অবৈধ ক্লিনিক বন্ধে আবারও স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

স্বাস্থ্য ডেস্কঃ আগামীকাল সোমবার (২৯ আগস্ট) থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অভিযানে নামবে স্বাস্থ্য অধিদফতর। আজ রবিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

আহমেদুল কবির বলেন, প্রথম দফায় অভিযান পরিচালনা শেষেও এখনও অসংখ্য অবৈধ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়ে গেছে। আগামীকাল সোমবার (২৯ আগস্ট) থেকে আবারও কঠোর অভিযান পরিচালনা করব। যেভাবে তিন মাস আগে অভিযান পরিচালনা করেছি সেভাবেই হবে।

তিনি আরো বলেন, আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ কাল সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসবো।

লাইসেন্সবিহীন বা অবৈধ কোনো হাসপাতালে যদি বৈধ কোনো চিকিৎসকও চিকিৎসা সেবা দিতে যান, তাহলে তিনিও অবৈধ বলে বিবেচিত হবে। তাদের কোনো দায় নেয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন এবং তিনি আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন বলেও জানান আহমেদুল কবির।

 

রাজীবপুরে ইউপি ভবনে হামলা-ভাংচুর, হয়েছে টাকা লুট!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা,মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে।  শনিবার (২৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে। ওই সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ইউপি সদস্য আবু শামা, ইউপি সদস্য শাহাবুদ্দীন, ইউপি সদস্য আনোয়ার, ইউপি সদস্য  ফরিজল সহ আরো অনেকে।

বিভিন্ন সুত্রে জানা যায়, সন্ত্রাসী রফিকুল ইসলামের নেতৃত্বে শফিকুল, মামুন, মুরাদ ও সহিজল ৮/১০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর চালায়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস জানান, আমি ঘটনার সময় বাহিরে ছিলাম একটি কাজে। কয়েকজন ইউপি সদস্য আমাকে ফোনের মাধ্যমে ঘটনাটা জানায়। আমি ঘটনা স্থলে এসে দেখি আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের উপর অতর্কিতভাবে হামলা করছে কিছু সন্ত্রাসী। সন্ত্রাসীরা হামলা করেও ক্ষান্ত হয়নি প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।

এব্যাপারে রাজীবপুর থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সন্ধ্যায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিবেন শামসুল হক টুকু

জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজ রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানো হবে বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। অধিবেশনের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্বের কথা রয়েছে।

জানা যায়, শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। তার মৃত্যুর পর অনেকের নাম আলোচনায় থাকলেও এগিয়ে ছিলেন শামসুল হক টুকু। শেষ পর্যন্ত তিনিই বসতে যাচ্ছেন ডেপুটি স্পিকারের আসনে।

 

নওগাঁর পত্নীতলায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় অভিযোগ করেছেন মেয়েটির বাবা।

অভিযোগ সুত্রে জানা যায়, মো. আমিনুল এহসান বাবু (৪২), পিতা- মৃত আব্দুর রহমান, মো. জাকিরুল ইসলাম(৩৫), পিতা- মো. আবু তাহের মন্ডল, উভয় পত্নীতলার হাসেনবেগপুর পশ্চিমপাড়া গ্রামে বাড়ী এবং অভিযোগ কারির বাড়ী একই গ্রামে পাশাপাশি অবস্থিত। গত প্রায় ০২ বছর পূর্বে অভিযোগকারীর স্ত্রী মোছা. রাশিদা পারভীন সুলতানা (৩৪) মো. আমিনুল এহসান বাবুর সাথে প্রেম ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি অভিযোগকারী বিভিন্ন ভাবে মোঃ আমিনুল এহসান বাবু নিষেধ করেন। মো. আমিনুল এহসান বাবু অভিযোগ কারির কথায় কোন কর্নপাত না করে বিভিন্ন ভাবে হুমকী দিয়া বলে যে, বেশি কথা বলিলে আমি তোর স্ত্রীর সাথে তোর মেয়েকেও ধর্ষন করবো। পারলে কিছু করে দেখাস বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রান নাশের হুমকী প্রদান করে।

অভিযোগকারীর সাথে কথা বলে জানা যায়, গত প্রায় ০৭ মাস পূর্বে মো. জাকিরুল ইসলামের ইন্ধনে মো.আমিনুল এহসান বাবু আমার স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভাস্থ নজিপুর গালর্স স্কুল মোড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাড়া বাসায় নিয়ে যায়। পরবর্তীতে গত প্রায় ০২ মাস পূর্বে আমার স্ত্রী আমার মেয়ে ৮ম শ্রেনীর শিক্ষার্থী (ছদ্মনাম) শারমিন আক্তার (১৫) কে বিভিন্ন লোভ লালসা ও প্রলোভন দেখাইয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায় এবং আমার মেয়ে আমার স্ত্রীর সাথেই বসবাস করতে থাকে। পরবর্তীতে গত প্রায় ০১ মাস ১৫ দিন পূর্বে মো. আমিনুল এহসান বাবু সাথে আমার স্ত্রীকে শারীরিক মেলামেশা অবস্থায় আমার মেয়ে দেখতে পাইলে আমার মেয়েকে এলোপাতাড়ী ভাবে মারপিট করে এবং মানসিক ভাবে নির্যাতন করে।

একপর্যায়ে মো. আমিনুল এহসান বাবু বলে যে, এই ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে আমি তোমাকে প্রানে মারে ফেলবো। আমার মেয়ে প্রান ভয়ে উক্ত ঘটনার বিষয়ে কাউকে কিছু বলে না। পরবর্তীতে গত ইং ১৭/০৬/২০২২ তারিখ রাত্রী অনুমান ০৭.৩০ ঘটিকার সময় আমার স্ত্রী আমার মেয়েকে উক্ত ভাড়া বাড়ীতে রেখে নজিপুর বাসষ্ট্যান্ড কাঁচা বাজার করতে যায়। একই দিন রাত্রী অনুমান ০৮.০০ সময় পূর্ব পরিকল্পিত ভাবে আমার মেয়ের কাছে এসে মো. আমিনুল এহসান বাবু আমার মেয়েকে জোর করে ঘরে নিয়ে গিয়ে অসৎ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে, আমার মেয়ে রাজি না হইলে মো.আমিনুল এহসান বাবু ও সাথে থাকা তার সহযোগী মো. জাকিরুল ইসলাম আমার মেয়েকে স্বজোরে চড় থাপ্পর মাড়ে এবং আমার মেয়ের পরিহিত কাপড় টানা হেচড়া করিয়া খুলিয়া ধর্ষনের চেষ্টা করে। ওই  সময় আমার স্ত্রী বাজারশেষে বাড়ীতে এসে আমার মেয়ের চিৎকার শুনে দ্রুত ঘরে গিয়ে উদ্ধার করে। এমন অবস্থায় আমার স্ত্রী ও মেয়েকে বিভিন্ন ভয়ভীতি ও প্রান নাশের হুমকী প্রদান করে ঘটনার বিষয়টিকে ধামা চাপা দিয়ে রাখে।

পরবর্তীতে আমার মেয়ে কৌশলে প্রান ভয়ে ভাড়া বাড়ী হইতে আমার বাড়ীতে চলে আসে। এমতবস্থায় গত ইং ২৩/০৮/২০২২ তারিখ সকালে মো. আমিনুল এহসান বাবু উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে আমার বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে আমার মেয়েকে একা দেখতে পেয়ে পুনরায় আমার মেয়েকে খারাপ কু-প্রস্তাব দেয়। আমার মেয়ে কু-প্রস্তাব দিতে নিষেধ করিলে তিনি বলে যে, আমার কথা না শুনিলে আমি তোমাকে অল্প কিছুদিনের মধ্যে অপহরন করে নিয়ে গিয়ে তোমাকে ধর্ষন করবো বলে বিভিন্ন ভয়ভীতি ও প্রান নাশের হুমকী প্রদান করে চলে যায়। বর্তমানে আমি এবং আমার মেয়ে তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। সুযোগ পাইলে যেকোন সময় আমার ও আমার মেয়ের বড় ধরনের ক্ষতি করতে পারে। বিষয়টি আমি আমার আত্মীয়-স্বজন ও গ্রাম প্রতিবেশিদের সাথে আলোচনা করে তাদের পরামর্শক্রমে থানায় এসে অপরাধীদের উপযুক্ত শাস্তির জন্য অভিযোগ করি।

উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল এহসান বাবুর সাথে মুঠোফোনে ০১৭১২—৪৮১২ নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি নয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শামসুল আলম শাহ্ বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ঃ০০টায় ম্যাচ শুরু হবে। বাংলাদেশি বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। এর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানেও খেলাটি দেখা যাবে।

নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জয় তুলে আসর শুরু করার লক্ষ্য দুই অধিনায়ক রোহিত শর্মা আর বাবর আজমের। সেই সাথে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে বাড়তি উন্মাদনা তো আছেই দুই দেশের ক্রিকেট ভক্তদের মাঝে।

এশিয়া কাপের মঞ্চে মোট ১৫ বার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। আর তাতে জয়ের পাল্লা ভারি ভারতেরই। ৮ বার জিতেছে ভারত, পাকিস্তানের জয় ৫ বার। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। ওই আসরে ভারত ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। তবে দুই দলের সর্বশেষ লড়াইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।
তাই সাম্প্রতিক ফর্ম আর অতীত রেকর্ড দুটোই আমলে নিলে এবার কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই। বরং ভারত-পাকিস্তান ম্যাচের আগে যেটা নিয়ে আলোচনা থাকে, বরাবরের মতো সেই চাপ নিয়েই আলোচনাটা বেশি।

ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, হায়দার আলী, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি

চা বাগানে ফিরেছে প্রান, কর্মচাঞ্চল্যে খুশি সবাই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চা-বাগানের শ্রমিকরা সাপ্তাহিক ছুটি রোববার এই দিনেও কাজে নেমেছেন। তবে আজ সাপ্তাহিক ছুটি থাকার কারণে অনেক বাগানেই চা-শ্রমিকরা কাজে নামেননি।

আজ রোববার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকেই ভাড়াউড়াসহ একাংশ চা-বাগানেই চা শ্রমিকরা কাজে নেমেছেন। বাগানে বাগানে পাতা উত্তোলন শুরু করেন তারা। এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে চা বাগানগুলোতে।

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক জরার্ধন ভৌমিক বলেন, আমরা গত ১৯ দিন ধরে ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছি। প্রধানমন্ত্রী নিজে আমাদের মজুরি বৃদ্ধি করে দেওয়ায় আমরা অত্যন্ত খুশি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আজ থেকেই কাজে নেমেছি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকরা। টানা কয়েক দিন ধরে চা-শ্রমিকদের সঙ্গে শ্রমিক নেতারা কথা বলে আশ্বাস দিয়েও কোনো কাজ হয়নি। এছাড়া প্রশাসনের কর্মকর্তারাও নানান আশ্বাস দিলেও কাজে ফেরেনি তারা। চা-শ্রমিকদের আন্দোলনের মাঝে চা বাগান মালিকেরা ২৫ টাকা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকার প্রস্তাব করলেও তারা কাজে ফেরেনি। তাদের দাবি ৩০০ টাকা।

সর্বশেষ ২৭ আগস্ট রাতে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসে নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন। এরপরে কাজে ফেরার আশ্বাস দেন চা শ্রমিকরা।

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেও পর্দা উঠলো ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

বিনোদন ডেস্কঃ পর্দা উঠলো ৪৪তম ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিভিন্ন অনুষ্ঠানে ইউক্রেনের বেশিরভাগ তারকারাই এ উৎসবটির বয়কটের ডাক দেন। তবে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যেও পর্দা উঠলো ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

প্রতি বছর এর আসর বসে রাশিয়ার রাজধানী মস্কো শহরে। এবারও এর আসর বসেছে মস্কোতে। ইতোমধ্যে লাল গালিচায় যোগ দিয়েছেন তারকারা। উৎসবকে কেন্দ্র করে কথা বলেছেন ‘এমআইএফএফ’ এর সভাপতি নিকিতা মিখালকভ।

এবারের উৎসবে মোট ৬৫টি দেশের ২৩০টি চলচ্চিত্র দেখানো হবে। যার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেটেড সিনেমা। আর এবারের উৎসবে অংশ নিচ্ছে যুবরাজ শামীম পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘আদিম’।

ইতোমধ্যেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন চলচ্চিত্র পরিচালক নিকিতা মিখালকভ। তিনি এবারের আসরের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের কথা বলতে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের ক্যামেরায়। নিকিতা মিখালকভ বলেন, অনেকেই আমাদের সংস্কৃতি বাতিল করার চেষ্টা চালাচ্ছে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে, আমরা চলচ্চিত্রের বাইরের কেউ না। যারা তাদের সিনেমা এ অনুষ্ঠানের মাধ্যমে দেখাতে চায় তাদের সবসময় স্বাগত। আর অনুষ্ঠানও তাদের জন্যই আয়োজন করা হয়েছে।

সিনেমায় নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, আজকাল অনেক অভিনয় শিল্পীরা মিডিয়াতে যোগ দিচ্ছেন। আশা করি সেখান থেকে অনেক ভালো ভালো অভিনয়শিল্পীরা বেরুবে, যা বর্তমান তরুণ সমাজকে অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, ইতিমধ্যেই রেড কার্পেটে যোগ দিয়েছেন বিভিন তারকারা। উপস্থিত ছিলেন অভিনেতা এবং বিচারক প্যানেলের সভাপতি ইয়েভজেনি মিরোনভ। উৎসবটি চলবে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত।

রাজধানীর উত্তরায় লরি চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় লরি চাপায় (লং ভেহিক্যাল) ট্রাফিক পুলিশ কনস্টেবল কাজী মাসুদ (৩৮) নিহত হয়েছেন। ওই লরিটিকে পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুরের টঙ্গী ব্রিজের ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কনস্টেবল মাসুদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের উত্তরা পূর্ব জোনে কর্তব্যরত ছিলেন। তিনি ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর দক্ষিণখানের জয়নাল মার্কেটের নাভিল ভিলাতে স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকতেন।

ঘটনাসুত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে কারওয়ান বাজারে মাছ নিয়ে এসেছিলেন সাকিব ও সুজন। দুর্ঘটনাটি ঘটার সময় তারা আবদুল্লাহপুর হয়ে ফের ময়মনসিংহে ফিরছিলেন। সাকিব ও সুজনের ভাষ্যমতে-টঙ্গী ব্রিজের পাশে আসা মাত্রই ওই পুলিশ কনস্টেবল রাস্তা পারাপারের জন্য আমাদের গাড়িটিকে সিগন্যাল দেয়। আমরা গাড়ি স্লো করলে তিনি আমাদের গাড়ির সামনে দিয়ে না গিয়ে পেছন দিক থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি গাড়ি আমাদের গাড়িকে পেছন থেকে ব্যাপক জোড়ে ধাক্কা দিলে আমাদের গাড়িটি সামনে থাকা উড়াল সেতুর ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। পরে এসে দেখি পেছনের লরির নিচে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কনস্টেবল পড়ে আছেন।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লড়ি চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। যদিও চালক পালিয়েছে। লড়ি চাপায় ওই পুলিশ কনস্টেবলের কপালে আঘাত ও বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে। তার মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লিবিয়ায় দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে ২৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দেড় শতাধিক। আজ রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে  কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যম আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়, যা এখনও চলমান। শনিবারও (২৭ আগস্ট) দুই গ্রুপের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় ত্রিপোলি। এদিকে যে এলাকায় সংঘাত চলছে সেখানে কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অফিস থাকায় উদ্বেগ বাড়ছে। সংঘাতের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ত্রিপোলি বিশ্ববিদ্যালয়।

ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লড়াইয়ের সময় কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। নিহতদের মধ্যে তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফাথি বাশাঘা লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই দেশটিতে উত্তেজনা বাড়তে থাকে। সে সময় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন আবদুল হামিদ। নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান তিনি। এরপরই লিবিয়ায় দুটি ধারার তৈরি হয়। একটি পূর্বপন্থি আর অন্যটি পশ্চিমপন্থি।

এদিকে, জাতিসংঘ লিবিয়ায় রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে।

 

জাতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে গণতন্ত্রকে হত্যা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছিল-খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাঁরই নির্দেশে ১৯৭১ সালে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তির জন্য এ দেশের আপামর জনগন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন সার্বভোম বাংলাদেশ গঠিত হওয়ার পর সেই আলোকে পবিত্র সংবিধানে ধর্মনিরপেক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে একদিকে যেমন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল অন্যদিকে দেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয়েছে। দেশে উগ্রবাদী সন্ত্রাসী শক্তির প্রকাশ ঘটতে শুরু হয়েছে। পরবর্তীতে ২০০৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার নেতৃত্বে পুনরায় বাংলাদেশে সরকার গঠিত হলে দেশ থেকে উগ্রবাদী সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হয়। তারপরও দেশে মাঝে মাঝে উগ্রবাদি শক্তি মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

খাদ্যমন্ত্রী শনিবার বিকাল ৫টায় নওগাঁ শহরের কালিতলা এলাকায় শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্ডপ প্রাঙ্গনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট নওগাঁ জেলা আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন সরকারের উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় । অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি তপন কুমার সেন, নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক পিযুষ কুমার সরকার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক সাথী মজুমদার, নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগবিজয়ানন্দজী মহারাজ এবং শ্রী শ্রী বুড়া কালিমাতা পূজা মন্ডপ কমিটির সভাপতি নিরোদবরন সাহা চন্দন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে এখনও দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাঁদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে পারছেন। তিনি আছেন বলেই এখনও দেশের সর্বত্রই খোলা মাঠে খোলা জায়গায় স্বারম্ভরে সারাদেশে দূর্গা উৎসব উদযাপিত হয়ে আসছে। অথচ এক সময় এমন অবস্থা ছিলনা। দেশে চরম উগ্রবাদ, বাংলাভাই জেএমবি’র মত উগ্র সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কংসদের হত্যা করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। ঠিক তেমনই প্রধথানমন্ত্রী শেখ হাসিনা এসব উগ্রবাদ এবং বাংলাভাইদের কঠোরহাতে দমন করে বাংলাদেশে
শান্তি প্রতিষ্ঠিত করেছেন।

মন্ত্রী বলেন, বর্তমানে একটি মহল সরকারের বিরুদ্ধে নানামুখি গুজব রটিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সাধারন মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস চালাচ্ছে। তিনি সর্বক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে দেশের মানুষকে ঐসব কুচক্রীমহল থেকে সচেতন থাকার আহবান জানান।