দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয় করতে কাজ করছে ট্যারিফ কমিশন: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতিক ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশী দেশগুলোর তুলনায় তা এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে এবং দাম সমন্বয় করার জন্য ট্যারিফ কমিশন কাজ করছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে কেবিনেট বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে সেটা তুলনামূলক অনেক বেশি। ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে তিনি আশ্বস্ত করছেন, দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে।

তিনি বলেন, ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়টি ট্যারিফ কমিশন দেখছে। খুব শিগগিরই সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও প্রতিবেশী দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম কম।

উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রীর মতে বাণিজ্য মন্ত্রণালয়ের একার কিছুই করার নেই এখানে। তিনি মনে করেন, ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দশম স্থানে বাংলাদেশ দল

শিক্ষা ডেস্কঃ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দশম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সম্মিলিত স্কোর ১৯৭ দশমিক ৮০ এবং দলগত মেধাক্রম দশম। গত ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়াতে ইউনিভার্সিটি কলেজ লন্ডন আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৭০০ জনের বেশি শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্নাতক শ্রেণির, যাদের সর্বোচ্চ বয়সসীমা ২৩ বছর। বাংলাদেশ দল থেকে এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অতনু রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান নওশাদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের রহমান এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হাসান কিবরিয়া।

বাংলাদেশ গণিত সমিতির তত্বাবধানে ২৯তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (আইএমসি) ২০২২ এ বাংলাদেশ দল  ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনলাইনে অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম দলটির কোচের দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

ড. মো. শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যে বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। আমাদের দেশ থেকে প্রথম এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

 

বাংলাদেশে এখন সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে : টিআইবি

জাতীয় ডেস্কঃ বাংলাদেশে সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার (১০ আগস্ট) সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন।

অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সম্প্রতি ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে জানান ড. ইফতেখারুজ্জামান। মূলত, এটি গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস এবং বাংলাদেশে এখন সাংবাদিকতা কঠিন হয়ে উঠছে বলে বলেন তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবিক অর্থে অধিকাংশ ক্ষেত্রেই বিচার শেষ হয় না। এ অবস্থায় অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে টিআইবি। একইসঙ্গে সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ আইনের দাবিও জানিয়েছে তারা।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত অন্তত ১১৯ জন সাংবাদিক নানামুখী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে, অতিসম্প্রতি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে বিরাজমান অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহকালে ঢাকা ও বরিশালে অন্তত তিনজন টেলিভিশন সাংবাদিকের ওপর সংঘবদ্ধ ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

এদিকে, টিআইবি জানায় যে বিশ্ব দায়মুক্তি সূচক-২০২১ অনুযায়ী, সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় বাংলাদেশের ১০ম অবস্থান সাংবাদিকতার প্রকট ঝুঁকির দৃষ্টান্ত। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২২’ অনুযায়ী, ১০ ধাপ পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম। এটি প্রমাণ করে যে সাংবাদিকতা এ দেশে ধারাবাহিকভাবেই কঠিন হয়ে উঠছে।

 

টানা ৮ ম্যাচে নিউজিল্যান্ডের জয়!

স্পোর্টস ডেস্কঃ তিন-ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। গতকাল বুধবার (১০ আগস্ট) নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের লক্ষ্য খেলতে নেমে ৭ উইকেটে ১৭২ রান করতে সক্ষম হয় উইন্ডিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের টানা অষ্টম জয় এটি। যার শুরুটা হয়েছিল আয়ারল্যান্ডকে ৩১ রানে হারিয়ে।

কিংস্টনের সাবিনা পার্কে ১৮৫ রানের জবাবে খেলতে নেমে ব্যক্তিগত ১ রানে আউট হন উইন্ডিজ ওপেনার কাইল মেয়ার্স। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিম সাউদি। ৮ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন নিকোলাস পুরান। ডেভন থমাস রানের খাতা খুললেও ১ রানেই ফিরে যান লকি ফার্গুসনের শিকার হয়ে।

এরপর উইন্ডিজের জন্য অবশ্যম্ভাবী হয়ে যায় জয়ের জন্য বড় রানের জুটি গড়া। কিন্তু স্বাগতিকরা উইকেট হারায় নিয়মিত বিরতিতে। দলীয় ৪৯ রানে শিমরন হেটমায়ার, ৭৯ রানে শামারাহ ব্রুকস, ১০৭ রানে রোভম্যান পাওয়েল ও ১১৪ রানে জেসন হোল্ডারের উইকেট হারায় তারা। হোল্ডার ২৫, পাওয়েল ১৮ ও হেটমায়ার ২ রান করতে সক্ষম হন।

