মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের চালের বাজারে অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় গত সোমবার (২২ আগস্ট) মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় চাউলের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে পাকা ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মনির উদ্দিন চাউলের আড়ৎকে ৩ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত মেসার্স ঈসা ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ঊল্লেখ্য, জরিমানাকৃত তিনটি প্রতিষ্ঠানই চাউলের পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আজকের অভিযানে চাউলের পাইকারি ব্যবসায়ীদের পাকা ক্রয় ভাউচার এবং বিক্রয় ভাউচার সংরক্ষণ করা নির্দেশনা দেওয়া হয়। আজকের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ২৩ তারিখে সকাল ১১ টায় পশ্চিমবাজারের চাউলের পাইকারি ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠানের সকল কাগজপত্র নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে  উপস্থিত থাকতে বলা হয় এবং তিনি আরো বলেন ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান পরিচালনা চলমান থাকবে।

ভারতে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করার দায়ে বিজেপি বিধায়ক টি. রাজা সিং গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করার দায়ে তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিধায়ক টি. রাজা সিংকে পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২৯৫(এ), ১৫৩(এ) এবং অন্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি. রাজা সিংয়ের দেওয়া বিতর্কিত বক্তব্য প্রকাশ্যে আসার পরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সে রাজ্যের মুসলিমরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে তার মন্তব্যের প্রতিবাদে হায়দরাবাদে বিক্ষোভ চলছে। স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে জারি করা বিবৃতিতে মহানবী (সা.) সম্পর্কে  বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

হায়দারাবাদ দক্ষিণ অঞ্চলের ডিসিপি পি সাই চৈতন্য বলেন, বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে মহানবী মুহাম্মাদ (সা.)-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

বিজেপির ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল রাতে দক্ষিণ জোন ডিসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে  আঘাতের অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হায়দরাবাদে সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক জনতা। দবিরপুরা, ভবানী নগর,  রেইনবাজার, মীর চক থানার বাইরেও বহু মানুষ প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে তাকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুব্ধ মানুষজন বলেন, তিনি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। অবশেষে আজ সকালে তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়।

টি. রাজা সিং সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছেন। এতে তিনি মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার রাতে পুলিশ কমিশনার সিভি আনন্দের কার্যালয়ের সামনে এবং শহরের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তাকে গ্রেফতারের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। ওই ভিডিওতে টি রাজা সিং কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি এবং তার মাকে নিয়েও মন্তব্য করেছেন।

এর আগেও একবার টি. রাজা সিং-কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকেও হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় তাকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছিল। তিনি মুনাওয়ার ফারুকির শো বাতিল করার কথা বলেছিলেন। এর আগেও একাধিকবার মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছেন উগ্র হিন্দুত্ববাদী বিধায়ক টি রাজা সিং। তার বিতর্কিত মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে।

এদিকে, বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্য়েই বিজেপি বিধায়ক টি রাজা সিংকে বরখাস্ত করেছে বিজেপি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। এর আগেও বিজেপি মুখপাত্র নূপুর শর্মাও একই ধরনের মন্তব্য করায়, তাঁকেও বরখাস্ত করেছিল দল।

রায়পু‌রে স্ত্রী হত্যা মামলার আসামী ২৪ ঘন্টায় গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পু‌রে স্ত্রী আসমা বেগম (৩০) হত্যা মামলার আসামী খোকন গাজী  (৪০) কে গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। সোমবার (২২ আগস্ট) রাত আনুমা‌নিক ২:৩০ টায় সহকারী পু‌লিশ সুপার শেখ সাদী এবং রায়পুর থানা অ‌ফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার একান্ত প্র‌চেষ্টায় হাজিমারা পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন সঙ্গীয় অফিসার এস, আই মোরশেদ আলম, এ, এস, আই ইমাম হোসেন কং মোঃ মহসিন সহ চট্রগ্রাম রেলস্টেশন থে‌কে স্ত্রী হত্যা মামলার আসামী খোকন গাজী (৪০) কে গ্রেপ্তার ক‌রে।

