সমঝোতা বৈঠকে হয়নি সমাধান; আন্দোলন অব্যাহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানে মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। শ্রমিকদের সাথে কথা বলতে শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরে আসেন শ্রম অধিদপ্তরের মহা পরিচালক খালেদ মামুন চৌধুরী। তিনি শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে আন্দোলন স্থগিত করে আলোচনায় বসার আহ্বান জানালে চা শ্রমিক ইউনিয়ন তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়।

গেলো  মঙ্গলবার দূপুর ১২টার দিকে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম অধিদপ্তর কার্যালয়ে উপস্থিত ছিলেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী জানান, শ্রমিকদের দাবিদাওয়া শুনেন। ধর্মঘট প্রত্যাহারের জন্য চা শ্রমিক নেতাদের অনুরোধ করেন। প্রতিদিন ৮ কোটি টাকা লোকসান হচ্ছে চা বাগান মালিকদের। ৩০০ টাকা মজুরীর বিষয়ে তিনি বাগান মালিকদের সঙ্গে আগামী ২৩ আগষ্ট ঢাকায় মন্ত্রী ও সচিবের নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে চা শ্রমিকদের মজুরীর বিষয়ে কথা বলবেন।

তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন জানান, তারা যে পর্যায়ে আছেন সেখান থেকে ফেরা সম্ভব না। তারা বলেন, তৃণমূল পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেখান থেকে মজুরী বৃদ্ধির ঘোষণা আসা ছাড়া ফেরা সম্ভব নয়।

উল্লেখ্য; শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন গত ৯ আগষ্ট থেকে সারাদেশে অনির্দিষ্ট কালের ধর্মঘট ২ ঘন্টা করে পালন করা হয়। এরপর ১৩ আগষ্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিক ধর্মঘট পালন করে। ১৪ ও ১৫ আগষ্ট ২ দিন স্থগিত থাকার পর ১৬ আগষ্ট পূর্ণদিবস ধর্মঘট পালন করে ও বাংলাদেশ শ্রম অধিদপ্তরের সাথে সমঝোতার বৈঠক হয়। দেশের ১৬৭ টি চাবাগানের ন্যায় মৌলভীবাজারের ৯২টি চা বাগানের শ্রমিকরা অংশ নিচ্ছে এই ধর্মঘটে।

ফেসবুকে অপপ্রচার, যুবলীগ সভাপতির সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘তালাশ টিম’ নামের একটি ফেসবুক আইডি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের নামে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় ফুলবাড়ী কাচারী মাঠের বটতলায় এ সম্মেলনের আয়োজন করেন কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলার অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আমিনুল ইসলাম বলেন, কাশিপুর ইউনিয়নটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এ এলাকায় দীর্ঘদিন থেকে মাদক চোরাচালান, তাসের মাধ্যমে জুয়া, অনলাইন ক্যাসিনো এমনকি মানব পাচারের মত জঘন্য অপরাধ সংঘটিত হয়ে আসছে।  বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগের সভাপতি হওয়ার কারনে আমি এ সকল অপরাধমুলক কর্মকাণ্ডের সরাসরি বিরোধিতার পাশাপাশি এলাকায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী প্রচার প্রচারণা ও সভা সেমিনার করে আসছি। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী, অনলাইন ক্যাসিনো পরিচালনাকারীরা উল্টো আমাকেই মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী এবং ক্রসফায়ারের আসামী আখ্যা দিয়ে ফেসবুক ও ইউটিউবে পোস্ট দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীরা উক্ত পোস্ট দেখে আমাকে জানালে আমি ভবিষ্যতের জন্য ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করি। যাহার নম্বর-৮৩০ তারিখ- ১৬/০৮/২২।

তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাদকের ব্যবসা করি এটা কেউ প্রমান করতে পারলে আপনারা যে শাস্তি দিবেন তা মাথা পেতে নিব। তিনি অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, শিমূলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন সহ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ ৫যাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রত্যেককে ১কোটি টাকা করে মোট ৫কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) সুপ্রিমকোর্টের আইনজীবী জাকারিয়া খানের পক্ষে আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) এই ঘটনায় আরেকটি রিট দায়ের করা হয়। সেখানে ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জনগণের চলাফেরায় প্রয়োজনীয় নিরাপত্তা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগুফতা আহমেদ এ রিট দায়ের করেন।

উল্লেখ্য, গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহত এবং আহত হয়েছেন দুইজন। গতকাল মঙ্গলবার বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এফবিআইয়ের বিরুদ্ধে পাসপোর্ট চুরির অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়িতে মার্কিন গোয়েন্দা সংস্থাটির তল্লাশির পর এফবিআইয়ের বিরুদ্ধে তিনটি পাসপোর্ট চুরির অভিযোগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত ৮ আগস্ট তল্লাশির সময় এফবিআই তার পাসপোর্ট চুরি করেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার (১৫ আগস্ট) তিনি এই দাবি করেন এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। খবর সিবিসি।

যদিও বিষয়টি নিয়ে এখনো এফবিআই থেকে কিছু জানানো হয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা যেন কোনোভাবেই থামছে না। গত সোমবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো বাসভবনে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশি অভিযানের পরপরই বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে চলে এসেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় জানান, এফবিআই তার তিনটি পাসপোর্ট চুরি করেছে। যার মধ্যে একটির মেয়াদ শেষ হয়ে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর এমন আক্রমণের নিন্দা করার পাশাপাশি তল্লাশির এ ঘটনাকে প্রতারণা ও রাজনৈতিক নিপীড়ন বলেও অভিহিত করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, এফবিআই তার নিরাপত্তায় শঙ্কা তৈরি করেছে এবং বিচার বিভাগকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। তিনি বলেন, ডেমোক্র্যাটদের মধ্যে কিছু কট্টর বামপম্হি আছেন তারা চান না যে সে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করুক। আর সামনের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান এবং রক্ষণশীলদের থামিয়ে দিতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। তিনি তার বাসা থেকে নিয়ে যাওয়া সব বাক্স ফেরত চেয়েছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে কীসের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে, তা জনগণের কাছে উন্মোচনের দাবি জানিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। তারা বলছেন, নজিরবিহীন এই অভিযান পরিচালনার জন্য সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও অভিযোগ থাকা প্রয়োজন। এমনকি একজন সাবেক প্রেসিডেন্টের বাড়ি থেকে নথি বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট কারণও জানতে চেয়েছেন তারা।

 

নওগাঁয় চলতি মওসুমে আমন ও আউশ চাষে ২৩ হাজার ৫শ কৃষকের মধ্যে ১ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকার প্রনোদনা বিতরন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় চলতি মওসুমের আমন এবং আউশ চাষে মোট ২৩ হাজার ৫শ কৃষকের মধ্যে ১ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের কৃষি প্রনোদনা হিসেবে বীজ ও সার বিতরন করা হয়েছে। এর মধ্যে চলতি রোপা আমন মওসুমে ৭ হাজার জন কৃষকের মধ্যে ৭ হাজার বিঘা জমির বিপরীতে মোট ৩৫ লক্ষ ৭০ হাজার টাকা এবং ১৬ হাজার ৫শ জন কৃষকের মধ্যে ১৬ হাজার ৫শ বিঘা জমির বিপরীতে মোট ৮৪ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের প্রনোদনা বিতরন করা হয়েছে।

কৃষি সম্পসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানিয়েছেন, প্রনোদনা হিসেবে প্রত্যেক কৃষককে তাঁদের এক বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি দেয়া হয়েছে। প্রতি কেজি বীজ ৪০ টাকা টাকা হিসেবে ২০০ টাকা, প্রতি কেজি ডিএপি ১৬ টাকা হিসেবে ১৬০ টাকা এবং প্রতি কেজি এমওপি ১৫ টাকা হিসেবে ১৫০ টাকা হারে প্রত্যেক কৃষক পেয়েছেন ৫১০ টাকার সামগ্রী। সেই হিসেবে ৭ হাজার আমন চাষের কৃষকের মধ্যে প্রনোদনা দেয়া হয়েছে ৩৫ লক্ষ ৭০ হাজার টাকার সামগ্রী।