কিন্তু অষ্টম উইকেট জুটিতে জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন রোমারিও শেফার্ড ও ওডেন স্মিথ। দুজনে গড়েছিলেন ৫৮ রানের জুটি। শেফার্ড ১৬ বলে ৩১ ও স্মিথ ১২ বলে ২৭ রান করেন। তাতেও জয়টা অধরা থাকে স্বাগতিক দলের। কিউইদের হয়ে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মিচেল স্যান্টনার। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়া ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসন ও ইশ সোধি নেন একটি করে উইকেট।

উল্লেখ্য, এর আগে কেন উইলিয়ামসনের ৪৭, ডেভন কনওয়ের ৪৩, জিমি নিশামের ৩৩ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন স্মিথ। একটি করে উইকেট পান হোল্ডার ও ওবেদ ম্যাককয়।

 

পুত্রসন্তানের বাবা-মা হলেন রাজ-পরী

বিনোদন ডেস্কঃ বাবা-মা হয়েছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। গতকাল বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন পরী।

ছেলের জন্মের খবরে উচ্ছ্বসিত হয়ে অভিনেতা শরিফুল রাজ ফেসবুকে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করে পরীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অভিনন্দন প্রিয়তমা স্ত্রী পরীমণি। ছেলের বাবা হয়েছি।’

এদিকে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানি আর পুত্র সন্তান হলে রাজ্য।আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের ছবি প্রকাশ করেন। ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। ১০ জানুয়ারি ঘরে সন্তান আসার খবর দেন। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি তারা। কেনাকাটা করে ঘর ভর্তি করে ফেলেছেন।

যুক্তরাষ্ট্রে চার মুসলিমকে হত্যায় অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ নিউ মেক্সিকোর আলবুকার্কে চার মুসলিমকে হত্যার দায়ে অবশেষে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) ৫১ বছর বয়সী এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার গাড়ি ট্র্যাক করে ওই আফগানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি অপহরণ ও গুলি করে চারজনকে হত্যা করেছে। এছাড়াও ওই ব্যক্তি দুইটি হত্যার জন্য অভিযুক্ত এবং অন্যান্য হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি মুহম্মদ সৈয়দ (৫১) পেশায় একজন গাড়িচালক। একদিন আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথমজনকে গত নভেম্বরে হত্যা করা হয়। তারপর গত দুই সপ্তাহে তিনজনকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা পাকিস্তান বা আফগানের নাগরিক।

পুলিশ অনুসন্ধানে ‘অন্তর্দ্বন্দ্বসহ সম্ভাব্য সব উদ্দেশ্য’ খতিয়ে দেখছেন। তিনি একজন সুন্নি মুসলিম, তার মেয়ে একজন শিয়া মুসলিমকে বিয়ে করায় ক্ষুব্ধ কি না, এবিষয়ে মুহম্মদ সৈয়দকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, নিউ মেক্সিকোর ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আহমেদ আসাদ বিয়ের বিষয়ে স্বীকার করেছেন, কিন্তু সন্দেহভাজনের অপরাধের বিষয়ে তিনি কোনো মতামত প্রকাশ করেননি। সৈয়দ নিয়মিত মসজিদে আসতেন বলে জানান তিনি।

 

জ্বালানির দাম বৃদ্ধিতে ছোট পরিবহনও ফায়দা লুটছে

জাতীয় ডেস্কঃ দেশের অভ্যন্তরীণ রুটেও ফায়দা লুটছে ডিজেলচালিত ছোট পরিবহন। গণপরিবহনে নির্ধারিতের চেয়েও বেশি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ডিজেলের দাম বাড়ায় কোথাও কোথাও গাড়ির সংখ্যা কমায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কথায় কথায় বেঁধে যাচ্ছে বাগ্‌বিতণ্ডা। ভোগান্তি ঘাড়ে নিয়ে ছুটতে হচ্ছে গন্তব্যে। ভাড়া নিয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

সরকারের নির্ধারিত মূল্য মেনে নিলেও গণপরিবহনের অতিরিক্ত ভাড়া নিয়ে নৈরাজ্য মেনে নিতে রাজি নয় সাধারণ মানুষ। কোনো তদারকি না থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে যাত্রীদের মাঝে।তারা বলছেন, অতিরিক্ত ভাড়া আদায় আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গাড়িও ঠিক মতো পাচ্ছি না। সব কিছুর দাম বাড়লেও বাড়ছে না আয়।

এদিকে, ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর থেকেই পরিবহন সংকটে রাজশাহী নগর। পরিবহন সংশ্লিষ্টদের দাবি বিভিন্ন রুটে যাতায়াতকারীদের সংখ্যাও কমেছে। ফায়দা লুটছে ডিজেল চালিত ছোট আকৃতির পরিবহনগুলোও। এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে হচ্ছে কথা কাটাকাটি।

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কে ছোট আকৃতির রিম্যাক্সিমায় নেয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। ৪ কিলোমিটার দূরত্বে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট পর্যন্ত দেড় টাকা বাড়লেও আদায় করা হচ্ছে ৫ টাকা, কোথাও কোথাও নেয়া হচ্ছে ১০ টাকা পর্যন্ত। যাত্রীদের অভিযোগ, বিআরটিএর কোনো নির্দেশনা না মেনেই রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় চলছে এসব পরিবহন।

রংপুরে গণপরিবহন চললেও যাত্রী নেই। অল্পকিছু যাত্রী নিয়ে তেলের খরচ তুলতে না পারায় অর্ধেকেরও বেশি বাস রাস্তায় নামেনি বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, কিলোমিটার প্রতি ৪০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হলেও বাস্তবে নেয়া হচ্ছে অনেক বেশি। তবে, ভিন্নচিত্র সিলেটে। কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত ভাড়া মেনে নিয়েই গণপরিবহনগুলোতে চলাচল করছে যাত্রীরা। যদিও ভাড়া সমন্বয় করে কমানোর দাবি নগরবাসীর।

উল্লেখ্য,  তেলের দাম বাড়ায় সড়কের পাশাপাশি নৌপথেও ভাড়া বাড়িয়েছেন সংশ্লিষ্টরা। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্কঃ গতকাল রোববার (৭ আগস্ট) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নিল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর এই প্রথম বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল স্বাগতিকরা।

হারারের স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৯০ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেছেন মাহমুদউল্লাহ। ৮৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল তিন বাউন্ডারি আর তিন ছক্কায়। জবাব দিতে নেমে ১৫ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। দলের পক্ষে জোড়া সেঞ্চুরি করেছেন রাজা ও চাকাভা। ১০ বাউন্ডারি ২ ছক্কায় ৭৫ বলে ১০২ রানের ইনিংস উপহার দেন চাকাভা। তাঁর সঙ্গে ১১৭ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দেন সিকান্দার রাজা। ১২৭ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায়।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। শুরুর জুটিতে দুই ওপেনার বাংলাদেশকে উপহার দেন ৬৬ বলে ৭১ রানের জুটি। ছুটতে থাকা এই জুটি অবশেষে ভাঙেন টানাকা চিভাঙ্গা। বিদায় করেন হাফসেঞ্চুরি করা তামিমকে। টানাকা চিভাঙ্গার বলে পুল করে ওড়ানোর চেষ্টায় ডিপ স্কয়ার লেগে টাকুডজোয়ানাশে কাইটানোর হাতে ক্যাচ দিয়ে দেন বাঁহাতি ওপেনার। ৪৫ বলে ১০ চার ও এক ছক্কায় ৫০ করে থামেন তামিম।

তামিম ফেরার পর রানআউটে কাটা পড়েন আরেক ওপেনার এনামুল হক বিজয়। ২৫ বলে তিন চারে ২০ রান করে ফেরেন তিনি। দলীয় ৭৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে সেই চাপ কাটানোর চেষ্টা করেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনে মিলে গড়েন ৫০ রানের জুটি। কিন্তু এই জুটি স্বস্তির চেয়ে দিয়েছে অস্বস্তি। কারণ দুজনেই করেন মন্থর ব্যাটিং। জুটির হাফসেঞ্চুরি করতে দুজন খরচ করেন ৬৪ বল।

