মিটার সংযোগ সড়কসহ পয়োনিষ্কাশন ব্যবস্থা রাখতে আরও দুটি ছোট সেতু ও বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৯৮ কোটি টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার। বাকি ২৪৪ কোটি টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে।

ট্রাম্পের বাড়ি থেকে ১১ হাজারের বেশি সরকারি নথি উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি থেকে ১১ হাজারের বেশি সরকারি নথি ও ছবি উদ্ধার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এই তল্লাশি অভিযান চালায় এফবিআই। এ তল্লাশি অভিযানের সময় উদ্ধার হওয়া নথি ও ছবিগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের জেলা জজ আইলিন ক্যানন।

আইলিন ক্যানন জানিয়েছেন, ট্রাম্পের বাসা থেকে উদ্ধার হওয়া ১১ হাজারেরও বেশি নথি ও ছবির মধ্যে ১৮টিকে ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫৪টিকে ‘গোপনীয়’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর ৩১টি নথিকে ‘গোপনভাবে রক্ষিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘অতি গোপনীয়’ হলো সর্বোচ্চ গোপনীয়তার স্তর। দেশের সবচেয়ে গোপনীয় বিষয়গুলো এই ক্যাটাগরিতে পড়ে। এছাড়া ৯০টি ফাঁকা ফাইল উদ্ধার করা হয়েছিল। এসবের ৪৮টি ছিল ‘গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা। কেন ফাইলগুলো ফাঁকা ছিল কিংবা কোনো নথি হারিয়ে গিয়েছিল কি না, তা স্পষ্ট নয়। জব্দ সামগ্রীগুলোর প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন করেছেন তদন্ত কর্মকর্তারা। এ বিষয়ে পরবর্তী তদন্ত চলবে এবং আরও সাক্ষীর সাক্ষাৎকার নেওয়া হবে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ম অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টদের আবশ্যিকভাবে তাদের সব নথি ও ই–মেইল কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভে জমা দিতে হয়। ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার বাড়িতে সরিয়ে নেওয়া নথিগুলো ট্রাম্প নিয়মবহির্ভূতভাবে রেখেছিলেন কি না, তা জানতে তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

ফুলবাড়ীতে আওয়ামী মৎস্যজীবীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সেরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মোস্তফা জমিদার।

বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল। এ সময় মৎস্যজীবি লীগ নেতা ডাঃ ইয়াকুব আলী, আঃ রহিম বাবু, সাবেক যুগ্ন আহ্বায়ক  আফজাল হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নওগাঁয় জেলা পরিষদ শিক্ষা তহবিল থেকে চলতি বছর ৩৬৮ জন শিক্ষার্থীকে ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা পরিষদ মোট ৩৬৮ জন শিক্ষার্থীকে ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে যেসব শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে সেসব শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানিয়েছেন, এ বছর জেলায় বিজ্ঞান বিভাগের ২১১ জন, মানবিক বিভাগে ১২৭ জন এবং বানিজ্য বিভাগে ৩০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের শিক্ষা তহবিল থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সূত্রমতে, উপজেলা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় বিজ্ঞান বিভাগের ৭১ জন, মানবিক বিভাগে ৩৮ জন ও বানিজ্য বিভাগে ১২ জন, বদলগাছি উপজেলায় বিজ্ঞান বিভাগের ২৫ জন, মানবিক বিভাগের ১২ জন ও বানিজ্য বিভাগের ২ জন, মান্দা উপজেলায় বিজ্ঞান বিভাগের ৩৯ জন, মানবিক বিভাগের ২১ জন ও বানিজ্য বিভাগের ২জন, নিয়ামতপুর উপজেলায় বিজ্ঞান বিভাগের ১৪ জন, মানবিক বিভাগের ৭ জন ও বানিজ্য বিভাগের ৫জন, পত্নীতলা উপজেলায় বিজ্ঞান বিভাগের ৩৮ জন, মানিবক বিভাগের ১৪ জন ও বানিজ্য বিভাগের ২ জন, ধামইরহাট উপজেলায় বিজ্ঞান বিভাগের ৬ জন, মানবিক বিভাগের ৯ জন ও বানিজ্য বিভাগের ১ জন, মহাদেবপুর উপজেলায় বিজ্ঞান বিভাগের ১১ জন, মানবিক বিভাগের ১৫ ও বানিজ্য বিভাগের ৪ জন, রানীনগর উপজেলায় বিজ্ঞান বিভাগের ৩ জন, মানবিক বিভঅগের ৬ জন ও বানিজ্য বিভাগের ২ জন, আত্রাই উপজেলায় শুধু বিজ্ঞান বিভাগের ৪ জন, পোরশা উপজেলায় শুধু মানবিক বিভাগের ৩ জন এবং সাপাহার উপজেলায় শুধু মানবিক বিভাগের ২ জন শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তির নগদ টাকা বিতরন করা হয়েছে।

শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। উচ্চতর শ্রেণীতে লেখাপড়ার ব্যায় সংকুলান হওয়ার কারনে অভিভাবকদের উপর অনেকাংশে আর্থিক চাপ কিছুটা হলেও কম হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলঅম মোঃ শাহনেওয়াজ বলেছেন, সরকার দেশে শিক্ষার উপর বিশেষ দৃষ্টি প্রদান করেছে। তারই অংশ হিসেবে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া সরকারের একটি বড় সফলতা। জেলা পরিষদের এই বৃত্তি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটদলের পঞ্চপাণ্ডবদের একজন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে বিপিএল সহ অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি লিগ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মুশফিক।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা।দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে অফ ফর্মে মুশফিক। চলমান এশিয়া কাপেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দেন। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দুই ম্যাচে রান করেছিলেন মাত্র ৫। সেই সঙ্গে উইকেটের পেছনে থেকেও ক্যাচ মিস, অধিনায়ককে রিভিউ নিতে সাহায্য না করা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বেশ সমালোচিত হয়েছেন এই ক্রিকেটার। এমন ফর্মহীনতায় অবশেষে এই ফরম্যাট থেকে বিদায় নিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ১০২টি ম্যাচ খেলেছেন মুশফিক। এই সময়ে ১৯.৪৮ গড় ও ১১৫.৩ স্ট্রাইক রেটে করেছেন ১৫০০ রান। এই ফরম্যাটে কোনো সেঞ্চুরি পাননি তিনি, হাফসেঞ্চুরি আছে ছয়টি।  সর্বোচ্চ ব্যক্তিগত রান ৭২।