সীমান্তে ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে আটক হওয়া ৭ রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় কুমারশাইল মাদ্রাসার পাশ থেকে তাদের আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের লাতু বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে তুলে দেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় তাদের নিকটস্থ বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক রোহিঙ্গারা হলেন, মো. শফিকুল (১৯), সমিন আরা (১৮),  রুজিনা আক্তার (১৭), শুকতারা (১৫), ফাতেমা খাতুন (১৭), মল্লিকা (১৫) ও আছিয়া (১৬)।

সূত্র মতে জানা যায়, আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্প থেকে বড়লেখায় এসেছিলেন।

থানা পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল মাদ্রাসার পাশ থেকে ওই সাত রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা তাদের লাতু বিজিবির হাতে তুলে দেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল বলে স্বীকার করেছে। পরে ওইদিন সন্ধ্যায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, কুমারশাইল এলাকা থেকে সাত রোহিঙ্গাকে আটকের পর বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছে বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়ার কুতুপালং থ্যাংখালী (এফডিএমএন) ক্যাম্পে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সুনামধন্য ও অন্যমত বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রানীশংকৈল ডিগ্রি কলেজ। এ কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।  এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ আগস্ট)  সকাল ১১টায় কলেজ কনফারেন্স রুমে সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়৷

কলেজের প্রথম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও প্রাক্তন ছাত্রী রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালি বেগমের হাতে নাম নিবন্ধন সম্পন্ন শেষে তাদের হাতো ফরম তুলে দেন উপজেলা আ.লীগ সভাপতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক।

এ সময় সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক,অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী, যুগ্ন আহবায়ক প্রশান্ত বসাক, কলেজ গভর্নিং বডির সদস্য, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নাম নিবন্ধন করেন প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী এবং উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী দিপায়ন বসাকসহ আরও অনেকে।

প্রসঙ্গত: নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীদের নিবন্ধন ফি বাবদ ১০০(একশত) টাকা কমিয়ে ৪০০( চারশত) টাকা, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৫০০(পাঁচশত) এবং বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  জন্য ১০০০(এক হাজার) টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ থেকে প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী লেখা-পড়া শেষ করে বেরিয়েছে।

লোহাগাড়ায় দুই সাংবাদিককে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মিনহাজ উদ্দীন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মরত দুই সাংবাদিককে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর তাদের কাছে চাঁদাদাবী ও তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও মানহানিকর লেখা প্রকাশের বিরুদ্ধে স্থানীয় এরশাদ হোসাইন ও মোহাম্মদ আলাউদ্দিন নামের দু’জনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও কলিম উল্লাহ।

বুধবার সকালে উপজেলার বটতলী স্টেশনের হোটেল দি জামান হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের কণ্ঠ পত্রিকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি ও ইউটিউব চ্যানেল দ্বীপ টিভিতে কর্মরত রয়েছেন।পাশাপাশি এলাকায় মৎস্য প্রজেক্ট সহ বনায়ন করে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন হিসেবে ৪৯নং ফারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি, মদিনাতুল উলুম মাদ্রাসা হেফ্জখানা ও এতিমখানার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,গত ২৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তার সহকর্মী কলিম উল্লাহ সহ কয়েকজন মিলে ইনসাফ রেস্তোরাঁয় নাস্তা করার সময় এরশাদ হোসাইন ও তার সহযোগী আলাউদ্দিন তাদেরকে সংবাদ বিষয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে হোটেল থেকে অপহরণ করে একটি কক্ষে ঢুকিয়ে আটকে রেখে তাদের মারধর করে।

ওই সময় তাদের হাতে থাকা ২টি মোবাইল ফোন এবং পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর কয়েকটি অলিখিত কার্টিজ পেপারে তিনি ও তার সহকর্মী কলিম উল্লাহ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয়। ঘটনাটি কখনও কাউকে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণ্যভাবে ভাইরাল করার হুমকি প্রদান করেন বলে ও লিখিত বক্তব্যে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম প্রকাশ করেন।

পরবর্তীতে এ ঘটনায় এরশাদ হোসাইন ও আলাউদ্দিন সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ করলে তিনি ও তার সহকর্মী কলিম উল্লাহর মান সম্মানের চরমভাবে হানি ঘটে। তাই তাঁদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ও কলিম উল্লাহ বাদী হয়ে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে ২টি চাঁদাবাজী মামলা ও ১টি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালতে মামলা করার পর থেকে এরশাদ হোসাইন ও আলাউদ্দিন তাদেরকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন হুমকি দেন এবং আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য তাদের নিজস্ব ফেসবুক আইডির মাধ্যমে।

নওগাঁ জেলায় মাঠে মাঠে আউশ ধান কাটা শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় মাঠে মাঠে আউশ ধান কাটা শুরু হয়েছে। চলতি আগষ্ট মাসের মাঝামাঝি থেকে ধান কাট শুরু করেছেন জেলার কৃষকরা।

কৃষি সম্প্রসারন বিভাগের সূত্রমতে, গত ২৫ আগষ্ট পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ২ হাজার ২শ ২০ হেক্টর জমির ধান কাট হয়েছে। আউশ ধান কাটা চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। আউশ ধান কাটার পর কৃষকরা সে জমিতে স্থানীয় জাতের রোপা আমন ধানের চারা রোপন করবেন। এর মধ্যে কিছু কিছু জমিতে রবি ফসল সরিষা চাষ করবেন বলেও জানিয়েছে কৃষি বিভাগ। চলতি বছর আবাদকৃত জমি থেকে ২ লক্ষ ৪৯ হাজার ৭৫০ মেট্রিকটন ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। উল্লেখিত পরিমাণ ধান থেকে চাল পাওয়া যাবে ১ লাক্ষ ৬৬ হাজার ৫শ মেট্রিক টন।

নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেন জানিয়েছেন, এ বছর জেলায় মোট ৫৫ হাজার ৫শ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। কৃষকরা চলতি মওসুমে ব্রি-ধান ৪৮ জাতের আউশ ধান সবচেয়ে বেশী চাষ করেছেন। চাষকৃত ধানের অন্য জাতগুলো হচ্ছে ব্রি-ধান-২৮, ব্রি- ধান-৫৬, ব্রিধান- ৫৬, ব্রিধান ৬৫, ব্রিধান-৮২, ব্রিধান-৮৫, বিনা-১৯, পারিজা, বিআর-২১ এবং জিরা জাতের ধান রয়েছে।

উপজেলাভিত্তিক আউশ ধান চাষের পরিমাথ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৩৬৯৫ হেক্টর, রানীনগর উপজেলায় ১১৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৭২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৫৬০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৩ হাজার ১১০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৬৮৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২২৮০ হেক্টর , সাপাহার উপজেলায় ৭৯৫ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৯১২০ হেক্টর।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে প্রতি হেক্টর জমিতে ৪ দশমিক ৫ মেট্রিক টন হিসেবে জেলায় এ বছর মোট আউশ ধান উৎপাদিত হবে ২ লক্ষ ৪৯ হাজার ৭৫০ মেট্রিক টন। প্রতি বিঘা থেকে ৩ মেট্রিক টন হিসেবে চাল উৎপাদিত হবে ১ লক্ষ ৬৬ হাজার ৫শ মেট্রিক টন।

ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ ফের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আবারও দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) তেলের দাম বেড়েছে। রাশিয়ার রপ্তানিতে ব্যাঘাত, প্রধান সরবরাহকারীদের উৎপাদন কমানোর সম্ভাবনা ও মার্কিন শোধনাগারের আংশিক বন্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

রয়টার্সের ওই খবরে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে ১০১ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে। এদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য ৪২ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক বুধবার তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়। কারণ সৌদি জ্বালানিমন্ত্রী পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ও এর মিত্ররা দামকে সমর্থন করার জন্য উৎপাদন কমিয়ে দেওয়ার সম্ভাবনার কথা জানান। মূলত এরপরই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।

এর আগে গত সোমবার সকাল ৬টা ৫৪ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৭ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৯৫ দশমিক ৫৫ ডলারে নামে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ১২ অথবা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৯ দশমিক ৬৫ ডলারে দাঁড়ায়। পরপর তিন দিন বাড়ার পর এই চিত্র দেখা যায়।

প্রসঙ্গত, মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কন্দ্রে করে চলতি বছরের প্রথম দিকে তেলের দাম বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে যায়। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গুরুত্বপূর্ণ পণ্যটির দাম ১০০ ডলারের নিচে নেমে আসে। যদিও এখন তা আবার বাড়তে শুরু করেছে।

খাদ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানালেন বাণিজ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ রাশিয়া-ইউক্রেনসহ অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ আলোচনা করেছি। তবে জ্বালানি তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। খাদ্য প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র উপর আ.লীগের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ২৫ আগস্ট  সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

এ উপলক্ষে জেলা বিএনপি’র উদ্যোগে এদিন দুপুরে শহরের বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান জানান, গতকাল বুধবার ২৪ আগস্ট দুপুরে বালীয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সার, জালানী তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ চলাকালিন সন্ধ্যা ৬ টায় লাঠিসোটা, রড,পাইপ ও ধারালো অস্ত্র হাতে অতর্কিত হামলা চালায় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এসময় সমাবেশের চেয়ার ভাঙ্গচুর করাসহ আমাদের নেতাকর্মীদের আঘাত করে আহত করা হয়। এবং বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। হামলায় ঘটনায় প্রায় শতাধিক বিএনপির কর্মী আহত হয়।

