ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ীঘরে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ীঘরে হামলা ভাংচুর সহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় হামলার শিকার পরিবারের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার চন্দ্রখানা খামারটারী গ্রামের মৃত জহির আলীর ছেলে ইসমাইল হোসেনের সাথে একই গ্রামের মৃত কেন্দু মামুদের ছেলে মনছুর আলীর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। মামলার আসামী হওয়ায় গত ২২ আগষ্ট সকালে ইসমাইল হোসেন তার পরিবারের লোকজন নিয়ে আদালতে হাজিরা দিতে যান। এই সুযোগে মনছুর আলী লোকজন নিয়ে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ইসমাইল হোসেনের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইসমাইল হোসেনের পুত্রবধু মনজু বেগম ও মেয়ে লতা বেগমকে মারপিট করে বাড়ীঘর ভাংচুর ও গাছপালা কেটে ফেলে নগদটাকা, স্বর্ণালংকার, বাইসাইকেল, টেলিভিশন, মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। 

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, হামলার খবর পেয়ে আমি দ্রুত বাড়ীতে এসে আহত পুত্রবধূ ও মেয়েকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করি। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।  হামলাকারীরা আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে, তদন্তে সত্যতা পাওয়া গেলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার (২৪ আগস্ট) এ ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানা যায়, প্রতি শিক্ষার্থী সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের সুযোগ পাবে। যেসব শিক্ষার্থী বছরে এক লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন তারা পাবেন এ সুবিধা। শিক্ষার্থীদের ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি আসবে এবং ঋণের চাপ কমবে। এর পাশাপাশি যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা বেশি দুর্বল তারা গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পাবে। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে বলেও জানানো হয়েছে।

দেশটির মানবাধিকার কর্মী ও আইনপ্রণেতারা বাইডেনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এক বিবৃতিতে হোয়াইট হাউজ থেকে জানানো হয়, করোনা মহামারিতে মধ্যবিত্ত পরিবারগুলো  বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যেসব পরিবারের সত্যিকার অর্থেই প্রয়োজন তাদের লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ফেডারেল সরকারের খরচ বাড়বে প্রায় ৩০ হাজার কোটি ডলার।

মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে এবং অন্যদের আবেদন করতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে শিক্ষা খরচ খুবই উচ্চ। আর তাই প্রায়শই এ ব্যয় মেটাতে ঋণ করতে হয় শিক্ষার্থীদের। এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার শিক্ষাঋণের বোঝা।

 

আগামী দু’তিন দিনের মধ্যে সুখবর দিবেন প্রধানমন্ত্রীঃ পরিবেশ মন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন- আগামী দুই-তিনদিনের মধ্যে চা-শ্রমিকদের চলমান আন্দোলনের সুখবর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে চা শ্রমিকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী একটা কিছু বলবেন। মন্ত্রী বুধবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় যোগ দেন। সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ, জুড়ী উপজেলা কার্যলয়ের যাওয়ার পথে, জুড়ী চৌমোহনায় চা শ্রমিক আন্দোলনে বক্তব্য দেন পরিবেশ মন্ত্রী।

এ সময় শাহাব উদ্দিন বলেন, ‘চা শ্রমিক সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা নিয়েছেন। এজন্য আপনাদের ছেলেমেয়েরা ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। পুলিশের কর্মকর্তা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পাইনি। এই গৌরব আপনাদের। আপনাদের অনেক সন্তান চা শ্রমিক নয়, দেশ পরিচালনা করছে। বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার চা বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিয়েছে। এছাড়াও বাগানের শ্রমিকদের তালিকা করে প্রতিবছর ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে, যা অন্য কোন সরকার দেয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চা-শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবে।’

