রাণীশংকৈলে নেশাদ্রব্য খাইয়ে বাড়িতে বাড়িতে চুরি এলাকাজুড়ে আতঙ্ক

হুমায়ুন  কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি নেশাদ্রব্য খাইয়ে লোকজনকে অজ্ঞান করে বাড়িতে বাড়িতে চুরির ঘটনা ঘটে চলেছে। এনিয়ে এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ আগস্ট উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি-সাবুডাঙা গ্রামের মৃত পশিরউদ্দিের ছেলে তসলিমউদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।  ওই রাতে তসলিমউদ্দিন ও তার পরিবার খেয়েদেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা তার বাড়ির গেটের এবং ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, ৫ ভরি সোনা ও ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে যায়। ঘটনাকালে বাড়ির কেউ টের পাননি।

এর কারণ হিসেবে তসলিম জানান, সম্ভবত আমার বাসার টিউবওয়েলের পানিতে আগেই কোনো নেশাদ্রব্য মিশিয়ে দেওয়ায় আমরা অচেতন হয়েছিলাম।

এদিকে, একই রাতে ওই গ্রামের উসমান আলীর ছেলে বদরুদ্দোজা মাসুদের বাড়িতেও একই ধরণের চুরি হয়। ওই রাতে মাসুদের বাড়ির লোকজনকেও নেশাদ্রব্যের সাহায্যে অচেতন করে ঘরের তালা ভেঙে চোরেরা ৪ ভরি সোনা ও মোটা অঙ্কের টাকা নিয়ে যায়। পরদিন ১৯ আগস্ট এনিয়ে তসলিমউদ্দিন রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

প্রসঙ্গত এর কয়েকদিন আগে লেহেম্বা ইউনিয়নের বিরাশি গ্রামের রওশন বাড়িতেও একই কায়দায় চুরি হয়। ধারণা করা হচ্ছে, কোথাও বাড়ির জানালা দিয়ে নেশাদ্রব্য স্প্রে করে, কোথাও টিউবওয়েলে কিংবা পানির ট্যাংকিতে নেশাদ্রব্য মিশিয়ে এসব চুরি করা হচ্ছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, তসলিমউদ্দিনের একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এর প্রেক্ষিতে আমরা প্রথমে চুরি যাওয়া মোবাইল সেটটি উদ্ধার করার চেষ্টা করছি। মোবাইলটি নেকমরদ এলাকায় থেকে রিং হচ্ছে কিন্তু রিসিভড্ হচ্ছে না। এ ব্যাপারে এস আই মুরাদকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

এস আই মুরাদ বলেন, আমি গত তিনদিন জেলায় প্রশিক্ষণে ছিলাম, প্রশিক্ষণের পরে এ ঘটনার তদন্ত করা হবে।

নতুন অফিসসূচির সাথে রাজধানীতে যানজটও এক ঘণ্টা এগিয়েছে

ডিবিএন ডেস্কঃ অফিস-আদালতের সঙ্গে রাজধানীতে যানজটও এক ঘণ্টা এগিয়ে এসেছে। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংকের নতুন সময়সূচির প্রথম দিন রাজধানীর বেশিরভাগ সড়কে যানজটও শুরু হয়েছে আগেভাগে।

আজ বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা হয়ে মহাখালীগামী সড়কের পুরোটাই যানবাহনের দখলে ছিল। দীর্ঘসময় পেরিয়ে গেলেও নাম নেই সিগনাল ছাড়ার। প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না সেই সময় সড়কে গাড়িতে বসে থাকা যাত্রীদের। সরকারি-আধা সরকারি ও শায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা পরিবর্তনের প্রথম দিনই সড়কে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নতুন নিয়মে সকাল ৮টায় অফিস শুরুর কথা থাকলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে অফিস যেতে পারেননি অনেকেই। ৮টার পরও অনেক সরকারি অফিসের বাস আটকে থাকতে দেখা যায় সড়কে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সরকারি অফিসে যে অফিস সময় শুরু হয়েছে, সেটি আপাতত সময়ের জন্য। স্বতঃস্ফূর্তভাবে সরকারি কর্মচারীরা এক ঘণ্টা আগে সঠিক সময়ে অফিসে এসেছেন।

এদিকে, অফিস ও স্কুল শুরুর সময়সূচি মিলে যাওয়ায় যানজটের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনের চেয়ে কিছুটা আগে বেরিয়েও সন্তানকে নিয়ে ঠিক সময়ে স্কুলে পোঁছাতে পারেননি। যানজট সামলাতে পুলিশের ট্রাফিক বিভাগকে হিমশিম খেতে হয়েছে প্রথম দিনই। তবে ট্রাফিক বিভাগের দাবি, প্রথম দিনের চিন্তা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা।

উল্লেখ্য, এর আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলত সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবৈধভাবে ধান মজুদ করায় বগুড়ায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ৭ লাখ টাকা জরিমানা

জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অবৈধভাবে ধান মজুদের অপরাধে প্রভাবশালী ব্যবসা প্রতিষ্ঠান মজুমদার এগ্রো লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ২৩ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। যা সরাসরি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।

অভিযানে সহযোগিতা করেন বগুড়া বাজার পরিদর্শক, শেরপুর উপজেলা খাদ্য পরিদর্শক, জেলা পুলিশ, শেরপুর থানা পুলিশ ও এপিবিএন বগুড়ার সদস্যরা।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, ১৯৫৬ সালের আইন অনুযায়ী নির্ধারিত পরিমানের অতিরিক্ত ধান নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে মজুদ করার অপরাধে মজুমদার এগ্রো লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অবশেষে তাসকিন-বিজয় দুবাই উড়াল দেবেন আজ

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে অংশ নিতে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় দুবাই উড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ৫ ঘণ্টার ফ্লাইটে দুবাই পৌঁছেছেন।

এদিকে এশিয়া কাপে পুরো দল উড়াল দিলেও ভিসা জটিলতার কারণে তাসকিন আহমেদ ও আনামুল হক বিজয় যেতে পারেননি। তবে সেই সমস্যা সমাধান হয়েছে এই দুই ক্রিকেটারেরও। সব ঠিক থাকলে আজ দলের সঙ্গে যোগ দিতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন তাসকিন-বিজয়।

এবারের এশিয়া কাপের যুদ্ধ আগামী ২৭ আগস্ট শুরু হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।

উল্লেখ্য, প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্ট হেডকোচ ছাড়াই খেলতে গেল বাংলাদেশ। দলে হেডকোচ না থাকলেও টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে গেমপ্ল্যান দেবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এছাড়াও দলের সঙ্গে ব্যাটিং, ফিল্ডিং, স্পিন বোলিং এবং ফাস্ট বোলিং কোচ থাকবে।

রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী  উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রম ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার ২৩ আগস্ট বিকালে পৌরশহরের দি সান রাইজ কিন্ডার গার্টেন স্কুল হল রুমে প্রশিক্ষণ কর্মকর্তা আলাউদ্দিনের সভাপিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠাকুরগাঁওয়ের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সেলিনা জাহান লিটা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাণীশংকৈল পৌর মেয়র ও উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও সাংবাদিক হুমায়ুন কবির, বিভিন্ন ট্রেনারবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা ৬ টি ট্রেডে ৩৫০ জন  প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪০ দিনের  ৬০০০ এবং ৮০ দিনের প্রশিক্ষণার্থীদের ১২০০০ টাকা করে ভাতা প্রদান করেন।

ফের করোনায় আক্রান্ত অমিতাভ

বিনোদন ডেস্কঃ দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) ৭৯ বছর বয়সী এই সুপারস্টার টুইটারে এক পোস্টে নিজেই এ খবর জানিয়েছেন।

গত কয়েক দিনের মধ্যে যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করার অনুরোধ করে তিনি বলেন, ‘একটু আগে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এরই মধ্যে অমিতাভপুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনী আরাধ্য বচ্চনও কোভিড পরীক্ষা করিয়েছেন।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বেশ কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসার নিয়ে পুরো সুস্থ হয়ে ফেরেন বাড়িতে। ওই সময় তার ছেলে অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। করোনা আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করেন অমিতাভ। এ ছাড়া ২০টি ভেন্টিলেটর কেনার বন্দোবস্ত করেছিলেন তিনি। সেগুলোর মধ্যে ১০টি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।

 

কনকপুর ইউপিতে দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ সূচনা কর্তৃক আয়োজিত মৌলভীবাজারের ৮নং কনকপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট মঙ্গলবার ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের হল রুমে, সকাল ১১ ঘটিকায়। ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন এর সভাপতিত্বে ও সূচনা প্রতিনিধি খুর্শেদ সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুলহাস আহমদ লিটন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির, শাযুস সভাপতি সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলী, সিতরালী পুরকায়স্থ, মুন্নী দাস, ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ, ও কমিটির নেত্রীসহ সকল প্রতিনিধি বৃন্দ।

বক্তারা তাদের বক্তব্য বিভিন্ন দূর্যোগের নিয়ে আলোচনা করেন এবং এই সব দূর্যোগ থেকে রক্ষা পেতে পূর্ব পরিকল্পনা, দূর্যোগ চলা খালিন সময়ের কি ব্যবস্থা নিতে হবে এবং দূর্যোগ পরবর্তী সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার নানান বিষয়ে সুস্পষ্ট ধারনা তুলে ধরেন।

পেরুতে গভীর খাদে মিনিবাস পড়ে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পেরুতে পর্যটক বহনকারী মিনিবাস গভীর খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিদেশি পর্যটকসহ কমপক্ষে ৪ জন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন।

দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন কেন্দ্র মাচুপিচুতে যাবার সময়ে দুর্ঘটনা কবলিত হয় গাড়িটি। কুস্কো কুইলাবামবা এলাকার আবরা মালাগা সেকটরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ৩২৮ ফুট নিচের খাদে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। নিহতদের মধ্যে তিন জন কলম্বিয়ার এবং একজন পেরুর পর্যটক। আবরা মালাগা এলাকাটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুটের বেশি।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত পর্যটকরা কানাডা, ইসরায়েল, ফ্রান্স, আর্জেন্টিনা, গ্রিস, স্পেন, নেদারল্যান্ডস এবং পেরুর নাগরিক। এই দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সাংবাদিক দুগনিয়া হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হামলাকারীর ভিডিও ফুটেজ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্কঃ গত শনিবার রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বোমা হামলায় নামকরা সাংবাদিক দারিয়া দুগনিয়া হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হামলাকারীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া গোয়েন্দা সংস্থা এফএসবি।

গোয়েন্দা সংস্থা এফএসবি ভিডিওতে দেখা যায়- সন্দেহভাজন ভোভক ও তার কিশোরী মেয়ে রাশিয়ায় দুগিনার বাসভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং দ্রুত দেশটির ছেড়ে চলে যাচ্ছেন।

ভিডিও লিংকঃ <<<এখানে>>> 

উল্লেখ্য, গেলো সোমবার এফএসবি ৪৩ বছর বয়সী ভোভককে প্রধান সন্দেহভাজন হিসেবে নাম ঘোষণা করে। ২৩ জুলাই ইউক্রেনের এ নাগরিক রাশিয়ায় প্রবেশ করেন। গোয়েন্দা পরীক্ষা-নিরীক্ষা এড়ানোর লক্ষ্যে এ সময় তিনি দোনেস্ক প্রজাতন্ত্রের গাড়ির লাইসেন্স ব্যবহার করেন। মস্কোয় অবস্থানকালে তিনি তার মিনি কুপার গাড়িতে কাজাখস্তানের প্লেট ব্যবহার করেন। কাজাখস্তান হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ। বোমা হামলার পরে রোববার তিনি ইউক্রেনের প্লেট লাগিয়ে এস্তোনিয়া চলে যান। দারিয়া দুগনিয়া হত্যা মামলার প্রধান এই সন্দেহভাজনের গাড়িতে যে সমস্ত প্লেট ব্যবহার করা হয়েছে তার সবগুলো এই ভিডিও ফুটেজে তুলে ধরা হয়েছে।

ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জ্বালানি তেল, সার, পরিবহন ভাড়া বৃদ্ধি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে গুলি করে হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে তিনটায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মহিলা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাষ্টার, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হিমেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সভাপতি রায়হান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, কুড়িগ্রাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, দপ্তর সম্পাদক সাংবাদিক  আশরাফুল আলম রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়ার দাবী জানান, না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুশিয়ারী দেন তারা।