আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে সাকিব

স্পোর্টস ডেস্কঃ গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব। মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ হার নিয়ে মাঠ ছাড়ে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯তম অবস্থানে চলে এসেছেন সাকিব।

বল হাতে ঠিকই মাঠে জাদু দেখিয়েছিলেন সাকিব। মাত্র ১ উইকেট শিকার করলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৩। যার মধ্যে ডট বল ১২টি। এমন অসাধারণ পারফরম্যান্স করায় টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাকিব। র‍্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থান থেকে ৮ ধাপ এগিয়ে এক লাফে ১৯তম অবস্থানে চলে এসেছেন। এই বাঁহাতি স্পিনার বল হাতে জাদু দেখালেও বাকি বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশকে।

এদিকে, বল হাতে ব্যর্থ হওয়ায় শেখ মেহেদী পিছিয়েছেন ১ ধাপ, মোহাম্মদ সাইফউদ্দীন পিছিয়েছেন ১১ ধাপ। অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে না খেলা নাসুম আহমেদ পিছিয়েছেন ২ ধাপ। খারাপ করলেও র‍্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে অপরিবর্তিত আছেন মুস্তাফিজুর রহমান।

ব্যাট হাতে ব্যর্থ হওয়া নাঈম শেখ পিছিয়েছেন ৪ ধাপ, আফিফ নেমে গেছেন আরও ৩ ধাপ। সাকিবেরও ১ ধাপ অবনতি হয়েছে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে। এগিয়েছেন কেবল মাহমুদউল্লাহ। ২ ধাপ এগোলেও বাংলাদেশের সব ব্যাটসম্যান রয়েছে সেরা ৩৫-এর বাইরে।

 

শার্শায় মাদক ব্যবসায়ীর হামলায় আওয়ামীলীগ নেতা খুন

যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় মাদক ব্যবসায়ীর হামলায় নূর আলম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নূর আলম বেনাপোল পোর্ট থানার আমড়াখালি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নূর আলমের স্বজন মুন্নি বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ আগস্ট রাতে আমড়াখালীর ইমান আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে নূর আলমকে কুপিয়ে ভুঁড়ি বের করে দেয়। এ সময় তাকে গুরুতর অবস্থায় প্রথমে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনার তিন দিন পর আজ বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনায় বাবু তার বাহিনী দিয়ে নুর আলমসহ সাতজনকে কুপিয়ে রক্তাক্ত করেন। নুর আলমের ভাই শাহ আলমের অবস্থাও আশঙ্কাজনক। তিনিও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

স্থানীয় একটি সূত্র জানায়, অভিযুক্ত বাবু বিএনপির একজন সক্রিয় ক্যাডার। তার নামে শার্শা থানায় কয়েকটি মামলাও রয়েছে। বাবুর বাড়ি থেকে বিজিবি সদস্যরা একাধিক বার ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করেছে। বাবু সম্প্রতি নূর আলম ও শাহ আলমের মাথা কেটে ফুটবল খেলার ঘোষণা দেয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, ঘটনার দিন থেকে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নুর আলম মারা যাওয়ার খবরটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীশংকৈলে ওসি পরিচয়ে চাঁদাবাজি; অভিযোগের ১ মাসেও উদঘাটন হয়নি আসল রহস্য

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় পৃথক ৩ টি অজ্ঞাতনামা মামলার ভয়ে কিছুদিন ধরে চলছিল ওসি পরিচয়ে চাঁদাবাজি। অভিযোগের মাসখানেক পেরিয়ে গেলেও উদঘাটন হয়নি আসল রহস্য, ক্ষোভ স্থানীয়দের।

গত ২৭ জুলাই উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ভাংবাড়ী ফুটকিবাড়ী(ভিএফ) নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা খতিবুর রহমানসহ পুলিশের পৃথক ৩টি মামলা করায় গ্রেফতার আতংঙ্কে রয়েছে এলাকাবাসী।

