ঠাকুরগাঁওয়ে মিছিলের ছবি তুলতে গিয়ে সাংবাদিক হামলার শিকার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ছাত্রলীগের কালো পতাকা মিছিলের ছবি তোলার সময় দৈনিক মানবকন্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কম বিডি এর পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি লাতিফুর রহমান লিমনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার (৩১শে আগস্ট) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার এসবিএসি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার দুপুরে পীরগঞ্জ পৌরশহরে কালো পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি গুয়াগাও মোড় থেকে পশ্চিম দিকে আসার সময় মাইক্রোবাস স্ট্যান্ডে বিএনপি’র সভামঞ্চ ভাংচুর করার চেষ্টা করে ছাত্রলীগ। এসময় এ ঘটনার ছবি তুলতে যায় সাংবাদিক লিমন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ কর্মীরা লিমনের উপর হামলা করে পিটিয়ে জখম করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক লিমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কিবরিয়া মোবাইল ফোনে বলেন, ছাত্রলীগের কোন কর্মী সাংবাদিককে মারপিট করেছে কি না, তার সত্যতা পাওয়া যায়নি। যদি ছাত্রলীগের কোন কর্মী মারপিট করে থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজনগরে গৃহবধূর গলায় কলসী বাঁধা লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গলায় কলসি বাঁধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে এক গৃহবধুর মিনা বেগম (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী ও শ্বাশুরীকে পুলিশ আটক করে। মিনার পরিবারের দাবি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রের বরাতে জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের লেচু মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী মিনা বেগম (৪০) এর মরদেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা মরদেহ দেখে রাজনগর থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রাজনগর থানার ওসি বিনয় ভুষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী লেচু মিয়া ও শ্বাশুরীকে আটক করা হয়েছে। এখন ও কোন মামলা হয়নি এও জানান তিনি।

সাকিবদের টিম হোটেলে হঠাৎ পাপন-জালাল উপস্থিত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাঁচামরার শেষ লড়াইট। এ ম্যাচে যে কোনো মূল্য জয় পেতেই হবে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের আগে অনুপ্রেরণা জোগাতে ক্রিকেটারদের টিম হোটেলে হঠাৎ উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বোর্ডের একাধিক কর্তা।

সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন শুরুর বার্তা দিলেও আফগানিস্তানের বিপক্ষে দেখা গেল সে পুরনো বাংলাদেশকেই। ৭ উইকেটের হারে এশিয়া কাপের আয়ু অনেকটা ক্ষীণ হয়ে এসেছে টাইগারদের জন্য। সুপার ফোর নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। অন্যথায় টাইগারদের এশিয়া কাপ যাত্রা শেষ হয়ে যাবে মাত্র তিন দিনেই।

এদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে শক্তিশালী দলে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অধিনায়কের পরে পরিবর্তন হয়েছে কোচও। অথচ নতুন মোড়কে যেন সে পুরনো বাংলাদেশই ধরা দিচ্ছে বারবার। আফগানিস্তানের বিপক্ষে হারে পিছিয়ে গেছে টাইগাররা। কিন্তু সুপার ফোরের আশা তো টিকে আছে। মিশন এবার শ্রীলঙ্কা। তাদের হারাতে পারলেই পাওয়া যাবে সুপার ফোরের টিকিট। এ ম্যাচ যে কোনো উপায়ে জেতা চাই বাংলাদেশের। ম্যাচের আগে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে তাই তাদের টিম হোটেলে সশরীরে উপস্থিত হন নাজমুল হাসান পাপন, জালাল ইউনুসসহ বোর্ডের একাধিক কর্মকর্তা।

ডোমারে পারিবারিক কলহের জেরে ২ জন নিহত ও ২ জন গুরুতর আহত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে স্ত্রী ও ৩ বছরের মেয়েকে কুপিয়ে হত্যা করেছে জিয়া নামের এক যুবক। এসময় নিজের শ্বাশুড়ি ও ১ বছর বয়সী মেয়েকে কুপিয়ে নিজে আহত হয়েছেন তিনি। বুধবার (৩১ আগস্ট) দুপুর ৩ টার দিকে উপজেলার বোড়াগাড়ি নিমোজ খানা এলাকায় এ ঘটনা ঘটে।

