আমতলীর বীর সেনানী নুরুল ইসলাম পাশা তালুকদারের ইন্তেকাল

নাজমুল আহসান, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার বীর সেনানী,মুক্তিযুদ্ধ কালিন  আমতলী থানা দখলকারী ও স্বাধীনতাত্তোর আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী, নির্ভীক দেশ প্রেমিক, নিজের জন্য চাওয়া পাওয়ার উর্ধে থাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী, চাওড়া সম্ভ্রান্ত পরিবার তালুকদার বাড়ির জেষ্ঠ্য কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নূরুল ইসলাম পাশা তালুকদার আজ দুপুর দুইটার সময়ে চিকিৎসাধীন থাকা অবস্থায়  গেলেন না ফেরার দেশে। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।মৃত্যুকালে ৭সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুতে আমতলীর সর্বস্তরের জনগন ও সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিক পোথাস হলেন বাংলাদেশ দলের সহকারী কোচ

স্পোর্টস ডেস্কঃ সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হয়েছেন। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় আগামী সিরিজ থেকেই কাজ শুরু করবেন তিনি।

৪৯ বছর বয়সী পোথাস ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে চন্ডিকা হাথুরুসিংহের ডেপুটি হিসেবে কাজ শুরু করবেন। আগামী মাসে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে।

কোচিংয়ে পোথাসের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। এছাড়া শ্রীলঙ্কার ফিল্ডিং কোচের ভূমিকায়ও কাজ করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে প্রথম শ্রেনির ক্রিকেট ও লিস্ট ‘এ’ মিলে ১৬ হাজারের বেশি রান করেছেন। জাতীয় দলের সহাকারী কোচ হতে আবেদন করেছিলেন স্থানীয় কয়েকজন। তবে তাদেরকে হটিয়ে বিসিবির চাকরি পাকা করলেন প্রোটিয়া সাবেক ক্রিকেটার।

 

ইউক্রেনকে আরো ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিবে আমেরিকা

আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে আরো ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে মার্কিন সরকার। এর প্রতিক্রিয়ায় রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে তিনটি গোয়েন্দা রাডার, ট্যাংক বিধ্বংসী রকেট ও জ্বালানী ট্র্যাক।

প্রসঙ্গত, এই নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩,৫২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল।

প্রথমবার কন্যার ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

বিনোদন ডেস্কঃ গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের সঙ্গে তোলা নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও কন্যার মুখ দেখাননি এই অভিনেত্রী। অবশেষে মেয়ে দেবীর মুখ দেখালেন নেটিজেনদের।

গতকাল বুধবার (৫ এপ্রিল) রাতে মেয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার। ক্যাপশনে দেবীর পক্ষ থেকে তারকা দম্পতি লিখেছেন, ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’

এসব ছবিতে গোলাপি রঙের জামা, ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা যায় দেবীকে। বিপাশা-করণের মেয়েকে দেখে ভালোবাসায় ভরিয়েছেন তারকারা। অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ‘ছোট্ট সুন্দর দেবীর জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’ অভিনেত্রী আরতি সিং লেখেন, ‘আমার জন্মদিনেই এলো প্রথম ছবি।’ দিয়া মির্জা লিখেন, ‘দেবী, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমাকে ভালোবাসি। তোমাকে ছুঁয়ে দেখার জন্য তর সইছে না।’

তাছাড়াও সুজান খান, সাগরিকা, মালাইকা আরোরাসহ অনেক তারকা ভালোবাসা জানিয়েছেন।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

প্রসঙ্গত, বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা।

বিএনপির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই

 রাজনীতি ডেস্কঃ বিএনপির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তারা মানুষের জন্য রাজনীতি করে না এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে এ বিবৃতি দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি সংস্থাগুলোর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছেন। অথচ, সেখানে গিয়ে উদ্ধার তৎপরতায় সাহায়তা কিংবা ক্ষতিগ্রস্তদের রক্ষায় এগিয়ে আসার উদ্যোগ নেয়নি বিএনপি। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব না করে শুধু ঘরে বসে বিবৃতি দেয় বিএনপি। এ রকম ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিএনপির চিরাচরিত অপরাজনীতির বহিঃপ্রকাশ।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনা দুঃখজনক, মর্মান্তিক ও অত্যন্ত বেদনাদায়ক। অগ্নিকাণ্ড ঘটার পর থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তদারকি ও নির্দেশনা দিয়েছেন। তারই নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে সহযোগিতা দিয়েছেন।

ঈদের আগে বোনাস দেওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের বেতন আগামী ১০ এপ্রিল আর বোনাস ঈদের আগে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। গতকাল বুধবার (৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগরে শ্রম অধিদপ্তর, শ্রমিক ও মালিকপক্ষের গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের বৈঠকে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বৈঠক সূত্র জানায়, চলতি মাসের ১০ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন, ১৭ এপ্রিল বা ২৫ রোজার মধ্যে ঈদ বোনাস এবং ঈদের ছুটির সময় এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা। পাশাপাশি প্রতি ঈদে কিছু কারখানা বেতন-বোনাস না দিয়ে শ্রমিকদের পথে ঠেলে দেয়। এমন কারখানাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় তারা। বেতন-ভাতা পরিশোধে তারিখ নির্ধারণ না করলে এবং কোথাও কোনো সমস্যা হলে তার দায় মালিকের, বলেন শ্রমিক নেতারা।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা বেতন ও বোনাস দেওয়ার তারিখ বেঁধে দিতে দাবি জানালেও মালিক পক্ষের বাধার মুখে নির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়টি বাদ যায়।

বেতন বোনাস দেওয়ার বিষয়টি নির্দিষ্ট করার বিপক্ষে মত দেন মালিকরা। তারা বলেন, মালিক- শ্রমিক বোঝাপড়ার মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করা হবে। অনেক কারখানা শ্রমিকের চাওয়ার আগেই বেতন-বোনাস দেবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ভালোভাবে ঈদ উল ফিতর উদযাপন করতে পারে সেজন্য মালিকগণ ঈদের আগেই বোনাস দেবেন, নিয়ম অনুযায়ী এপ্রিল মাসের সাত কর্ম দিবসের বেতন পরিশোধ করবেন, তবে দু-একটি কারখানার মার্চ মাসের বেতন বকেয়া থাকে সেটা অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করবেন।

ঈদের ছুটির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সাথে মিলিয়ে কারখানা ভেদে শ্রমিক-মালিক আলোচনা করে ছুটির সিদ্ধান্ত নিবেন। শ্রমিক নেতৃবৃন্দ এপ্রিল মাসের ১০/২০ দিনের বেতনের দাবি করলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে টিসিসি সভায় কোনো সিদ্ধান্ত নেই। ষদি কোনো মালিকের সামর্থ থাকে এবং ইচ্ছুক হন তবে দিতে পারেন।

 

নানা বাড়ি বেড়াতে গিয়ে প্রান গেলো ৪ বছরের নাতির

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা বাড়ি বেড়াতে গিয়ে নির্মানাধীন সেফটি টেংকির পানিতে পরে খালেদ বিন ওয়ালিদ নামে চার বছরের শিশু মারা গেছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া (গাজীপুর) বিরুবস্তি গ্রামে এ ঘটনাটি ঘটে।

ওয়ালিদ উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকার মুজিবুর রহমানের ছোট ছেলে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওয়ালিদের মায়ের চাচাতো ভাই সিজিল মিয়া (১৭) বিষ খেয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুটির নানি ফাতেমা বেগম বলেন, ‍‍আমার নাতি তার মায়ের সাথে ৪-৫ দিনে আগে নানা বাড়ি এসেছিলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে আমাদের পাশের বাড়িতে আমার দেবরের ছেলে মানসিক প্রতিবন্ধী সিজিল মিয়া বিষ খেয়ে মারা যায়। বুধবার সকালে আমাদের বাড়ির উঠানে লাশ দাফনের জন্য বাঁশ কাটা হচ্ছিলো। সকাল বেলা ওয়ালিদ আমাদের বাড়ির পাশে একটি সেফটি টেংকিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। বুধবার রাত ৮ টায় তার জানাজা শেষে দাফন হয়।

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জাতিসংঘের সিএসডব্লিউ’র সদস্য হলো বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (সিএসডব্লিউ) ২০২৪-২০২৮ মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার (৫ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সদস্য পদ লাভ করে।

নির্বাচনে বাংলাদেশ ছাড়াও বেলজিয়াম, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, মালি, বলিভিয়া, রোমানিয়া, ব্রাজিল ও কলম্বিয়া এ সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে।

এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত সংবাদমাধ্যমকে বলেন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের রোল মডেল বাংলাদেশ। এ বিজয় লিঙ্গ সমতা, নারীর অধিকার ও ক্ষমতায়নে বাংলাদেশের অর্জনের স্বীকৃতি।

জাতিসংঘের প্রধান বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা হলো কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন। এটি ৪৫টি সদস্য দেশ নিয়ে গঠিত। সংস্থাটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে কাজ করে থাকে। জাতিসংঘ সদর দপ্তরে প্রতি বছর এ অঙ্গসংস্থার সপ্তাহব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় সদস্য রাষ্ট্রগুলো, সুশীল সমাজ ও অন্যান্য অংশীজনরা বিশ্বব্যাপী লিঙ্গ সমতা অর্জনের অগ্রগতি মূল্যায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে বৈশ্বিক মান নির্ধারণ ও বিশ্বব্যাপী লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে থাকে।

উল্লেখ্য, ২০১৯-২০২৩ মেয়াদেও বাংলাদেশ এই কমিশনের সদস্য হিসেবে কাজ করেছে।

স্থায়ী মিশন বলছে, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচিকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সিএসডব্লিউ’র সদস্য হিসেবে বিশ্বব্যাপী লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন তুলে ধরা এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে সর্বোত্তম অনুশীলনগুলো ভাগ করার জন্য এটি একটি অনবদ্য প্ল্যাটফর্ম।

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

বরগুনা প্রতিনিধি: বরগুনা আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম চৌকিদার (৪২) নামের এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরের দিকে নিজ খামারে ওই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও সোবাহান চৌকিদারের পুত্র।

জানা গেছে, বুধবার দুপুরে শামিম চৌকিদার নিজ খামারের বিদ্যুতের সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার সময় পাম্পটি বৈদ্যুৎতিক সর্ট সার্কিট হয়ে যায়। এতে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফারজানা আক্তার দিনা  বলেন, হাসপাতালে আনার পূর্বেই শামিমের মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আল-আকসায় হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি পুলিশবাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছিল তাতে কয়েক ডজন প্যালেস্টাইনি আহত হয়েছেন। মসজিদ প্রাঙ্গণে সহিংসতার এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আলোচনার জন্য এক জরুরি অধিবেশনের ডাক দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) ওয়াফা নিউজ এজেন্সি এবং বার্তা সংস্থা রয়টার্স থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি পুলিশবাহিনী নাবলুসে একটি বিষাক্ত গ্যাস দিয়ে ক্যানিস্টার নিক্ষেপ করার সময় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সংস্থাটি বলেছে, উত্তরাঞ্চলীয় শহর হেব্রনের কাছে বেইত উমমার শহরে গোলাবারুদ দিয়ে আঘাত করা হয়েছে। বিত উমর-এর কয়েক ডজন মানুষ বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হওয়ার খবরও জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি। সংস্থাটি জেনিন এবং বেথলেহেম শহরের কাছে প্যালেস্টাইনি ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের কথাও জানিয়েছে।

কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে আলোচনার জন্য একটি জরুরি অধিবেশনের ডাক দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে রুদ্ধদ্বার বৈঠকটি ডাকা হয়।