হাকালুকিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কখনও মাছ, কখনও ধান আবার কখনও শস্য ক্ষেতের উর্বর মাধ্যম হাকালুকি হাওর। বর্ষা মৌসুমে হাকালুকি ভরপুর থাকে মাছের অভয়ারণ্যে। গ্রীষ্মকাল ও শীতকালে সবজি চাষ আর বোরোর মৌসুমে বোরো চাষের জন্য হাকালুকির বুকে রয়েছে সাধারন মানুষের আহার। এই হাকালুকির মাঠ কৃষক, শ্রমিক, জেলে অনেকের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। এ বছর বোরো ধানের পাশাপাশি একটি অংশে বাদাম, ভূট্রা ও মিষ্টি কুমড়ার চাষ হয়েছে বাম্পার। মিষ্টি  কুমড়া (লাউ) চাষ করে লাভবান হয়েছেন অনেক কৃষক।

জুড়ী উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এর প্রায় সবটুকুই হাকালুকি হাওর ঘিরে। চাষিরা বলছেন, কম খরচে বেশি লাভ হওয়ায় তারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। মিষ্টি কুমড়া মাটিতে হয় আবার মাচাঁ পদ্ধতিতে ও হয়। নির্দিষ্ট সময়ে বাজারজাত করে ন্যায্যমূল্য পাওয়ায় চাষিদের কষ্ট সফল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাজারে মিষ্টি কুমড়ার বিক্রি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন চাষিরা।

উপজেলার বেলাগাও গ্রামের চাষি আতিকুর রহমান, আলমগীর হোসেন জানান, প্রায় ২ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলে খরচ হয় ৭-৮ হাজার টাকা। মিষ্টি কুমড়া চাষে কষ্ট কম হয়।  অন্যান্য বছরের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে। প্রতিদিন পাইকারি দামে এখান থেকে এসে ব্যবসায়ীরা মিষ্টি কুমড়া ক্রয় করে। প্রায় ৪০-৫০ হাজার টাকার মত বিক্রি করা হয়েছে। সবচেয়ে বেশী জমিতে  মিষ্টি কুমড়া চাষ করেছেন বেলাগাও গ্রামের কামাল মিয়া ও মালু মিয়া। তারা প্রায় ২ লক্ষ ৮০ হাজার থেকে তিন লক্ষ টাকার মত মিষ্টি কুমড়া বিক্রি করেছেন।

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘উপজেলায় এবার  ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে চাষীরা অনেক খুশী। চাষিদের মাঝে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়।

কৃষি কর্মকর্তা আরও বলেন, মিষ্টি কুমড়ার পাশাপাশি কৃষকরা হাকালুকিতে প্রায় ১৫ হেক্টর জমিতে বাদাম, ২০ হেক্টর জমিতে ভূট্রা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় সব ধরনের ফসল ভালো হয়েছে।

একনেকে চার হাজার দুইশ বাহান্ন কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে আজ। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের “ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে “ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন সংশোধিত) প্রকল্প এবং “সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৩য় সংশোধিত) প্রকল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ” (৩য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন” (২য় সংশোধিত) প্রকল্প এবং “ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি। এসিসটেন্স প্রজেক্ট (ফ্লিপ) “প্রকল্প; স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে “জামালপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন” প্রকল্প,  স্যাটিনটেশন মার্কেট সিস্টেম মান উন্নয়ন প্রকল্প এবং জলবায়ু সহিষ্ণু টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন শীর্ষক প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয়ের “মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্প; এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের “ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক (আর ২০৩, কড়ইকান্দি হতে বাঞ্ছারামপুর-নবীনগর পর্যন্ত) ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক (আর-২২০, সরাইল হতে বলভদ্র সেতু পর্যন্ত)। প্রশস্তকরণ ও উন্নয়ন” প্রকল্প।

এছাড়াও দুটি প্রকল্প ব্যয় ব্যাতিরেকে মেয়াদ বাড়ানো হয়েছে। একটি বিএমার কেরু এন্ড কোং লি. (১ম সংশোধিত) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৩য় শীতলক্ষা সেতু নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।

পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন। এছাড়া সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি’র মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন নেটিজেনদের ট্রলের শিকার শুভশ্রী?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুদিন পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে থাকেন। এবার ভুল ইংরেজি বানান লিখে নেটিজেনদের ট্রলের শিকারে পরিণত হয়েছেন শুভশ্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল।’ আর এতে তাঁর অভিনয় দেখে অতি বড় নিন্দুকও প্রশংসা করতে বাধ্য হয়েছে। বিশেষত বৃদ্ধা ইন্দুবালার চরিত্রটি এত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি, যে শুভশ্রীকে বাহবায় ভরিয়েছেন নেটিজেনরা।

এদিকে ইন্দুবালার সাফল্য উপলক্ষে সাকসেস পার্টির আয়োজন করেছিলেন নির্মাতারা। কালো গাউন এবং নো মেকআপ লুকে এদিন দেখা মেলে শুভশ্রীর। কিন্তু গণ্ডগোল বেঁধেছে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট নিয়ে। সাকসেস বানানটাই ভুল লিখেছেন তিনি। আর সেটা নেটিজেনদের চোখে পড়তেই শুরু হয়ে গিয়েছে ট্রলিং।

নেটিজেনদের একজন লিখেছেন, সাকসেসের মতো সোজা বানানটাও লিখতে জানেন না শুভশ্রী! আবার আরেকজন জ্ঞান দিয়েছেন, ইংরেজি গ্রামার ঠিক মতো পড়েননি বোধহয় তিনি।

প্রসঙ্গত, এর আগেও ইংরেজি বলা বা লেখা নিয়ে ট্রলের মুখে পড়েন শুভশ্রী। ওয়ার্ল্ড কাপকে ‘ওয়ার্ল্ডস কাপ’ বলে বা ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

রমজান মাসেও সৌদিতে শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র রমজান মাসেও শিরশ্ছেদের মাধ্যমে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে রমজান মাসে কারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজানের পঞ্চম দিন গত ২৮ মার্চ সৌদি আরবের মদিনা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তি সৌদি আরবের নাগরিক। হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। একজনকে ছুরিকাঘাতের পর তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি।

এ বিষয়ে জার্মানির বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব রমজানে এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে ইএসওএইচআর বলেছে, ২০০৯ সাল থেকে দেশটিতে পবিত্র রমজান মাসে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হয়নি।

সৌদি আরব বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ। ইএসওএইচআরের হিসাবে, রমজান মাসের ঘটনাসহ চলতি বছর এ নিয়ে দেশটিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরব ২০২২ সালে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ২০২১ সালে দেশটি ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে।

নিজের ছেলের নাম জানালেন মাহিয়া মাহি

এবার চিত্রনায়িকা মাহিয়া নিজের ছেলের নাম জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে ছেলের নাম প্রকাশ করেছেন মাহিয়া মাহি। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, মো: মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।’

এদিকে মাহি হাসপাতালে থাকাকালীনই তার স্বামী রকিব সরকার জানিয়েছিলেন, আমাদের ‘ফারিশতা’ নামে একটা রেস্তোরাঁ আছে। সেই নাম থেকে ‘তা’ বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন মাহিয়া মাহি

ত্বক মসৃণ রাখার ঘরোয়া ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্কঃ প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং ফ্যাটি অ্যাসিডের অভাব থাকলে ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যেতে পারে। রুক্ষ ত্বক প্রতিরোধ করতে অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে। পরিবেশগত কারণ থেকে ত্বককে রক্ষা করতে হবে। একটি স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। এ ছাড়াও, কিছু ফেস প্যাক রয়েছে যা আপনাকে মসৃণ ত্বক অর্জনে সহায়তা করতে পারে।

চলুন তাহলে জেনে নেই ঘরোয়া ফেসপ্যাক বানানোর পদ্ধতি-

হলুদ এবং দুধের ফেসপ্যাক

হলুদ গুঁড়ো এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান। এবার ১৫ মিনিটের জন্য শুকাতে দিন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেঁপে ও মধুর ফেসপ্যাক

একটি পাকা পেঁপে কচলে নিন। এবার এতে মধু মিশান। আপনার মুখে প্যাকটি ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এবার ধুয়ে ফেলুন।

টমেটো এবং শসার ফেসপ্যাক

টমেটোর পাল্প এবং শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান। ধুয়ে ফেলার আগে ২০ মিনিটের জন্য রেখে দিন।

বেসন ও হলুদের ফেসপ্যাক

বেসন ও হলুদের গুঁড়া নিন। এগুলো দুধ বা দইয়ের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান। ধুয়ে ফেলার আগে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন।

অ্যালোভেরা এবং শসার ফেসপ্যাক

অ্যালোভেরা জেল এবং শসার রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে ২০ মিনিটের জন্য রেখে দিন।

 

কুলাউড়ায় ৮ জুয়াড়ি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)।

থানা সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাজীপুরের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর থেকে ৮ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস ও নগদ ২০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।

ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের সোমবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি নেতা আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকেলে হাইমচর উপজেলার আলগীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সফিক তার নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। যেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট সরকার এবং ১/১১ সরকারের সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলা তুলে ধরে আপত্তিকর মন্তব্য করেন। যার কারনে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, আটক হওয়া বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে আজ। পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলাচল উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক এ ট্রেন চলাচল উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু, নাঈম রাজ্জাক, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর রেলপথের কাজ শেষ করেছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। আজ ৪১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলাচল করবে ট্রেনটি। বুধবার (২৯ মার্চ) রেলপথের সবশেষ ৭ মিটার অংশের ঢালাই দেওয়ার মাধ্যমে কাজ সমাপ্ত হয়। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে প্রকৌশলীদের পরীক্ষায় পুরো সেতুতে ট্রেন চলার জন্য উপযোগী হয়ে উঠেছে বলে নিশ্চিত করা হয়।

বঙ্গবাজারে পাঁচ হাজার দোকান পুড়ে ২ হাজার কোটি টাকার ক্ষতি

রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখা যায় অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজার। প্রায় ৫ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক ২ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সূত্রে সবশেষ খবর পাওয়া বঙ্গবাজার ও এর আশপাশের মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ছবি-ইন্টারনেট থেকে সংগৃহীত।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্সকো মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, এখনও ধ্বংসস্তূপে আগুন জ্বলছে। সব পুড়ে শেষ না করা পর্যন্ত এই আগুন জ্বলবে। আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই দোকান রয়েছে আড়াই হাজারের মতো। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই আগুন বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। এই ব্যবসায়ীদের পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদ কেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে সাতশ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত।