আজ থেকে ফ্রান্সকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ফ্রান্সকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। গত মাসের (জুলাই) গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে ফ্রান্সের জ্বালানি কোম্পানি ‘এনজি’কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাসপ্রম।

গ্যাসপ্রম নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, এনজি যথাসময়ে পাওনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে রুশ আইন অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য গ্যাসপ্রম। গত মার্চ মাসে রুশ সরকার গ্যাসপ্রমকে এই নির্দেশ দেয় যে, যেসব বিদেশি ক্রেতা সময়মতো পাওনা পরিশোধ করতে ব্যর্থ হবে তাদের সরবরাহ বন্ধ করে দিতে হবে। আর ৩০ আগস্ট ছিল জুলাই মাসের বিল পরিশোধ করার সর্বশেষ তারিখ। কিন্তু এনজি এদিন ওই পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। গ্যাসপ্রম একইসঙ্গে বলেছে, এখন পর্যন্ত সরবরাহকৃত গ্যাসের দাম পরিশোধ করা মাত্র এনজিকে আবার গ্যাস দেয়া শুরু হবে।

প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেন অভিযানকে ঘিরে যখন ফ্রান্সসহ বেশিরভাগ পশ্চিমা দেশের সঙ্গে মস্কোর সম্পর্কে টানাপড়েন চলছে তখন গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিল মস্কো। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত হৃদয় দেবনাথ’কে সাইবার ক্রাইমের অভিনন্দন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন তুলে ধরে জনসচেতনতা তৈরি  করে বৃক্ষ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ পেয়েছেন জিটিভি এবং অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেট’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক হৃদয় দেবনাথ।

গত ২৪ জুন ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর জাতীয় পদক-২০১৯ এর বিভিন্ন বিভাগে চূড়ান্ত বিজয়ীদের হাতে নগদ অর্থ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। শারীরিক অসুস্থতাজনিত কারণে ঢাকায় আয়োজিত ২৪ জুনের মূল অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বনকর্মকর্তা জনাব মো. তৌফিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে সিলেট বিভাগীয় বনঅফিসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক হৃদয় দেবনাথ’র হাতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সিলেট বিভাগের বনকর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম। এ সময় বিভাগীয় অফিসের সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জাতীয় পদকে ভূষিত হওয়ায় সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের পক্ষ থেকে সাংবাদিক হৃদয় দেবনাথকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে ।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গল পানসি হোটেল এন্ড পার্টি সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়। সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের র‍্যাপিড শাখার সিনিয়র ফিল্ড অফিসার মো.নাজমুল হোসেন এবং নিউ সলিডিয়ারস ইউনিট এর সক্রিয় সদস্য মো. হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রূপক দত্ত চৌধুরী, শ্রমিক নেতা কেশব বাড়ৈ প্রমুখ।

উল্লেখ্য সাংবাদিক হৃদয় দেবনাথ সাইবার সেফটি ফার্স্ট বাংলাদেশ টিমের এডমিনের দায়িত্ব পালন করছেন।

চাঁদে যাওয়ার নতুন তারিখ ঘোষণা করল নাসা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন করে চন্দ্র মিশন শুরুর জন্য ফের নতুন তারিখ ঘোষণা  করেছে। আগামী শনিবার আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস উৎক্ষেপণ করা হবে। এর আগে গত সোমবার এই রকেট উৎক্ষেপণের কথা থাকলেও তা ইঞ্জিনের ত্রুটির কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়।

নাসার নতুন চন্দ্র অভিযানের ম্যানেজার মাইক সারাফিন এক সংবাদ সম্মেলনে রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করে বলেন, আরমেটিস টিমের সদস্যরা দিনের প্রথম ভাগে রকেট উৎক্ষেপণের সময়সূচি ঠিক করার বিষয়টি নিয়ে বৈঠক করেন।বৃহস্পতিবার রকেটের ফ্লাইট এবং সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হবে। রকেটের ক্যাপসুলে যে ছিদ্র দেখা গিয়েছিল সেগুলোও ঠিকঠাক করা হচ্ছে বলে তিনি জানান। সবকিছু ঠিক থাকলে শনিবার রকেট উৎক্ষেপণ করা হবে।

এদিকে, আগামী শনিবার রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক করা হলেও স্পেস ফোর্স ওয়েদার লঞ্চ অফিসার মার্ক বার্গার সতর্ক করে জানিয়েছেন, আগামী শনিবার দিন আবহাওয়া খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। আর বাজে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে শতকরা ৬০ ভাগ।

উল্লেখ্য, নাসার আরটেমিস-ওয়ানের রকেট এসএলএস পাঠানোর কর্মসূচিকে চন্দ্র অভিযান বলা হলেও প্রকৃতপক্ষে এতে কোনো মানুষ থাকছে না এবং এটি তা চাঁদে পৌঁছাবে না বরং মহাকাশের কক্ষপথে ১ মাস অবস্থান করার পর চাঁদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শেষে পৃথিবীতে ফিরে আসবে। আর যদি এই মিশন সফল হয় তাহলেই আরটেমিস-টু অভিযান শুরু হবে। ওই মিশনে মানুষ চাঁদের বুকে যেতে পারবে বলে নাসার বিজ্ঞানীদের আশা।

বগুড়ায় বিপুল পরিমাণ চায়না ও কারেন্ট জাল ধংস

জোবায়ের আহমেদ, বগুড়া: বগুড়া শেরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়। ৩১ আগস্ট (বুধবার) বেলা ১১ টায় উপজেলার সুঘাট ও খানপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে চলা বাঙ্গালী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে ১০২ টি চায়না দুয়ারী জাল ও ৫০০ টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের মালিক পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

বগুড়া শেরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়। ৩১ আগস্ট (বুধবার)

শেরপুর থানার এএসআই মোঃ আব্দুল আজিজের সার্বিক সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ মাসুদ রানা সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

এ বিষয়ে মৎস অফিসার মাসুদ রানা সরকার বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।

চীনা ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের গুলি নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ চীনা ড্রোন লক্ষ্য করে প্রথমবারের মতো গুলি চালিয়েছে তাইওয়ান। স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের সামরিক কমান্ড এক বিবৃতিতে এ ঘটনা জানিয়েছে।

তাইওয়ানের সামরিক কমান্ড বলেছে, মোট তিনটি “বেসামরিক ড্রোন” তাইওয়ানের কুইমোয় দ্বীপপুঞ্জের আকাশে তিনটি ভিন্ন অবস্থানের ওপর দিয়ে উড়েছে, যা কিনমেন নামেও পরিচিত। বারবার সতর্ক করার পরও ফুজিয়ান প্রদেশের মূল ভূখণ্ডের শহর জিয়ামেন থেকে মাত্র ৪ কিমি দূরে উপকূলীয় দ্বীপ এরদানের ওপর দিয়ে একটি ড্রোন আবার উড়ে যায়। তাইওয়ান সেনাবাহিনী তখন ফিরে আসা ড্রোনটিকে তাড়িয়ে দেয়ার জন্য গুলি চালায়, যা আন্তর্জাতিক আকাশসীমা ছেড়ে জিয়ামেনের দিকে উড়ে যাচ্ছিল।

এদিকে তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন বলেন, আকাশসীমার সুরক্ষার জন্য “প্রয়োজনীয় এবং শক্তিশালী পাল্টা ব্যবস্থা” গ্রহণ করবে তাইওয়ান।

এর আগে, চীনের যুদ্ধবিমানের টহলদারির জবাবে তাইওয়ান পালটা যুদ্ধবিমান পাঠিয়েছিল। কিন্তু গুলি চালিয়ে এই প্রথমবারের মতো জবাব দিলো তাইওয়ান।

