গাড়ি দুর্ঘটনায় আহত হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ মারা গেছেন

বিনোদন ডেস্কঃ হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ মারা গেছেন। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত এই অভিনেত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

গত শুক্রবার (৫ আগস্ট) গাড়ি দুর্ঘটনায় আহত হন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাশ। দুর্ঘটনার সময় নিজেই গাড়িটি চালাচ্ছিলেন অভিনেত্রী। দুর্ঘটনাটি ঘটে পশ্চিম লস অ্যাঞ্জেলসে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে গিয়ে আঘাত হানে গাড়িটি। দুর্ঘটনার পরে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন তিনি। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পারিবারিক মুখপাত্র। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এক উজ্জ্বল আলোকে হারালাম। হারিয়ে ফেললাম এক প্রাণোচ্ছল, দয়ালু মানুষকে, যত্নশীল মা ও বিশ্বস্ত বন্ধুকে।

উল্লেখ্য, নব্বই দশকের একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছিলেন অ্যান হ্যাশ। তার মাঝে ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’, ‘সিক্স ডেইজ সেভেন নাইটস’ এবং ‘ডোনি ব্রাসকো’ অন্যতম।এছাড়া নিয়মিত ছোট পর্দায় অভিনয় করছিলেন তিনি। ‘দ্য ব্রেভ’, কোয়ান্টিকো, ‘শিকাগো পিডি’র মতো অসংখ্য হিট টেলিভিশন সিরিজে দেখা গেছে তাকে।

বগুড়ার শেরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ১১আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

আরও বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার এসআই আব্দুস সালাম, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক প্রমুখ।

সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে প্রাণ হারালো যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রোড রেল ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১০ আগষ্ট) সকালে ষ্টেশনে প্রবেশকালে ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরমান আলী (৩৪)। সে দিনাজপুর রেলওয়ে কলোনির বাসিন্দা ইসলাম আলীর একমাত্র ছেলে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড ষ্টেশন মাস্টার মো: আফতারুল ইসলাম ও দিনাজপুর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রায়হান।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রায়হান জানান, সকালে ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড ষ্টেশনে প্রবেশকালে আরমান আলী দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মর্মে তিনি জানান।

শুদ্ধাচার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন অমলেন্দু কুমার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শুদ্ধাচারে মৌলভীবাজারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ।

‍‍‍‌”সুখী-সমৃদ্ধ সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে এবং রাস্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে যুবদের জীবনমান উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত সার্বিক যুব কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি  স্বরুপ যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমেলন্দু কুমার দাশ পুরস্কৃত হন।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ শুদ্ধাচার চর্চায় মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা ক্যাটাগরীতে সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক তার হাতে তুলে দেওয়া হয়।

তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠার পাশাপাশি সুনামের সাথে যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার সদরের সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

নবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শ্যামল রায় ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও ১নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান ও ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাসেদুল কবির রাজু ও নবাবগঞ্জ বিট কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।

রাণীশংকৈলে ১৫ আগস্ট পালনের প্রস্তুতি সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার (১০ আগস্ট) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভৈর সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সহকারি কমিশনার(ভূমি)ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম, আবুল কাসেম, জীতেন্দ্রনাথ বর্মন ও শরৎচন্দ্র রায়সহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মী, কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও তার বক্তব্যে সরকারি নির্দেশনার আলোকে ১৫ আগস্ট যথাযথভাবে পালনের জন্য গঠিত উপ-কমিটির সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

মেক্সিকোতে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জন। গতকাল শুক্রবার (১২ আগস্ট) দেশটির সীমান্তবর্তী কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে জানা যায়,  দুই গ্রুপের সংঘর্ষে  পর সে খবর জানাজানি হলে গ্রুপ দুটির সদস্যরা বাইরে হামলা চালায়। এ সময় অতর্কিত গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে তারা। এ ছাড়া পুড়িয়ে দেয় বেশ কয়েকটি দোকানপাট।

দেশটির প্রেসিডেন্ট হত্যার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া হামলাকারীদের শনাক্ত করে কঠিন শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় দুই কারাবন্দি নিহত হয়। এতে আহত হয় চারজন। স্থানীয় গণমাধ্যমে দাঙ্গার জন্য সিনালোয়া কার্টেলকে দায়ী করা হয়েছে। এই গ্যাংয়ের সাবেক নেতা জোয়াকিন এল চ্যাপো গুজম্যান যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন সাজা খাটছেন। 

 

রায়পুরে স্বামী-স্ত্রীর কল‌হের জে‌রে স্বামীর আত্মহত্যার অ‌ভি‌যোগ

জ‌হির, লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে স্বামী-স্ত্রীর কল‌হের জে‌রে স্বামী গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা কর‌ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ‌গলায় ফাঁসে নিহত ব্যা‌ক্তির নাম আবদুর রব (৬০) ব‌লে জানা যায়। গলায় ফাঁসে নিহত ব্যা‌ক্তি আলী আহাম্মদ সোয়া‌নি বা‌ড়ির মৃত  শ‌ফি উল্যার ছে‌লে।