এ সুযোগে ওসি পরিচয়ে কিছু লোকের কাছে মামলা থেকে রেহাই পেতে মোবাইলে চাঁদাবাজি করা হয়। সংশ্লিষ্ঠ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল হোসেনকে মামলার ভয় দেখিয়ে ওসি পরিচয়ে গত ১ আগষ্ঠ মোবাইল ফোনে হুমকি দিয়ে বলে যে, ব্যাটা মেম্বার হয়ে বসে আছিস মামলা থেকে বাঁচতে এক্ষুনি বিকাশে টাকা দে নতুবা তোকে ও তোর লোকজনকে অজ্ঞাত মামলার আসামী বানাবো। মামলা থেকে রেহাই পেতে বাবুল বিকাশে ২৬ হাজার টাকা দেয়। এমনি ভাবে খড়রা গ্রামের হাকিমের পুত্র রুহুলকেও ওসি পরিচয়ে ২০ হাজার টাকা দাবী করে। আলমের কাছেও মামলার ভয়দেখিয়ে ০১৭৭৩৭১৮০৪১ নং মোবাইলে ফোন দিয়ে ০১৭৬৪৭৫৯১৩৫ নং বিকাশে ১০ হাজার টাকা দাবী করে।

এঘটনায় ইউপি সদস্য বাবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ১ মাস পার হলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।

অভিযোগকারী  ইউপি সদস্য বাবুল হোসেন মুঠেফোনে বলেন, আমি থানায় অভিযোগ করেছি এরপর আর কিছু জানিনা। তবে পুলিশও আমাকে কোনদিন থানায় ডাকেনি এবং কিছু বলেওনি।

এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ইউপি সদস্য বাবুল হোসেনের একটি লিখিত অভিযোগটি জিডিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে তিনি মামলা না করায় ওসি পরিচয়ে প্রতারক চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে তারা নীলফামারী জেলার লোক বলে নিশ্চিত হওয়া গেছে।

অভিনেতা সাগর হুদা না ফেরার দেশে চলে গেছেন

বিনোদন ডেস্কঃ ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে তিনি স্ট্রোক করেছিলেন বলে জানা গেছে। আজ বুধবার ( ৩১ আগস্ট) ভোর সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে অভিনেতার পারিবারিক সূত্র।

জানা গেছে, কুষ্টিয়া থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হচ্ছে। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানিয়েছেন, ‘আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নাম্বার মসজিদে সাগর হুদার জানাজা অনুষ্ঠিত হবে।’

খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা। তার এমন হঠাৎ মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা।

উল্লেখ্য, নিয়মিত টিভি নাটকে অভিনয় করতেন সাগর হুদা। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’ প্রভৃতি।

 

বগুড়ায় বিদেশি রিভালবার উদ্ধার

জোবায়ের আহমেদ, বগুড়া: বগুড়া শেরপুর উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় থেকে একটি বিদেশি রিভালবার উদ্ধার করা হয়েছে। গতকাল ৩০ আগস্ট সন্ধ্যায় এই সংবাদ গণমাধ্যম কর্মীদের জানান শেরপুর থানা পুলিশ।

জানা যায় গত ২৯ আগস্ট সোমবার রাতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামা তার ফোর্স নিয়ে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামেন।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা উপজেলার শাহবন্দেগী উইনিয়নের শাহবন্দেগী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে উক্ত স্থানের পার্শ্ববর্তী শেরুয়া এলাকায় মহাসড়কের পাশে এক পরিত্যক্ত কচু খেতের ভিতর থেকে রিভালবারটি উদ্ধার করেন।

রিভালবারটি অনেক পুরাতন হলেও এখনো সচল অবস্থায় আছে। তাই এটি জব্দ করে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আর্ন্তজাতিক গুম দিবসে কুড়িগ্রামে বিএনপির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যাক্তিদের স্মরনে আর্ন্তজাতিক গুম দিবস (৩০ আগস্ট) কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় সড়কে ঘন্টাব্যাপিএ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ আলী সরকার, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহবুবার রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান কবির লিখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান খলিল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া ব্যাক্তিদের পরিবারের কাছে ফেরত দেওয়া সহ গুম হওয়া বিষয়ে সঠিক তদন্তের দাবি জানান।

সর্বশেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

তাস ও আরআইএ নোভোস্তি বার্তা সংস্থা জানায়, গর্বাচেভ মঙ্গলবার রাতে মস্কোর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলেন। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা হবে।

১৯৮৫ সালে ক্ষমতা গ্রহণ করেছিলেন গর্বাচেভ। তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে বিশ্বের কাছে উন্মুক্ত করেছিলেন এবং সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তিনি সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াকে রোধ করতে পারেননি, যেখান থেকে আধুনিক রাশিয়ার উদ্ভব ঘটেছিল। ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েতের ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির দিন তিনি পদত্যাগ করেন। গর্বাচভের পদত্যাগের মধ্য দিয়ে বিশ্বে চার দশক ধরে চলা স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয়। তিনি পেরেস্ত্রোইকা (পুনর্গঠন) ও গ্লাসনস্ত (উন্মুক্ততা) নীতির প্রবর্তক ছিলেন।

জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছেন। গর্বাচেভের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা জানানো হয়েছে.

গর্বাচেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন গর্বাচেভের সাহস ও সততার প্রশংসা করে বলেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সময়েও সোভিয়েত সমাজকে উন্মুক্ত করার জন্য গর্বাচেভের অক্লান্ত প্রতিশ্রুতি আমাদের সবার কাছে একটি উদাহরণ হয়ে আছে।

উল্লেখ্য,  ১৯৯৬ সালে রাজনৈতিক জীবনে ফিরে আসার একটি দুর্ভাগ্যজনক প্রচেষ্টা করেছিলেন গর্বাচেভ। সে সময় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মাত্র ০.৫ শতাংশ ভোট পেয়েছিলেন।

আগামী ১লা সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচী জোরদার করা হচ্ছে

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন আগামী ১লা সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব এবং টিসিবি’র কার্ডহোল্ডারদের মধ্যে নায্যমূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হচ্ছে। দেশে পর্যপ্ত চাল মজুদ থাকা সত্বেও সম্প্রতি হঠাৎ করে বাজারে চালের মূল্য কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভোক্তাদের অসুবিধার কখা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মানবিক এই কর্মসূচী গ্রহন করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে খাদ্য বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ কথা বলেছেন।

তিনি বলেছেন, ইতিপূর্বে সারাদেশে ৮১৩টি কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হতো। আগামী ১লা সেপ্টেম্বর থেকে দেশে ২ হাজার ৩শ ৬৩টি কেন্দ্রে প্রতিদিন ২ মেট্রিক টন করে চাল সরবরাহ করা হবে। এসব কেন্দ্রে টিসিবি’র কার্ডহোল্ডারদের অগ্রাধিকার দেয়া হবে।

খাদ্যমন্ত্রী বলেছেন, দেশে বর্তমানে ১৯ লক্ষ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। খাদ্যশষ্য সংগ্রহ অভিযানের আরও দু’দিন বাঁকী রয়েছে। অর্থাৎ এ দু’দিনে আরও ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সংগৃহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি মহল সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষেই এই অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা নস্যাৎ করে সাধারন মানুষের মুখে হাসি ফুটাতে যার কিছু করা দরকার তার সব কিছু করে যাচ্ছেন।

খাদ্যমন্ত্রী বলেছেন আগামী ১লা সেপ্টেম্বর থেকে প্রতিটি ওএমএস কেন্দ্রে টিসিবি’র কার্ডধারীদের প্রতি কেজি চাল ৩০ টাকা মূল্যে মাসে দু’বার ৫ কেজি করে চাল দেয়া হবে। টিসিবি’র কার্ড নাই এমন সাধারন মানুষদের এন আই ডি কার্ডের বিপরীতে একই পরিমাণ চাল দেয়া হবে। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সারাদেশে ৫০ লক্ষ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে প্রতি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল বিতরন করা হবে।

অপরদিকে ঢাকা মহানগরে ৫০টি ট্রাকে উন্মুক্তভাবে চাল বিক্রি করা হবে। কর্মসূচীতে প্রতিদিন প্রত্যেকটি ট্রাকে ২ মেট্রিক টন করে চাল ওএমএস-এর আওতায় বিক্রি করা হবে বলে প্রেসব্রিফিং এ জানিয়েছেন খাদ্যমন্ত্রী। একই ব্যক্তি যাতে বার বার এসব কর্মসূচীতে চাল আটা সংগ্রহ করতে না পারে সে জন্য টিসিবি কার্ডহোল্ডারদের কার্ডে সীলমোহর দেয়া হবে। অপরদিকে সাধারন ভোক্তাদের জাতীয় পরিচল পত্রে অনুরুপভাবে সীলমোহর প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে চলতি আউশ মওসুমে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদিত হচ্ছে। একদিকে আউশের পর্যাপ্ত উৎপাদন অপরদিকে বিপুল সংখ্যক মানুষকে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সম্পৃক্ত করা হচ্ছে। কাজেই বাজারে ইতিমধ্যেই চালের দাম কমতে শুরু করেছে। খুব শীঘ্রই চালের দাম স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে।

এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, মন্ত্রী’র একান্ত সচিব মোঃ শহিদুজ্জামান -সহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় বেশি দামে সার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় রৌহা ইউনিয়নের কুমড়ী বাজার ও জামতলা বাজারে ২ টি প্রতিষ্ঠানকে বেশী দামে সার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের নির্দেশে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তারের নেতৃত্বে এ মোবাইলকোর্ট পরিচালিত হয়। সহযোগী হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

এ সময় মেসার্স ভাই ভাই ট্রেডার্স কুমড়ী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স বিকাশ কান্তি দাস নামের  জামতলা বাজার এলাকায় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ই ভি এম

দেশের রাজনীতি এখন ই ভি এম মেশিনে আটকে গেছে। বিরোধী দল দাবী করছে ই ভি এম মেশিন ত্রুটিপুর্ন। এই মেশিনে ভোট পরিবর্তনের সুযোগ রয়েছে। কিন্তু মেশিন যে ত্রুটিপুর্ন সেই তথ্যের ভিত্তিটি কি? কে পরীক্ষা করেছে? বিষয়টি এখন আর অগ্রাহ্য করার উপায় নেই। কিন্তু দাবীটি যে সঠিক তার বৈজ্ঞানিক নিরীক্ষার ফলাফল প্রকাশ করা জরুরী। যারা ই ভি এম মেশিন ত্রুটিপুর্ন দাবী করছে তারা কেউ এই বিষয়ে বিশেষজ্ঞ নন। নিশ্চয়ই তাদেরকে কেউ বুঝিয়েছে। সেই বিশেষজ্ঞরা সামনে আসছে না কেন?

রাজনীতির কৌশল রাজনৈতিক নেতারা নির্নয় করতে পারে। কিন্তু কারিগরি বিষয় জানাতে হলে বিশেষজ্ঞদের মতামত জরুরী। যদি বিরোধী দলের নেতাদের দাবী সত্য প্রমানিত হয় তাহলে অবশ্যই ই ভি এম মেশিনের পক্ষে থাকবে জনগণ। বিরোধী দল যদি তা প্রমান করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকেও দাবীটি প্রত্যাহার করতে হবে। কেউ কেউ দাবী করেছেন, ভোট গ্রহনের পর মেশিন চিপটি বদল করে গণনা করা হয়। সেই ক্ষেত্রে ব্যবহারিত চিপটি সুরক্ষিত রাখার নিশ্চয়তা পেলেই তো আর এত দামে কেনা ই ভি এম মেশিন বাতিলের দাবী করতে হয়  না।

নির্বাচন কমিশনে আলোচনায় বসে সকলেই প্রায় ই ভি এম এর বিপক্ষে মত দিয়েছে (সরকারী দল ছাড়া)। কেউ কি এই মেশিনের প্রযুক্তিগত বিষয় ব্যখা করেছে? এখন তথাকথিত সুশীল সমাজের পন্ডিত ব্যক্তিরাও সংবাদ সম্মেলন করে ই ভি এম মেশিনে ভোট জালিয়াতির সুযোগ রয়েছে বলে চিৎকার করছে। এই সুশীল পন্ডিতরা সরকারের কোন ভাল কাজটির প্রশংসা  করেছে? পদ্মা সেতু নিয়ে সদা সমালোচনা করেছে। দুর্নীতির অভিযোগ করেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এখন বলছে দেশের অনেক সমস্যা রেখে এত ব্যয়বহুল পদ্মা সেতু নির্মান উচিৎ হয়নি। আসলে এরা কোন দলের সদস্য না হয়েও রাজনীতিতে জড়িত। সভ্য সভায় সুন্দর ভাষায় পছন্দের দলের পক্ষে কথা বলা এদের লাভজনক ব্যবসা। এদের বক্তব্যের সাথে অভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলের। এরা ভদ্রবেশী তালবাজ না হয় মতলববাজ। বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এই আতেলরা দেশের সর্বনাশ করছে অসত্য সংবাদ ছড়িয়ে। ই ভি এম মেশিন ছাড়া ব্যালটে সীল দিয়ে ভোট হলেও তাদের পছন্দের দল ক্ষমতায় যেতে পারবেনা তা তারা জানে। কিন্তু হেরে গেলে ভোট কারচুপির অভিযোগ করে রাজনীতির মাঠ গরম করার পরিকল্পনা মাথায় নিয়েই এই ই ভি এম মেশিন বিরোধী আন্দোলনটি ধরে রাখতে চায়।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।