মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, হোসনেয়া বেগম (৬০), তারা মিয়া (৩০), রিফাত হোসেন (৮)।

স্থানীয় ইউ সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার  ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ীতে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ দুই মাদক চোরাকারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৪৪ বোতল ফেনসিডিল সহ দুই চোরাকারবারি গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর এলাকা থেকে ওই দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ এর নেতৃর্ত্বে ফুলবাড়ী থানার এস আই এনামুল হক, এস আই  রাহাত আলম সহ পুলিশ সদস্যরা ওই গ্রামের চিহ্নিত মাদক চোরাকারবারি  আশরাফুল আলমের বাড়ী তল্লাশী করেন।  এসময় তার বাড়ির গোয়াল ঘর থেকে  ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার  করে আশরাফুল আলম ও তার সহযোগী আলিমুল ইসলাম রিপনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশরাফুল আলম (৩৪) পশ্চিম অনন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আফজাল হোসেনের ছেলে এবং  আলিমুল ইসলাম রিপন (২২) অনন্তপুর বালাবাড়ী এলাকার ইদ্রিস আলীর ছেলে।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রচণ্ড রোদে মাথাব্যথা হলে ঘরোয়া বামেই মিলবে মুক্তি!

লাইফস্টাইল ডেস্কঃ বাড়ছে রোদের তীব্রতা। আর এই সময় প্রখর রোদে ঘোরাঘুরি করলে মাঝেমধ্যেই মাথার যন্ত্রণায় ভুগেন অনেকে। অনেকেই সামান্য মাথা যন্ত্রণা হলেই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন। তাতে সাময়িক স্বস্তি মিললেও এই অভ্যাস কিন্তু মোটেই ভালো নয়। সামান্য মাথব্যথা হলে ঘরোয়া উপায়ে কমিয়ে ফেলা যায় এই যন্ত্রণা। মাত্র দু’টি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলা সম্ভব ব্যথানাশক বাম।  চলুন জেনে নেয়া যাক কীভাবে বানানো যায়-

ঘরে বাম বানাতে যা যা লাগবেঃ   

১। খাঁটি নারকেল তেল এবং ২। ল্যাভেন্ডারের এসেনশিয়াল তেল

যেভাবে বানাতে হবে বামঃ 

একটি পাত্রে নারকেল তেল গরম করে নিতে হবে। তেল গলে পুরোপুরি তরল হয়ে গেলে, তার মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে হবে। এ বার ওই মিশ্রণ কোনও কাচের শিশিতে রেখে ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে রেখে একটু জমিয়ে নিতে পারলে ভালো হবে । এর পরে যখন মাথা যন্ত্রণা হবে শিশি থেকে এই বাম একটু নিয়ে কপালে লাগিয়ে নিলেই ব্যথা কমে যাবে।

যে বিষয় খেয়াল রাখতে হবেঃ 

এসেনশিয়াল তেল প্রাচীন কাল থেকেই ব্যথা প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয় থাকে। এর গন্ধ মস্তিষ্কের স্নায়ুগুলোকে শান্ত করে, মানসিক ক্লান্তিভাব কমায়। আর এর জেড়েই মাথাব্যথার সমস্যা থেকে রেহাই মেলে।

তবে অনেকের আবার নানা এসেনশিয়াল তেলে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তাই মাথায় ব্যবহারের আগে হাতের তালুতে অল্প পরিমাণে লাগিয়ে দেখে নিন কোনো সমস্যা হচ্ছে কি না। না হলে তবেই কপালে লাগাবেন। নিয়মিত মাথাব্যথার সমস্যা হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তখন ঘরোয়া পদ্ধতির উপর ভরসা রাখা যাবে না।

 

রায়পু‌রে আশ্রয়ন প্রক‌ল্পের ঘর থে‌কে এক না‌রীর লাশ উদ্ধার!

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপু‌রের রায়পুর হাজীমারা আশ্রয়ন প্রক‌ল্পের ঘর থে‌কে “আসমা বেগম” (৩০) না‌মে এক না‌রির লাশ উদ্ধার ক‌রে‌ছে হাজীমারা ফাঁ‌ড়ি পু‌লিশ।

আজ শ‌নিবার (২০ আগস্ট) আনুমা‌নিক সময় সকাল ৯ টায় ৮নং দক্ষিণ চরবংশী ইউপির ৪নং ওয়ার্ডস্থ চরকাছিয়া হাজীমারা আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষের ভিতর থে‌কে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন হাজীমারা পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়। সংবাদ পে‌য়ে ঘটনাস্থল থে‌কে আসমা বেগ‌মের অর্ধগ‌লিত লাশ উদ্ধার ক‌রে ফাঁ‌ড়ি পু‌লিশ।

প্রাথমিকভাবে জানা যায়, বুধবার (১৭ আগস্ট ) আসমা বেগম ও তার স্বামী খোকন গাজীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের পর আসমা বেগমের স্বামী আসমা বেগমকে ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা দিয়া পালিয়ে যায়।

উদ্ধারকৃত না‌রীর লাশ ময়নাতদন্তের জন্য ম‌র্গে প্রেরণ করা হয়ে‌ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ব‌লে জানা যায়।

পদ্মা সেতুতে রেললাইন বসানোর কার্যক্রম শুরু

জাতীয় ডেস্কঃ আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এদিকে পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজও শুরু হয়ে গেল।

আগামী চার মাসের মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি ৬৬ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ শতাংশ। এ ছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি ৬৮ শতাংশ এবং ফিজিক্যাল অগ্রগতি ৭০ শতাংশ। এই মূল্যায়ন কনসালটেন্ট গ্রুপের, তবে চায়না কনস্ট্রাকশন গ্রুপের মূল্যায়ন কাজের অগ্রগতি আরও অনেক বেশি।

এর আগে গত ১৫ জুলাই রেলমন্ত্রী বলেছিলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের একটি। এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। সময়মতো বাস্তবায়নের জন্য প্রকল্পকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত, দ্বিতীয় অংশ মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এবং তৃতীয় অংশ ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।

উল্লেখ্য, ২০১৮ সালে পদ্মা সেতু ও এর দুই প্রান্তে রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রকল্প নেয়া হয়েছিল ২০১৬ সালে। শুরুতে যানবাহন চলাচলের সঙ্গে একই দিনে রেল চালুর পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু রেললাইন বসানোসহ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের কাজ পিছিয়ে আছে। পদ্মা সেতু নির্মাণ করেছে সরকারের সেতু বিভাগ। আর তাই সেতু দিয়ে ট্রেন চলাচল নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ রেলওয়ের।

 

মৌলভীবাজারে ৩ হাজার মিথাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ ১জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের কোর্ট রোর্ডের পৌরসভার সম্মুখ থেকে গোপন তথ্যের ভিত্তিতে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার শাখা।

জানা গেছে, শুক্রবার (১৯ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক তত্বাবধানে পরিদর্শক অমর কুমার সেনের নের্তৃত্বে ও বিভাগীয় রেইডিং দলের সহযোগিতায় সদর থানাধীন সরকারি স্কুলের মাঠ থেকে মোঃ শামীম (২৭) কে ৩ হাজার পিস মিথাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে এক জন’কে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারের পর তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশার আবদা গ্ৰামের মোঃ জিরা মিয়ার ছেলে শামীম। আটককৃত ইয়াবা ব্যবসায়ী শামীম পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।

এই অভিযানকালে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপপরিদর্শক মো:আবুল কালাম আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা।

মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের সার্বিক তত্বাবধানে আমরা জানতে পারি কক্সবাজার উকিয়া থানা এলাকা থেকে মোঃ শামীম ঢাকা হয়ে মৌলভীবাজার রাজনগর তার বাড়িতে যাওয়ার গোপন খবর পেয়ে সংগীয় ফোর্সসহ পৌরসভার সম্মুখ থেকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আজ শনিবার মৌলভীবাজার মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরন করা হবে।

সকল সামাজিক অপরাধ প্রতিহত করতে পুলিশকে সহযোগিতা করুন- ওসি মামুন

জোবায়ের আহমেদ, শাজাহানপুর, বগুড়া : সম্প্রতি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় কিশোর গ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, চুরি সহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে পুলশকে জনগণ কর্তৃক সার্বিক সহায়তার কথা বলেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। গত ১৮ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার জোড়া এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশেকপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয় আয়োজিত এক সচেতনতা মূলক সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এই দাবী জানান উপস্থিত জনতার নিকট।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু জাফর আলী, সঞ্চালনা করেন বিট পুলিশিং অফিসার এসআই মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি মেজবাউল আলম, আশেকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তাগন বিশেষ করে কিশোর গ্যাংএর সুদুরপ্রসারি ক্ষতিকর ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করেন।

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্কঃ আজ শনিবার (২০ আগস্ট) থেকে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ডানহাতি পেসার হাসান মাহমুদ। সে ক্ষেত্রে হাসানের এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বলে বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তখন জানানো হয়েছিল, এমআরআই রিপোর্ট শেষে জানানো হবে হাসান মাহমুদের এশিয়া কাপ ভবিষ্যৎ নিয়ে। তবে এটুক নিশ্চিত ছিল প্রস্তুতি ম্যাচে খেলবেন না এই পেসার। এদিন অনুশীলনের পর টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান। যদিও অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করা হবে এমআরআই শেষে।

এশিয়া কাপ ঘিরে বাংলাদেশ দলের চোট পাওয়া ক্রিকেটারের সংখ্যা যেন বেড়েই চলছে। লিটন দাস, ইয়াসির রাব্বীর পর এবার ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন হাসান মাহমুদ, শেখ মাহেদী। এই সময় ফিল্ডিং অনুশীলন করার সময়ে আচমকা ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। সঙ্গে সঙ্গে ফুলেও যায় ব্যথা পাওয়া অংশ। অন্যদিকে, শেখ মাহেদী চোট পেয়েছেন সতীর্থ মোসাদ্দেক হোসেনের বিপক্ষে বোলিং করার সময়। মোসাদ্দেককে বল করলে এই ব্যাটারের শট সরাসরি এসে আঘাত করে মাহেদীর পায়ে। ব্যথায় আর বোলিং না করে তৎক্ষণাৎ মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে যান।

উল্লেখ্য, দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফের আন্তর্জাজিত ক্রিকেটে ফিরেছিলেন হাসান। জিম্বাবুয়েতে দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নেন এশিয়া কাপের স্কোয়াডেও। কিন্তু দুর্ভাগ্যবশত ফের চোটে পড়লেন তিনি। ফলে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তরুণ এই পেসারের।

 

শ্রীমঙ্গলে ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুনবাজারে মুরগি এবং ডিমের পাইকারি এবং খুচরা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের প্রতিষ্ঠানে পাশাপাশি মুরগি এবং ডিমের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষন না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত সিজান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫ শত টাকা, মেসার্স বেনু পাল ডিমের দোকানকে ৪ হাজার টাকা, সালাম ডিমের আড়ৎ’কে ৪ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত নিশান ব্রয়লার হাউজকে ১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ডিম এবং মুরগি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং ন্যায্য দামে ডিম এবং মুরগি বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫’শ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

বঙ্গোপসাগরে খারাপ আবহাওয়ায় ১১ ট্রলারডুবিতে নিখোঁজ ৩৪ জেলে

সিএনবিডি ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১১টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাত দশটা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। এদিকে আবহাওয়া খারাপ থাকায় একহাজারের বেশি ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রলারডুবির বিষয়ে জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। উদ্ধার হওয়া জেলেরা কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল গণমাধ্যমকে জানান, সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।