মুশফিককে বিদায় করে শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন মাধাভেরে। স্বাগতিক অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং ঠিক রাখতে পারেননি। উল্টো ধরা পড়েন ডিপ মিডউইকেটে। ৩১ বলে এক চারে ২৫ রান করে থামেন মুশফিক। মন্থর ব্যাটিং করা নাজমুল শান্তও এরপর বেশিক্ষণ স্থায়ী হলেন না। মাধাভেরে বলেই উইকেট বিলিয়ে দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ৩৮ রান করতে ৫৫ বল খেয়ে দলের বিপদ বাড়ান এই এই ব্যাটার।

দ্রুত উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন মাহমদউল্লাহ ও আফিফ হোসেন। এই জুটিতে বাংলাদেশ পায় ৮১ রান। আফিফকে আউট করে জমে ওঠা এই জুটি ভাঙেন সিকান্দার রাজা। ৪১ বলে ৪১ করে বিদায় নেন আফিফ। এরপর বাকিদের নিয়ে লড়াই করে শেষ পর্যন্ত বাংলাদেশকে মোটামুটি লড়াইয়ের পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৮৪ বলে ৮০ রান করেন তিনি। তাঁর সঙ্গে মেহেদী হাসান মিরাজ করেন ১২ বলে ১৫ রান। তাসকিনের আহমেদের ব্যাট থেকে আসে ১ রান।

২৯১ রানের জবাব দিতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় জিম্বাবুয়ে। জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডার নাড়িয়ে দেন হাসান মাহমুদ। এরপর আরো দুটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। কিন্তু ধাক্কা সামলে চমৎকার জুটি গড়ে তোলেন সিকান্দার রাজা ও রেজিস চাকাভা। এই জুটিতেই বাংলাদেশকে শাসন করে জিম্বাবুয়ে। শক্ত জুটিতে দুজন মিলে উপহার দেন ২০১ রান। এই জুটিতেই জয়ের পথ সহজ হয়ে যায় জিম্বাবুয়ের।

 

নেতিবাচক প্রতিবেদনে বিমর্ষ অভিনেত্রী জ্যাকুলিন

বিনোদন ডেস্কঃ একের পর এক নেতিবাচক প্রতিবেদনে বেশ বিমর্ষ বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বুঝতে পারছেন না কেনো মানুষ তাকে নিয়ে এতো নেতিবাচক মন্তব্য করে। বিভিন্ন গণমাধ্যমে জ্যাকলিন ফার্নান্দেজের নাম উঠে এসেছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, জ্যাকলিনের সঙ্গেই সুকেশের সম্পর্ক ছিল। কালোটাকায় কেনা বহুমূল্য উপহার সুকেশ তাকেই দিয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছে জ্যাকলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, তাকে নিয়ে কেন এত নেতিবাচক মন্তব্য করা হচ্ছে? তিনি জানতে চেয়েছেন তার ভুল কী ছিল? এর পর তিনি বলেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করে, তাহলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভালো। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সুকেশ চন্দ্রশেখরের সাথে নাম জড়িয়েছে জ্যাকুলিনের। অবৈধ টাকার কারবারির বহু অভিযোগে অভিযুক্ত সুকেশ। তার সাথেই এই অভিনেত্রীর সম্পর্ক ছিল বলে জানা যায়। সুকেশ কালো টাকায় দামি নানা উপহার দিয়েছেন অভিনেত্রীকে এমন দাবিও করা হয়েছে বহু সংবাদ মাধ্যম থেকে।

পরমাণু স্থাপনায় ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বোমা বর্ষণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল রোববার (৭ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয় চুল্লির ৪০০ মিটারের কাছে এই বোমা পড়েছে। এতে প্রশাসনিক ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণুকেন্দ্রে হামলা চালায়। একই দিন রাশিয়ার বিরুদ্ধেও জাপোরিঝিয়ায় হামলার অভিযোগ করে ইউক্রেন। ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র হলো জাপোরিঝিয়া। সারা বিশ্বে যে ১০টি বড় পরমাণু স্থাপনা রয়েছে এটি তার একটি। ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকেই জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লি দখল করে রুশ বাহিনী। কিন্তু এখনো চুল্লি চালাচ্ছেন ইউক্রেনীয় কারিগররা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান বলেন, এই গোলাবর্ষণের কারণে পরমাণু বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইনে গোলার আঘাত লেগেছে। তেজস্ক্রিয় লিকেজ শনাক্ত করার মধ্যেই একটি চুল্লিকে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছেন অপারেটররা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের বিরুদ্ধে এই পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তোলে।