বিক্ষোভ প্রত্যাহার মুক্তাদা আল সদর সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্কঃ ব্যাপক সহিংসতার পর ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোনখ্যাত’ এলাকা থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নিল দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকরা। এদিকে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। আল জাজিরা এসব তথ্য জানায়।

ইরাকের প্রেসিডেন্ট আগাম নির্বাচনের মাধ্যমে চলমান সংকট নিরসন সম্ভব বলে মন্তব্য করেছেন।

টানা দুদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকরা রাজধানী বাগদাদের গ্রিন জোনখ্যাত এলাকা থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিন নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতায় অনেক হতাহতের ঘটনা ঘটে। এরপরই আল সদর প্রাণহানির ঘটনায় ক্ষমা চেয়ে তার সমর্থকদের বিক্ষোভ বন্ধের নির্দেশ দেন। টেলিভিশনে এক ভাষণে ওই এলাকা ছেড়ে যেতে অনুসারীদের এক ঘণ্টা সময় বেঁধে দেন তিনি। তার ঘোষণার পরই বিক্ষোভকারীরা সরে যেতে শুরু করেন। বিক্ষোভকারীরা চলে যেতে থাকলে কারফিউ তুলে নেয়ার কথা জানায় ইরাকের সেনাবাহিনী।

এদিকে, ইরাকের রাজনৈতিক অস্থিতিশীলতা অব্যাহত থাকলে নিজের পদ ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। এ সময় তিনি সংঘর্ষে হতাহতের ঘটনায় তদন্তের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বুলেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে রক্তপাত ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা, মতবিরোধী কিংবা কলহ সৃষ্টির চেষ্টা করা হলে, আমি পদশূন্য ঘোষণা করে আমার নৈতিক দায়িত্ব পালন করব।

প্রাথমিকভাবে সহিংসতা থেমে যাওয়ায় স্বাগত জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। তবে রাজনৈতিক সমস্যা এখনও শেষ হয়নি বলে সতর্ক করেছেন তিনি। চলমান সংকট নিরসনে আগাম নির্বাচনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরাকের বর্তমান পরিস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ পরিস্থিতি চলতে দেয়া যাবে না। নির্বাচন হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আসবে। ইরাকের মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হবে।

উল্লেখ্য, গত অক্টোবরে দেশটির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েও প্রধানমন্ত্রী নির্বাচন কেন্দ্র করে নিজ দলের আইনপ্রণেতা ও ইরানপন্থি শিয়া নেতাদের মধ্যে রাজনৈতিক বিরোধ দেখা দেয়। এরপরেই থেমে যায় দেশটির সরকার গঠন প্রক্রিয়া।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানা আত্মহত্যা প্ররোচনার মামলায় বাবা গ্রেপ্তার!

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর দক্ষিণখান এলাকার ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার (২১) আত্মহত্যা প্ররোচনার মামলায় তাঁর বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন।

বামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার (২১) এবং ডানে তাঁর বাবা শাহীন আলম

এএসপি আল আমিন বলেন, সানজানার আত্মহত্যার পর থেকে অভিযুক্ত আসামি আত্মগোপনে চলে যান। পরে ওই শিক্ষার্থীর মায়ের করা মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে অভিযুক্ত শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আত্মহত্যার আগে তার বাবা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে যান। তাতে তিনি লেখেন, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই – তথ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে বর্তমান সরকারের সময় দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামলীগের কোন বিকল্প নাই। কারন বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবারো সন্ত্রাস, আগুন সন্ত্রাস বোমা হামলা আর জঙ্গিবাদের উত্থান ঘটবে। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়েছিল, যাদের সময় বিদ্যুৎ আর সারের জন্য মানুষ হত্যা করা হয়েছিল, যারা দূনীতিতে পর পর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায়না।

