বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ বাংলাদেশে কোনোদিন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, দেশের অর্থনীতি পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনও ধার করে ঘি খাই না। আমাদের যে ঋণ তাতে আমরা কখনও কারও কাছে আটকে যাব না। বাংলাদেশ সেই অবস্থায় নেই।

১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে তিনি বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে হত্যা করা হয়। ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে শুধু একটি পরিবারের নয়, পুরো জাতি ও দেশের ক্ষতি করেছিল ঘাতকরা। দেশে আজ গুম-খুন ও ভোট কারচুপির কথা বলে বিএনপি। কিন্তু এ দেশে গুম-খুন, ভোট কারচুপির সৃষ্টি করেছিল জিয়াউর রহমান।

বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজধানীতে বিদ্যুত ও পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছিল। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিএনপির আমলে বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে দেশকে উদ্ধার করেছে আওয়ামী লীগ। দেশের জ্বালানি তেলের পরিস্থিতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার কমিশনের চিন্তা করে না, দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রকল্প গ্রহণ করে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহজেই থামছে না উল্লেখ করে সকলকে জ্বালানি ও পানি ব্যবহারে সাশ্রয়ী ও সকলকে উৎপাদনমুখি হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তেল পাচার বন্ধ হওয়ায় লিটারে ৫ টাকা দাম কমানো হয়েছে বলে জানান তিনি।

৭০ বছরের বৃ্দ্ধাকে ধর্ষণে অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে আলোচিত সেই ৭০ বছরের বৃ্দ্ধাকে ধর্ষণের ঘটনার অভিযোগে অভিযুক্ত ধর্ষক করিব হোসেনের গ্রেফতার নিয়ে প্রেস ব্রিফিং করেছেন নোয়াখালী র‌্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।

আজ মঙ্গলবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় র‌্যাব-১১ সিপিসি-৩ কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী ওই নারী শুক্রবার দিবাগত রাতে বাড়ির বাইরে টয়লেট থেকে ফেরার পথে মুখোশ পরিহিত অবস্থায় কবির ও কামাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বৃদ্ধার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে বৃদ্ধাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

আর এ ঘটনায় চাঞ্চল্যতা সৃষ্টি হলে র‌্যাব-১১ সিপিসি-৩ একটি আভিযানিক দল চট্টগ্রাম হালিশহরের নয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে ধর্ষক কবির হোসেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে সামলাতে বাংলাদেশ প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্কঃ আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সামলাতে প্রস্তত বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে  বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আফগানদের দ্বিতীয় ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানরা। ব্যাট-বলে দুই বিভাগেই আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি লঙ্কানরা। সেই উড়তে থাকা আফগানদের প্রতিপক্ষ এবার বাংলাদেশ।

আফগানিস্তানের চলমান ফর্ম ও আত্মবিশ্বাস দুটিতেই যারা এগিয়ে আছে তাদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের বাড়তি চাপ থাকা স্বাভাবিক। কিন্তু দলের প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন অন্য কথা। তিনি জানালেন, আফগানদের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বাংলাদেশ দল।

মিরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি দেশে। কারণ, এখানে কী কী চ‍্যালেঞ্জের মুখোমুখি আমাদের হতে হবে, এটা নিয়ে সবাই পরিষ্কার। ওপেনার থেকে শুরু করে শেষ ব‍্যাটসম‍্যান পর্যন্ত পুরো দলের মধ‍্যে আমরা সেভাবেই কথা বলেছি। যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। অধিনায়ক প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। আমি মনে করি, প্রতিটা খেলোয়াড়ের নিজের ভূমিকা পরিষ্কারভাবে জানা খুব গুরুত্বপূর্ণ।

এদিকে, আজ এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই তৃতীয় টাইগার ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শতক স্পর্শ করে ফেলবেন সাকিব আল হাসান।এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের সফলতা অনেকাংশে নির্ভর করছে সাকিবের ওপর। বিশ্বসেরা অলরাউন্ডার ক্যারিয়ারের দারুণ এই মাইলফলক উপলক্ষ্যে আফগানদের বিপক্ষে বিশেষ কিছু করে ম্যাচটা স্মরণীয় করে রাখবে এমনটাই আশা সাকিব ও বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের।

 

নাগেশ্বরীতে বজ্রপাতে জেলের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সংকোশ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জিয়াউর রহমান (৩৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামের সংকোশ নদীর শাখা নদীতে।নিহত জিয়াউর রহমান ওই এলাকার মৃত নাদু শেখের ছেলে।

জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে জেলে জিয়াউর রহমান তার নিজ গ্রামের বালাবাড়ীর সংকোশ নদীর একটি শাখা নদীতে মাছ ধরতে যায়।এ সময় বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে বৃষ্টি থামার পর স্থানীয়রা গিয়ে জিয়াউর রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

“চাল-ডাল-তেলসহ ৯টি পণ্যের দাম নির্ধারণ করবে সরকার”

সিএনবিডি ডেস্কঃ চাল-ডাল-তেলসহ ৯টি পণ্যের দাম সরকার নির্ধারণ করেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্যগুলো হলো- চাল, আটা, ময়দা, তেল, চিনি, মসুর ডাল, ডিম, সিমেন্ট এবং রড।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজার দর ও অভ্যন্তরীণ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ৯টি পণ্যের যথার্থ দাম নির্ধারণ করে দেবে সরকার। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে এই পণ্যগুলোর দাম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। যা হওয়া উচিত ছিল না।

তিনি বলেন, সার্বিক বিবেচনায় পণ্যগুলোর দাম কী হওয়া উচিত, তা নির্ধারণ করতে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের  বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মাহফুজা আখতার, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

রাজীবপুরে হলুদ সাংবাদিকতায় বিব্রত মুলধারার সংবাদকর্মীরা

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজীবপুরে কথিত সাংবাদিকদের অপ-সাংবাদিকতায় সুশীল সমাজ সহ ক্ষিপ্ত সাধারণ মানুষ। এসব হলুদ সাংবাদিকদের অবাধ চলাচলে ক্ষোভ জানিয়েছেন সংবাদকর্মীরা। এ কারনে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিতেও বিব্রতবোধ করছেন তারা। দিন দিন এসব সাংবাদিকের সংখ্যা বেড়েই চলছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার সাবরেজিস্টার অফিস, ভুমি অফিস, এসিল্যান্ড অফিস, খাবার হোটেল, মিষ্টির দোকান, বেকারী, বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে মাসোহারা ভিত্তিক চাঁদাবাজি করছেন কথিত সাংবাদিকরা। বিনা দাওয়াতে সরকারী ও রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশে এসব সাংবাদিকদের একের পর এক ক্যামেরার ফ্লাশে বিব্রত সরকারি উর্ধ্বতন কমকর্তা  ও রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষ। এসব সাংবাদিকের সঠিক কোনো তালিকা উপজেলায় নেই। ফলে নিত্যদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টের থানার আশপাশে এসব কথিত সাংবাদিকরা রাজত্ব করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করছে। মোটকথা কথিত সাংবাদিকদের অত্যাচারে অতিষ্ঠ পুলিশ সদস্যরা।

ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বলেন, অসাধু কিছু সাংবাদিকের জন্য রাজিবপুর যদি ব্রাহ্মণবাড়ীয়া হয়। এতে করে সাধারণ মানুষ বিপদে পড়বে। প্রশাসনের এদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপের আশা করছি।

রাজীবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আজিম উদ্দীন মাষ্টার বলেন, দু’একজন ব্যতিত এইসব নামধারী তথাকথিত সাংবাদিকগণ কি ফিচার, কলাম লিখতে পারে। এদের কারণে আমাদের রাজিবপুরের শ্রদ্ধেয় মতিউর রহমান (হাতেম সাংবাদিক), সবুর ফারুকী  স্যার, মোখলেছুর রহমান স্যার, জাকির হোসেন স্যার, আতাউর রহমান স্যার, আমজাদ স্যার সহ নাম না জানা অনেকেই পত্রিকায় লেখালেখি বন্ধ করে দিয়েছেন।

এব্যাপারে প্রবীন সাংবাদিক সাংবাদিক মতিউর রহমান বলেন, কথিত সাংবাদিকদের হলুদ সাংবাদিকতায়, মুলধারার সাংবাদিকরা কাজে আগ্রহ হারিয়ে ফেলছে। মেধাবী নতুন কাউকে সাংবাদিকতায় পেশায় আসতে দেখা যাচ্ছে না।

ভারতের সবচেয়ে ব্যর্থ ছবি ‘লাইগার’

বিনোদন ডেস্কঃ গত ২৫ আগস্ট মুক্তি পেয়েছে অনন্যা পান্ডে ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা অভিনীত সিনেমা ‘লাইগার’। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে দক্ষিণী তারকার। অভিনেতার প্রথম ছবিতেই ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ ছবির তকমা পেলো লাইগার। এই ছবির ব্যর্থতার পেছনে অনন্যা পান্ডের খারাপ অভিনয়কেই সবচেয়ে বেশি দায়ী করছেন দর্শকরা। টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

বলিউডে খুব সম্প্রতি মুক্তি পাওয়া বক্স অফিসে পরপর ব্যর্থ কয়েকটি ছবির মধ্যে সবচেয়ে কম আয় করেছে লাইগার। আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ মুক্তির প্রথম দু’দিনে আয় করেছিল ছয় থেকে নয় কোটি রুপির ওপরে। সেখানে ‘লাইগার’ সাড়ে চার কোটিও পার হতে পারেনি।

অন্যদিকে লাইগারের আইএমডিবি রেটিংও চমকে ওঠার মতো। ১০ পয়েন্টের মধ্যে লাইগারের রেটিং মাত্র ১.৭! যেখানে আমির খানের ‘লাল সিং চাড্ডা’র রেটিং ৫, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ৪.৬, তাপসী পান্নুর ‘দোবারা’ ২.৯ এবং রণবীর কাপুরের ‘শামশেরা’ ৪.৯ রেটিং পেয়েছে। এটি আইএমডিবিতে এখন পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি। মাত্র ১৬ হাজার ৫৫১ জন দর্শক ভোট দিয়েছেন এই ছবিটিকে।

এ নিয়ে ইন্টারনেটে ব্যাপক সমালোচনার শিকার অনন্যা পান্ডে। বেশ কয়েকটি সিনেমা হলে ছবি শেষে ক্ষুব্ধ দর্শকরা তাদের টিকিটের অর্থ ফেরত চেয়েছেন বলেও জানা গেছে। দর্শকদের মতে, এই ছবিতে অনন্যা একেবারেই অভিনয় করতে পারেননি। এ ছাড়া ছবিটির চিত্রনাট্য ও সংলাপও ছিল দুর্বল। তাই ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ ভারতীয় সিনেমা হিসেবে বিবেচ্য হচ্ছে বলিউডে। আর এর জন্য ইন্টারনেটে ভয়াবহ ট্রোলের শিকার হতে হচ্ছে অনন্যাকে।

 

ডিজেল-পেট্রোল-অকটেনের দাম কমায় এবার কমছে পরিবহন ভাড়াও

সিএনবিডি ডেস্কঃ ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর কারনে নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম পড়বে ১০৯ টাকা, অকটেনের দাম ১৩০ টাকা ও পেট্রোলের দাম পড়বে ১২৫ টাকা। যার ফলে বাসভাড়া কমাতে মালিকদের আপত্তি নেই বলে জানিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। গতকাল সোমবার (২৯ আগস্ট) রাতে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন সরকার জ্বালানি তেলের দাম কমানোয় বাসভাড়া কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। শিগগিরই এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠক হবে বলেও জানান তিনি।

এদিকে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, কিছুটা কর কমানোয় জ্বালানি তেলের মূল্যে সমন্বয় করা হলো। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

তিনি আরো বলেন, জাতীয় রাজস্ব বোর্ড গতকাল প্রজ্ঞাপনে আগামী ৩১/১২/২০২২ পর্যন্ত ডিজেলের উপর আরোপণীয় সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানী শুল্ক ১০% এর পরিবর্তে ৫% নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানি তেল ডিজেল,কেরোসিন, অকটেন ও পেট্টোল -এর মূল্য সমন্বয় করা হয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা এখনো মনে করি সাধারণ মানুষের জন্য বর্তমান দামটাও একটু বেশি হয়ে যায়। সবার প্রতি অনুরোধ একটু ধৈর্য্য ধরুন। আশা করি এই কঠিন সময় খুব বেশিদিন থাকবে না। জনবান্ধব আওয়ামী লীগ সরকার কোনো অবস্থায়ই জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করতে চায় না। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদেরকে নিরুপায় হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পথ বেছে নিতে হয়েছে।

অন্যদিকে বিপিসি জানিয়েছে, প্লাটস অনুসারে গত ২৬ আগস্ট ডিজেলের মূল্য ছিল ১৪৭.৬২ মার্কিন ডলার/ ব্যারেল। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ে ১২৮.৬১ টাকা। অর্থাৎ ১০৯ টাকা ধরে ডিজেল বিক্রয় করলে প্রতি লিটারে বিপিসির লোকসান হবে ১৯.৬১ টাকা। আর বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে জ্বালানি তেল বিক্রয়ে (সব পণ্য) ৮ হাজার ১৪ দশমিক ৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ আগস্ট ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। কেরোসিন ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা, অকটেন ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

উলিপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উৎপাদন, মেয়াদোত্তীর্ণ, খুচরা মূল্য লেখা ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রি ও ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রির অপরাধে বাজার তদারকি অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার উলিপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সত‍্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার দুপুরে উপজেলার উলিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কতৃর্ক বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি ছাড়াই শিশুখাদ্য বিক্রির অপরাধে উলিপুর বাজারের আশা কনফেকশনারির মালিক মোঃ সেলিম মিয়াকে ১০ হাজার টাকা ও ২৯ জাতের চালের বস্তা ২৮ জাতের বলে বিক্রি করার অপরাধে একই বাজারের মানিক স্টোরের ম্যানেজার মোঃ মোন্নাফ আলীকে ৫ হাজার টাকাসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় আশা কনফেকশনারির নিম্নমানের তিন বস্তা শিশুখাদ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাগদাদের গ্রিন জোনে সহিংসতায় নিহত অন্তত ২০জন

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রাজনৈতিক সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রাতভর দেশটির নিরাপত্তা বাহিনী এবং একজন শক্তিশালী শিয়া ধর্মগুরুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বাগদাদজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার পর কমপক্ষে সাতটি গোলা উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনের মধ্যে পড়েছে বলে। বাগদাদের এই অংশে সরকারি বিভিন্ন ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে।

ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। মোকতাদা আল-সদরের দল সদর মুভমেন্টের কিছু দাবির কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেশটির অন্যতম প্রধান রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এদিকে সহিংসতার সময় গতকাল সোমবার (২৯ আগস্ট) বাগদাদের উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনকে লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে মোকতাদা সদর এক বিবৃতিতে রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দেন।এমনকি নিজের সব রাজনৈতিক কার্যালয় ও সেগুলোর কার্যক্রমও বন্ধের ঘোষণা দেন তিনি। তার দাবি, তিনি কখনোই নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষের দাবিদার ছিলেন না। তাই চিরদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।