পরিবেশ মন্ত্রী আন্দোনলনরত চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন- ‘আপনাদের মজুরীর দাবি করেছেন। আপনার বলেছেন প্রধানমন্ত্রীর মুখে একটা শুনতে চান। আমি এইমাত্র গাড়িতে বসে প্রধানমন্ত্রীর সচিবের সাথে কথা বলে এসেছি। প্রধানমন্ত্রী আগামী দুই-তিনদিনের মধ্যে একটা কিছু আপনাদের বলবেন। আপনাদের সমস্যার সমাধান হবে।’

চা শ্রমিকদের আন্দোলন থেকে সরে যেতে অনুরোধ করে বলেন,‘আপনারা আর কষ্ট করবেন না। আপনারা আমার মায়ের সমান, ভাইয়ের সমান, বোনের সমান, সন্তানের সমান। আপনারা ভোট আসলে পাগল হয়ে যান নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দয়া করে আর কষ্ট করবেন না। দুই-তিনটা দিন অপেক্ষা করেন। আপনারা প্রধানমন্ত্রীর মুখে আপনাদের সমস্যার সমাধান শুনতে পাবেন। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী আপনাদের বিরুদ্ধে কিছু বলবেন না। আপনারা রাস্তা থেকে ঘরে চলে যান।’

পরিবেশমন্ত্রীর আশ্বাসে চা শ্রমিকরা অবরোধ তুলে নেন। এসময় জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম, এ, মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৪০ বছর ধরে টিকে আছে বগুড়ার শেরপুর উপজেলার বিস্ময়কর খেরুয়া মসজিদ!

জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া প্রতিনিধি: সম্রাট আকবরের সময়ে তৈরি করা প্রাচীন নিদর্শন খেরুয়া মসজিদ। যা আজও টিকে আছে তার নিজ পরিচয়ে। পরিণত হয়েছে অন্যতম পর্যটন কেন্দ্রে।

খেরুয়া মসজিদ। যার অবস্থান বগুড়া শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিনে শেরপুর উপজেলার খন্দকার তলা এলাকায়। ৪৪০ বছরের বেশি সময় ধরে টিকে আছে প্রাচীন এই মসজিদটি।

চুন সুরকি দিয়ে তৈরি এই মসজিদটি দুই ধার ধনুকের মতো বাঁকানো। মসজিদটি দাঁড়িয়ে আছে তার চার কোণে চারটি বিশাল আকার টাওয়ার এবং প্রশস্ত দেয়ালের উপর ভর করে। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং শাহজাদপুরে অবস্থিত প্রাচীন মসজিদের সাথে এর হুবহু মিল পাওয়া যায়। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর সামনের দিকের দেয়ালে কষ্টিপাথরের খোদাই করা শিলালিপি। যাতে নক্তা বিহীন ফারসি ভাষায় মসজিদটি তৈরির ইতিহাস লিপিবদ্ধ রয়েছে বলে জানা যায়।

মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে দুটি ও পূর্ব পাশে তিনটি সহ মোট পাঁচটি দরজা রয়েছে।জানালা বিহীন এই মসজিদের ভেতরে রয়েছে তিনটি মেহরাব। যার ওপরের অংশে অসাধারণ কারুকাজ ফুল এবং লতাপাতার নকশা করা। ভিতরে উত্তর ও দক্ষিণ পাশে দেয়ালে দু’টি করে মোট চারটি প্রদীপ রাখার জায়গা রয়েছে।

মসজিদটির নিচের অংশে ভূমি পরিকল্পনায় মোগল স্থাপত্য রীতি ও উপরের অংশে মোগল পূর্ব স্থাপত্য রীতি পরিলক্ষিত হয়।

মসজিদটির ছাদে রয়েছে ৩.৭১ মিটার ব্যাসার্ধের তিনটি অর্ধ গোলাকৃতি গম্বুজ। মসজিদটির সামনের দিকে দেয়ালের পুরো অংশটাতেই অসাধারণ কারুকার্য এবং বিভিন্ন ধরনের নকশা রয়েছে। এর ভিতরে রয়েছে ফুল লতাপাতা এবং চারকোনা বিভিন্ন ধরনের নকশা। দৈর্ঘ্যে ১৭.৭১ মিটার এবং প্রস্থে ৭.৪২ মিটারের এই মসজিদটির দেয়াল’-এর প্রশস্ততা ১.৮১ মিটার। যা সহজেই দর্শনার্থীদের মন জয় করে।

মসজিদের পূর্ব পাশ ব্যতীত তিনপাশে দেয়ালের উপরের দিকে দেয়াল খোদাই করে ছোট ছোট কুঠুরি বা পাখির থাকার জায়গা করা হয়েছে। পূর্বে সেখানে কবুতর বাস করলেও বর্তমানে শালিক, টিয়া, হুতুমপেঁচা সহ বিভিন্ন প্রজাতির পাখি সেখানে বাসা বেধেছে।

অসাধারণ এই মসজিদটির নামকরণ এখনো অজানা। দেয়ালের শিলালিপির বাংলা অনুবাদ থেকে জানা যায় যে জোওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি ১৫৮২ সালে নির্মাণ করেন। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক মসজিদটি সীমানাপ্রাচীর তৈরি করে দেওয়ায় এর সৌন্দর্য আরও বর্ধিত হয়েছে। বর্তমানে এখানে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসছেন প্রাচীন এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করার জন্য।

১৯৮৮ সাল থেকে দেখাশোনা করে আসা মসজিদের খাদেম আব্দুস সামাদ প্রামানিক বলেন প্রতিদিন শত শত মানুষ এই প্রাচীন নিদর্শন টি দেখার জন্য আসেন দূর-দূরান্ত থেকে। তবে ছুটির দিনগুলোতে এখানে মানুষ সবচেয়ে বেশি হয়। এদিন মুখরিত থাকে পুরো এলাকা।

পর্যটকদের দাবি এমন প্রাচিন মসজিদ বিলুপ্তির পথে প্রায়। তাই এটা সংরক্ষণের ব্যপারে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে।

এশিয়া কাপে মূল পর্বে ভারত ও পাকিস্তানের গ্রুপে খেলবে হংকং

স্পোর্টস ডেস্কঃ গতকাল বুধবার (২৪ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে হংকং প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আগামী ৩১ আগস্ট হংকং নিজেদের প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে ২ সেপ্টেম্বর শারজায়।

বাছাইপর্বে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে থাকা হংকংয়ের সঙ্গে বাছাইপর্বে অংশ নিয়েছিল কুয়েত, সিঙ্গাপুর ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ৩ ম্যাচের সবকটি জিতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়ে মূলপর্বে খেলবে দেশটি। তবে এই ম্যাচটি হারলে কুয়েত নেট রান রেটের ভিত্তিতে যোগ্যতা অর্জন করত।

গ্রুপ পর্বের পর সুপার ফোরের খেলা হবে। উভয় গ্রুপের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দল যোগ্যতা অর্জন করবে। রাউন্ড রবিন ভিত্তিতে তিনটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর হবে।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো টি-টুয়েন্টি এশিয়া কাপে খেলবে হংকং। এর আগে ২০০৪, ২০০৮ ও ২০১৮ সালে তারা ওয়ানডে ফরম্যাটে হওয়া আসরটিতে খেলেছিল।

কাঁঠালগাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় সরস্বতী গোয়ালা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তারাপাশা চা বাগানের বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সরস্বতী ওই এলাকার দীপক গোয়ালার স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সরস্বতী দিবাগত রাতে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানায়।

খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালিক এর সাথে দুপুরের দিকে যোগাযোগ করা হলে প্রতিবেদক’কে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে নিহত সরস্বতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় ২২জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে রাশিয়ার রকেট হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এরমধ্যে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে। রকেটগুলো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক থেকে প্রায় ১৪৫ কিলোমিটার পশ্চিমে চ্যাপলিন শহরের রেল স্টেশনে একটি ট্রেনে আঘাত হানে।উদ্ধারকারীরা কাজ করছে, তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ট্রেন স্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়।

ঠাকুরগাঁওয়ে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেটসহ আটক-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মেসার্স নিউমুন দোকানে অভিযান চালিয়ে তিনটি বক্সে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পরিপুরক) সহ ও সাব্বির (২০) নামে এক মাদক ক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৩।
গত মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) যৌথ অভিযান চালিয়ে পৌরশহরের গোয়ালপাড়া বুড়ির মোড় এলাকায় মের্সাস নিউমুন মেডিসিন কর্ণার থেকে মাদক দ্রব্য উদ্ধারসহ মাদকদ্রব্য ক্রেতা সাব্বিরকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সৈয়দ রফিকুল ইসলাম।তিনি জানান, আটককৃত যুবক সহ জব্দকৃত মাদক ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত সাব্বির গোয়ালপাড়া এলাকার জাপানের ছেলে এবং মের্সাস নিউমুন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারী নাহিদ আলম গোয়ালপাড়া এলাকার শফি আলম মিঞার ছেলে।
জানা যায়, অভিযান পরিচালানা করার সময় মের্সাস নিউমুন মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারি নাহিদ আলম পালিয়ে যায়। আর এসময় তার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করার সময় সাব্বির নামে এক যুবককে আটক করে র‌্যাব।
এছাড়াও ওই দোকানের ভিতর থেকে ৩টি বক্সে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেট (ইয়াবার পুরিপুরক) উদ্ধার করা হয়। এসময় নাহিদ আলমের সহযোগী হাদি নামে এক যুবক একজন র‌্যাব সদস্যের গায়ে হাত তুলেন বলেও জানা যায়।
প্রসঙ্গত, এর আগেও নাহিদ আলমের দোকানে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করেন।

জঙ্গিবাদ নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ রায়হান রাফির

বিনোদন ডেস্কঃ জঙ্গিবাদের থাবায় তরুণদের মগজ ধোলাই হওয়াকে কেন্দ্র করে এবার ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন রায়হান রাফি। ওয়েব ফিল্মের নাম ‘নিঃশ্বাস’; যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাসনিয়া ফারিণ ও ইমতিয়াজ বর্ষণকে।

গত শনিবার (২০ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে অস্ত্র হাতে গ্যাংস্টারের লুকে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এক মিনিটের এই টিজার সম্পন্ন করা হয়েছে একটি মাত্র শটে। টিজারে দেখা যায়, বিধ্বস্ত লম্বা একটি কক্ষের আশপাশ থেকে আসছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের শব্দ। সঙ্গে আলোর ঝলকানি। এর মধ্যেই ফ্রেমে ঢোকে অটোমেটিক রাইফেলের নল, যা হাতে নিয়ে এগিয়ে যান ফারিণ।

সিনেমাটি নিয়ে এক সংবাদ বিজ্ঞতিতে রায়হান রাফি বলেন, ‘নিঃশ্বাস এখন পর্যন্ত আমার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। আমার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল, জনরা সবকিছুই আলাদা।’

উল্লেখ্য, কেন্দ্রীয় চরিত্র ছাড়াও এতে ৫০ জনের ওপরে শিল্পী কাজ করেছেন। শিগগিরই ওয়েব ফিল্মটি চরকিতে দেখা যাবে বলে জানান রায়হান রাফি।

 

প্রধানমন্ত্রী ছাড়া কথা শুনতে নারাজ চা শ্রমিকরা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান করে মৌলভীবাজারের ৯২টি চা বাগানের অনেকটিতে এখনো আন্দোলন করছেন চা শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, মজুরি ৩০০ টাকা না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। মঙ্গলবার বিকাল ৪টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রেলগেট এলাকায় চা শ্রমিকরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের গতিরোধ করে। ১ ঘণ্টা ২০ মিনিট অবরোধের কবলে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের গতিরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন আহমদ।

এদিকে শ্রমিকদের কাজে নামানোর জন্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মো. জাকারিয়া মঙ্গলবার বাগানে বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। খোঁজ নিয়ে জানা যায়, অচলাবস্থা পুরোপুরি কাটছে না। জেলার কিছু বাগানে আংশিক শ্রমিক কাজে যোগ দিলেও বেশির ভাগ বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
এদিকে মজুরি বাড়ানোর দাবিতে চলমান সংকট ও অচলাবস্থা নিরসনে শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তর উদ্যোগ নিয়েছে। আজ বিকাল ৩টায় শ্রম ভবনের সভাকক্ষে চা শ্রমিক নেতারা এক বৈঠকের আয়োজন করেছেন। এ বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্ব করার কথা রয়েছে। মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা যায়, কালকের সভায় কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিদর্শক, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-সিলেট মহাসড়কের মুন্সিবাজারে ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন চা শ্রমিকরা। এদিকে মৌলভীবাজার-কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ বলেন, ‘মালিকপক্ষ আমাদের ১৪৫ টাকা দিতে চায়। আমরা সেটা নেব না। দরকার হলে আমরা না খেয়ে থাকব। যতদিন আমাদের দাবি পূরণ না হয়, ততদিন আমরা চা বাগানের কাজে যোগ দেব না। ’
মৌলভীবাজার লুহাইউনি চা বাগানে আন্দোলনরত নারী চা শ্রমিক সবিতা গড়াইত বলেন, ‘আমাদের দুঃখ কেউ বোঝে না। আমরা ১২ দিন ধরে কর্মবিরতি করেছি। কিন্তু কেউ আমাদের আশ্বাস দেয়নি। আমরা এত কষ্ট করে কাজ করি কিন্তু আমাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। চাল, ডাল, তেলসহ সবকিছুর দাম বেড়েছে। ছেলেমেয়েদের পড়াশোনার খরচ আছে। অসুখ হলে চিকিৎসা করাতে হয়। এর মধ্যে প্রতিদিনই জিনিসের দাম বেড়েছে। কিন্তু আমাদের মজুরি বাড়েনি। ’ লুহাইউনি চা চাবাগানের পঞ্চায়েত  সভাপতি অজিত কৈরি বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের ১৬৬টি চা-বাগানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। ৩০০ টাকা মজুরি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। দেশের বিভিন্ন বাগানে চা শ্রমিকরা একত্র হয়েছেন। বাগানে বাগানে সমাবেশ হবে। এ কর্মসূচিতে আমরা সড়ক অবরোধ করে রেখেছি।
শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গলের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বালিশিরা ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি বিজয় হাজরা, সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা, মনুধলই ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি ধনা বাউরী, লস্করপুর ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রবীন্দ্র গৌড় ও লংলা ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি শহীদুল ইসলামকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা কালকের বৈঠকের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি আরও দু-তিনজন নেতাকে বৈঠকে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। শ্রীমঙ্গলের ভাড়াউড়া, কুলাউড়ার গাজীপুর, কমলগঞ্জের দেওড়াছড়া, মৃত্তিঙ্গা বাগানসহ কিছু বাগানে শ্রমিকরা কাজ করেছেন বলে জানা গেছে। কুলাউড়ার লুয়াইউনি-হলিছড়া বাগানের সামনে সিরাজনগর, মাথিউড়াসহ কয়েকটি বাগানের শ্রমিকরা ৩০০ টাকা মজুরি দাবিতে মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় চা শ্রমিকদের সঙ্গে তাদের স্কুল-কলেজে পড়ুয়া  ছেলেমেয়েরা বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান করে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান খন্দকার বলেন, আগামী দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে মজুরি বৃদ্ধির বিষয়টি সমাধান করা হবে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান সাংবাদিকদের জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া, কালিঘাট, ফুলছড়া চা বাগানে সাধারণ শ্রমিকসহ নেতাদের সঙ্গে বৈঠক করে কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন। মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ থেকে ১২ আগস্ট মৌলভীবাজারের ৯২টিসহ সারা দেশের ১৬৭টি চা বাগানে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা।
গত ১৩ আগস্ট থেকে  অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন চা শ্রমিকরা। ১৬ থেকে ২৪ আগস্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে চা শ্রমিক নেতাদের সঙ্গে পাঁচটি বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। তবে বুধবার ২৪ আগস্ট দুপুর থেকে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা বলেও কোন বাগানে শ্রমিকরা কাজে যোগ দেননি। এদিকে সিলেটে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। মঙ্গলবার পঞ্চাতের বৈঠকেও অনড় ছিলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চা শ্রমিকরা। ১৪ দিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন সারা দেশের চা শ্রমিকরা। আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে সিলেটে তাদের কর্মবিরতি পালন শুরু হয়। গত সোমবার যেসব বাগানের শ্রমিকদের একাংশ কাজে যোগ দিয়েছিলেন, গতকাল তারাও ফের কর্মবিরতিতে যান। বিষয়টি সমাধানে দুপুরে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটি বৈঠকে বসেন। বৈঠকে চা শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার সকাল থেকে লাক্কাতুড়া, মালনিছড়া ও তারাপুর বাগানের শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবি নিয়ে মিছিল করে লাক্কাতুড়া বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় জড়ো হন। তারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বসে মজুরি বৃদ্ধির দাবি জানান। এ সময় সিলেটের অন্যান্য বাগানের শ্রমিকরাও কাজে যোগদান থেকে বিরত থাকেন। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের ২৩টি বাগানের পঞ্চায়েত কমিটির নেতারা লাক্কাতুড়ায় বৈঠকে বসেন। বৈঠকে সব শ্রমিক একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।
আন্দোলনরতদের মধ্যে থেকে রিতেশ মোদি নামের এক চা শ্রমিক বলেন, ‘আমরা ৩০০ টাকা মজুরির দাবিতেই আন্দোলনে নেমেছিলাম। এখন কিছুসংখ্যক শ্রমিক পিছটান দিলেও আমরা বেশির ভাগ শ্রমিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে আর প্রধানমন্ত্রীর কথা ছাড়া আমরা কাজে যোগ দিবো না। তাই আজকের বৈঠকে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ’ মালনিছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সুফল বাড়াইক বলেন, ‘গত ১২-১৪ দিন থেকে আমরা আন্দোলন করছি। আমরা যখন মিছিল-মিটিং করি তখন তো আমাদের কেউ দেখে না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে ৩০০ টাকা মজুরি না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরব না। ’
রাজু গোয়ালা বলেন, ‘সব চা শ্রমিক যেহেতু একটাই সিদ্ধান্ত নিয়েছেন, ৩০০ টাকা মজুরি ছাড়া তারা কাজে যোগ দেবেন না, সেহেতু আমিও তাদের সঙ্গে আছি। তারা কাজে যোগ না দিলে তো আর জোর করে কাজ করানো যাবে না। ’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ টি বাগান ছাড়া সব বাগান বন্ধ ছিল। গতকাল ২৪ আগষ্ট দুপুরে ঢাকা সিলেট সড়ক অবরোধ করে উপজেলার লছনা নামক স্থানে। উপস্থিত হয় উপজেলা কর্মকর্তা আল রাজিব মিঠুন সহ থানা পুলিশ শ্রমিকদের অনুরোধ করেন রাস্তা ছেড়ে দিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে ৫ টা ও আন্দোলন কারী শ্রমিককেরা রাস্তায় অবরোধ করে রাখেন। ২০ থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি উন্নীতকরণের দাবিতে সিলেটসহ সারা দেশের চা শ্রমিকরা গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। সংকট নিরসনে শ্রম অধিদপ্তরের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও সমাধান আসেনি।
২০ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তর অফিসে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী ও চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেণ পাল বৈঠকে বসেন। ত্রিপক্ষীয় ওই বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়। বৈঠকে নেতারা এ সিদ্ধান্ত মেনে এলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী আন্দোলন চলছে। এক মাত্র প্রধানমন্ত্রী ছাড়া কারো কথা আমাদের শুনার দরকার নেই।