ভারতীয় নাসির বিড়ি ট্রাকসহ ২জন গ্ৰেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গেয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুইজন গ্রেফতার। রবিবার (২১ আগস্ট ) মৌলভীবাজার জেলা গেয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার ১নং খলিলপুর ইউপির হামরকোনা এলাকার মেসার্স আলহাজ্ব আব্দুর রাজ্জাক এন্ড কোং এর ফিলিং ষ্টেশনের সামনে থেকে প্রায় দুই লক্ষ বায়ান্ন হাজার শলাকা নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দু’জন হলো ১. মোঃ জামাল আহমদ (২১) ও ২. মোঃ জুয়েল আহমদ (২০)। তারা দুজনেই সিলেট জেলার গোয়াইনঘাট থানার ৬ নং ফতেপুর ইউপির নয়াগ্রামের বাসিন্দা।

উদ্বারকৃত অবৈধ নাসির বিড়ির মূল্য প্রায় ৬ লক্ষ ত্রিশ হাজার টাকা। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই নাসির বিড়িসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কফি-এ্যাভোকেডর-তাইওয়ানী আম-সৌদি খেজুরের সমন্বিত বাগান থেকে বছরে ৩০ লক্ষ টাকা আয়ের প্রত্যাশা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় বরেন্দ্রভুমি অধ্যুষিত সাপাহার উপজেলায় অপ্রচলিত ফসলের সমন্বিত অধিক মূল্যবান বাগান গড়ে তুলেছেন কয়েকজন শিক্ষিত বেকার। এখান থেকে তাঁরা আর্থিকভাবে স্বাবলম্বি হওয়ার অপার সম্ভাবনার দ্বারপান্তে উপনীত হয়েছেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা দাবী, মৌলিক উন্নয়ন সংস্থা’র সাথে অংশিদারিত্বের ভিত্ত্বিতে স্থানীয় আরও ৫ জন উচ্চ শিক্ষিত বেকার যুবক এই প্রকল্পটি গড়ে তুলেছেন। ”উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত ও প্রযুক্তি সম্প্রসারন” প্রকল্পের আওতায় উপজেলার কুচকুড়ুলিয়া গ্রামে ৯ বিঘা জমি ১৫ বছরের জন্য লীজ গ্রহণ করে এই প্রকল্প গড়ে তুলেছেন।

প্রাথমিক পর্যায়ে পিকেএসএফ প্রকল্প গড়ে তোলার জন্য সাড়ে ৭ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পের আওতায় ঐ জমিতে ৯০০টি কফিগাছ, ৮০টি এ্যাভোকেডর, ১২০টি তাইওয়ানের গ্রীন আম ও ১২৫টি সৌদি খেজুর গাছ রোপন করা হয়েছে। এরই মধ্যে কফি, এ্যাভোকেডর ও তাইওয়ানের আম উৎপাদন শুরু হয়েছে। আর কিছুদিনের মধ্যে সৌদি খেজুর উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। এই বাগানে পূর্নাঙ্গভাবে উৎপাদন শুরু হলে প্রতি বছর সব খরচ বাদ দিয়ে ৩০ লক্ষ টাকা আয় সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা যুবক মোঃ হাসান আলী।

বরেন্দ্র অধ্যুষিত এই এলাকায় মুলত প্রধান শষ্য হিসেবে দীর্ঘদিন ধরে ধান উৎপাদিত হয়ে আসছিল। বর্তমানে ধানের পরেই আম প্রধান অর্থকরী ফসল হিসেবে উৎপাদন শুরু হয়েছে। এর পাশাপাশি উচ্চ মূল্যের এসব ফসল উৎপাদনের অপার সম্ভবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এলাকার শিক্ষিত বেকার যুবকদের সংগঠিত করে এই উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠন দাবীর নির্বাহী পরিচালক আশরাফুননেছা সীমা জানিয়েছেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অর্থায়নে পাইলটিং প্রকল্প হিসেবে এলাকার ৫ জন যুবকের সাথে অংশিদারিত্বের মাধ্যমে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন পাইলটিং আকারে গৃহিত এই প্রকল্পটি সফল হলে জেলায় একই কর্মসূচীর আওতায় আরও বিপুল সংখ্যক বেকার যুবকদের সমন্বয়ে ব্যপকভাবে এ ধরনের প্রকল্প হাতে নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্তৃপক্ষ।

“৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে”-বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন

মৌলভীবাজার প্রতিনিধিঃ চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করার পর চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন। কিন্তু পরক্ষণেই ওই মজুরি প্রত্যাখ্যান করে আবারও আন্দোলনে নেমেছেন তারা। গতকাল রোববার (২১ আগস্ট) থেকে বুকে ‘৩০০ টাকা মজুরি দে, নইলে বুকে গুলি দে’ স্লোগান লিখে আবারও লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা।

প্রসঙ্গত, মজুরি বৃদ্ধির দাবিতে গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকরা। সপ্তাহজুড়ে মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকরা আন্দোলনে ছিলেন। শনিবার (২০ আগস্ট) শ্রীমঙ্গলে পুনরায় বৈঠকের পর মজুরি ২৫ টাকা বাড়ানো হলে প্রথমে শ্রমিকরা তা মেনে নেন। কিন্তু পরে তা প্রত্যাখ্যান করেন। রোববার থেকে আবারও লাগাতার কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এদিকে পরিস্থিতি নিরসনে আন্দোলনরত শ্রমিক নেতাদের সঙ্গে মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রীমঙ্গলে এবং বুধবার (১৭ আগস্ট) ঢাকার শ্রম ভবনে দফায় দফায় বৈঠক করেন শ্রম অধিদফতরের মহাপরিচালক ও মালিকপক্ষ। কিন্তু তাদের দাবি মেনে না নেয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ায় ঘোষণা দেন শ্রমিকরা। তাদের বক্তব্য, পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকায় শ্রমিকদের দেয়া মজুরির সঙ্গে কেন বৈষম্য করা হচ্ছে।

পরে গত শনিবার (২০ আগস্ট) শ্রীমঙ্গল পুনরায় বৈঠকের পর দৈনিক মজুরি ২৫ টাকা বাড়ানো হলে শ্রমিকরা তা মেনে নেন। তবে তারা পরে তা প্রত্যাখ্যান করে মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালি শাখার সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘আমাদের পাশের দেশ ভারতে কোনো জায়গায় ২৪০ রুপি, কোনো জায়গায় ২০৩ রুপি আবার শ্রীলংকার মতো দেশে আমার জানা মতে সাড়ে ৩০০ রুপি দৈনিক মজুরি আছে। তাহলে আমাদের দেশে এই বৈষম্যটা কেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের জীবনধারণ করাটাই দুর্বিষহ হয়ে পড়েছে। ১২০ টাকা দিয়ে দুই কেজি চাল কেনার পরে আর কিছুই থাকে না।’

উল্লেখ্য, দেশের ১৬৮টি চা বাগানের দেড় লাখেরও বেশি শ্রমিকের কর্মবিরতিতে দৈনিক ২০ কোটি টাকার বেশি মূল্যমানের চা পাতা নষ্ট হচ্ছে। বাগান মালিক কর্তৃপক্ষের দাবি, জিডিপিতে এ শিল্পের অবদান প্রায় ১ শতাংশ। ২০২১ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশি চায়ের বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ। অজ্ঞাত ওই  ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকা ঢাকা সিলেট মহাসড়কের পাশে খাদে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখে থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সরাইল থানার পরিদর্শক তদন্ত মোঃ শেহাবুর রহমান জানান, নিহত ব্যক্তি মাথা জখম ছিন্ন রয়েছে। মুখেও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে- ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবীতে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ একুশ আগষ্ট সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

গৃহীত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল। প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী জুয়েল এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা ভাইসচেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহ- সভাপতি গহের আলী, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম সহীদ, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা শ্রী তরুন কুমার দত্ত, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম ফৌজদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম,উপজেলা মহিলা লীগ সাধারন সম্পাদিকা জাহেদা বেগম, সাবেক ছাত্র লীগ সভাপতি ও যুব লীগ নেতা আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্র লীগ সভাপতি মসনদ মেহেদী স্বরুপ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সোহাগ প্রমূখ।

বক্তারা নাক্কার জনক ও বোমা হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। উল্লেখ্য দুই হাজার পাঁচ সালের সতের আগষ্ট সকাল এগারো টা ত্রিশ মিঃ মধ্যে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি দেশের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় প্রেসক্লাব,গুরুত্ব পূণ স্থাপনা ও ঢাকায় চৌত্রিশটি সহ সাড়ে চার শত স্পটে প্রায় পাঁচ শত বোমার বিষ্ফোরন ঘটিয়ে জঙ্গীরা দেশে অরাজগতা তৈরির চেষ্টা করেছিল।

গাড়িবোমা হামলায় পুতিনমিত্র দুগিনের মেয়ে নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সান্ডার দুগিনের মেয়ে মস্কোর কাছে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। নিজের গাড়িতেই হামলার শিকার হন দারইয়া দুগিনা। বাড়ি যাওয়ার পথে গাড়িতে আগুন ধরে বিস্ফোরণে মারা যায় দুগিনকন্যা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গতকাল শনিবার (২০ আগস্ট) মস্কোর অদূরে জাতীয় সড়কের ওপর দাঁড় করানো ছিল দারইয়ার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি। রাতে একটি অনুষ্ঠান দেখে ফেরার সময় দারইয়া ওই গাড়িতে ওঠামাত্র তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর গাড়িটি দাউদাউ করে জ্বলছে। এমনকি গাড়িটির কাছে দাঁড়ানো একটি ট্রাকেও আগুন ধরে যায়। এই হামলার পেছনে ইউক্রেনীয়দের হাত রয়েছে বলে দাবি করেছেন পুতিন-ঘনিষ্ঠরা।

নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, মস্কোর ওডিনসোভো জেলার একটি  মহাসড়কে গাড়িতে আগুন ধরে গেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। ক্রেমলিনের তরফ থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

পুতিন-ঘনিষ্ঠদের দাবি, হামলার লক্ষ্য দারিয়া ছিলেন না, ছিলেন তার বাবা। ইউক্রেনের ওপর ঘটনার পুরো দায় চাপিয়েছেন তারা। এরইমধ্যে ঘটনার তদন্তে নেমেছে রাশিয়ার পুলিশ। জানা যায়, শনিবার রাতে ওই অনুষ্ঠানের শেষে মেয়ের গাড়িতে ওঠার কথা ছিল আলেকজান্ডারের। তবে শেষ মুহূর্তে তিনি অন্য গাড়িতে চড়ে চলে গিয়েছিলেন।

উল্লেখ্য, দারইয়া দুগিনের বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার দুগিন। যিনি কিনা ‘পুতিনের মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। মেয়ে দারইয়া দুগিন রাশিয়ার বিশিষ্ট সাংবাদিক ও ভাষ্যকার। ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করতেন তিনি। এ বছরের শুরুর দিকে দারইয়া দুগিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য।

শ্রীমঙ্গলে ভয়াল গ্ৰেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ২১ আগষ্ট ইতিহাসের নারকীয় গ্রেনেড হামলার ভয়াল সেই দিন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী উপলক্ষে আজ রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিলে বের করে। পরে চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্রর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া, উপজেলার কালাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেবনাথ, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহিন আহমেদ সহ ইউপি আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এশিয়া কাপের প্রস্তুতিতে লাল-সবুজের নেতৃত্বে সাকিব-আফিফ মুখোমুখি

স্পোর্টস ডেস্কঃ  এশিয়া কাপ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তারই ধারবাহিকতায় আজ রোববার (২১ আগস্ট) মিরপুরে টাইগাররা দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে। যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান আর সবুজ দলের নেতৃত্বে আফিফ হোসেন ধ্রুব।

আজকের ম্যাচ শেষে আগামীকাল সোমবার আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৩ তারিখ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে সাকিববাহিনী। ওখানে গিয়ে কন্ডিশনের জন্য প্রস্তুত হওয়ার জন্য ৬/৭ দিনের মতো সময় পাবে লাল-সবুজের প্রতিনিধিরা, যা বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা হতে পারে।

আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। এ টুর্নামেন্ট দিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে চান সাকিব।

সাকিব বলেন, আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপে ভালো কিছু করা। যদি মনে করি এখনই সব পরিবর্তন করে ফেলতে পারব, তাহলে সেটা হবে বোকার রাজ্যে বসবাস। বাস্তবতা চিন্তা করলে তিন মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ আছে বলে মনে করেন তিনি।

রাণীশংকৈলে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশুটির নাম মিনহাজুল (৩)। সে উপজেলার খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির মা গরুর ঘাস কাটতে বাইরে যায়। বাড়িতে থাকা শিশুটি সবার অগোচরে পার্শ্ববর্তী নিজ পুকুরের কাছে গেলে পানিতে পড়ে যায়। ঘন্টাখানেক পরে শিশুটির মা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তিনি ওই পুকুরে তার ছেলেক ভাসমান অবস্থায় দেখতে পান। লোকজনের সহযোগিতায় শিশুটিকে পুকুর থেকে তুলে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ফিরোজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নায়করাজ রাজ্জাকের ৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকাই সিনেমার এ গুণী শিল্পী ২০১৭ সালের ২১ আগস্টের এ দিনে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

নায়করাজ একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। দুই বাংলাতেই তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ সাড়ে ছয় দশক দাপটের সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেতা। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। সেই শোকের দাগ এখনও রয়ে গেছে মানুষের অন্তরে।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন নায়করাজ রাজ্জাক। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’-তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়করাজের অভিনয়জীবন শুরু। ১৯৬৪ সালে রাজ্জাক সপরিবারে বাংলাদেশে পাড়ি জমান।

চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এর পর ‘কার বউ’, ‘ডাক বাবু’-তেও অভিনয় করেন। চলচ্চিত্রে নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র।

উল্লেখ্য, ২০১৫ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার দেয়া হয় তাকে। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে রাজ্জাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একই আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন। এছাড়া, বাচসাস, বাবিসাস ও মেরিল প্রথম আলো পুরস্কারেও তাকে আজীবন সম্মাননা জানানো হয়।