ভারতে বিজ্ঞান গবেষণা কেন্দ্রের দায়িত্বে প্রথম নারী মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ‘কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাসট্রিয়া রিসার্চ (সিএসআইআর)’ এর প্রথম নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিজ্ঞানী নাল্লাথামবি কালায়সেলভি। ৩৮ বছরের প্রতিষ্ঠানটি এই প্রথম নারী নেতৃত্ব পেলো।

লিথিয়াম ইওন ব্যাটারি নিয়ে কাজ করার জন্য পরিচিত কালায়সেলভি নতুন দায়িত্ব পাওয়ার আগে তামিলনাড়ুর সিএসআইআর-সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিচার্স ইনিস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একই সঙ্গে সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ডিপাটমেন্টের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কালায়সেলভি তামিলনাড়ুতে তামিল মিডিয়াম স্কুলে লেখাপড়া শুরু করেন। কলেজে পড়ার সময়েই বিজ্ঞানের প্রতি সখ্যতা শুরু হয় বলে জানিয়েছেন তিনি। প্রায় ২৫ বছর তিনি গবেষণায় লেগে থেকেছেন। এ পর্যন্ত প্রায় ১২৫ টি গবেষনা নিবন্ধ লিখেছেন। আর তার নামে রয়েছে মোট ৬টি প্যাটেন্ট।

উল্লেখ্য, সিএসআইআর এর নবীন বিজ্ঞানী হিসেবে কালায়সেলভি তার ক্যারিয়ার শুরু করেন।

 

পর্যটকদের জন্য সুনামগঞ্জে আসার এখনই উপযুক্ত সময়: জেলা প্রশাসক

সিএনবিডি ডেস্কঃ পরপর দুইবার বন্যার পর অনেকটাই নতুন করে সেজে উঠেছে সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওর। কিন্তু এখনও খুব বেশি পর্যটকের দেখা নেই এখানে। ফলে ঘাটে বাঁধা নৌকাগুলোতে বেকার সময় কাটছে নৌ শ্রমিকদের। এতে ক্ষতির মুখে পড়েছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরাও। পর্টকদের টাঙ্গুয়ামুখী করতে চেষ্টা করছে সেখানকার প্রশাসনও।

সুনামগঞ্জের পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসনও। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এখন আমাদের নদী এবং হাওরের পানি স্বাভাবিক অবস্থায় আছে। এখন আসলে নির্বিঘ্নে হাওরের সৌন্দর্য উপভোগ করা যাবে। আমি পর্যটকদের প্রতি আহ্বান করছি, আপনারা যদি সুনামগঞ্জে আসতে চান, তাহলে এখনই উপযুক্ত সময়।

পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে নৌকার পেছনে কাজ করেন বহু শ্রমিক। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের পরিশ্রম। এই আয় দিয়েই সংসার চলে তাদের। তবে এবারের বন্যার পর এসব শ্রমিকের জীবন-জীবিকায় টানাপোড়েন এসেছে। পর্যটক না থাকায় ঘাটে পড়ে আছে বেশিরভাগ নৌকা।

এবারের মৌসুমে পর্যটকদের জন্য বিলাশবহুল নৌকার বহরে যুক্ত হয়েছিল নতুন ২০টি হাউজবোট। সেবার মান বাড়িয়ে প্রতিটিতে ২০ থেকে ৩০ লাখ টাকা ব্যয় করেন নৌযান মালিকরা। কিন্তু সেই ব্যবসায় ভাটা পড়েছে তাদের।

নৌযান মালিক তাহির মোহাম্মদ তৌকির জানান, অনেক মানুষ মনে করছেন সুনামগঞ্জে এখনও বন্যা চলছে। আমরা অনেক কল পাই, যেখানে পর্যটকরা জিজ্ঞেস করেন, সুনামগঞ্জে বন্যা চলছে কিনা। তাই এই বিষয়টি তাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে, এখানে বন্যা পরিস্থিতি অনেক আগেই শেষ।

উল্লেখ্য, দেশের পর্যটনকেন্দ্রগুলোর অন্যতম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। ভারত সীমান্তঘেঁষা এলাকায় মেঘ-পাহাড় আর হাওরের দিগন্তজোড়া জলরাশি দেখতে প্রতিবছর ঢল নামে হাজারো পর্যটকের। হাওর বিলাশ আর আনন্দ আড্ডায় মেতে ওঠেন পর্যটকরা। নৌকাতেই খাওয়া-দাওয়া আর রাত্রীযাপনসহ নির্ধারিত প্যাকেজে রয়েছে সব আধুনিক সুযোগ-সুবিধা। তাই এখানে ছুটির দিনে প্রশান্তি খোঁজেন নানা বয়সের মানুষ।

 

সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবেঃ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

জাতীয় ডেস্কঃ জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ার সমালোচনার মধ্যে লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সেপ্টেম্বর থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (৭ আকস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে আশা করছি। তিনি আরও বলেন, কেউ চায় না মানুষকে ভুক্তভোগী করতে। আগামী মাস থেকে লোডশেডিং আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। সবাইকে অনুরোধ করবো সবাই যেন ধৈর্য ধরেন।

এ সময় বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে পল্টনে বিএনপির হারিকেন মিছিল!

রাজনীতি ডেস্কঃ দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই হঠাৎ করে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। গতকাল শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা ভোলায় পুলিশের গুলিতে দুজন নেতা হত্যার বিচারের দাবি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি শেষ হয় কাকরাইল মোড় ঘুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। 

তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান এবং বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এ হত্যার প্রতিশোধ জনগণ নেবে।

উল্লেখ্য, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে জানান তিনি।

 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ডিবিএন ডেস্কঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রায়হান ইসলাম রাজিব (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার (৬ আগস্ট) বিকেলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্য জানিয়েছেন।

রায়হান ইসলাম রাজিব গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের বাসিন্দা ও ফরিদপুর জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালমার সদরবেড়া ব্যুরো বাংলাদেশ অফিসের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রায়হানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার আত্মত্যাগ পৃথিবীর সব নারীর জন্য দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববদ্যালয়ের সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার অবদান নিয়ে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গমাতা: এ প্যারাগন অব উইমেনস লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

শেখ হাসিনা বলেন, শুধু এদেশের নারীরাই নয়, সারা বিশ্বের নারীরা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবন থেকে শিক্ষা নিতে পারে। দেশ ও দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন বঙ্গমাতা, শত বিপত্তির মধ্যেও কখনও ভেঙে পড়েননি। বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা যেভাবে সাহস জুগিয়েছেন তা সব নারীর জন্য অনুকরণীয়। জাতীয় জীবনে বঙ্গবন্ধুর অবদান রচিত হলেও বঙ্গমাতার আত্মত্যাগ জানা যায় খুবই কম।

তিনি আরও বলেন, শেখ মুজিবের কাছ থেকে জীবনে কোনো কিছুই চাওয়ার ছিল না বেগম মুজিবের। বরং নিজের জমি থেকে উপার্জনের টাকা দিয়ে সংসারে অবদান রাখতেন তিনি। এ সময় দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার অবদান ও জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি। ঢাবির সিনেট ভবনে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বক্তা আলোচনা করবেন।

 

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ আজ রোববার (৭ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টির হতাশার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে বাংলাদেশ।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই সফরে আগের সবগুলো ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম হলো না। টস জিতে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেজিস চাকাভা।

প্রথম ওয়ানডেতে হার দেখায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। না হলে আজ জিততে পারলে আজই সিরিজ নিজেদের করে নেবে জিম্বাবুয়ে।

এই ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের মূল পারফর্মার লিটন দাস চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন। এ ছাড়া মূল বোলার মুস্তাফিজুর রহমানকেও খেলানো হবে না এই ম্যাচে। সবমিলে প্রথম ওয়ানডেতে হারের হতাশার পাশাপাশি তারকা ব্যাটারের না থাকাও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার।

তবুও ঘুরে দাঁড়িয়ে সিরিজে নিজেদের আশা বাঁচাতে মুখিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাটে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচাতে পারে কি না বাংলাদেশ সেটাই দেখার।

উল্লেখ্য, দুই দলেই বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জিম্বাবুয়ে নেমেছে একাদশে ৫ পরিবর্তন নিয়ে। বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন এসেছে ইনজুরির কারণে। লিটন দাসের বদলে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলাম একাদশে আছেন মুস্তাফিজুর রহমানের জায়গায়।

ঢাবির নাটমণ্ডলে রবীন্দ্রনাথ স্মরণে মঞ্চায়িত হলো ‘ডাকঘর’

বিনোদন ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয়েছে তার উল্লেখযোগ্য নাটক ‘ডাকঘর’। গতকাল শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় আর্ট হাউজের প্রযোজনা ও রাবেয়া রাবুর নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়েছে। আর্ট হাউসের থিয়েটার উইং ক্লাসোড্রামাতে ৬ মাসব্যাপী অভিনয় কর্মশালা শেষে দ্বিতীয় আবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযোজনায় কবিগুরুর এ নাটকটি পরিবেশিত হয়।

নাটকটিতে অভিনয় করেছেন ইফফাত নওশীন জয়ী, হৃদয় ঘোষ রাজীব, সুলতান মাহমুদ, মো. আশিকুজ্জামান, ইশরাত জাহান বুশরা, মো. মঞ্জু হোসেন, মুনিরা মাহজাবিন মিমো প্রমুখ। শব্দ পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন তানভীর নাহিদ খান ও রাবেয়া রাবু। এছাড়া আলোক পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন রাগীব নাঈম ও মনিরুজ্জামান রিপন।

নির্দেশক রাবেয়া রাবু বলেন, সাংস্কৃতিক শূন্যতা রোধে আমাদের এই প্রচেষ্টা। জীবনবোধের এই ধারা সকলের কাছে পৌঁছাতে পারলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বাংলার সৃজনধারা আরও প্রগাঢ় হোক, এটা আমাদের আপ্রাণ চাওয়া।

তিনি আরও বলেন, আর্ট হাউস ‘আত্মা, সত্তা ও চিত্তের বিকাশ’ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে। মূলত শিল্পের প্রায়োগিক বিচরণ যে উঠানে মিলিত হয়েছে তার নাম আর্ট হাউস এবং আর্ট হাউস সেই নিমিত্তেই কাজ করে যাচ্ছে। ‘ডাকঘর’নাটকে অভিনয় করেছে ক্লাসোড্রামার দ্বিতীয় আবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ডাকঘর নাটকটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাঙ্কেতিক নাটক। এখানে যা অপ্রকাশ্য তা শেষমেশ অপ্রকাশিতই থেকে যায়। এর প্রধান চরিত্র অমল। অমলের মা ছোটতেই মারা যায়, বাবাও চলে যান কিছুদিন পরই। এরপর নিঃসন্তান দম্পতি মাধব দত্ত তাকে পোষ্য পুত্র হিসেবে গ্রহণ করেন। কিন্তু এক অজানা রোগে অমল আক্রান্ত হলে কবিরাজ তাকে ঘরের বাইরে যেতে নিষেধ করেন। কিন্তু কিশোর মনের দুরন্ত সত্ত্বা ঘরে বসে থাকার বিপক্ষে। তবুও তাকে ঘরে থাকতে হবে। অমলের নানান কর্মকাণ্ডকে ঘিরেই নাটকের কাহিনি।

 

ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় দুদিন ধরে চলমান ইসরায়েলি উড়োজাহাজ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৬টি শিশু এবং এক জন নারী রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২৫ জন ফিলিস্তিনি। আজ রোববার (৭ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৫ আগস্ট) থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। শনিবার দিনভর হামলায় নতুন করে তিন শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গত দুই দিনে ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনির মৃত্যু হলো। তবে, হামলা চালিয়ে বেসামরিক মানুষজন হত্যার খবর অস্বীকার করেছে ইসলায়েল।

ইসরায়েলের দাবি, গাজা উপত্যকায় হামলা চালানো হয়নি। উলটো ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। যার জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে প্রাণহানি হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের একজন সিনিয়র কমান্ডার নিহত হয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে প্রবল লড়াই শুরু হয়।

যুক্তরাষ্ট্রে আগুনে শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে গতকাল শুক্রবার (৫ আগস্ট) একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আসা এক দমকল কর্মী দেখতে পান যে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এএফপির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন পেনসিলভানিয়া পুলিশ।

এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে গতকাল শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে। আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে। এ অগ্নিকাণ্ডের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।

নেস্কোপেক ভলান্টিয়ার ফায়ার কোম্পানির কর্মী হ্যারল্ড বেকার জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তার ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালিকা, তিন নাতি-নাতনি এবং আরও দুই স্বজন নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দোতলার এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে ওপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়।

উল্লেখ্য,  এক টুইটে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর টম উলফ। অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।