উপজেলা ভিত্তিক আমন মওসুমে প্রনোদনা প্রাপ্ত কৃষকের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর সদর উপজেলায় ৪৫০ জন কৃষক, রানীনগর উপজেলায় ৬৩৫ জন কৃষক, আত্রাই উপজেলায় ২৯০ মজন কৃষক, বদলগাছি উপজেলায় ৫৩০ জন কৃষক, মহাদেবপুর উপজেলায় ৮৫০ জন কৃষক, পত্নীতলা উপজেলায় ৯০০ জন কৃষক, ধামইরহাট উপজেলায় ৭১০ জন কৃষক, সাপাহার উপজেলায় ৪৫০ জন কৃষক, পোরশা উপজেলায় ৬০০ জন কৃষক, মান্দা উপজেলায় ৬৩৫জন কৃষক এবং নিয়ামতপুর উপজেলায় ৯৫০ জন কৃষক।

অপরদিকে এ বছর আউশ চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে জেলায় ১৬ হাজার ৫শ জন কৃষককে একই পরিমাণ প্রনোদনা দেয়া হয়েছে।

উপজেলাভিত্তিক আউশ চাষে প্রনোদনা প্রাপ্ত কৃষকের সংখ্যা হচ্ছে-সদর উপজেলায় ১ হাজার ৯শ জন, রানীনগর উপজেলায় ১ হাজার ২শ জন, আত্রাই উপজেলায় ৯০০ জন, বদলগাছি উপজেলায় ১ হাজার ২শ জন, মহাদেবপুর উপজেলায় ২ হাজার ১শ জন, পত্নীতলা উপজেলায় ১ হাজার ৫শ জন, ধামইরহাট উপজেলায় ১ হাজার ৩শ জন, সাপাহার উপজেলায় ১ হাজার ১শ জন, পোরশা উপজেলায় ১ হাজার ১শ জন, মান্দা উপজেলায় ২ হাজার ২শ জন এবং নিয়ামতপুর উপজেলায় ২ হাজার জন।

উল্লেখিত পরিমাণ কৃষকদের মধ্যে অনুরুপ জনপ্রতি ৫১০ টাকা করে বীজ ও সার বিতরনের জন্য ব্যয় হয়েছে ৮৪ লক্ষ ১৫ হাজার টাকা।

কুলাউড়ায় ধানক্ষেতে মিললো যুবকের লাশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের কাছে একটি ধানক্ষেতের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

রজব আলী নামের ওই লাশ উপজেলার ট্রাটিউলি (হেবাইরতল) গ্রামের গোলাব আলীর ছেলে। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রের বরাতে জানা যায়, বিকেলে বিজিবি ক্যাম্পের পাশে রজব আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে কুলাউড়া থানা পুলিশে খবর জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে লাশ উদ্ধার করে মৃত ওই ব্যক্তির বাড়িতে নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের সাথে রাত ৯ টার দিকে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে জানান, উপজেলার মুরইছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের মধ্য দিয়ে রাস্তায় তার লাশ পড়েছিল। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার শাজাহানপুর থানা পুলিশ

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শাজাহানপুর থানা পুলিশ। ১৬ আগষ্ট  মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে সাতটা হতে রাত দশটা পর্যন্ত থানা এলাকার  মাঝিড়া বাজার,  বি ব্লক বাজার,  বৃকুষ্টিয়া রোড, ক্ষুদ্র কুষ্টিয়া, ডোমনপুকুর, বেলপুকুর, খরনা প্রভৃতি এলাকায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনামূলক অভিযান পরিচালনা করা হয়।

শাজাহানপুর থানার  অফিসার ইনচার্জ(ওসি)  আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন বাজারে দুই/তিন হাজার মানুষকে তাদের সন্তানদের খোঁজ খবর রাখা, অকারণে ঘোরাফেরা না করা, মাদক সংশ্লিষ্টদের সাথে না মেশা এবং সন্তানকে নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নিতে বলেন। কিশোরদেরকে সন্ধ্যার আগেই ঘরে ফিরে পড়ালেখা করতে বলা হয়। কিশোরদেরকে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম,  এস আই শামীম আহমেদ ,  এস আই শামীম হাসান,  এস আই রেজাউল করিম,  এ এস আই সেকেন্দার বাদশা প্রমূখ।

সাধারণ জনতা অফিসার ইনচার্জের সাথে এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,  কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।  তিনি আরও বলেন, এই কিশোরেরা যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হয় এবং তাদের জীবন যেন বিপথে না যায় এটাই তার প্রত্যাশা।

এদিকে শাজাহানপুর থানা পুলিশের এমন উদ্যেগের ভূয়সী প্রশংসা করছে থানা এলাকার সর্বস্তরের জনগণ।

দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি -জামাত জোট সরকারের শাসনামলে সংগঠিত দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়ী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি মাঠে এসে সমবেত হয়। উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবির লেবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বক্তব্য রাখেন।

কাতার বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া!

স্পোর্টস ডেস্কঃ পিএসজি থেকে এবারের গ্রীষ্ম মৌসুমে জুভেন্টাসে যোগ দেয়া অ্যাঞ্জেল ডি মারিয়ার সিরি আ অভিষেকটা হয়েছিল স্মরণীয়। সাসুওলোর বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই লিড পেয়েছিল। তবে গত সোমবার (১৭ আগস্ট) রাতে হওয়া সেই ম্যাচের ৬৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডি মারিয়া। অ্যাডাক্টরের চোটে পড়ায় ৩৪ বর্ষী ফুটবলারের কাতার বিশ্বকাপে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে।

ডি মারিয়ার ইনজুরি প্রসঙ্গে জুভেন্টাস কোচ মার্সিমিলিয়ানো অ্যালেগ্রি জানান, এক সপ্তাহ আগেও তার এই অ্যাডাক্টর সমস্যা ছিল। আমরা যখন ৩-০ তে এগিয়ে ছিলাম, সম্ভবত আমার তাকে সরিয়ে নেয়া উচিৎ ছিল। তবে সে মাঠে উপভোগ করছিল। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা এমন একটি খেলায় জিতেছি যা আমরা সত্যিই জিততে চেয়েছিলাম। জেতা কোনোভাবেই সহজ ছিল না। ইনজুরি কোন অবস্থায় রয়েছে, সেটি জানতে ১০ দিন পর আবারও ডি মারিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তবে সাম্পদোরিয়া ও রোমার বিপক্ষে তার যে খেলা হচ্ছে না, সেটি পুরোপুরি নিশ্চিত।

এদিকে, কাতার বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির জন্য উদ্বেগের বিষয় হবে। কারণ স্কোয়াডের একজন অভিজ্ঞ খেলোয়াড় না থাকাটা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অক্টোবরের শুরুতে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। পুরো ক্যারিয়ার জুড়ে পায়ের পেশীর সমস্যা নিয়ে লড়াই করা ডি মারিয়ার নাম স্কোয়াডে না রাখতে পারাটা আর্জেন্টাইন কোচের জন্য হবে হতাশাজনক।

 

দেশে ফিরলেন শাকিব খান, বিমানবন্দরে ভক্তের ঢল!

বিনোদন ডেস্কঃ দীর্ঘ নয় মাস পর আজ বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এই দীর্ঘ সময় তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন। আর তার দেশে ফেরার এই খবরে উচ্ছ্বসিত ভক্তরা বিমানবন্দরে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণের প্রস্তুতি নিয়েছেন।

জানা যায়, আজ বুধবার দুপুর ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। গণমাধ্যমকর্মী ও শত শত ভক্তের উপস্থিতিতে মুগ্ধ হন এই নায়ক। বিমানবন্দর থেকে শাকিব খানকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।

দুপুর ১টা ৩০ মিনিটে বিমান বন্দর থেকে বাইরে বের হন শাকিব খান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, খুব মিস করেছিলেন দেশকে। ভালোবাসার টানে তাই ফিরে আসলেন। শাকিব খান আরো বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এত মিস করেছেন, ভালোবেসেছেন, আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এত দিন আমি ভীষণ মিস করেছি। আমি বিমানে উঠে কিছুক্ষণ পরপর এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে। আমি নিজেও আপনাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে ছিলাম।’

কাজ নিয়ে তিনি বলেন,  ‘মাত্রই তো দেশে এলাম। আগামীতে কী কাজ করব, তা সময়ই বলে দেবে। তবে এটুকু বলতে পারি স্পেশাল খবর আসছে। সামনে অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করছে। আমার চেষ্টা ছিল সব সময়ই বাংলা ছবির জন্য কিছু করার। আমাদের বাণিজ্যিক ছবি বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করেছি। একটা জিনিস বুঝতে হবে, সিনেমার জন্য ভাষা কোনও ফ্যাক্ট না। কোরিয়ান ছবি, তামিল ছবি, অন্য ইন্ডাস্ট্রির ছবি বিশ্ব বাজারে দাপিয়ে বেড়াচ্ছে। আমাদেরও সেদিকটা নিয়ে কাজ করতে হবে।’

উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।