পরে পুলিশের উপস্থিতিতে অবরুদ্ধ নেতাকর্মীদের উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে জেলা বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানো হয়। এবং এ ঘটনার তীব্র নিন্দা জানায় জেলা বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, সাধারণ সম্পাদক ডা. এটিএম মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মান্দায় মাদক ব্যবসায়ীকে বাঁচাতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পুলিশ যোগসাজসে মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান (৪৫)কে মিথ্যা মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে এমন ভিত্তিহীন, মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী মোঃ খাজা শাহাবুদ্দিন (৬০)নামে এক ব্যবসায়ী।

আজ বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী মোঃ খাজা সাহাবুদ্দিন (৬০)মান্দা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। ভূক্তভোগী মোঃ খাজা শাহাবুদ্দিন কুসুস্বা ইউপির কিত্তলী গ্রামের মৃত মোঃ নজীবুল্লার ছেলে।

মোঃ খাজা শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১৯-০৮-২০২২ তারিখে চক্কানু গ্রামের মোঃ সাহেব আলী ছেলে  মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান এমপি জনাব মোঃ ইমাজ উদ্দিন প্রামানিকের ছবি আমার দোকান ঘরের দরজায় টাঙ্গিয়ে আ.লীগের কর্মী পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে তালা দেয়। সেই সাথে বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে এক পার্যায়ে দোকান ঘর দখলের চেষ্টা করেন। তখন নিরুপায় হয়ে আমার ছেলে শরিফ উদ্দিন  ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশি সহযোগিতা চায়। ৯৯৯ এর ফোন পেয়ে মান্দা থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌছালে, বেআইনি জনতায় সংঘবদ্ধ দখলবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ ঘটনার বিষয়টি জানতে মাদক ব্যবসায়ীর বাড়িতে গেলে, চোলাই মদের সন্ধান পায়। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে ৭০ বোতল চোলাই মদ সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটকের পর আমার ছেলে মোঃ শরিফ উদ্দিন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ করেন।

তিনি আরো জানান, দীর্ঘদিন থেকে দোকান ঘরের জমি পত্তন নিয়ে ব্যবসা করে আসছি। আমার দোকান ঘরের জমির কেস নম্বর ১৬/৯৯ । ২০ বর্গমিটার জমি নিয়মিত সরকারের ঘরে খাজনা দিয়ে আসছি। হঠাৎ করে তারা দোকান ঘরের জন্য ২ লক্ষ টাকা চাঁদা দাবি করছেন।

এব্যাপারে থানার উপপরিদর্শক জানাতুল ফেরদৌস জানান, মাদক ব্যবসায়ী আনিছুরে বাড়ির ভিতর ৭০ বোতল চোলাই মদ পাওয়া যায়। আরো ৩ জন মদ সরবরাহকারী দেখা গেছে। এই জন্য বাড়ির মালিক অভিযুক্ত আনিছুর রহমানসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, দোকান ঘরে   জোরপূর্বক তালা দেওয়ার ঘটনায় ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনাস্থলে অভিযুক্ত মোঃ আনিছুরকে না পেয়ে তার বাড়িতে পুলিশ যায়। সেখানে চোলাই মদসহ তাদের ৪ জনকে আটক করেন। তবে পুলিশ যোগসাজসে তাদেরকে আটক করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ন মিথ্যা ও
ভিত্তিহীন।

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট

সিএনবিডি ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বেআইনি, সংবিধান পরিপন্থি ও মৌলিক অধিকার পরিপন্থি।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজিজুর রহমান দুলু, সঙ্গে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মো. আজিজুর রহমান দুলু বলেন, ‘একটি ফৌজদারি মামলা তদন্তাধীন। সেই মামলায় সুলতানা পারভীনসহ অন্যরা জামিন নেননি। পরে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, এসব কর্মকর্তাকে গ্রেপ্তারের আগে অনুমতি লাগবে। এমনকি, এস এম রাহাতুল ইসলামকে ইতোমধ্যে বরিশালে পদায়ন করা হয়। এ অবস্থায় আইনের ৩ ও ৪১ (১) ধারা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট কর্মকর্তার পদায়ন ও অন্যদের পদায়ন না করতে ওই রিটটি করা হয়।’

গত ২০২১ সালের বছরের ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর রুলে ফৌজদারি মামলার বিবাদী কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিনকে পদায়ন না করতে যথাযথ নির্দেশ কেন দেওয়া হবে না এবং এস এম রাহাতুল ইসলামকে বরিশালে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। ওই রুলে সরকারি চাকরি আইনের এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।

আর এর এগারো মাসের মাথায় আজ সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান বাতিল করলেন হাইকোর্ট।

এর আগে ২০১৯ সালে এ রুল জারি করেন হাইকোর্ট। রুলে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১(১) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না এবং সংবিধানের ২৬(১) (২), ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। এরপর ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক গেজেটে বলা হয় ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হবে। আইনের ৪১ (১) ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হইবার পূর্বে, তাহাকে গ্রেপ্তার করিতে হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।’

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান