বঙ্গবাজারে অতিরিক্ত পণ্যের কারণে আগুন স্থায়ীভাবে নেভাতে সময় লাগছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারের প্রতিটি দোকানেই নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য মজুত ছিল। এ কারণে আগুন স্থায়ীভাবে নেভাতে সময় লাগছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সার্বিক অবস্থা এবং ফায়ার সার্ভিসের বর্তমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম জানান, গতকাল (মঙ্গলবার) সারাদিন, সারারাত পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখতে কাজ করেছেন এবং এখনও তা অব্যাহত রয়েছে। তবে দোকানগুলোতে অতিরিক্ত পণ্য মজুতের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। তারা আগুনের উৎসের কাছাকাছি যেতে পারছেন না। এজন্য কিছুটা সময় লাগছে এবং মাঝেমধ্যেই ধোঁয়া দেখা যাচ্ছে।  
তিনি বলেন, ‘মূলত এই ভবনে মালামাল মজুতের ক্ষেত্রে যেসব নিয়ম-নীতি মানা প্রয়োজন ছিল, সেটি সম্পূর্ণ অনুপস্থিত। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা আগুন বাড়তে দিচ্ছি না।’
ফায়ার সার্ভিসের আহত আট ফায়ার ফাইটারের সবশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ৮ জনের মধ্যে ৬ জন সম্পূর্ণ শঙ্কামুক্ত। তবে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
‘মানুষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে একজন কণ্ঠনালীতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি এখনও শঙ্কামুক্ত নন। এটি অত্যন্ত পীড়াদায়ক। আপনাদের কাজ করতে গিয়েই আমরা আহত হচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়টি খেয়াল রাখতে হবে,’ বলেন তিনি।
 
এখনও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিসের এ পরিচালক বলেন, এই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে পানি স্বল্পতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুরে ১৪টি পাম্প সেট করে পানি আনতে হয়েছে। এ ছাড়া আর অন্য কোথাও থেকে পানি আনা সম্ভব হয়নি।
 
গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর সোয়া ৬টার দিকে। একে একে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও। সবার চেষ্টায় বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর।

মেট্রোরেলের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে

জাতীয় ডেস্কঃ মেট্রোরেল আজ বুধবার (৫ এপ্রিল) থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল শুরু হয়েছে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা বাড়ানো হয়েছে সময়।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে নতুন এ সূচির বিষয়টি জানানো হয়। ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছিল।

সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি (৯টি) স্টেশন এপ্রিল মাসের মধ্যে চালু হয়ে যাবে। আগামী জুলাই মাস থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হবে। এরপর প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই উড়াল ট্রেন।’

এম এ এন ছিদ্দিক বলেন, ‘যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বৃদ্ধি করা হয়েছে। জুলাই মাস থেকে আগরগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে পারফরম্যান্স টেস্ট শুরু হচ্ছে।’

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ভায়াডাক্টের ওপরের তার টানা হয়ে গেছে, আর বিদ্যুতের রিসিভিং সাব-স্টেশনের কাজ চলছে।’

প্রকল্প সূত্রে জানা গেছে, বিজয় সরণি ৯০ শতাংশ, ফার্মগেট ৯৫ শতাংশ, কাওরানবাজার স্টেশন ৯০ শতাংশ, শাহবাগ স্টেশন ৯০ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৯৭ শতাংশ, সচিবালয় স্টেশন ৯০ শতাংশ, মতিঝিল স্টেশনের ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কলা গাছ থেকে তৈরি ‘কলাবতী’ শাড়ির উদ্ভাবককে সংবর্ধনা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ গ্রামে সংবর্ধিত হলেন দেশে প্রথমবারের মতো দেশের ইতিহাসে কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি করে মণিপুরি শাড়ির উদ্ভাবক রাধাবতী দেবী। সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামে ইন্দো বাংলা এবং ভানুবিল মাঝেরগাওঁ কমিউনিটি বেইজড ট্যুরিজম এর উদ্যোগে কলাগাছ থেকে কলাবতী শাড়ি উদ্ভাবক রাধাবতী দেবীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ভানুবিল মাঝেরগাঁও কমিউনিটি বেইজড পরিচালক থৌওনাজম নিরঞ্জন সিংহের সভাপতিত্বে ট্যুরিজম এর সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের মণিপুর থেকে আগত ১৯ জন প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, কবি সনাতন হামোম, কিয়াম ইবচোউ সিংহ, অরুণ কুমার সিংহ, টিএইচ শ্যাম সিংহ, এন নবচন্দ্র সিংহ, জিতেন সিংহ, কেএইচ নিমাই সিংহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কমলগঞ্জের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের কৃতি সন্তান মণিপুরি তাঁতশিল্পী রাধাবতী দেবী চ্যালেঞ্জ নিয়ে ১৫ দিনের অক্লান্ত পরিশ্রমে বান্দরবান জেলা প্রশাসকের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে প্রথমবারের মতো শাড়িটি তৈরি করতে সফল হয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। এজন্য রাধাবতী দেবী মণিপুরি সমাজ ও কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলাবাসী জন্য গর্বিত ও আনন্দিত। মণিপুরি সমাজের ঘরে ঘরে এখন আনন্দের বন্যা বইছে। এ আনন্দ যেন হয়ে উঠে মৌলভীবাজার জেলাবাসীর কল্যানে।

গ্রেপ্তারের পর মুক্ত হয়ে আদালত ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজই তার ফ্লোরিডার বাড়িতে ফেরার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় তাকে কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল। ট্রাম্পের সঙ্গে তার আইনজীবীরা ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি সাবেক এই প্রেসিডেন্ট। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে গেছেন। আদালতে ঢোকার আগেও ট্রাম্প সেখানে সমবেত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

সিএনএনের খবরে বলা হয়, আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়নি। পরে সার্বিক প্রক্রিয়া শেষে তিনি আদালত চত্বর ছেড়েছেন।

এর আগে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট এলাকায় যান। সেখানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। ট্রাম্পের উপস্থিতি ঘিরে শুধু ম্যানহাটান নয় পুরো নিউইয়র্কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্প টাওয়ারসহ ম্যানহাটানের ফিফথ অ্যাভিনিউজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

 জাতীয় ডেস্কঃ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমান মারা গেছেন। আজ বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রোকেয়া আফজাল রহমানের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা এই সভাপতি মৃত্যুর আগ পর্যন্ত মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

রাণীশংকৈলে গাঁজাসহ ৩ জন আটক

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের রংপুরিয়া মার্কেট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো.ভোলার বাড়ি হতে ৪শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে পৌরশহরের ভান্ডারা এলাকার আজিজুল হকের ছেলে মাজেদুল ইসলাম (৩৫), জমিরুল হকের ছেলে আক্তারুজ্জামান (৩৫) ও আবু তাহেরের ছেলে মানিক (২৬) কে আটক করে। এ সময় তাদের কাছে ৪শ গ্রাম গাঁজা ও একটি গাঁজা সেবনের কলকি পাওয়া যায়। টের পেয়ে মাদক ব্যবসায়ী ভোলা আগেই পালিয়ে যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরশহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ভোলার বাড়ি থেকে ৩ যুবককে গাঁজাসহ আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার ৫ এপ্রিল তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।

বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে

জাতীয় ডেস্কঃ বছরব্যাপী বাংলাদেশে জাতিসংঘ কান্ট্রি টিম এ দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রগতির সুরক্ষা ও প্রচারে জনগণ এবং বাংলাদেশ সরকারকে সমর্থন অব্যাহত রেখেছে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় তাদের ২০২২ সালের মূল প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) জাতিসংঘ বাংলাদেশ আবাসিক সমন্বয়কারীর অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউনাইটেড নেশনস সাসটেইনেবল কো-অপারেশন ফ্রেমওয়ার্ক (ইউএনএসডিসিএফ) ২০২২-২০২৬ পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের প্রথম বছরে এ দেশে পরিচালিত বিভিন্ন উদ্যোগের ফলে লাখ লাখ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে।

টেকসই উন্নয়ন অর্জনে সহায়তার অগ্রগতির পাশাপাশি জলবায়ু-সম্পর্কিত বিপর্যয় এবং রোহিঙ্গাদের মানবিক সংকটে সাড়া প্রদানের জন্য এ দেশের প্রস্তুতি, জাতিসংঘ কান্ট্রি টিম এবং মানবিক সাড়া প্রদানকারী অংশীদাররা জোরদার সমর্থন করেছে।

প্রতিবেদনটি উপস্থাপনের সময় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিবেশ সত্ত্বেও জাতিসংঘ এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, নীতিমালা জোরদার করার পাশাপাশি কতগুলো ধারাবাহিক উদ্যোগ ও সেবা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের জনগণ ও সরকারকে অগ্রসরমান সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। খাদ্য নিরাপত্তা, পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা, শিশু সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতায় বেঁচে যাওয়া মানুষগুলোর জন্য সহায়তা, নিরাপদ, বৈধ ও নিয়মিত অভিবাসন, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্র জোরদার করার প্রয়াস অব্যাহত রয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য জাতিসংঘ এ দেশের জনগণ ও সরকারকে অগ্রসরমান সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে রোহিঙ্গা সংক্রান্ত মানবিক সংকট মোকাবিলার লক্ষ্যে ওই বছরের শেষ নাগাদ যৌথ সহায়তা পরিকল্পনার (জেআরপি) আওতায় ৮৮১ মিলিয়ন ইউএস ডলারের একটি অগ্রাধিকারভিত্তিক আবেদনের ৫৯ শতাংশ তহবিল (৫২০.৫ মিলিয়ন ইউএস ডলার) সংগৃহীত হয়। ওই তহবিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ মানবিক ও মৌলিক সেবাগুলো সফলভাবে প্রদান করা হয়।

প্রতিবেদনটিতে বাংলাদেশে জাতিসংঘের কাজের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়— যা তিনটি অধ্যায় নিয়ে গঠিত।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেল ও রেস্টুরেন্টে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে ওজনে কম, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত নিউ কুমিল্লা হোটেলকে ১০ হাজার টাকা, জনি হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, শ্রীহরি স্টোরকে ৪ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একসঙ্গে পাঁচটি গ্রহাণু

পৃথিবীর দিকে একসঙ্গে পাঁচটি গ্রহাণু ধেয়ে আসছে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই পাঁচটি গ্রহাণুই আমাদের পৃথিবীর খুব কাছে আসবে, তাদের মধ্যে দুটো আজ পৃথিবীর নিকটতম অবস্থানে থাকবে বলে নাসা সূত্রের খবর।

নাসা জানিয়েছে, যে পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে আসছে, তাদের মধ্যে সবচেয়ে বড় আকারের গ্রহাণুটির আয়তন প্রায় ১৫০ ফুট। ওই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে এলে সমস্যা হতে পারে। বাকি গ্রহাণুগুলো আকারে ছোট।

গ্রহাণুগুলোর নামকরণ করেছে নাসা। প্রথম গ্রহাণুটি ৪৫ ফুটের, যেটি সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গেছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ এফইউ৬। এর পর পৃথিবীর দিকে এসেছে ৮২ ফুটের একটি গ্রহাণু। সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কথা। দ্বিতীয় গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২৩ এফএস১১। তৃতীয় গ্রহাণু ২০২৩ এফএ৭-এর আয়তন ৯২ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে মঙ্গলবার। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে বুধবার। এই গ্রহাণুটি আকারে একটি বাড়ির সমান, আয়তন প্রায় ৬৫ ফুট।

এদিকে নাসার নজরে রয়েছে পঞ্চম এবং শেষ গ্রহাণুটি। তার নাম দেওয়া হয়েছে ২০২৩ এফজ়েড৩। গ্রহাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় এটিই, আয়তন প্রায় ১৫০ ফুট। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে বৃহস্পতিবার।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘণ্টায় ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার বেগে। ৬ তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা ৪১ লাখ ৯০ হাজার কিলোমিটার। মহাশূন্যের বিচারে এই দূরত্ব অনেকটাই কম। তবে নাসার বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, ১৫০ ফুটের এই গ্রহাণুর দ্বারা আপাতত পৃথিবীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। সুত্রঃ নিউজ১৮ বাংলা।

তাইজুলের স্পিন কারিশমায় ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

বাংলাদেশ বনাম আয়ারল্যন্ডের একমাত্র টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ইনিংসে তাইজুলের স্পিন কারিশমায় ২১৪ রানে অলআউট হয়েছে ঘরের মাঠে সফরকারী আয়ারল্যন্ড। বল হাতে আইরিশ শিবিরকে একাই ধ্বংস করে দিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। স্পিন কারিশমায় ৫৮ রানে তিনি একাই ৫ উইকেট শিকার করেছেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ দুই ওপেনার জেমস ম্যাককুলাম আর মুরে কমিন্স সাবধানে ইনিংস শুরু করেছিলেন। তবে তারা বেশিক্ষণ সে প্রতিরোধ গড়তে পারেননি। পঞ্চম ওভারে কমিন্সকে এলবিডব্লিউতে কাবু করে ব্যক্তিগত ৫ রানে বিদায় করেন শরিফুল ইসলাম। ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাককুলাম। ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে বালবার্নি-টেক্টর প্রতিরোধের চেষ্টায় ছিলেন। তবে তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউতে কাবু হয়ে যান বালবার্নি। ৫০ বলে ১৬ করে ফেরেন বালবার্নি। ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড।

এরপর  চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন ক্যাস্পায়ার এবং টেক্টর। তবে ব্যক্তিগত ৫০ রান মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টেক্টর। পরবর্তীতে ক্যাস্পায়ারকেও ফিরিয়ে দেন দেন তাইজুল ইসলাম। ৩৪ রানে থাকা অবস্থায় এই ব্যাটার লিগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। এরপর আবারো আইরিশ শিবিরে আঘাত হানেন তাইজুল। পিটার মুরকে ১ রানে থাকা অবস্থায় প্যাভিলিয়নের পথ ধরান এই স্পিনার। ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসের কবলে পড়ে আইরিশরা। এরপর ১৪৫ রানে ৬ উইকেট হারিয়ে চা পানের বিরতিতে গিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু চা পানের বিরতি থেকে ফিরে আইরিশরা আর ৬৯ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। কেননা তাইজুলের স্পিন কারিশমায় ২১৪ রানেই অলআউট হয়েছে আইরিশরা।