স্ত্রী, শাশুড়ি ও দুই মেয়েকে কুপিয়ে নিজের পেট কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে জিয়াউল ইসলাম জিয়া (৩৮) নামের একজনের বিরুদ্ধে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের হরতকীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন। নিহতরা হলেন- জিয়াউল ইসলাম জিয়ার স্ত্রী রত্না বেগম (২৫) ও তার মেয়ে ইয়াসমিন (৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে জিয়া তার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার শাশুড়ী বাঁধা দিতে গেলে তাকেও আহত করে এবং শেষে আত্মহত্যার চেষ্টা করে এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। গুরুতর আহতাবস্থায় জিয়াউল ইসলাম জিয়া ও শাশুড়ি বিলকিস বেগমকে (৪৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এর মধ্যে, জিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।

গায়িকার মরদেহ মিলল গাড়িতে

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারা। গান গেয়ে মাতিয়ে রাখতেন সবসময় শ্রোতাদের। ভক্তদের হৃদয়ে ছিলেন তিনি। তবে এখন আর নেই। গাড়ি থেকে গুজরাটের এই জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গুজরাটের ভালোসাদ জেলার পারদি নামক স্থানে নদীর পাড়ে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে সেই গাড়ি থেকে একটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, মরদেহটি ভালোসাদের জনপ্রিয় গায়িকা বৈশালী বালসারার।

এর আগে গত শনিবার (২৭ আগস্ট) রাতে বৈশালী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তার স্বামী হিতেশ বালসারা। এরপর গত রোববার (২৮ আগস্ট) এই গায়িকার মরদেহ পাওয়া যায়।

তবে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, শ্বাসরোধের কারণে বৈশালীর মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে তার শ্বাসরোধ হয়েছে তা অজানা। কারণ, কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে ফরেনসিক বিভাগ বর্তমানে কাজ করছে।

প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবে বলে জানিয়েছে গুজরাট পুলিশ।

নওগাঁয় সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুকমুক্ত কর্মসূচীর তহবিল থেকে ভেড়া ও খাদ্যসামগ্রী বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে ৫ জন ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থান হিসেবে ভেড়া ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুকমুক্ত কর্মসূচীর তহবিল থেকে প্রত্যেককে ৩টি করে ভেড়া ও ১ মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে সরকারী শিশু পরিবার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোহতাসিম বিল্লাহ, সহকারী পরিচালক গওসল আযম এবং বেসরকারী উন্নয়ন সংস্থা রানি’র প্রধান নির্বাহী ফজলুল হক খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী সকিনা বেওয়া, মৃত ওসমান সরকারের স্ত্রী সবিরা বেওয়া, মৃত হুজুর আলীর স্ত্রী গেদি বেওয়া, মৃত সমশের সরদারের স্ত্রী হাফিজান বেওয়া এবং মৃত গুনি প্রামানিকের স্ত্রী হালিমা বেওয়াকে ৩টি করে ভেড়া দেয়া হয়। এছাড়াও আগামী এক মাসের খাদ্য সহায়তা বাবদ ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি ডাল ও নগদ ১ হাজার টাকা করে দেয়া হয়।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জানান, তাদের প্রত্যেককে আগামী ৬ মাস অর্থৎ ভেড়াগুলো উৎপাদনে যাওয়া পর্যন্ত খাদ্য সহায়তা বাবদ নগদ ৩ হাজার টাকা করে দেয়া হবে।

সৌদি আরবে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ দি আরবের আল-বাহা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ (জিএসএ) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬২। খবর সৌদি গেজেটের।

জিএসএ জানিয়েছে, জিওলজিক্যাল হ্যাজার্ড সেন্টারের জাতীয় নেটওয়ার্ক স্টেশনগুলো স্থানীয় সময় গতকাল বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৬২ মাত্রার একটি ভূমিকম্প পর্যবেক্ষণ করেছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, জিএসএ-এর মুখপাত্র তারিক আবা আল-খাইল বলেছেন, একটি বিশেষ দল এরই মধ্যে যে এলাকায় ভূমিকম্প হয়েছিল সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে গিয়েছে।

তারিক জানান, এই ভূমিকম্পের কারণ কী হতে পারে তা খুঁজে বের করার জন্য দলটি ওই এলাকাটিও পরীক্ষা করে দেখবে। তবে তিনি আরও উল্লেখ করেছেন, ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সর্বত্র একটি প্রাকৃতিক বিষয় হিসেবে ঘটে থাকে।

কুলাউড়ায় নামের আগে “ডাক্তার” ব্যবহার করায় জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নামের আগে ‘ডাক্তার’ লিখে দীর্ঘদিন থেকে রোগী দেখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এমএফ আহমদ ফারুকী নামে এক পল্লি চিকিৎসককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাতে উপজেলার রবিরবাজার এলাকায় সেবা মেডিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান।

অভিযান সূত্রের বরাতে জানা যায়, ডাক্তার না হয়েও দীর্ঘদিন থেকে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লি চিকিৎসক এমএফ আহমদ ফারুকী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রবিরবাজার এলাকায় অবস্থিত সেবা মেডিকেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ফারুকী তার দোষ স্বীকার করলে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীন আহমেদসহ কুলাউড়া থানা পুলিশ সদস্যরা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান জানান, আহমদ ফারুকীর পল্লি চিকিৎসকের সদনপত্র আছে। তবে তিনি নামের আগে ডাক্তার লিখে দীর্ঘদিন থেকে রোগী দেখায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই কৃষিবিদরা আজ সম্মানিত : ড. আওলাদ হোসেন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব এবং সাবেক ছাত্রনেতা ড. মো. আওলাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই কৃষিবিদরা আজ সম্মানিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে খাদ্যের সংকট মোকাবেলায় কৃষির উপর গুরুত্ব দিতে হবে। মানুষের পেটে ভাত না থাকলে  যত উন্নয়ন করা হউক না কেন,  কোনটিই সত্যিকার অর্থে কাজে দিবে না।  তিনি বুঝতে পেরেছিলেন, খাদ্যশস্যের আমদানি কমানো ও দেশের কৃষিজ উৎপাদন বাড়াতে উন্নত জাত, প্রযুক্তি উদ্ভাবন করা দরকার৷ আর এজন্য গবেষণা কাজে দরকার মেধাবী শিক্ষার্থীদের। সেসময়ই বঙ্গবন্ধু যুগান্তকারী পদক্ষেপটি নিয়েছিলেন।

১৯৭৩ সালের ১৩ই ফেব্রুয়ারি তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দেন। তারপর থেকেই কৃষিতে মেধাবীরা যুক্ত হতে থাকে। আর এ মেধাবী কৃষিবিদদের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কেবল স্বয়ংসম্পূর্ণতায় নয় আমরা এখন খাদ্যশস্য রপ্তানিও করছি। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বুধবার (৩১ আগস্ট ২০২২) বিকালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ হলে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কৃষিবিদদের সম্মানিত করেছিলেন, কৃষিবিদরা বঙ্গবন্ধুর নিকট চিরঋণীঃ ড. আওলাদ হোসেন

ড. আওলাদ হোসেন আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে পূরণ করতে জননেত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যেভাবে বাংলার মানুষকে ভালোবাসতেন ঠিক একইভাবে ভালোবাসেন দেশরত্ন শেখ হাসিনা। দেশে উন্নয়নের ধারা অব্যহত থাকতে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করতে সবাইকে এখন থেকে কাজ করার আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, স্বাধীনতার ডাক দিয়ে বাংলাদেশের স্বাদীনতা এনে দিয়েছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। কিন্তু কতটা বৈঈমান জাতি আমরা! ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তার আদর্শকে হত্যার চেষ্টা করি। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস বা শেষ করা সম্ভব নয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একই সত্ত্বা। যতদিন বাংলাদেশ ও বাঙালি থাকবে ততদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ( এসআরডিআই) মহাপরিচালক  কামারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (বাকসু) সাবেক সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারি একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন।আলোচনা সভায় স্বাগত বক্তব্য এসআরডিআই এর  ফিল্ড সার্ভিসেস উইং এর পরিচালক ও জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক মোঃ লিয়াকত হোসেন। অনান্য দের মধ্যে আরো বক্তব্য এসআরডিআই এর মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণের প্রকল্প পরিচালক ড. মোঃ আবদুল বারী, অ্যানালাইটিকেল সার্ভিসেস উইয়ের পরিচালক (রুটিন দায়িত্ব) সামসুন নাহার বেগম।

ড. মোঃ আওলাদ হোসেন, ভেটেরিনারীয়ান, পরিবেশবিজ্ঞানী, রাজনৈতিক কর্মী ও কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ। 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (৩১আগস্ট) মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে পরিষদ সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, থানার ওসি’র প্রতিনিধি এসআই এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, শরৎ চন্দ্র,মতিউর রহমান মতি এবং আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ। সভায় গত মাসে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয়ের উপর আলোচনাসহ সম্প্রতি চুরি ও মাদক নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।