ঘটনা‌টি ঘ‌টে রায়পুর উপ‌জেলার ৬ নং কে‌রোয়া ইউ‌নিয়‌নের ৬ নং ওয়া‌র্ডের আলীআহাম্মদ সোয়া‌নি বা‌ড়ি‌তে।

সূ‌ত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ আগস্ট) রা‌তে স্বামী-স্ত্রীর মা‌ঝে ঝগড়াঝাঁ‌টি হয়। উক্ত ঘটনার পরবর্তী বুধবার (১০ আগস্ট) সকাল অনুমান ৭:০০ টার সময় নিহত ব্য‌ক্তির বাড়ির লোকজন  বাড়ির উত্তর – পশ্চিম পাশে বাগানে সুপারি গাছের পাতা কুড়াইতে গেলে দেখতে পায় যে, “আব্দুর রব” একটি রেন্ডি করি গাছের সাথে দড়ি দ্বারা গলায় ফাঁস লাগা‌নো ঝুলে আছে।

খবর পে‌য়ে উক্ত ঘটনাস্থলে রায়পুর থানা পুলিশ নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য লাশ ম‌র্গে প্রেরন ক‌রে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন কলেজপড়ুয়া এক তরুণী। সোমবার বিকেল ৫টা থেকে উপজেলার রাজনগর ইউনিয়নের খারপাড়া এলাকার তানিম শেখের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

তানিম শেখ উপজেলার ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুক শেখের ছেলে। অনশনে বসা ওই তরুণী মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামের বাসিন্দা।

ওই কলেজছাত্রী জানান, চার মাস ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে তানিম শেখ তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। গত ১লা জুন তানিম শেখ তাঁকে বিয়ের কথা বলে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যান এবং উপজেলার মেহেরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সারা রাত রেখে ভোর ৬টায় বেরিয়ে যান। পরে দেখা করতে এলে স্থানীয়রা তাঁকে আটক করে সালিসের ব্যবস্থা করেন। স্থানীয় সালিসে তানিম শেখ প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন। কিন্তু সুযোগ বুঝে পালিয়ে যান। তানিম শেখের বাবা গত ৯ই জুন বিয়ের তারিখ ধার্য করার শর্ত দিয়ে মুচলেকা দেন। সালিসের দু’দিন পর তানিমের বাবা বিয়ে দিতে অস্বীকৃতি জানান। এরপর তানিম শেখ, তাঁর বাবা ও ভাইকে আসামি করে মামলা করেন তিনি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। তানিম বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই কলেজপড়ুয়া তরুণী।

এ বিষয়ে অভিযুক্ত তানিম শেখ মোবাইল ফোনে জানান, ওই তরুণীর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না তাঁর। বন্ধুর পারিবারিক বিষয় মীমাংসা করতে গিয়ে তরুণীর সঙ্গে পরিচয় ঘটে। মেয়েটি অন্যত্র পালিয়ে যেতে তাঁর সহযোগিতা চান। সেই সহযোগিতা করার সুবাধে রাজনগর মেহেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যান তিনি। পরে দেখা করার কথা বলে তাঁকে আটক করে জবানবন্দি নেওয়া হয়।

তানিম শেখের মা বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।’

রাজনগর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবলু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মেয়েটি অবস্থান করছে। বিষয়টি নিয়ে পরিবার এবং থানা-পুলিশের সঙ্গে আলোচনা চলছে।’

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর সাথে রাত দশটার দিকে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ওই কলেজছাত্রী আদালতে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলাটি সিআইডি তদন্ত করছে এবং রাজনগর থানায় ছেলের বাবার নামে বিয়ের শর্ত ভাঙার একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি। অনশনে জনগণের জন্য বিরক্তিকর বিষয়। কিছু ঘটলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।’

কাশ্মিরে সেনাশিবিরে হামলায় তিন সেনাসহ ৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সেনাশিবিরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন সেনাসহ ৫জন নিহত হয়েছে। মৃতদের মধ্যে দুই জঙ্গিও আছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে কাশ্মিরের রাজৌরির সেনাশিবিরে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, দুইজন সন্ত্রাসী সেনা শিবিরে ঢুকে যায় এবং নির্বিচারে গুলি চালাতে থাকে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়।

পুলিশের এডিজিপি মুকেশ সিং বলেন, আজ ভোরের আগে দুই সন্ত্রাসী সেনাঘাঁটির সীমানা প্রাচীর পার হওয়ার চেষ্টা করলে দায়িত্বরত এক সেনা সদস্য তাদের দেখে গুলি চালায়। এরপরই উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বা গোষ্ঠী রয়েছে। জম্মুতে পুলিশ লস্করে-ই-তৈয়বার একটি ঘাঁটি ধ্বংস করেছে এর পর থেকেই তারা এমন হামলা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে কাশ্মিরের উরিতে একই ধরনের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছিল। ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মিরের কোনো সেনাঘাঁটিতে এটিই প্রথম বড় কোনো হামলার ঘটনা ঘটল।