পাঁচ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইউরোপ!

আন্তর্জাতিক ডেস্কঃ গত পাঁচ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ। এই মহাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ দেশসমূহে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ জাহাজ চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বেশকিছু ফসল উৎপাদনও কমে গেছে বলে ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরি তাদের এক গবেষণা রিপোর্ট থেকে এইসব তথ্য জানা গেছে।

চলতি বছরের আগস্ট মাসে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, ইউরোপ মহাদেশের ৪৭ শতাংশ সতর্ক অবস্থার মধ্যে রয়েছে। এসব অঞ্চলের মাটির আর্দ্রতা দারুনভাবে কমে গেছে এবং শতকরা ১৭ ভাগ অঞ্চলে রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে। এসব অঞ্চলে শাকসবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরির রিপোর্টে আরো বলা হয়েছে, চলতি বছর শুরুর পর থেকে ইউরোপের অনেক অঞ্চলে মারাত্মক রকমের খরা প্রভাব ফেলেছে এবং আগস্ট মাসের প্রথম দিকে এসে তা আরো মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইউরোপ অংশে স্বাভাবিক অবস্থায় চেয়ে অনেক বেশি গরম এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।

উল্লেখ্য, গেলো কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে ‘সিদ্ধ হওয়ার মতো’ গরম পড়ছে যা খরা অবস্থাকে আরো খারাপ অবস্থার দিকে নিয়ে গেছে এবং এতে দাবানল সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সতর্কতা জারি করতে হয়েছে এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আরো কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত!

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় বড় ভাইয়ের কিল ও ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত ছোট ভাইয়ের নাম ঠান্ডা মিয়া। বুধবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে সোনারায় মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঠান্ডা মিয়া গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে কোরবান আলীর ছেলে।

গাবতলী মডেল থানার ওসি জানান, ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগম তাদের ছেলে শাহ আলমের স্ত্রী কে নিয়ে সব সময় ঝগড়া করতো। মঙ্গলবার রাতে তারা আবারও ঝগড়া শুরু করে। এসময় ছোট ভাই ঠান্ডা মিয়া তার বড় ভাইকে ঝগড়া করতে বারণ করেন। এতে বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঠান্ডা মিয়াকে কিল ঘুষি মারেন। এতে ঠান্ডা মিয়া অসুস্থ হয়ে পড়লে কিছুক্ষণ পর সেখানেই মারা যান।

তিনি আরও জানান, ঠান্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

বৃহস্পতি গ্রহকে নতুন করে চেনাল জেমস ওয়েব টেলিস্কোপ !

সিএনবিডি ডেস্কঃ বৃহস্পতি গ্রহকে নতুন করে চিনিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি টেলিস্কোপ-এর পাঠানো ছবিতে বৃহস্পতির নতুন রূপ। ছবিতে বৃহস্পতিতে হালকা নীল রংয়ের আভা। সৌরমণ্ডলের সব থেকে বড় গ্রহের মেরুপ্রভাও ধরা পড়ছে জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানো ছবিতে। এত ভাল, বিস্তারিত ছবি মিলবে আগে আশা করেননি, বলছেন বিজ্ঞানীরা। এই ছবির সাহায্যে বৃহস্পতির রিং, ক্ষুদ্র উপগ্রহের বিস্তারিত তথ্য মিলেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছে।

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা এই ছবিতে বৃহস্পতিতে হালকা নীল রংয়ের আভা। সৌরমণ্ডলের সর্ব বৃহৎগ্রহের মেরুপ্রদেশ জুড়ে অপূর্ব এক মায়াবী আভাও ধরা পড়েছে এই ছবিতে। সেইসঙ্গে বৃহস্পতির পরিমণ্ডলের ঝড়, তীচব্র তাপমাত্রার প্রমাণও মিলেছে।

https://twitter.com/NASA/status/1561783622654468098

প্রসঙ্গত, জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবীর থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। ইনফ্রারেড রশ্মি যা মানুষের চোখে পড়ে না , তা দিয়েই ছবি তোলে এই টেলিস্কোপ। ৬.২ টন ওজনের এই টেলিস্কোপে ১৮ টি ষড়ভূজ আয়না রয়েছে। মহাজাগতিক আলোর খেলা সেই আয়নাতেই ধরা পড়ে, আর সেখান থেকেই তথ্য সংগ্রহ হয়। সেই তথ্য একসঙ্গে করেই তৈরি হয় বহ্মাণ্ডের অজানা ছবি।

গত জুলাই মাসে এই টেলিস্কোপের তোলা বিশ্বের প্রাচীনতম ছবি প্রকাশ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৩০০ কোটি বছর আগের ছবির পর এবার বৃহস্পতির নতুন ছবি। বারবার মহাকাশকে জানার অজানা দরজা খুলে দিচ্ছে এই জেমস ওয়েব টেলিস্কোপ।

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৪৫ জন গ্রেফতার

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬২১ পিস ইয়াবা, দুই গ্রাম হেরোইন, ১১ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৫৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।

সুত্রঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কুমিল্লায় মাজারের খাদেমের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার গ্রামের পীর বাড়ি থেকে মাজার খাদেম রেজাউল করিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ আগষ্ট) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফ শিকদার মাজারের খাদেম রেজাউল করিম(৬০) গত ২১ আগস্ট রোববার সকাল ৬টার দিকে মাজারের লাইট বন্ধ করার জন্য ঘর থেকে বের হন। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির লতিফা বেগম নামে এক মহিলা ঘোয়ালঘরের পাশ দিয়ে যাওয়ার সময় গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা ঘোয়াল ঘরের তালা খুলে খড়ের গাদার নিচে রেজাউল করিমের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রেজাউল করিমের বোন রোকেয়া বেগম বলেন, আমার ভাই অনেক ভালো মানুষ ছিল। তিনি মাজারের খাদেম ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুলিশ মূল রহস্য বের করবে এটা আমি বিশ্বাস করি।

রেজাউল করিমের স্ত্রী রাশেদা বেগম বলেন, তিনি একজন মানসিক রোগী। সব সময় আমাকে মারধর করতো। শুক্রবার রাত বারটার দিকে রান্না করা মশুরির ডালের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে ও আমার মেয়েকে খাওয়ায়। পরে আমি দেখি আমার গলায় রশি পেছিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে চেপে ধরে। আমি চিৎকার দিলে আশ-পাশের লোকেরা এসে আমাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়।

এদিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এছাড়াও আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিএনবিডি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি দিতে যাচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন। চলতি বছরের ডিসেম্বরে পর্তুগালে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেসে এই উপাধি দেয়া হবে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি প্রফেসর আখতার হোসেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে তাঁকে এই উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেয়ায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় নিজেদের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির সভাপতি। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন হলো ১৭০টি দেশ ও অঞ্চলে ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত একটি সংগঠন। ডায়াবেটিসে আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করছে এই বিশ্ব সংগঠনটি। বিগত ১৯৫০ সাল থেকে বিশ্বব্যাপী ডায়াবেটিস সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোঃ মোস্তাফিজুর রহমান

ইউরোপ জ্বালানি আমদানিতে রাশিয়ার বিকল্প খুঁজছে

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি সংকট। ফলে জ্বালানি আমদানিতে এখন রাশিয়ার বিকল্প খুঁজছে ইউরোপের বিভিন্ন দেশ। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) টরন্টোতে জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ এ তথ্য দেন।

ওলাফ শলজ বলেন, জ্বালানি নিরাপত্তা জোরদার, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুদেশের নীতিই অভিন্ন। তিনি আরও বলেন, আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে গত কয়েক মাসের মধ্যে কানাডার সঙ্গে জার্মানির বন্ধুত্বের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। সেটা নিয়ে আমরা গর্বিত। আমাদের দুই জাতির উদ্দেশ্য এক ও অভিন্ন। বিশেষ করে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের সেনারা যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়।

বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতসহ নানা সংকটের সমাধান খুঁজতে কানাডা সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। একই সঙ্গে ইউক্রেন সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নিলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন চ্যান্সেলর শলজ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইউক্রেনে রাশিয়া যা করছে তা অগ্রহণযোগ্য। সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে। তাই আমি মনে করি, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সঠিক সিদ্ধান্ত। তাদের অর্থনীতিকে আটকে না দিতে পারলে প্রেসিডেন্ট পুতিন আরও আগ্রাসী হয়ে উঠবেন। তাই বাল্টিক অঞ্চলে আমাদের সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৈঠকে চ্যান্সেলর শলজ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসন্ন শীত মৌসুমের আগেই জার্মানিতে কানাডা কিংবা অন্য কোনো দেশ থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি নিয়ে একান্ত আলাপ করেন।

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ সনগাঁও গ্রাম থেকে জুয়া খেলার সময় জুয়াড় আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে থানা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। বালিয়াডাঙ্গী থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃত আশরাফ আলী (৪৭), সবুজ আলী(২২), আনোয়ার হোসেন (৩২) এবং হোসেন আলী (৩৫) এরা ৪ জনেই উপজেলার দুওসও ইউনিয়নের দক্ষিন সনগাও গ্রামের বাসিন্দা।

জানা গেছে, এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ আব্দুস সোবহান বাদী হয়ে আটককৃত ওই ৪ জুয়াড়ির নামে ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ওই ৪ জনকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়ায় আন্তঃনগর পারাবত ট্রেন আটকে বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। পরে জনপ্রতিনিধিসহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের অনুরোধে শ্রমিকেরা রেলপথ ছাড়লে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক ঘটনাস্থলে ছুটে যান।

তাঁরা জনদুর্ভোগের কথা তুলে ধরে আন্দোলনকারী শ্রমিকদের রেলপথ থেকে সরে আসার অনুরোধ জানান। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রেলপথ ছেড়ে দিলে ট্রেনটি সিলেটের পথে রওনা দেয়। এরপর শ্রমিকেরা মিছিল নিয়ে আবারও নিজেদের বাগানে ফিরে যান।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বেলা তিনটার দিকে উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা মিছিল নিয়ে কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের চৌমোহনায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিকেল চারটার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সেখানকার আউটার রেলক্রসিং এলাকায় পৌঁছালে আন্দোলনকারী শ্রমিকেরা রেলপথ অবরোধ করে ট্রেনটি আটকে দেন।

এ সময় ৩০০ টাকা মজুরির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। উপজেলা সহকারী কমিশনার বলেন, শ্রমিকদের বোঝানোর পর তাঁরা রেলপথ ছেড়ে চলে যান। কুলাউড়া জংশনের স্টেশনমাস্টার মুহিব উদ্দিন বলেন, চা-শ্রমিকদের অবরোধের কারণে ১ ঘণ্টা ২০ মিনিট ট্রেনটি আটকা ছিল।

২১ আগস্ট রাতে মৌলভীবাজার জেলা প্রশাসন, শ্রম দপ্তরের প্রতিনিধি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বৈঠকে ১২০ টাকা মজুরিতেই কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রস্তাব মেনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইউনিয়নের নেতারা। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিভিন্ন বাগানের শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

৩০০ টাকা মজুরির দাবিতে ১৩ আগস্ট থেকে দেশের সব চা-বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন। ২০ আগস্ট সরকারের সঙ্গে সংগঠনের নেতাদের বৈঠকে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। এ অবস্থায় চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা সাধারণ চা শ্রমিকদের রোষানলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু বৈঠকের পরপরই ১৪৫ টাকা মজুরি প্রত্যাখ্যান করে বিভিন্ন বাগানের সাধারণ শ্রমিকেরা ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।