কমলগঞ্জ ইউপি সদস্য বুলবুল ওয়াতির কারাগারে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী ও গ্রাম্য সালিশ আব্দুল খালিক (৬৮) কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।

মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুল খালিক বাদী হয়ে গত ২৯ জুন মামলাটি দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মৃত ওয়াদ মিয়ার পুত্র বুলবুল আহমদ ওয়াতির ও মৃত হাজী আলাউদ্দিন এর পুত্র নজির মিয়া গংরা অজ্ঞাত ৩/৪জন।  আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ  থানার ওসিকে মামলাটি এজাহারভুক্ত হিসেবে গণ্য করতে নির্দেশ প্রদান করেছিলেন। কমলগঞ্জ থানার জিআর মামলা নং-১০৬।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ( ৪ আগস্ট) মৌলভীবাজার আদালতে ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির আত্মসর্মপন করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে উজির মিয়ার দোকানের সামনে পৌঁছলে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি বাঁধা দিলে পুর্ব পরিকল্পিত অনুযায়ী তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও দা দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে

মারাত্বক ভাবে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় রক্তাক্ত আব্দুল খালিককে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন।

আব্দুল খালিক জানান, আমি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, আমাকে রক্তাক্ত জখম করে তারা ক্ষান্ত হয়নি, আদালতে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশ ও মিথ্যা মামলার হুমকি ধমকি প্রতিনিয়ত দিচ্ছে এবং ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির তার আত্বীয় স্বজন ও সহযোগীদের দিয়ে সোস্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে হামলার ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটনা করে চালিয়ে যাচ্ছে।

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান যুদ্ধ

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৭ আগস্ট থেকে দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এরই মধ্যে আসরের সময়সূচী ঘোষণা করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়াইয়ে নামবে ২৮ আগস্ট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইটে আসরের সূচি ঘোষণা করেছেন।

টুইটে তিনি জানিয়েছেন, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। এশিয়ান আধিপত্যের লড়াই ২৭ আগস্ট শুরু হচ্ছে। ১১ সেপ্টেম্বর হবে আসরের ফাইনাল। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।

ভারত, পাকিস্তান কোয়ালিফায়ার গ্রুপ ‘এ’-তে খেলবে। গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপের শীর্ষ-দুটি দল আরও একটি ‘সুপার ৪ রাউন্ডে খেলবে, যার অর্থ এখানে হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় রাউন্ডে ভারত-পাকিস্তানের খেলা এবং ১১ সেপ্টেম্বর ফাইনাল হওয়ার কথা।

উল্লেখ্য, টুর্নামেন্ট মূলত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু দেশটিতে অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়। ফাইনালসহ ১৩টি ম্যাচের মধ্যে দশটি দুবাইয়ে হবে। বাকি ম্যাচগুলো শারজাহতে হবে।

শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজিম মিয়া নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মামলার পর রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত নাজিম মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার উত্তর তিলকপুর গ্রামের তালেব মিয়ার ছেলে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রের বরাতে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বখাটে নাজিম মিয়া ওই স্কুলছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। তাকে কুপ্রস্তাব দিতেন। মঙ্গলবার দুপুরে টিফিনের বিরতির সময় নাজিম বিদ্যালয় ভবনের দোতলায় উঠে শ্রেণি কক্ষের সামনে ওই ছাত্রীর হাতে ধরে টানাটানি করেন।

একপর্যায়ে শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে নাজিম পালিয়ে যান। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। রাতে পুলিশ উপজেলার উত্তর তিলকপুর গ্রাম থেকে বখাটে নাজিমকে গ্রেফতার করে।

এ ঘটনায় রাতেই ভিকটিম বখাটে যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে নাজিমকে কারাগারে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজিত অনুষ্ঠানে গান কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

বিনোদন ডেস্কঃ শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী  চলছে অনুষ্ঠান। ‘শোক থেকে শক্তির অভ্যুদয়, স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়’ শিরোনামে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ৩য় দিনের অনুষ্ঠান।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করেন একাডেমির সাবেক সচিব মো. আছাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট কবি ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানের শুরুতেই মো. রফিকুল আলম এর কণ্ঠে ‘মুজিবের থেকে পৃথিবীর পর্বতই উচু নয়’ শিরোনামে একক সংগীত পরিবেশিত হয়।

পর্যায়ক্রমে পরিবেশিত হয় স্বরলিপির ‘ও গো জাতির পিতা মহান নেতা শেখ মুজিবুর রহমান’; বিজন চন্দ্র মিস্ত্রীর ‘আমার হৃদয়ে বঙ্গবন্ধু চেতনা নয়নে বাংলাদেশ’; চন্দনা মজুমদারের ‘শুনেছি কানে বজ্রকণ্ঠ দেখেছি মহান নেতা’; সৌমিতা বোসের ‘ডাকিছে তোমারে বঙ্গবন্ধু ফিরিয়া আসিতে যদি’; রাজিবের ‘যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো’; পান্থ কানাই এর ‘পদ্মার ঢেউরে’; ঝিলিক এর ‘শোধ করা যাবে সকলের ঋণ, শুধু শোধ করা যাবে না পিতা’; মোমিন বিশ্বাস এর ‘বঙ্গবন্ধু ক্ষমা করো’; নিতু বালার ‘বঙ্গবন্ধুরে আমার প্রাণের বন্ধুরে’; সজীব দাসের ‘স্বপ্ন ছিলো স্বাধীনতার পূরণ করেছে’; সুস্মিতা সাহার ‘একবার তুমি আসিবেই ফিরে এই বাংলার প’রে’; মাটি রহমান এর ‘মুজিব আছেন অন্তরে’; নিগার নাঈম তমার ‘টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প বলি শোনো’; কৃষ্ণ গোপাল এর ‘নকশি কাঁথার মাঠ পেরিয়ে’ ; শাহিন এর ‘ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান’; দিতি সরকার এর ‘লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা’ শিরোনামে একক সংগীত।

রবিউল ইসলাম শান্তর কণ্ঠে ‘মাগো ভাবনা কেনো’ এবং সায়কা নাজিফা বাবন এর কণ্ঠে পরিবেশিত হয় ‘আর একটি বার শেখ মুজিবের জনম দে না মা’ শিরোনামে দুটি শিশু সংগীত।

সংগীতের পাশাপাশি কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। কবি আনিসুল হকের ‘৩২ নম্বর মেঘের ওপারে’ কবিতা আবৃত্তি করেন আশরাফুল আলম; কবি শামসুর রাহমান এর কবিতা ‘যার মাথায় ইতিহাসের জ্যোতির্বলয়’ আবৃত্তি করেন ঝর্ণা সরকার এবং কবি মহাদেব সাহার কবিতা ‘আমি কি বলতে পেরেছিলাম’ আবৃত্তি করেন মজুমদার বিপ্লব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আলমগীর। বাদ্যে যন্ত্রে ছিলেন পার্থ প্রতীম আচার্য , মিঠু, সাঈদ হাসান চন্দন, অনির্বান এবং সুমন।

উল্লেখ্য, প্রতিবছর আগস্ট মাস আসে বাঙালির হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। পুরো জাতি গভীর শোক ও শ্রদ্ধায় এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করে। জাতির জনকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে, শোকাবহ এই আগস্ট মাসকে ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপি আয়োজন করে থাকে।

 

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নারী কংগ্রেস সদস্যসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতা জ্যাকি ওয়ালোরস্কিসহ আরও ৩ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার( ৪ জুলাই) ইন্ডিয়ানা রাজা এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে কার্যালয় থেকে একটি গাড়ি নিয়ে বের হন জ্যাকি। তার সাথে ছিলেন আরও ২জন কর্মকর্তা। সেসময় বিপরীত দিক থেকে একটি গাড়ি প্রবেশ করে তাদের লেনে। মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির। ঘটনাস্থলেই নিহত হন ৩জন।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানায়, জ্যাকির সঙ্গে নিহত অন্য দুই জন হলেন জ্যাকি ওয়ালোরস্কির যোগাযোগ প্রধান এমা থমসন (২৮) এবং জ্যাচেরি পোটস (২৭)। তাদের সঙ্গে নিয়েই ইন্ডিয়ানার একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়েন প্রবীণ এই আইনপ্রণেতা। এ ঘটনায় অন্য গাড়ির চালক এডিথ শ্মাকারও (৫৬) নিহত হয়েছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসিসহ রাজনৈতিক নেতারা। হোয়াইট হাউসে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

উল্লেখ্য, ইন্ডিয়ানার একটি আসন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ছিলেন ৫৮ বছর বয়সী জ্যাকি। প্রতিনিধি পরিষদে ইন্ডিয়ানার দ্বিতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করতেন রিপাবলিকান পার্টির এই আইনপ্রণেতা।

 

সূর্য থেকে বিশাল সৌর শিখা নির্গতের খবর জানিয়েছে নাসা

বিজ্ঞান ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকেরা সূর্যের একটি পাশ থেকে বিশাল একটি সৌর শিখা নির্গত হওয়ার বিষয়টি শনাক্ত করে জানিয়েছেন, ওই অঞ্চলে অত্যন্ত সক্রিয় একটি সৌর এলাকা সৃষ্টির ফলাফল হতে পারে এটি।এদিকে নাসার ওয়েবসাইটে একটি সৌর শিখা নির্গমনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সূর্য পর্যবেক্ষণ করার জন্য নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি গত রোববার ওই ভিডিও ধারণ করে। ওই অবজারভেটরি বিস্ফোরণস্থল থেকে উত্তপ্ত ধ্বংসাবশেষও পর্যবেক্ষণ করেছে। খবর এনডিটিভির।

প্রসঙ্গত, সৌর শিখা হলো সূর্যের বায়ুমণ্ডলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি তীব্র বিস্ফোরণ। সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায়ই এ তীব্র বিস্ফোরণ হয়। এটি আলোর গতিতে ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিজ্ঞানীরা এ ধরনের অনেকগুলো বিস্ফোরণে সৃষ্ট সৌর শিখা শনাক্ত করেছেন এবং পৃথিবীতে এর প্রভাব বিষয়ে সতর্ক করেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ধরনের সৌর শিখায় চরম অতিবেগুনি বিকিরণ এবং এক্স-রে রশ্মি থাকে, যা পৃথিবীর আয়নমণ্ডলে সংস্পর্শে এসে পৃথিবীর রেডিও যোগাযোগব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। আয়নমণ্ডল হলো পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অঞ্চল, যেখানে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা রয়েছে এবং রেডিও তরঙ্গ বিশ্বজুড়ে ভ্রমণ করার জন্য তা ব্যবহার করে থাকে। সৌর শিখা এই যোগাযোগে প্রভাব ফেলতে পারে।

কুমিল্লায় চাহিদার তুলনায় ৩ লাখ ৯ হাজার ৮৮৯ মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন

সিএনবিডি ডেস্কঃ কুমিল্লায় চাহিদার তুলনায় ৩ লাখ ৯ হাজার ৮৮৯ মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন করেছে বলে জানিয়েছে কুমিল্লা সম্প্রসারণ অধিদপ্তর।

কুমিল্লা সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য সুত্রে জানা গেছে , ২০১১-২২ অর্থবছরে জেলায় চাল, ভূট্টা এবং গমসহ মোট দানাদার খাদ্যের চাহিদা ছিল ১০ লাখ ৫৭ হাজার ৯১৪ মেট্রিক টন। জেলায় এসব খাদ্য উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৮০৩ মেট্রিক টন।

কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, কুমিল্লা জেলায় এই বৈচিত্র্যময় ফসল এবং বিশাল খাদ্য উদ্বৃত্তের জন্য কৃষকদের অবদান সবচেয়ে বেশি। কুমিল্লায় আবাদি জমি রয়েছে ১ লাখ ৯৪ হাজার ১২২ হেক্টর। কৃষকদের অসামান্য অবদান এবং কৃষি বিভাগের সচেষ্ট থাকার ফলে আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পেরেছি। জেলার ৬২ লক্ষাধিক মানুষের খাদ্যের জোগান দেয়ার পর কুমিল্লা থেকে এসব উদ্বৃত্ত খাদ্য যাচ্ছে দেশের অন্যান্য জেলায়। এ ছাড়া কিছু কিছু ফসল বিদেশেও রপ্তানি হচ্ছে।

উপপরিচালক মিজানুর রহমান আরও জানান, কুমিল্লার ১৭ উপজেলায় সবচেয়ে বেশি ফলন উৎপাদিত হয় বরুড়া উপজেলায়। জলাঞ্চল হওয়ায় এক মৌসুমে ফসল ফলিয়ে সবচেয়ে পেছনে আছে মনোহরগঞ্জ।

কুমিল্লা জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় বোরো আবাদ হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৯১ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৮ মেট্রিক টন। আউশের ৭৫ হাজার ৫২৫ হেক্টর জমিতে ২ লাখ ২৩ হাজার ৬১২ মেট্রিক টন, রোপা আমন ১ লাখ ১৫ হাজার ৩০৭ হেক্টর জমিতে ৩ লাখ ২৫ হাজার ৪০৭ মেট্রিক টন, বোনা আমন ২১ হাজার ১৭০ হেক্টর জমিতে ২৪ হাজার ৯৮০ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। অর্থাৎ ৩ লাখ ৭৩ হাজার ২৯৩ হেক্টর জমিতে ১২ লাখ ৫৫ হাজার ৭৯৭ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। ১ হাজার ২৯৮ হেক্টর জমিতে গম উৎপাদিত হয়েছে ৩ হাজার ৫৯৬ মেট্রিক টন।  ১১ হাজার ৪৭৪ হেক্টর জমিতে ১ লাখ ৮ হাজার ৪১০ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়েছে। ১০ হাজার ৯৮১ হেক্টর জমিতে ২ লাখ ৫৮ হাজার ৬০২ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। সরিষা, তিল, বাদাম মিলে ১১ হাজার ১৪৪ হেক্টর জমিতে ১৪ হাজার ৪৪৯ মেট্রিক টন তেল উৎপাদিত হয়েছে। ৩৬৭ হেক্টর জমিতে ৪ হাজার ১৪৭ মেট্রিক টন পেঁয়াজ। মশুর, মাশকলাই, মটর, খেসারি, মুগসহ ২ হাজার ১৪৯ হেক্টর জমিতে ২ হাজার ৭২২ মেট্রিক টন ডাল উৎপদিত হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা জেলা শুধু এক ধরনের সবজির জন্য নয়, পুরো জেলায় নানান রকমের দানাদার শস্য, শাক-সবজি উৎপাদিত হয়। বাণিজ্যিক ভাবেও কুমিল্লা সবচেয়ে বেশি সবজি উৎপাদন করে। আখ, কচুর লতি, মিষ্টি আলু, তিল, ধনিয়া, সরিষা বাণিজ্যিক ভাবে উৎপাদিত হচ্ছে। এছাড়া মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদও উৎপাদিত হচ্ছে উল্লেখযোগ্য হারে।  আখ, মাল্টা, ড্রাগন ফলসহ বিভিন্ন ধরনের ফলও বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে কুমিল্লায়।

বিএনপির হুমকি-ধমকি যতটা গর্জে, বাস্তবে ততটা বর্ষে নাঃ কাদের

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হুমকি-ধমকি যতটা গর্জে, বাস্তবে ততটা বর্ষে না। রাজপথ দখলে নেবে কারা? রাজপথ তো কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। রাজপথ জনগণের সম্পত্তি। কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের। আমাদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। কারণ, আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে।

গতকাল বুধবার (৩ আগস্ট) রাজধানীর সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও-পোড়াও এবং আগুন-সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, দেশ থেকে পালানোর ইতিহাস আওয়ামী লীগের নয়, বিএনপির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের কোনো নেতা এমন মুচলেকা দিয়ে দেশ ছাড়েনি। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দলটির শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন আওয়ামী লীগ এদেশেই থাকবে। দেশের মাটি ও মানুষের মধ্যে থাকবে।

পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ান সীমান্তে সারি সারি চীনা সাঁজোয়া যান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সম্ভার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘ইয়িন সুরা’ নামক একটি হ্যান্ডল থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্ক পেরিয়ে যাচ্ছে। আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দাবি করা হয়েছে, পেলোসি তাইওয়ান পৌঁছনোর দিন সন্ধ্যাতেই তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত করতে শুরু করেছে চীন।

প্রসঙ্গত, চীনের হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার তাইওয়ান পৌঁছেছেন পেলোসি। বেজিং সতর্ক করেছিল যে পেলোসির সফরের পরিণতি ‘খুব গুরুতর’ হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র হুয়া চুনয়িংয়ের দাবি, পেলোসি কোনও ব্যক্তিগত কাজে তাইওয়ান যাননি এবং আমেরিকা যদি হস্তক্ষেপ করা বন্ধ না করে তা হলে চীন ‘বৈধ ভাবে যে কোনও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত’। পেলোসির সফর চীনা নীতির পরিপন্থী হবে বলেও শি জিনপিং সরকার দাবি করেছে।

এদিকে, চীনা হুমকির প্রতিক্রিয়ার পর তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস। পেলোসির নিরপত্তার অজুহাতে দক্ষিণ চীন সাগরের দ্বীপরাষ্ট্রে আমেরিকার যুদ্ধবিমানের বহরও ঢুকে পড়েছে।

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি

আবহাওয়া ডেস্কঃ দেশের সবগুলো সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৩ আগস্ট) আবহাওয়ার বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সতর্কতা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।যার দরুন চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।