উক্ত মামলার আসামী‌ খোকন গাজী বিজ্ঞ আদাল‌তে ফৌজদা‌রি কার্য‌বি‌ধি ১৬৪ ধারায় স্বীকার‌ক্তিমূলক জবানবন্দী প্রদান করে। রায়পুর থানা মামলা নং ১৫ তা ২১/৮/২২ ইং ধারা ৩০২ পেনালকোড।

উ‌ল্লেখ্য শ‌নিবার (২০ আগস্ট) ২০২২ আনুমা‌নিক সময় সকাল ৯ টায় ৮নং দক্ষিণ চরবংশী ইউপির ৪নং ওয়ার্ডস্থ চরকাছিয়া হাজীমারা আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষের ভিতর থে‌কে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন হাজীমারা পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। সংবাদ পে‌য়ে ঘটনাস্থল থে‌কে আসমা বেগ‌মের অর্ধগ‌লিত লাশ উদ্ধার ক‌রে হাজীমারা ফাঁ‌ড়ি পু‌লিশ।

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার একটি পুকুর থেকে পুলিশ  এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে। মৃত ব্যক্তির নাম হোসেন আলী (৮০)। তিনি নাগেশ্বরী উপজেলার  আস্করনগর শিংরিয়ারপাড় গ্রামের মৃত সৈয়দ আলী মিস্ত্রীর ছেলে।

সোমাবার ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, গত রবিরার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয়ে আর বাড়িতে ফিরেননি তিনি। সোমবার সকালে রফিকুল ও খোকন মিয়ার বাড়ি সংলগ্ন পুকুরে হোসেন আলীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে স্বজনদের নিকট হস্তান্তর করে।

স্থানীয়দের ধারনা, অতিশয় বৃদ্ধ ও রোগাক্রান্ত হওয়ায় রাতের অন্ধকারে যেকোন ভাবে পুকুরের পানিতে  পড়ে তার মৃত্যু হয়েছে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করার পর মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুরে কবরে মিললো জীবিত মানুষ!

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে কবরে গিয়ে ইউটিউব ভিডিও তৈরির অভিযোগে সহোদর ভাইকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, ওই গ্রামেরই মোকছেদ আলীর ছেলে মিলন (২৬) ও মিজানুর রহমান রনি (২৪)।

পুলিশের দাবি, আটক হওয়া দুই ভাই জীবন্ত অবস্থায় কবরের অভিজ্ঞতা অর্জন করে ভিডিওর মাধ্যমে ইউটিউব চ্যানেলে পোষ্ট করার জন্য এই কাজ করেছেন। এসময় নিজ বাড়ির উঠানে খোড়া কবরে ১০ ঘণ্টা কাটিয়েছেন রনি। তিনি চাপাইনবাবগঞ্জ পলিটেকনিকের ছাত্র।

স্থানীয়রা জানান, আটক দুই ভাই নিজেদের বাড়ির উঠানেই খবর খনন করেন। এরপর রোববার (২১ আগস্ট) রাত ১১টার দিকে ক্যামেরা ও পানির বোতলসহ রনি কবরে প্রবেশ করেন। তার বড় ভাই মিলন মাটি চাপা দিয়ে কবরের উপরের অংশ ঢেকে বাহিরের দৃশ্য ভিডিও করেন। অক্সিজেন ও আলো-বাতাস সরবারহ স্বাভাবিক রাখার জন্য তারা কবের মধ্যে বৈদ্যুতিক বাল্ব এবং উপরে ফ্যান স্থাপন করেন।

সোমবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের পাশাপাশি সমালোচনাও শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে রনি ও তার বড়ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, রনি অনেক আগে থেকেই তার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন। তিনি এরআগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেটে ভ্রমন করেছেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোষ্ট করার জন্য তিনি এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

তাদের দুই ভাইকেই জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা!

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) সকালে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নিহত সাংবাদিকের নাম ফ্রডিক রোমার। সামাজিকমাধ্যমে তিনি বেশ সক্রিয় ছিলেন এবং স্থানীয় একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন তিনি।

স্থানীয় প্রসিকিউটরের দফতর জানায়, মেক্সিকোর গুয়েরারো রাজ্যের রাজধানী শিল্পানসিঙ্গ নগরীতে ফ্রেডিড রোমানের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

২০১৪ সালে মেক্সিকোর ইতিহাসে মানবাধিকার বিপর্যয়গুলোর মধ্যে মেক্সিকোর গুয়েরারো থেকে ৪৩ শিক্ষার্থীর নিখোঁজ ছিল বড় একটি ঘটনা। এটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনেক লেখালেখিও হয়েছিল। হঠাৎ করে বিষয়টি আবার আলোচনায় উঠে আসে। গত সপ্তাহে দেশটির ট্রুথ কমিশন এ নৃশংসতাকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে অভিহিত করে। এ অপরাধের সঙ্গে বিভিন্ন সংস্থার এজেন্টরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।

ট্রুথ কমিশন ঘটনাটিকে নতুন করে গুরুত্ব দেয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যম এ নিয়ে আবার লেখালেখি শুরু করে। নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে সাংবাদিক ফ্রেডিড রোমানও ‘স্টেট ক্রাইম উইদাউট চার্জিং দি বস’ শিরোনামে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন। পোস্টে তিনি শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার সময় সাবেক অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো করামসহ চার কর্মকর্তাদের মধ্যে কথিত বৈঠকের কথা উল্লেখ করেন।

ধারনা করা হচ্ছে, নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে ওই ফেসবুক পোস্ট রোমানের হত্যার কারণ হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর মেক্সিকোতে এখন পর্যন্ত ১৪ জন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে গুলিবিদ্ধ অবস্থায় সাংবাদিকদের মৃত্যুর হার ক্রমাগত যেন বেড়েই চলেছে।

 

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সম্প্রতি জ্বালানি তেল, সার,গাড়িভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার ২২ আগস্ট বিকেলে উপজেলা বিএনপি এক বিক্ষোভ সমাবেশ করেছে।

শহরের পলাশ চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। আরো বক্তব্য দেন-জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির নেতা শাহাদত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হজরত আলী প্রমুখ। সঞ্চালনা করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকাকে ফ্যাসিস্ট স্বেচ্ছাচারি বলে উল্লেখ করে পেট্রোল, ডিজেল, সার,যানবাহন ভাড়া ও নিত্যনপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে তীব্র প্রতিবাদ জানান। এইসাথে তারা জাতীয় নির্বাচনে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। আগামিতে তারা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের দাবি জনান।

নওগাঁর আত্রাইয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ভাতার অর্থ পরিশোধ “সম্ভাবনা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক পরিশোধ সকল ভাতার অর্থ পরিশোধ“ সম্ভাবনা” সমস্যা প্রতিকার বিষয়কক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা নওজেশ আরা, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মন্জুরুল আলম মঞ্জু, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেনসহ সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ব্যাংক কর্মকর্তা বৃন্দ।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে কাজে ফিরেছে শ্রমিকরা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসকের সাথে সমঝোতা বৈঠকের পর শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া, জেরিনসহ বিভিন্ন বাগানের শ্রমিকরা কাজে ফিরছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) শ্রমিকরা বলছেন, আমাদের মাঝে ডিসি, এসপিসহ সবাই এসেছেন। আমরা খুশী হয়ে আজ কাজে ফিরছি।

ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নুর মোহাম্মদের সাথে কথা হলে তিনি  জানান, প্রশাসনের আশ্বাসে আমরা শ্রমিকদের কাজে যোগ দিতে বাগানে পাঠিয়েছি। এখন থেকে প্রতিদিন শ্রমিকরা কাজ করবে। ভাড়াউড়া চা বাগানের শ্রমিক পঞ্চায়েতের জয় নারায়ন হাজরা জানান, দীর্ঘ কর্মবিরতির কারণে শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে। নানাবিধ সমস্যার মধ্যে শ্রমিকড়া পড়েছে। আমরা কোন রাজনতিতে নাই, চা শ্রমিকরা নিরীহ অবহেলিত মানুষ। ডিসি,এসপি তাদের কে প্রধানমন্ত্রী পাঠিয়েছে তাই আমরা আজ থেকে কাজে নেমেছি।

এদিকে পনেরো দিন কর্মবিরতির কারণে শ্রমিকরা আর্থিক সমস‍্যায় অনেকেই পানি খেয়ে দিন কাটাচ্ছেন। কোন দোকানদার তাদের বাকী মালামাল দিচ্ছেনা। এঅবস্থায় মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে ভাড়াউড়া চা বাগানের দুর্গা মন্দির এলাকায় জড়ো হতে থাকে। তারপর তাঁরা ডিসি এসপির জন‍্য অপেক্ষা করতে থাকে। বেলা বারোটায় ডিসি ও এসপি আসলে শ্রমিকদের মধ‍্যে খুশীর জোয়ার বয়ে যায়। এরপর শ্রমিকরা তাদের দাবি দাওয়াসহ দুঃখ কষ্টের কথা তুলে ধরে ভাগিভাগি করে। জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান তখন তাঁদের কথা শুনে শ্রমিকদের নিরাপত্তাসহ সব সহযোগিতার জন্য আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশীয় চা সংসদের সার্কেল চেয়ারম্যান (সিলেট জোন) গোলাম মোহাম্মদ শিবলিসহ অনেকেই। এরপর বেলা ১টার দিকে শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে চা বাগানে কাজে যোগ দেয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, আমরা আশা রাখছি শ্রমিকরা কাজে ফিরবে। কোন ষড়যন্ত্রই তাঁদের রুখতে পারবেনা। তিনি বলেন, আমরা শ্রমিকদের সব ধরনের নিরাপত্তার বিষয়টি দেখবো বলে জেলা প্রশাসক জানান।

সরেজমিন ঘুরে দেখা যায়, এখন বাগানগুলোতে চা শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ভ‍্যালি, বাগান পঞ্চায়েত কমিটিসহ অনেক ছোট ছোট নের্তৃত্ব রয়েছে। শ্রমিকরা মূলত পঞ্চায়েত কমিটির নির্দেশেই বাগানে কাজ করতে যায়। সেই শ্রমিকরা চা শ্রমিক ইউনিয়নের নির্দেশনা মানছেনা।

গতকাল সোমবার বিকেলে কাজে না যাওয়ার জন‍্য বিভিন্ন বাগান থেকে খন্ড খন্ড মিছিল বের হয়। এর ফলে আজ অনেক বাগানের শ্রমিকরাই কাজে যোগ দেয়নি। এমন অবস্থায় সাধারণ শ্রমিকদের মধ‍্যে চরম হতাশা,ভয় বিরাজ করছে।আজ কর্মবরতির ১৫তম দিন। সাধারণ শ্রমিকরা পড়েছেন বিপাকে। চরম হতাশা বিরাজ করছে তাদের মাঝে। ঘরে খাবার নেই, দোকানগুলো বাকীতে মাল দিচ্ছেনা। অনেকেই শুধু পানি খেয়ে দিন পার করছে। তারা কাজে যেতে চাওয়ার খুব ইচ্ছে কিছু ভড় ও হতাশার জায়গাগুলো থেকে কাজে যায়নি সাধারণ শ্রমিকরা।

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বাসে ভাঙচুর

সিএনবিডি ডেস্কঃ গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানী-গুলশান সড়কে বাসের কাউন্টারে ভাঙচুর করেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা। এ সময় একটি বাসে ভাঙচুরও চালানো হয়। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার পর বনানীর কাকলী থেকে গুলশান-২ যাওয়ার সড়কে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়া হয় না। এ কারণেই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদেরকে ‘হাফ পাস চাই’ ও ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

এক শিক্ষার্থী জানান, ‘দীর্ঘদিন ধরে আমরা এই দাবি করছি। গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। বরং দুই থেকে আড়াই কিলোমিটার পথের জন্য ৩০ টাকা দাবি করে। হাফ ভাড়া দিতে চাইলে তারা খারাপ আচরণ করে। আমরা সেই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব।’

উল্লেখ্য, দুপুর সোয়া ১২টার দিকে বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।