কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবু (৪২) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবলীগ নেতা আসাদুজ্জামান বাবু ওই গ্রামের সাহেব আলীর ছেলে এবং উলিপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।

 উলিপুর উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, আসাদুজ্জামান বাবু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, তবে মাদকের সাথে কেউ জড়িত থাকলে তার দায় কখনই সংগঠন নিবে না। যারা মাদকসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকার ইয়াবাসহ আসাদুজ্জামান বাবু নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

ডিসেম্বরে মেট্রোরেল চলাচল শুরু, চলবে ১০ মিনিট পর পর

জাতীয় ডেস্কঃ ডিসেম্বরে রাজধানীতে চালু হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। প্রতিদিন ফজরের নামাজের সময় থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলবে। সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

এম এ এন সিদ্দিক বলেন, প্রথমে ১০টি ট্রেন দিয়ে মেট্রোরেল চালু করা হবে। শুরুতে ১০ মিনিট পর পর ট্রেন চলবে। দ্বিতীয় দিন হয়তো ৭ মিনিটে নামিয়ে আনব। বেশি যাত্রী অপেক্ষমাণ থাকলে সাড়ে ৩ মিনিট পর পর ট্রেন ছারা হবে। ফজরের নামাজের সময় থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের ‘পারফরম্যান্স টেস্ট’ পর্ব শেষ করে ইন্টিগ্রেশন টেস্ট শুরু কর হবে বলে জানান তিনি। এরপর অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। শেষ ধাপে যাত্রীবিহীন ট্রেন চলাচল করবে। এটি আমরা ১৫-২০ দিন করব। ডিসেম্বরে যাত্রীসহ আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

মেট্রোরেলের ভাড়া নির্ধারণে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করছে বলেও জানান এম এ এন সিদ্দিক। প্রকল্পের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতি ৮১ দশমিক ৮৬ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের সার্বিক অগ্রগতি ৮৩ দশমিক ৩৪ শতাংশ।

 

রায়পু‌রে বসত ঘ‌রে ডাকা‌তি, চার‌দি‌কে ডাকাত আতঙ্ক!

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পু‌রে বসত ঘ‌রের জানালার গ্রিল কে‌টে ডাকা‌তি হ‌য়ে‌ছে, ডাকা‌তির সময় বৃদ্ধ মাহিলা‌কে কুপি‌য়ে যখম ক‌রে ডাকাত দল। ঘটনা‌টি ঘ‌টে সোমবার (২২ আগস্ট) রায়পুর উপ‌জেলার ৬ নং কে‌রোয়া ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের পূর্ব কে‌রোয়া আবদুল আজীজ পাটওয়া‌রী বা‌ড়ি‌তে।

 সরজ‌মি‌নে দেখা যায় রান্না ঘ‌রের জানালার গ্রিল কেটে আবদুল আজীজের ঘ‌রে প্র‌বেশ ক‌রে ডাকাত দল। ঘর মালি‌কের বক্তব্য অনুযায়ী ডাকাত আবদুল আজীজ (৯০) এর স্ত্রী শাহনারা বেগম (৭০) এর গলার চেইন কা‌নের ধুল চি‌নিয়ে নেয় এ সময় ‌তিনার বড় ছে‌লে‌কে ডাক দি‌লে ডাকাতরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে শাহনারা বেগম‌কে আঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়। আহত শাহনারা বেগমের চিৎকা‌রে  তার ছে‌লে সহ আ‌শেপা‌শের লোকজন ছু‌টে আ‌সে রক্তাক্ত অবস্থায় হাসপাতা‌লে চি‌কিৎসার জন্য নি‌য়ে যান। ডাকা‌তির সংবাদ শু‌নে রায়পুর থানা অ‌ফিসার ইনচার্জ শিপন বড়ুয়া পু‌লি‌শের এক‌টি টিম নি‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন।

প্রসঙ্গত  রায়পু‌রের ক‌য়েক‌টি  এলাকায় প্রায়সময় ডাকাত আত‌ঙ্ক  বিরাজ কর‌ছে এলাকাবাসীর ম‌নে। কেরোয়া ইউ‌নিয়‌নের অ‌নেক বা‌সিন্দা অ‌ভি‌যোগ  ক‌রেন এ ইউ‌নিয়‌নে  প্রায় সময়  ডাকা‌তি  সংগ‌ঠিত হয়। প্রশাস‌নের সা‌থে  এলাকাবাসী মেম্বার চৌ‌কিদার আলাদা আলাদা গ্রুপ  ক‌রে পাহারা দি‌চ্ছে কিন্তু দুঃখ জনক হ‌লে ও কোন ভা‌বে এ গ্রা‌মে  ডাকা‌তি  বন্ধ হয়‌নি।

ইদা‌নিং রায়পু‌রের ৫ নং চরপাতা ইউ‌নিয়ন সহ ক‌য়েক‌টি গ্রা‌মে এলাকাবাসীর মা‌ঝে ডাকাত  আতঙ্ক বিরাজ কর‌ছে। এ‌তে ডাকা‌তি ব‌ন্ধের ল‌ক্ষে ইউ‌নিয়ন চেয়ারম্যান, এলাকাবাসী ও গ্রাম পু‌লিশ আলাদা আলাদা গ্রুপ ক‌রে পাহারা দি‌চ্ছে।

এশিয়া কাপে অংশ নিতে বিকেলে ঢাকা ছাড়ছে টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৭ আগস্ট শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। আর এই আসরে অংশ নিতে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ টাইগার দল।

জানা যায়, আজ বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে সাকিব আল হাসান বাহিনী। আগামী ২৭ আগস্ট ছয় দল নিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপ। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কিন্তু একের পর এক ইনজুরিতে মাঠে নামার আগেই বিপর্যস্ত লাল সবুজের প্রতিনিধিরা।

জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ে দল থেকে আগেই ছিটকে যায় ওপেনার লিটন দাস। একই সিরিজে ইনজুরিতে পড়া আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ধকল কাটিয়ে না ওঠায় শেষদিকে ছিটকে পড়েন এশিয়া কাপ থেকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুতেই ইনজুরিতে পড়া ব্যাটার ইয়াসির আলী রাব্বির এশিয়া কাপে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। তবে ধকল কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।

উল্লেখ্য, সাকিব আল হাসানের নেতৃত্ব দিয়ে প্রথমে ১৩ আগস্ট এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু গত ৯ দিনে ইনজুরিতে পড়ে ও ইনজুরির ধকল কাটিয়ে উঠতে না পারায় সে তালিকা থেকে বাদ পড়েন একাধিক ক্রিকেটার। আবার নতুন করে সংযোজন করা হয়েছে অনেককে।

এশিয়া কাপের বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম।

 

বগুড়ায় ধান মজুদ কারীদের বিরুদ্ধে অভিযান; জরিমানা ৫ লাখ টাকা

জোবায়ের আহমেদ, শেরপুর, বগুড়া: দেশে বর্তমানে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী। এই সুযোগে আবার কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ধান মজুদ করার মাধ্যমে ধানের দাম বাড়িয়ে বাজার কে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

এই সকল অসাধু ব্যবসায়ীদে বিরুদ্ধে সারা বাংলাদেশেই চলছে প্রশাসনের অভিযান। এরই ভিত্তিতে গতকাল ২১ আগস্ট (রবিবার) বগুড়ার শেরপুর উপজেলায় রাত ৮ টা থেকে ১১:৪৫ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে ধান মজুদের অপরাধে শেরুয়া বটতলার বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক আলহাজ্ব আব্দুল কুদ্দুসকে ৫ লক্ষ টাকা জরিমানা সহ ৭ দিনের ভিতরে ধান বাজারজাতকরণের নির্দেশ দেন শেরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন।

শেরপুর মোবাইল কোর্টে খাদ্য পরিদর্শক এবং শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায়  এ অভিযানটি পরিচালিত হয়।

এ বিষয়ে শেরপুর সহকারী কমিশনার ভূমি মোছা. সাবরিনা শারমিন বলেন, অবৈধ মজুদকারী সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

দেশ-বিদেশে ‘হাওয়া’র প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্কঃ বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লংঘন সহ ‘ভায়োলেন্স’ ও ‘অশ্লীলতা’র অভিযোগ এনে দেশ-বিদেশে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার সেন্সর বোর্ড বরাবর এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে ,নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ব্যবস্থা নেয়া না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এতে ‘হাওয়া’র ছাড়পত্র বাতিল করে দেশে ও বিদেশে প্রচার, সম্প্রচার ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণার দাবি করা হয়েছে। সেন্সর বোর্ড পুনর্গঠন করে এর সদস্য হিসেবে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য, আইনজীবী ও পরিবেশবিদদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় নোটিশে। এতে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো সিনেমার ছাড়পত্র দেয়ার আগে এতে খুনের দৃশ্য, অশ্লীল গালি এবং বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২-এর কোনো ধারার লঙ্ঘন যেন না হয়, সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে।

নোটিশকারী আইনজীবী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর ছাড়পত্র পেয়ে গত ২৯ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় ট্রলারে থাকা একটি খাঁচায় শালিক পাখি বন্দী অবস্থায় দেখা যায়। এক পর্যায়ে সেটিকে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ‘হাওয়া’ সিনেমার কয়েকটি দৃশ্য রয়েছে যা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছে। বন্যপ্রাণী সংক্রান্ত এ ধরনের অপরাধের ফলে সাধারণ মানুষ পাখি শিকার, খাঁচায় পোষা ও হত্যা করে খাওয়ায় উৎসাহিত হবে। এই দৃশ্য ধারণের জন্য বনবিভাগের কোনও অনুমতিও নেয়া হয়নি। বন্যপ্রাণী হত্যা এবং খাওয়ার দৃশ্য দেখে মানুষ মনে করতে পারেন যে, এটা করা যায়। তারা এগুলো দেখে উৎসাহিত হতে পারেন। সিনেমা নাটকে ধূমপানের দৃশ্যে যেমন লেখা থাকে যে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্ত ‘হাওয়া’ সিনেমার ওই অংশে এই ধরনের কোনও বার্তা ছিল না। ইতিমধ্যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের চার কর্মকর্তা ‘হাওয়া’ সিনেমাটি দেখে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮(১), ৩৮(২), ৪০ ও ৪৬ ধারা লঙ্ঘনের সত্যতা পেয়ে ১৭ আগস্ট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

এছারা, সিনেমাটিতে বেশ কয়েকটি খুনের দৃশ্য রয়েছে যা অতি ভয়ংকর তথা ভায়লেন্স পূর্ণ। পুরো ‘হাওয়া’ সিনেমায় নারী চরিত্রকে নেতিবাচক হিসেবে তুলে ধরার পাশাপাশি অসংখ্য অশ্লীল গালি ব্যবহার করা হয়েছে। যা পরিবার এর সদস্যবৃন্দ বিশেষ করে অপ্রাপ্ত বয়স্কদের দেখা মোটেও উচিত নয়। এহেন কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোররা, তরুণ-তরুণীরা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। অথচ ‘হাওয়া’ সিনেমার কোথাও অপ্রাপ্ত বয়স্কদের দেখা নিষেধ এই কথাটিও উল্লেখ নাই। এই ধরনের চলচ্চিত্র শুধু বাংলাদেশেই নয় বর্হিবিশ্বেও প্রচার, সম্প্রচার ও প্রদর্শন হলে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণার জম্ম দিবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেক্ষ্য, গত বুধবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়। নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে করা মামলায় বাদী হয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা। সাক্ষী করা হয়েছে তদন্ত কমিটিতে কাজ করা অন্য তিন সদস্য আবদুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাসকে।

 

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে গত ৪৮ ঘণ্টায় আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার (২২ আগস্ট) এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

চলতি বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশটি। তীব্র খরা ও জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

লোগার প্রদেশে বন্যার কারণে ২০ জন মারা গেছে, ৩৫ জন আহত হয়েছে বলে জানান আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি। তবে বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যা আরও বেশি।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসলামিক দেশগুলি এবং মানবিক সংস্থাগুলিকে জরুরীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।’

কয়েক মাস ধরে দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সহায়তা প্রদান করেছে। কিন্তু তারা সতর্ক করে বলছে, সেখানে হাজার হাজার গৃহহীন মানুষ রয়েছে, যাদের নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ খাবার পানি নেই। মানবিক বিপর্যয় এড়াতে তাদের আরও প্রবেশাধিকার এবং তহবিল প্রয়োজন।

উল্লেখ্য, গত আগস্টে দেশটির দখল নেওয়া তালেবান সরকার দুর্যোগ মোকাবিলায় লড়াই করছে এবং সহায়তার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশকে ১৫০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশকে বিশ্বব্যাংক ১৫০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের  বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। এই ঋণ নতুন ৫৫ টি প্রকল্পের জন্য  দেওয়া হবে। গতকাল সোমবার (২২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বিদায়ী সাক্ষাতে এ কথা জানিয়েছেন তিনি।

এ সময় মার্সি টেম্বন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশে অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। মার্সি টেম্বন পদোন্নতি পেয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিতে বাংলাদেশ ছাড়বেন শিগগিরই।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, গত ৩ বছরে বাংলাদেশের জন্য প্রায় ৮০ লাখ ডলার ছাড় দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশকে নতুন ৫৫টি প্রকল্পে এক হাজার ৫০০কোটি ডলার অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ৩৮ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)।

মার্সি টেম্বন বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় আমি আপ্লুত। কোভিডকালীন থেকেই বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। যেহেতু আমি বিশ্বব্যাংকের বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকবো, সেহেতু আমার প্রতিটি বোর্ড সভাই ভূমিকা থাকবে। বিশেষ করে বাংলাদেশের কোনো বিষয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় উঠলে আমার পক্ষ থেকে সর্বোচ্চ করার চেষ্টা অব্যাহত থাকবে।

নওগাঁর আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-দুই হাজার বাইশ এর নিবন্ধন কার্যক্রম আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে সোমবার (২২ আগস্ট) শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়।

সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। হালনাগাদ তালিকায় অর্ন্তভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলছেন, দশ আঙ্গুলের ছাপ দিচ্ছেন এবং আইরিসের ছবি তুলছেন। নিবন্ধন কেন্দ্রে ছয়টি বুথ যুগপথ ভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।

আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড মেম্বার শেখ আব্দুল হাকিম বলেন, তথ্য সংগ্রহকালে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত ব্যক্তিদের শনাক্ত করেছি আমরা এবং নিভূলভাবে তথ্য সংগ্রহ ফরম পূরণে সহযোগিতা করেছি। সোমবার নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা প্রদান করছি।

আত্রাই মোল্লা আজাদ বিশ্ব বিদ্যালয় ডিগ্রীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুষ্টি খাতুন ব্যক্ত করে বলেন, ভোটার তালিকায় আমার নাম যাচ্ছে, জাতীয় পরিচয়পত্র পাবো, মনে হচ্ছে দেশের গর্বিত নাগরিকের স্বীকৃতি পেতে যাচ্ছি।

আত্রাই উপজেলার নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, গত ২৭ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২৭ আগষ্ট পর্যন্ত আত্রাই উপজেলায় ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচি চলবে। এসব ব্যক্তিরা পর্যায়ক্রমে আজ থেকে ২৭ আগষ্ট পর্যন্ত নিবন্ধিত হবেন। পর্যায় ক্রমে উপজেলার বাকী ইউনিয়ন গুলোতে ২৭ আগষ্ট পর্যন্ত নিবন্ধনের আওতায় আনা হবে।

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে আরসিএন ক্যাবল নেটওয়ার্কের মালিককে জরিমানা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের আরসিএন ক্যাবল নেটওয়ার্কের মালিক রফিকুল ইসলাম রফিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ নিয়ম বহিরভূতভাবে নেটওয়ার্ক ক্যাবল চালানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে তাকে এ জরিমানা করেন।

জানা গেছে, ঠাকুরগাঁও ক্যাবল নেটওয়ার্ক ও টাইম ক্যাবল টিভির মালিক সাইফুর রহমান লাবু ও নামিম হায়দার জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত আরসিএন ক্যাবল নেটওয়ার্কের ঘটনাস্থল পরিদর্শন করেন। আরসিএন ক্যাবল নেটওয়ার্ক যে কিছুদিন ধরে তার নিয়ম বিহিরভূত ক্যাবল নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালানা করে আসছিল তা প্রমানিত হওয়ার পেক্ষিতে এ জরিমানা করা হয়। এবং পরবর্তিতে আর এরকম নিয়ম বহিরভুত কাজ করতে পারবেন না বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ প্রদান করেন।

এ সময় জেলার ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান, থানা পুলিশের সসদ্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।