তথ্যমন্ত্রী মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় নওগাঁ নওযোয়ান ঈদগাহ মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত শোক সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার এবং নওগাঁ-৬ রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগনের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছেন। আজ থেকে ১৩/১৪ বছর আগে দেশের অবস্থা এমন ছিলনা। বর্তমানে দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা সব ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। এখন মানুষ আর না খেয়ে থাকেনা। আগে ঘরে ঘরে খাদ্যের অভাব ছিল। অনাহারে অর্ধাহারে বাসী পচা ভাত খেয়ে মানুষ জীবন কাটাতো। কিন্তু বর্তমান সরকারের বদৌলতে আজ আর কেউ না খেয়ে থাকেনা। ভিক্ষুকরাও এখন বাসী পচা ভাত খায়না। ভিক্ষুকরা এখন দু’মুঠো চাল কিংবা ২ টাকা বা ৫ টাকা ভিক্ষা নিতে চায়না। কমপক্ষে ১০ টাকা দিলে তারামোটামুটি খুশি হয়। এই পরিনবর্ত কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতার ফসল। দেশের মানুষের জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি’র সময় বিদ্যুতের খাম্বা রাজনীতির কথা সবার জানা আছে। সে সময় বিদ্যুত আর সারের জন্য মানুষকে হত্যা করা হয়েছিল। বিদ্যুতের বর্তমান উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি’র সময় মাঝে মাঝে বিদ্যুৎ আসতো। আর এখন মাঝে মাঝে বিদ্যুৎ যায়।

তথ্যমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারনে সারা পৃথিবীতে কিছুটা বিরুপ প্রভাব পড়েছে। বাংলাদেশেও এর বাইরে নয়। বিশ্বের উন্নত দেশগুলোতেও জ্বালানী বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। সেসব দেশেও সরকারীভাবে মানুষকে সাশ্রয়ী করতে নানা পদক্ষেপ গ্রহন করতে হয়েছে। সেসব দেশের মানুষদেরও কষ্ট পেতে হয়েছে। তবে আশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুদুরপ্রসারী নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে তেল ও জ্বালানীর মূল্য সমন্বয় করার পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কিছুদিনের মধ্যে এসব সমস্যার সমাধান হবে এবং মানুষের জীবনযাত্রা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তিনি বলেন, মানুষের এই সাময়িক কষ্ট দেখে বিএনপি মায়াকান্না দেখাচ্ছে। কিন্তু বিএনপি’র এই মায়াকান্না দেখানোর কোন অধিকার নাই। কারন দেশের মানুষের দুঃখ কষ্ট আওয়ামীলীগের মত আর কেউ বোঝেনা। সরকারের উদারতা দেখে বিএনপি যদি আবারো আগুন সন্ত্রাসী চালায়, আবার যদি বোমা হামলা চালায়, নাশকতা করে, মানুষ হত্যার রাজনীতি শুরু করে সেক্ষেত্রে আওয়ামীলীগ বসে থাকবেনা। দেশের সাধারন জনগনকে সাথে নিয়ে তাদের ঐ সন্ত্রাসী কর্মকান্ডের সমুচিত জবাব দিবে। জনগনকে সাথে নিয়েই আমরা ঐসব সন্ত্রাস এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। সরকারও চুপচাপ বসে থাকবেনা। প্রশাসন শক্ত হাতে তা প্রতিরোধ করবে।

জেনে নিন ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া ডেস্কঃ দেশের ৪টি বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং ৭টি জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলে রাজারহাটে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সিলেটে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুমিল্লায় বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত অন্তত ২০জন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বুধবার সকাল থেকে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে পৌর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিল করলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভূঁইয়া বলেন, পুলিশ আমাদের অন্যায়ভাবে লাঠিপেটা করেছে। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে আমাদের ১৫ জন কর্মী আহত হয়।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই। বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পরে পুলিশ তাদের বাধা দেয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পর্যন্ত সঠিক সংখ্যা বলতে পারব না। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি।