মান্দায় উভয় পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-৩, আটক-২

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৬ আগষ্ট) রাত ৮ টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম জানা যায়নি।

নিহত ব্যক্তি উপজেলার কুসুম্বা ইউপির হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মন্ডলের ছেলে আতিকুর রহমান (৩৫)। সংঘর্ষে কুসুম্বা ইউপির ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক (৪৫) একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন। এদের মধ্যে আইনুল হকের আবস্থা আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করেন দেলুয়াবাড়ি বাজারের কিছু লোকজন। এসময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন নামে ব্যক্তি বাধা দিলে তাঁকেও মারধর করেন স্থানীয়রা।

ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত  ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকার কিছু যুবক সংঘবদ্ধ হলে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় আতিকুর রহমান গুরুতর আহত হন। এ সময় তাকে বাঁচাতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালাকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেন জখম হয়। পরে আহতদের উদ্ধার করে  মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

রৌমারীতে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ৩৫ হাজার মানুষ!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): একটি ব্রিজের অভাবে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার দশ গ্রামের ৩৫ হাজার মানুষ। দীর্ঘ ১৫ বছর যাবৎ একটি ব্রিজের দাবি জানিয়ে আসলেও এর কোন সুফল পাননি ভুক্তভোগী এলাকাবাসীরা।

সরেজমিনে জানা জানায়, ১৫ বছর আগে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের সবুজপাড়া গ্রামের পুর্বপাশে আলমের বাড়ী সংলগ্ন খালের উপর এলজিইডির অর্থায়নে একটি স্লুইসগেট ও খালের বাকি অংশ মাটি ভরাট করে সড়ক মেরামত করা হয়। পরের বছরেই বন্যায় স্লুইসগেটটি অক্ষত থাকলেও সড়কের মাটি ভরাট অংশটুকু আবারও ভেঙ্গে যায়। এর কয়েক বছর পর ওই স্থানে দুইবার মাটি ভরাট করে পুনঃমেরামত করা হলেও ২০১৪ সালের ভয়াবহ বন্যায় সড়কের ওই অংশটুকু ভেঙ্গে যায়। যোগাযোগ বিছিন্ন ১০ গ্রামের মানুষের চলাচল। এলাকাবাসীর উদ্দ্যোগে বাঁশের সাঁকো দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও সড়কটি পুন:সংস্কার বা সেতু নির্মানে কোন উদ্দ্যোগ নেওয়া হয়নি। তাই নিরুপায় হয়ে গ্রামবাসীরা নিজেদের চাঁদার অর্থায়নে নির্মিত বাঁশের এ সাঁকো যুগের পর যুগ ধরেই ভাঙ্গা গড়ার মধ্যে দিয়ে চলছে।

এলাকাবাসী অভিযোগ, প্রায় গত দেড় যুগ ধরে জন প্রতিনিধিরা সাঁকো মেরামতের আশ্বাস দিয়ে ভোট নিলেও এখন পর্যন্ত সাঁকোটি নির্মাণে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। প্রতিবারই নিজেদের উদ্যোগেই বাঁশ ও কাঠ দিয়ে তৈরি সাঁকোটি মেরামত করতে হচ্ছে। কবে ব্রিজ হবে, তাও জানেন না কেউ।

রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোরায়রা বলেন, বাঁশের সাঁকো দিয়ে চর বামনের চর, খাঠিয়ামারী, সুতিরপাড়, মোল্লারচর সহ প্রায় দশটি গ্রাম থেকে আমার বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী পড়তে আসে। ব্রিজ না থাকার কারনে অনেক সময় শিক্ষার্থীদের হাত থেকে বই খাতা পড়ে পানিতে ভিজে যায়। খাঠিয়ামারী গ্রামের সাদ্দাম হোসেন, রতনপুর গ্রামের শাহজাহান সিরাজ, চর বামনের চর গ্রামের সাইদুর খলিফা বলেন, ওপারে স্কুল-বাজার, জনবসতি সবই আছে। এপাড়েও স্কুল ও মানুষের বসতি রয়েছে। কাজের প্রয়োজনে দুই পারে মানুষই পারাপার হয় কিন্তু এখানে কোন ব্রিজ হয়নি। চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, কেউ আর ব্রিজ করে দেয়না। খালির ভোটের সময় ভোট নেয়।

এ বিষয়ে ৪নং রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক জানান, সবুজপাড়া গ্রামের পুর্বপাশে আলমের বাড়ী সংলগ্ন খালের উপর যে বাঁশের সাঁকো রয়েছে  সেখানে একটি ব্রিজ নির্মাণ হলে দশ গ্রামের বাসিন্দারা এর সুফল ভোগ করবে। ব্রিজটি শীঘ্রই যাতে নির্মাণ হয় সে ব্যাপারে তিনি জোর দাবি জানান।

আজ শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে ১৫তম এশিয়া কাপের। আজ শনিবার (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ঃ০০ টায় শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান।

ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং। আগামীকাল  দুবাইয়ে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। আর বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে।

আজ এশিয়া কাপের উদ্বোধনী দিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আফগানিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা শততম টি-টোয়েন্টি খেলতে নামবে আফগানরা। ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি লংকানরা। তারপরও মরুর দেশে শিরোপা জয়ের জন্য তালিকায় শ্রীলঙ্কাও আছে।

উল্লেখ্য, এশিয়া কাপে সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছে শ্রীলঙ্কা। এছাড়া পাকিস্তান দুইবার এশিয়া সেরার মুকুট পরে। এদিকে বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও এখনও অধরাই রয়ে গেছে শিরোপা জয়ের স্বাদ।

রাণীশংকৈলে ৪১ পিস ইয়াবা উদ্ধার; মাদক ব্যবসায়ী পলাতক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা মাদক বিরোধী অভিযানের একটি টাস্কফোর্স টিম গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের শওকত আলীর ছেলে মাদক ব্যবসায়ী হামিদুর রহমানের বাড়ি থেকে ৪১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় হামিদুর (৩৭) টের পেয়ে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  সহকারি পরিচালক সৌমিক রায়, উপপরিদর্শক আজাহারুল ইসলাম ও থানা পুলিশ  অভিযান পরিচালনা করেন।

থানা সূত্রমতে, ঘটনার দিন অভিযান পরিচলনাকারী টিম গোপন সংবাদের ভিত্তিতে হামিদুরের বাড়ি ঘেরাও করে। টের পেয়ে মাদক ব্যবসায়ি হামিদুর পালিয়ে যায়। পরে তার নিজ শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে শো কেসের ড্রয়ার থেকে নীল পলিথিনে মোড়ানো ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ নিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে হামিদুর রহমানের নামে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনও স্যারসহ মাদক বিরোধী ট্রাস্কফোর্স টিমের অভিযানে ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়েছে। মাদক বিক্রেতার নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতারণার শিকার অভিনেত্রী শাওন, অভিযুক্ত আটক

বিনোদন ডেস্কঃ নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের নামে মিউজিয়াম নির্মাণের নামে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত প্রতারক রবিউল ইসলামকে আটক করা হয়ছে এবং একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পরিচয় দিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফোনে বলা হয় যে, ঔপন্যাসিক-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের হাতেগড়া নুহাশপল্লীর উন্নয়ন বাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অংকের ফান্ড এসেছে। অর্থ মন্ত্রণালয়ে জমা থাকা সেই ফান্ড উত্তোলনের জন্য সরকারি ফি ৩১,৮৫০ টাকা তাকে জমা দিতে হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয় শাওনকে।

এটি যে একটি প্রতারণার ফাঁদ প্রথম থেকে শাওন তা বুঝতে পারেননি। ফাঁদে পা দিয়ে ভুয়া উপসচিবের কথা মতো তাকে ৩২ হাজার টাকা পাঠিয়েও দেন তিনি। সব কথাবার্তা শেষ করে টাকা পাঠানোর পর শাওন আবারও কল দেন সেই ভুয়া উপসচিবের নম্বরে। কিন্তু অপর প্রান্ত থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর  শাওন বুঝতে পারে যে প্রতারকের খপ্পরে পড়েছেন তিনি।

ঘটনা জানার পর নুহাশ পল্লীর ম্যানেজার বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ একজনের সংশ্লিষ্টতা পায়। এরপর অভিযানে নেমে গত বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত দেড়টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে রবিউল ইসলাম (৪১) নামে ওই প্রতারককে গ্রেফতার করে ডিবি। এ সময় ওই প্রতারকের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়।

কুলাউড়ায় তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া উপজেলার  রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে তেল, গ্যাস, বিদ্যুৎ এর দাম বৃদ্ধি ও ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় চৌধুরী বাজারে রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল হুসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ্, ধর্ম সম্পাদক সাইফুল ইসলাম, গনশিক্ষা সম্পাদক বদরুল হুসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, কুলাউড়া উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব কাজল,আনহার হুসেন, কামাল হুসেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মৌসুম সরকার,কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য রেজাউল ইসলাম শাফি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালেদুর রহমান, সিরাজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ, কৃষক দলের আব্দুর রব, সালামত খাঁন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, এ সরকার নির্বাচনবিহীন মধ্যে রাতের অবৈধ সরকার। মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আর দেশকে তৈরি করেছে তলাবিহীন ঝুড়ির মতো। দ্রব্যমূল্য এখন নাগামহীন ক্রয় ক্ষমতার বাহিরে। সময় এসেছে এই অবৈধ সরকারকে টেনে হিচড়ে নামানোর। দেশের সাধারণ মানুষদের শান্তিতে বেঁচে থাকার সুযোগ তৈরি করে দেওয়ার।

সাহাগোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে মিরাপুর (বকুল তলা) নামকস্থানে আসন্ন ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে ও ডিএস জাহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, প্রচার সম্পাদক ডাঃ মসলেম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফুলবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মোঃ মোতালেব মিয়া(৪৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত চাঁন্দ মিয়ার ছেলে।

শুক্রবার সকালে ওই শিক্ষার্থীকে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামে। শিক্ষক কর্তৃক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার সকালে গোরকমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত  শিক্ষকের শাস্তির দাবী জানিয়েছে।

গোরকমন্ডল গ্রামের বাসিন্দা নুর হোসেন, ঝান্টু মিয়া ও মোশারফ হোসেন জানান, সহকারী শিক্ষক মোতালেব মিয়া বালারহাট ডি এস দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ওই শিক্ষার্থীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা করে। তাদের প্রেমের সর্ম্পকের কথা জানাজানি হলে ওই শিক্ষার্থী মোতালেবকে বিয়ের জন্য চাপ দেন।  উপায়ন্তর না দেখে শিক্ষক মোতালেব বুধবার রাতে মেয়ের বাড়ীতে  লোকজন নিয়ে গিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা চালান। কিন্তু সমাধানের চেষ্টা ব্যর্থ হলে শিক্ষার্থীর বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই এলাকার গ্রাম পুলিশ আব্দুল করিম বলেন,মেয়েটির সরলতার সুযোগে ওই শিক্ষক তার সর্বনাশ করেছে। একটি প্রভাবশালী মহল সমাধানের চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি। পরে মেয়ের বাবা ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছে। আমরা চাই মেয়েটি যেন সঠিক বিচার পায় এবং অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। সহকারী শিক্ষক মোতালেব মিয়া অসুস্থ থাকায় ২৪ আগষ্ট থেকে মেডিকেল ছুটিতে আছেন। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর ঘটনা হলে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান জানান, শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষা করার জন্য শুক্রবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মডার্নার মামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে ভ্যাকসিন প্রযুক্তি কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা দায়ের করছে মর্ডানা। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মর্ডানার নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল এ তথ্য জানিয়েছেন।

মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের এমআরএনএ প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারির আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। আর্থিক ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ফাইজার জানিয়েছে, এ অভিযোগের বিরুদ্ধে লড়বে তারা।

স্টিফেন ব্যানসেল বলেন, আমরা কোভিড-১৯ মহামারির আগের দশকে কোটি কোটি ডলার ব্যয় করেছি এমআরএনএ প্রযুক্তি তৈরিতে। আর এই প্রযুক্তি প্ল্যাটফর্মটিকে রক্ষার জন্যই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে মামলা দায়ের করছি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা তৈরিকারী প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফাইজার-বায়োএনটেক ও মডার্না। তবে টিকা তৈরিতে যে এমআরএনএ প্রযুক্তির ব্যবহার হয়েছে তা দশ বছর আগেই উদ্ভাবন করেছে মডার্না। কিন্তু ফাইজার-বায়োএনটেক তাদের প্রযুক্তি অন্যায়ভাবে ব্যবহার করেছে।

এদিকে, প্রতিষ্ঠানটির দাবি করছে ফাইজার ও বায়োএনটেক তাদের মেধাস্বত্বের দুটি উপাদান নকল করেছে। এর মধ্যে রয়েছে, কেমিক্যাল মডিফিকেশন, যা ২০১৫ সালে মানুষের ওপর প্রয়োগ করেছিলেন মডার্নার গবেষকেরা। অপরটি হলো ভ্যাকসিন কীভাবে নির্দিষ্ট ভাইরাসকে লক্ষ্যবস্ত বানায় সেই প্রযুক্তি।

প্রসঙ্গত, মডার্নার মামলার খবর প্রকাশিত হওয়ার পরে পুঁজিবাজারে ফাইজারের শেয়ারের দাম ১.৪ শতাংশ নেমে গেছে। এছাড়া, আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কমে বায়োএনটেকের শেয়ার লেনদেন হয়।

 

নওগাঁর সদ্য যোগদানকৃত এসপি’র প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নবাগত পলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা ও সামাজিক বিষয়ে সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, দৈনিক করতোয়া প্রতিনিধি ও নির্বাহী সদস‍্য মো: নবির উদ্দিন,  সহ-সভাপতি এ এস এম রাইহান আলম, সুলতানুল আলম মিলন, সাবেক সভাপতি এ‍্যাড. আনোয়ার হোসেন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাভিশন প্রতিনিধি বেলায়েত হোসেন, এনটিভি প্রতিনিধি আসাদুর রহমান জয়, সাবেক সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল চ‍্যানেল ২৪  প্রতিনিধি হারুন উর রশিদ চৌধুরী, প্রথম আলো প্রতিনিধি ওমর ফারুক, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রায়হান রাসেল, সংবাদ প্রতিনিধি কাজী কামাল হোসেনসহ অন্যান্যরা মধ্যে বক্তব্য রাখেন।

জনাব রাশিদুল হক এর আগে তিনি নওগাঁয় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেন। এখান থেকে পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে  ঢাকায় যোগদান করেন। জনাব মুহাম্মদ রাশিদুল হক ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশের মাতৃভূমি সারদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলায় এএসপি প্রবেশনার হিসেবে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি সিনিয়র এএসপি ঈশ্বরদী সার্কেল হিসেবে যোগদান করে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, আইভোরিকোস্ট এবং মালিতে কাজ করে তার কাজের স্বীকৃতিস্বরূপ ২ বার জাতিসংঘ পদক লাভ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফিরে তিনি কয়েক মাস  হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওন এ সড়ক অবরোধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । এরপর তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নওগাঁ জেলা পুলিশে যোগদান করে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা সিটিএসবি তে অত্যন্ত বিশ্বস্ততার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ।