ধুনটে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট পোস্ট অফিস সংলগ্ন সড়ক থেকে কাঁচা বাজার বিসি রোড পর্যন্ত ১ লাখ ৩৫হাজার টাকা ব্যয়ে ৮০ মিটার সিসি (সিমেন্ট কংক্রিট) সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকাল ১১টার দিকে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান, আপাল শেখ, সহকারী প্রকৌশলী সাজেদী হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী রফিকুল ইসলাম ও ঠিকাদার তোজাম্মেল হক।

রাশিয়ায় ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে নিহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার উলিয়ানোভস্ক এলাকায় ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে নিহত কমপক্ষে ১৬ জন এবং তিনজন গুরুতর আহত। গতকাল রোববার (২১ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারী পণ্য বোঝাই ট্রাকটির চালক সঠিক সময়ে গতি কমাতে পারেননি। সে কারণেই দাঁড়িয়ে থাকা যানটিকে সজোরে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরির মাঝখানে থাকা মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকের চালকও। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে, আশঙ্কামুক্ত নন। আহতদের মধ্যে এক নারী রয়েছেন। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

পুলিশের সম্প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই লরির চাপে পড়ে মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। উদ্ধারকর্মীরা টুকরা হয়ে যাওয়া মিনিবাসটি পরীক্ষা করে দেখছেন।

উলিয়ানোভস্কের গভর্নর আলেক্সাই রাসকিক টেলিগ্রামে লিখেছেন, মারাত্মক অবস্থায় আরও দুই পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ায় সড়ক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা স্বাভাবিক। গত কয়েক বছরে দেশটিতে বেশ কয়েকটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি মাসেও মস্কোর কাছাকাছি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান পাঁচজন। এছাড়াও ২১ জন গুরুতর আহত হন।

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের  নাগেশ্বরীতে পরকীয়া সন্দেহে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘাতককে নিজ বাড়ী থেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় পৌরসভার কাওয়ালীটারী এলাকায়।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী জানায়, প্রায় একযুগ আগে পৌরসভার কাওয়ালীটারীর বাহার উদ্দিনের তালাকপ্রাপ্তা মেয়ে ১ সন্তানের জননী রেহেনা খাতুন (৩৩) এর বিয়ে হয় সন্তোষপুর ইউনিয়নের পশ্চিম কুটিনাওডাঙ্গা গ্রামের মৃত শরীয়তুল্লাহ মুন্সীর ছেলে আনছার আলী (৫৪) এর সাথে। তারপর কাওয়ালীটারীতে ঘর-বাড়ী করে প্রথম পক্ষের ছেলে সন্তানকে নিয়ে তারা স্থায়ী বসবাস শুরু করে। তাদের এ সংসারে জন্ম নেয় কন্যা আশামনি। কিন্তু স্ত্রীর পরকীয়া লিপ্ত এমন সন্দেহে এবং পারস্পরিক অবিশ্বাসে তাদের সংসারে শান্তি ছিল না। সম্প্রতি তা চরমে পৌছায়।

রবিবার রাতে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত সাড়ে ৩ টার দিকে স্বামী আনছার আলী ধারালো দা দিয়ে উপুর্যপুরি কুপিয়ে স্ত্রী রেহেনাকে মারাত্মক জখম করে। তা দেখে সন্তানরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাদের চিৎকারে মেয়ের পরিবারের লোকজন দৌড়ে এসে আনছার আলীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

পরে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে গুরুতর অসুস্থ্য রেহানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনায় নিহতের ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে আনছার আলীকে আসামী করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তামবিরুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চলমান চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার!

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করা শ্রমিকরা আগের মজুরি অর্থাৎ ১২০ টাকাতেই চা-বাগানে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে চা-বাগানের শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। সেখানে শ্রমিকরা আগের মজুরিতে বাগানে ফেরার সিদ্ধান্ত নেন।

এর আগে, শনিবার (২০ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরের অফিসে চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে চা-শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়।

পরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ৩০০ টাকা মজুরির দাবিতে শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত‍্যাহারের ঘোষণা দেন।

জানা গেছে, রোববার (২১ আগস্ট) রাতে ৪ ঘন্টার আলোচনায় চা-শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সুপার মোহাম্মদ জাকারিয়া। বৈঠকে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন মজুরি নিয়ে চা শ্রমিকরা তা মেনে নিবেন। প্রধানমন্ত্রীর আস্থার উপর বিশ্বাস রেখে অব্যাহত ধর্মঘট প্রত্যাহার করেন। তবে চুক্তিতে পরিস্কার উপস্থাপন করা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় সফরে দেশের বাহিরে আছেন, তিনি আসলে চা শ্রমিকদের সাথে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত দিবেন। আর প্রধানমন্ত্রীর না আসা পর্যন্ত চলমান ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। ধর্মঘট প্রত্যারের সত্যতা নিশ্চত করে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রীর আশ্বস্ত করার কথা শুনে তার প্রতি আস্থা রেখে চা শ্রমিকরা আগের মজুরিতেই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব।

সভার নেওয়া সিদ্ধান্তগুলো হলো- প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে তার সম্মানে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট প্রত্যাহার করে ২২ আগস্ট থেকে কাজে যোগদান করবেন। আপাতত চলমান মজুরি অর্থাৎ ১২০ টাকা হারেই শ্রমিকগণ কাজে যোগদান করবেন। মজুরির বিষয়টি প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার পর চূড়ান্তভাবে নির্ধারিত হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ দাবি জানান।

এছাড়া, আসন্ন দুর্গাপূজার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য চা-শ্রমিক নেতৃবৃন্দ আবেদন করবেন যা জেলা প্রশাসক কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপস্থাপিত হবে। চা-শ্রমিকদের অন্যান্য দাবিসমূহ লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে দাখিল করবেন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সময় বিবেচনা জানাসহ তার কার্যালয়ে পাঠাবেন।

বাগানমালিকরা বাগানের প্রচলিত প্রথা/দর মোতাবেক ধর্মঘটকালীন মজুরি শ্রমিকদের পরিশোধ করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর উপ-পরিচালক মো. নাহিদুল ইসলাম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুরাদনগরে নেশার টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে নেশার টাকা না পেয়ে রোজিনা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ করা হয়েছে। রোববার বিকেলে নিহত গৃহবধুর ভাই সালমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। রুজিনা আক্তার (২৫) উপজেলার পরমতলা গ্রামের হারুন মিয়ার মেয়ে। সে তিন সন্তানের জননী ছিলেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন ঘাতক স্বামী শরিফুল ইসলাম পালাতক রয়েছে। শরীফুল (৩২) একই উপজেলার গুঞ্জর গ্রামের আলী হোসেনের ছেলে।

অভিযোগে জানা গেছে, নেশার টাকার জন্য প্রায়ই গৃহবধূ রোজিনাকে নির্যাতন করতো স্বামী শরিফ। এরই মাঝে গত ১৭ আগষ্ট তাকে ব্যাপক নির্যাতন ও মারধর করা হয়। পরে স্বামী শরিফ তাকে আত্মহত্যা করার জন্য কিটনাশক এনে দেয়। এক পর্যায়ে তার মুখে কিটনাশক ঢেলে দেয়া হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ১৮ আগষ্ট রোজিনার ভাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ তার উপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেয়। যা তার স্বজনরা ভিডিও ধারণ করে রাখেন। ১৯ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর শনিবার রাতে বাবার বাড়ীতে তাকে দাফন করা হয়।

নিহত গৃহবধুর ভাই সালমান বলেন, আমার বোনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তার জবানবন্দি আমাদের কাছে রেকর্ড করা আছে, আমরা ঘাতকের বিচার দাবি করছি।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্দেহভাজন স্বামীকে আটক করতে পারলেই এর রহস্য উদঘাটন হয়ে যাবে।

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বাঙ্গালী নদীর পানিতে ডুবে মাসুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে বাঙ্গালী নদীর জয়শিং ঘাট এলাকা থেকে শিশু মাসুমের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরি দলের কর্মীরা।

নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন জানান, নিহত মাসুম শেরপুর উপজেলার দুবলাগাড়ি এলাকার কোয়েল হোসেনের ছেলে। দুইদিন আগে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাসুম। শনিবার বিকেল ৪টার দিকে সমবয়সী শিশুদের সাথে বাঙ্গালী নদীতে গোসল করতে যায় সে। গোসলের এক পর্যায়ে মাসুম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল রাত ৮টার দিকে নদীর জয়শিং ঘাট এলাকা থেকে মাসুমের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈলে মহিলা আ.লীগের উদ্যোগে ২১ আগস্টে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে গতকাল রবিবার ২১ আগস্ট সন্ধ্যায় আ’লীগ কার্যালয়ে ১৯৭৫’র ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ও তাঁর পরিবার এবং ২০০৪ সালের ২১ আগস্টে  বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহত শহীদদের স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা আ’লীগ ভারপ্রাপ্ত সভানেত্রী সহ-অধ্যাপক নাসরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন- উপজেলা মহিলা আ’লীগ প্রতিষ্ঠাতা সভানেত্রী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সহ-সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা সহ-অধ্যাপক এম, এ মোমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহ-সম্পাদক তসদিকা হক প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম, আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।

বক্তারা তাদের বক্তব্যে ৭৫’র ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে এবং ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় তৎকালীন কেন্দ্রীয়  মহিলা আ’লীগ সভানেত্রী আইভী রহমানসহ ২৪ নেতা-কর্মীকে হত্যার জন্য তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোট সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করেন। তারা এ শোককে শক্তিতে পরিণত করে মহিলা আ’লীগ ও আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সুসংগঠিত থাকার আহবান জানান।

সাংবাদিককে কুপিয়ে হত্যা চেষ্টার ৬ আসামি গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত শনিবার (১৩ আগস্ট) বেলা দেড়টায় পেশাগত দায়িত্ব পালনকালে পথরোধ করে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে দা দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। ঘটনার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক হিসেবে উপজেলার রহিমপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার দুই ছেলে আকলিছ মিয়া (৪১) ও মকবুল মিয়া (৩৮)’কে আটক করেছিল। এ ঘটনায় ৪ দিন পর ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা করা হলে আটক দু’জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

ঘটনার ঠিক ৭দিন পর র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ মামলার মূল আসামী কাওছার মিয়া (৩৫) ও ফারুক মিয়াকে(৩৪) আটক করে রোববার কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে। অন্যদিকে রোববার এ মামলায় মৌলভীবাজার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে নাজির মিয়া (৩৭) ও লিটন মিয়া (৩৮) কে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ৬ জন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এলপাতারি ভাবে দায়ের কুপে সাংবাদিক বাঁছিত এর ২ হাতের এক হাতের কবজি আলাদা সহ ও ২ পায়ে বড় ধরণের ক্ষতের সৃষ্টি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে জরুরী ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। সাংবাদিক আব্দুল বাঁছিত খাঁন এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের বিছানায় বেঁচে থাকার লড়াইয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বি:দ্র: সাংবাদিক আবুল বাছিত খাঁনকে পঙ্গুত্ব থেকে ফিরিয়ে আনতে সমাজের সাহসী সাংবাদকর্মীকে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আব্দুল বাছিত খাঁন ব্যক্তিগত সাহায্যের জন্য ফোন নং বিকাশ:,০১৭১৬৪৬১২৭৬ একটু সহযোগিতায় পঙ্গুত্ব বরণ থেকে বেঁচে যেতে পারে।

বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা

জাতীয় ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আজ সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত থাকে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং একই সঙ্গে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে। তিনি আরো বলেন, নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, সব সরকারি অফিসে কোথাও কোনো পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যতসম্ভব কম লাগলে যতটুকু চলবে এবং এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯ জুলাই থেকে জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সঙ্কটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয়।