চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা

সিএনবিডি ডেস্কঃ চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা (ডলার প্রতি ৯৫ টাকা ধরে)। গতকাল রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো এইমাসেও সবচেয়ে বেশি ৩৫ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরই রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার। সবমিলিয়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে, চলতি বছরের গত জুলাই মাসে প্রবাসী ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। গত জুনে পাঠিয়েছে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং গত মে মাসে পাঠিয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের আজ জন্মদিন

বিনোদন ডেস্কঃ আজ প্রয়াত কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জন্মদিন। ১৯৫৮ সালের এদিনই (২৯ আগস্ট) পৃথিবীর বুকে যাত্রা শুরু করেছিলেন তিনি। তাকে পপ সংগীতের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। সংগীত, নৃত্য এবং ফ্যাশন জগৎসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে তিনি বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান একটি পরিবারে জন্ম হয়েছিল মাইকেল জ্যাকসনের। তার বাবার নাম জোসেফ ওয়াল্টার জ্যাকসন। দশ ভাই-বোনের মধ্যে মাইকেল জ্যাকসন ছিলেন অষ্টম। মাত্র পাঁচ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সংগীতশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন প্রয়াত পপ সম্রাট। তিনি একাধারে ছিলেন গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। তবে তাকে তারকাখ্যাতি এনে দেয় ১৯৮২ সালের ‘থ্রিলার’ অ্যালবামটি। আর এই অ্যালবামের ব্যবসায়িক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করে।

সঙ্গীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তার এক নতুন আঙ্গিকের অসামান্য কলাকৌশলে মুগ্ধ হয়েছিলেন অসংখ্য শ্রোতা-দর্শক। তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সঙ্গীতশিল্পী যিনি ‘ড্যান্স হল অব ফেম’-এ ভূষিত হন। তার স্টাইল এখনও তরুণ প্রজন্মের জনপ্রিয়তার স্থান দখল করে রেখেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস এঞ্জেলেসে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইকেল জ্যাকসন। তবে কর্মগুণে এখনও কোটি সঙ্গীতপ্রেমীর হৃদয়ে অম্লান তিনি।

ঠাকুরগাঁওয়ে বিএনপি এবং আ.লীগের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিএনপি এবং আ.লীগ একই সময়ে একই স্থানে দলীয় সভার কর্মসূচি ডাকায় গতকাল রবিবার ২৮ আগস্ট সকালে ১৪৪ ধারা জারী করেন উপজেলা প্রশাসন। এরই প্রতিবাদে বিকালে সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি। এ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান।

তিনি দাবী করেন, জ্বালানী তেল, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পীরগঞ্জে তা শান্তিপূর্নভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২১ আগষ্ট বিষয়টি পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। কোন কিছু না জাইনয়েই সমাবেশ শুরু আগ মুহুর্তে আকস্মিক ভাবে প্রশাসনের ১৪৪ ধারা জারী করার হটকারী সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষেভের সঞ্চার হয়েছে এবং প্রশাসনের প্রতি সাধারণ মানুষের বিরুপ ও নেতিবাচক ধারণার সৃষ্টি করেছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সারাদেশে বিএনপি’র নৈরাজ্য সৃষ্টি ও শান্তিপ্রিয় পীরগঞ্জবাসীর দুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে বরিবার বিকালে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ।
এ সময় তারা বলেন, বিএনপি সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। দলীয় কর্মসূচীর নামে শান্তিপ্রিয় পীরগঞ্জ বাসীকে চরম দুর্ভোগে ফেলেছে। এর জন্য বিএনপি’র সকল নৈরাজ্যপূর্ন কর্মসূচী রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান রবিবার পীরগঞ্জ পৌর শহরে একই স্থানে ও একই সময়ে বিএনপি এবং আওয়ামীলীগ তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় থাকায় আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে পৌর এলাকার পূর্ব চৌরাস্তা,পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় এদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজাদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির বলেন,উভয় দলের কর্মসূচী অব্যাহত থাকলে পৌর এলকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন  সৃষ্টিসহ গাড়ী ভাংচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কারো প্ররোচনায় নয়-আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও মিশিগানে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস ও মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত ৭জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে ডেট্রয়েট শহরে আলাদা জায়গা থেকে মোট ৪জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তিন জনই মারা যায়। এরপর বিকেলে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, একইদিনে দেশটির টেক্সাসের হিউস্টন শহরে হামলাকারীর গুলিতে চারজন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বিনোদন জেলায় গত শনিবার (২৭ আগস্ট) ভোরে ডাচ সেনাদের হোটেলের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন ডাচ সেনা আহত হয়েছেন। ইন্ডিয়ানা পুলিশের মতে, তিন ভুক্তভোগী ও অন্য কোনো ব্যক্তির মধ্যে কোনো ধরনের বিবাদের কারণে এই গুলি চালানো হয়েছিল।

ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আহত সেনাদের পরিবারকে এ ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। ইন্ডিয়ানা পুলিশ এই গোলাগুলির ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

লোহাগাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (২৮ আগষ্ট ) বিকেল ৪টায় উপজেলার রাজঘাটা এলাকা থেকে শুরু হয়ে আমিরাবাদ মোটর স্টেশন প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে নেতৃত্বদেন উপজেলা বিএনপি’র আহবায়ক নাজমুল মোস্তফা আমিন এ সদস্য সচিব সাজ্জাদুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো.আজগর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহবায়ক মাষ্টার শাহেদুল আনোয়ার, এস.এম আবু সাঈদ চৌধুরী টিটু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়াইবুল ইসলাম, সদস্য সচিব শোয়াইবুল ইসলাম চৌধুরী প্রমূখ।

সমাবেশে বক্তারা জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন এবং এভাবে মূল্য বৃদ্ধি হতে থাকলে সরকার পতনের আন্দোলনের হুমকি দেয়।

দ্রব্যেমূল্য বৃদ্ধির কারণে সাধারণ কষ্টে আছে উল্লেখ করে বক্তরা বলেন, সাধারণ মানুষ না খেয়ে আছে কিন্তুু এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয় বলে তারা সাধারণ মানুষের খবর রাখে না।

এসময় উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম, ফজলে এলাহী চৌধুরী,মুন্সি ফরিদ আহমদ চৌধুরী, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, মো. নাছির উদ্দিন চৌধুরী, মাওলানা এম.এম মুজিবুর রহমান, মামুনুর রশিদ চৌধুরী, শহীদ আহমদ নুরুল আলম, নুর মোহাম্মদ শহীদুল্লাহ, ইদ্রিছ সিকদার, আবদুল কাইয়ুম চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস.এম সাহাব উদ্দিন, আহমদুর রহমান জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব রাশেদুল হক, সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয় সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, শ্রমিক দলের সভাপতি এস.এম জাকারিয়া যুবদল নেতা তাজউদ্দিন, আল নাজের মোরশেদ আলম, ইশফাক উদ্দিন ইভু, নাজিম উদ্দিন জহির শওকত হোসেন উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক উর রশিদ, শিমুল কফিল উদ্দিন, তৈয়ব খান, আমজাদ হোসেন ছাত্রদল নেতা রিয়াদ খান আবুল কালাম আজাদ মো. রাসেল সহ লোহাগাড়া উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রাতে ফেসবুকে ‘জীবনডাই আফসোস’ স্ট্যাটাস, সকালে মিলল মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ক্লান্ত রঞ্জন শীল (২২) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৮ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ক্লান্ত রঞ্জন শীল জেলা সদর হাসপাতালে ডিপ্লোমা ইন মেডিকেল এসিস্ট্যান্ট (ম্যাটস) এর ইন্টার্নশীপ করছিলেন। তিনি জেলার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে নিহার রঞ্জন শীলের ছেলে ৷

পরিবার সুত্রে জানা যায়, ক্লান্ত সদর উপজেলার সুলতানপুরে তার মামার বাড়িতে থেকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নশীপ করছিলেন। গত কয়েকদিন যাবত তিনি হতাশায় ভুগছিলেন। গত শনিবার হাসপাতালে ডিউটির পর সকালে বাসায় যায়। রাতের বেলা সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ‘জীবনডাই আফসোস।’ সকালে ১০টার পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে অনেক ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পায়নি। পরে তাকে অচেতন অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জে ১.৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ সিরাজগঞ্জে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ অহিদ আলী নবীন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত-কাল রোববার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চালক অহিদ আলী নবীন (৩২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা।

একই দিন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বিপিএম, পিপিএম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজশাহী থেকে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী প্রাইভেট কারটির গতিরোধ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারটি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করার চেষ্টা করে। পরে পুলিশ প্রাইভেট কারটি ব্যারিকেড দিয়ে আটক করে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদসহ মাদক কারবারি অহিদ আলী নবীনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার অহিদ আলী নবীন দীর্ঘ ৭ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রাইভেট কারে বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে গোপনে রাজশাহী থেকে মাসে ২/৩ বার বিপুল পরিমাণ হেরোইন পাচার করে ঢাকার বিভিন্নস্থাবে সরবরাহ করে আসছিলেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, টাংগাইলসহ বিভিন্ন থানায় হেরোইন ও ইয়াবার মামলা রয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নূর আলম সিদ্দিকী, সদর সার্কেল জসিম উদ্দীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় ডিজিটাল সাউন্ড পুলিশিং চালু করা হবে : পুলিশ সুপার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা নবাগত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে মতবিময় কালে বলেন, আমি নেত্রকোনা এসেছি জনগনের সেবা প্রদানের জন্য। আমার অফিসে বা থানায় কোন সেবা গ্রহীতা আসলে সে যেন হাসি মুখে ফিরে যায় এ জন্য সকল থানার ওসি ও কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছি। মানুষের সেবা প্রদানের জন্য ডিজিটাল সাউন্ড পুলিশিং এর কাজ নেত্রকোনায় চালু করব।

রবিবার (২৮ আগষ্ট) নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে সদর সার্কেল এএসপি মুরশেদা বেগমের সঞ্চালনায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক এড. আব্দুল হান্নান রন্জন, এম. ফকরুল হক, দিলওয়ার খান, আলপনা বেগমসহ মত বিনময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা মডেল থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শাখের আহম্মেদ।

উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ গত ২৩ আগষ্ট নেত্রকোনা পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

এবার আউশে আশা পূরণ হয়েছে কৃষকের : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়ার বৈরিতা ছিল না। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন হয়েছে ভালো আবার বাজারে এই ধানের দামও মিলছে বেশ চড়া। সব মিলিয়ে এবার আউশে আশা পূরণ হয়েছে কৃষকের।

গতকাল রোববার (২৮ আগস্ট) নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠপরিদর্শন শেষে এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র বলেন, আউশ ধান উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। পহেলা সেপ্টেমবর থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হতে যাচ্ছে। এর পাশাপাশি আউশ ধানের চাল বাজারে নামলে চালের দাম অবশ্যই কমে আসবে বলে দৃঢ বিশ্বাস করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, চালের যথেষ্ট মজুদ আছে। অযথাই ভোক্তাদেরকে কষ্ট দিয়ে অধিক মুনাফা করার চেষ্টা করবেন না।

পরিদর্শনের সময় মানুষকে স্বস্তিতে রাখার জন্য ব্যবসায়ীদের উদ্দেশে বার্তা দেন খাদ্যমন্ত্রী। এছাড়া স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এর সঙ্গে সঙ্গে ধানের ভালো দাম পাওয়ার আশ্বাস দেন তিনি।

বন্যায় হাজারের বেশি মৃত্যু, বিশ্বের কাছে সাহায্য চেয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে গত জুন মাস থেকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সারাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পাকিস্তান আন্তর্জাতিক সহায়তার আবেদন করছে। গতকাল রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ বন্যায় দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। নতুন করে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান সরকার। ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্যান্য দেশ সহায়তা করেছে। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তা যথেষ্ট নয়। আরো আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, বন্যায় প্রায় ৩৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের জনসংখ্যার প্রায় ১৫%। চলতি মৌসুমে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ২০১০-১১ সালের বন্যার সাথে তুলনীয়, যা রেকর্ডে সবচেয়ে খারাপ বলে উল্লেখ করা হয়।

এদিকে, দেশটির কর্মকর্তারা এই পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন।