পেসারদের সাফল্যে আশাবাদী কোচ অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের পেসাররা বেশ সমালোচিত হয়েছিলেন। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ১২ ওভারে ১৩৭ রান খরচ করেছেন। তাই জিম্বাবুয়ে রেকর্ড ২০৫ রান গড়ে। বাজে পারফরম্যান্সের কারণে তাসকিন দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেননি। তবে মুস্তাফিজ ও শরিফুলের সম্মিলিত চেষ্টায় দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে লাল-সবুজের দল।

বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করার জন্য বোলারদের স্মার্ট হতে হবে। এ ব্যাপারে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের দিকে তাকান, ইংল্যান্ড ১০১ রানে অলআউট হয়ে যায়। তাই টি-টোয়েন্টি এমন একটি খেলা যা আপনাকে অনেক কিছু শেখায়।

ডোনাল্ড তরুণ পেসার হাসান মাহমুদের পারফরম্যান্সে মুগ্ধ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ইনজুরির কারণে পরে বাদ পড়ে যান তিনি। ঘরোয়া ক্রিকেটে ফেরার আগে তিনি প্রায় এক বছর পুনর্বাসনে কাটিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরে চার ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট নেন।

এ ব্যাপারে ডোনাল্ড বলেন, হাসান মাহমুদের খেলায় আমি বিশেষভাবে মুগ্ধ, কারণ আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছি। সে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে।  আমি দেড় বছর ধরে এখানে আছি, তাকে কাছ থেকে দেখেছি।  তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে।

বাংলাদেশ দলের সাফল্যে আশাবাদী দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার বলেন, দ্বিতীয় ম্যাচে আমাদের শুরুটা দারুণ হয়েছিল, পেসাররা ভালোভাবে শেষ করেছেন। আমরা দেখিয়েছি, আমরা কেমন স্মার্ট হতে পারি। আশা করি তৃতীয় ম্যাচে দল সাফল্য পাবে।

 

‘পরাণ’এর আয়ে আরও ৫ সিনেমা বানানো যাবে : প্রযোজক

বিনোদন ডেস্কঃ মাত্র ১১ সিনেমা হলে মুক্তি পাওয়া ‘পরাণ’-এর দর্শক চাহিদা তুঙ্গে অবস্থান করায় এখন দেশের ৬০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। সিনেমাটির প্রযোজক তামজিদ অতুল জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে যে দর্শক সাড়া পাওয়া যাচ্ছে এতে সিনেমাটি হলে আরও অনেক দিন প্রদর্শিত হবে বলে আশা প্রকাশ করা যায়।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলিজসের পরিচালক তামজিদ অতুল বলেন, পরাণের টাকা দিয়ে আরও পাঁচ সিনেমা বানানো যাবে আশা করি। এখনও সেলস বাম্পার, রিপোর্ট শো করব এই সপ্তাহে।

তিনি আরো বলেন, ‘পরাণ’ সিনেমাটি ‘মনপুরা’র পর নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। এই সিনেমা দর্শক চাহিদা এখন তুঙ্গে। মনে হচ্ছে আরও অনেক দিন হল মালিককে এই সিনেমা রাখতে হবে। কারণ, সিনেমার গল্প ও নির্মাণ মানুষের হৃদয়ে গেঁথে গেছে। বহু দর্শক দেখছি যারা সিনেমাটি নিজে দেখার পর বন্ধু, বান্ধব ও পরিবার নিয়ে দেখতে আসছেন। এটা সম্পূর্ণ একটা ম্যাজিক্যাল ব্যাপার। পুরো ক্রেডিট আমি টিমের সবাইকে দেব। বিশেষ করে পরিচালককে ধন্যবাদ দিতে চাই।

উল্লেখ্য,  রায়হান রাফীর পরিচালনায় ত্রিভুজ প্রেমের ‘পরাণ’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

 

মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ’র সন্ত্রাসবাদবিরোধী এক অভিযানে জাওয়াহারিকে হত্যার কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের তথ্যমতে, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বাড়িতে বাস করছিলেন আল-কায়েদা প্রধান আয়মান আয়মান আল-জাওয়াহিরি। বাসার বারান্দায় জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় সিআইএ। ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সে সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িটিতে উপস্থিত থাকলেও শুধুমাত্র জাওয়াহিরি নিহত হন বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের শুরুতে জাওয়াহিরির অবস্থান সম্পর্কে নিশ্চিত হন তারা। এরপর কয়েক মাস ধরে গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র আবারও দেখিয়েছে যতো সময়ই লাগুক আর যেখানেই পালিয়ে থাকুক না কেন, যুক্তরাষ্ট্র তার শত্রুদের নিশ্চিহ্ন করবেই। তার আশা, জাওয়াহিরির মৃত্যুতে নাইন ইলেভেন হামলায় নিহতদের পরিবারগুলো শান্তি পাবে।

জাওয়াহিরিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও বিবিসিকে এক তালেবান মুখপাত্র বলেছেন, আফগানিস্তানে অনুপ্রবেশ করে এই অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, ৭১ বছর বয়সী আয়মান আল-জাওয়াহিরি একসময় পেশায় চোখের সার্জন ছিলেন। ২০১১ সালে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদা’র নেতৃত্বে আসেন। লাদেনের সাথে মিলে জাওয়াহিরির বিরুদ্ধে নাইন-ইলেভেন হামলা পরিকল্পনার অভিযোগ রয়েছে। ২০০০ সালের অক্টোবরে মার্কিন রণতরী ইউএসএস কোলে আত্মঘাতী হামলায় ১৭ নাবিকের মৃত্যুর জন্যও তাকে দায়ি করা হয়।

 

ইউরিয়া সারের প্রতি কেজিতে ৬ টাকা দাম বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ বর্তমান সরকার দেশে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। গতকাল সোমবার (১ আগস্ট) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। একই দিনে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বাড়ায় দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়ার সারের বর্তমান দাম ৮১ টাকা। এর ফলে ৬ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি কেজিতে ৫৯ টাকা ভর্তুকি প্রদান করতে হবে। এর আগে, ২০০৫-০৬ অর্থবছরে প্রতিকেজি ইউরিয়া সারের ভর্তুকি ছিল মাত্র ১৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক বছর ধরে আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় ৩-৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে সারে প্রদত্ত সরকারের ভর্তুকিও বেড়েছে প্রায় ৪ গুণ। ২০২০-২১ অর্থবছরে যেখানে ভর্তুকিতে লেগেছিল ৭ হাজার ৭১৭ কোটি টাকা, সেখানে ২০২১-২২ অর্থবছরে লেগেছে ২৮ হাজার কোটি টাকা।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ : কারারক্ষী স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে জেলার কর্তৃক কু-প্রস্তাব

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে অব্যাহতভাবে শারিরীক নির্যাতন এমন কি কয়েক দফা বালিশ চাপা দিয়ে হত্যার প্রচেষ্টা চালিয়েছে কারারক্ষী স্বামী। স্বামী ও শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে শাপলা বেগম নামের ঐ গৃহবধু বর্তমানে প্রায় ৭ বছরের এক পুত্র সন্তানতে নিয়ে পিতার বাড়িতে দুর্বিসহ জীবনযাপন করছেন। স্বামীর পরকীয়া আর নির্যাতনের বিষয়ে অভিযোগ করতে গিয়ে জেলারের কু-প্রস্তাবের শিকার হতে হয়েছে। আদালতে মামলা করে পিপি’র দ্বারা প্রতারিত হয়ে বিচার থেকেও বঞ্চিত হচ্ছেন ঐ গৃহবধু।

অবশেষে উক্ত শাপলা বেগম নওগাঁ প্রেসক্লাবে গতকাল সোমবার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁর এই নির্যাতনের কাহিনী তুলে ধরে এবং জেলারের আচরণ ও পিপি কর্ত্তৃক প্রতারনার বিষয়গুলো উপস্থাপন করেন। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যে জানা গেছে, গত ২০১০ সালের ১১ জুন তারিখে নওগাঁ সদর উপজেলার উলিপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের কন্য উক্ত শাপলা বেগমের বিয়ে হয় সদর উপজেলার চুনিয়াগাড়ি মোজাফ্ধসঢ়;ফর হোসেন পুত্র কারারক্ষী আতিকুর রহমানের সাথে। বিয়ের এক বছর পর বাড়ি নির্মানের নাম করে প্রবাসী পিতার নিকট থেকে স্বামী আতিকুর রহমান ও তার মা ১০ লক্ষ টাকা গ্রহণ করে।

এরপর চাকুরীর সুবাদে ২০১২ সালে গাইবান্ধায় বাসায় নিয়ে যাওয়ার পর থেকে আতিকুর তার স্ত্রী শাপলা’র উপর নানাভাবে নির্যাতন শুরু করে। ২০১৬ সালে নাটোরে এবং সবশেষে ২০১৮ সালে বগুড়ায় ভাড়া বাসায় অবস্থানকালে অব্যাহগত নির্যাতন চালায়। বগুড়ায় ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। নির্যাতনের কারন অনুসন্ধান করতে গিয়ে স্বামীর মোবাইল গোপনে চেক করে জানতে পারে নিজেকে অবিবচাহিত পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার কথা। মোবাইল ফোন থেকে ঐসব মেয়েদের নম্বর সংগ্রহ করে তাদের নিকট ফোন দিয়ে বলে যে সে আমার স্বামী। আমাদের একটা সন্তান আছে। তাদের নিকট সংসার বাচানোর আকুল আবেদন করেন। তারপর থেকে নির্যাতনের মাত্রা দ্ধিগুন হয়ে যায়।

গত ২০২০ সালের ২৪ আগষ্ট শাপলাকে গ্রামের বাড়ি চুনিয়াগাড়িতে রাখে। তখন সে বগুড়ায় চাকুরী করে। গ্রামের বাড়িতেও মায়ের সহযোগিতায় কয়েকদফা হত্যার প্রচেষ্টা চালায়। এমন কি সাদা কাগজে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু স্বাক্ষর না করলে মা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় বেদম মারপিট করে। আবচারও বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। এ সংবাদ পেয়ে চুন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল এবং সদর থানা পুলিশের সহযোগিতায় শাপলার মা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে সেই থেকে পিতার বাড়িতেই অবস্থান করছে।

এরই এক পর্যায়ে গত ২৬ আগষ্ট ২০২০ তারিখে বগুড়ায় জেলার শরিফুল ইসলামের কাছে বিভাগীয়ভাবে অভিযোগ করার জন্য গেলে উক্ত জেলার তাকে একা এক ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন অশ্লীল ছবি দেখিয়ে শারিরীক সম্পর্কের কু-প্রস্তাব দেয়। কোনভাবে নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসেন শাপলা। এ ব্যপারে শরিফুল ইসলাম ও স্বামী আতিকুর রহমানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের নিকট আবেদন করেও কোন ফল হয়নি। বাধ্য হয়ে গত ২০২০ সালে ৮ সেপ্টেম্বর নওগাঁ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলা দায়ের করেন। যা সদর থানায় রেকর্ড করা হয় যার নম্বর ৪১২/২০২০। মামলাটি পিবিআই তদন্ত করছিল। এ সময় ঐ আদালতের পিপি এ্যাডভোকেট নাহিদ বিবাদীর সাথে যোগসাজস করে আপােষ করে দেয়ার নামে এবং পুনরায় সুষ্ঠুভাবে সংসার যাতে করতে পারেন এমন প্রস্তাব দিয়ে আদালতে চুপচাপ থাকার পরামর্শ দেন। চুপচাপ থাকলে একমাসের জন্য আতিকুরের জামিন হলে পরবর্তীতে সংসার টিকিয়ে রাখার প্রক্রিয়া শুরু করবেন বলে প্রতিশ্রুতি দেন। সন্তানের মুখের দিকে চেয়ে শাপলা পিপি’র কথা মত আদালতে কোন কথা বলেন নি।

কিন্তু জামিন হওয়ার পর পিপি পাশা ঘুরিয়ে ফেলেন। আপোষের কথা বললে উক্ত পিপি বলে আপোষের কথা বলা যাবে না। স্থায়ী জামিন করে দিলে আপোষ হবে। তখন শাপলা বুঝতে পারেন যে পিপিও বিশ্বাসঘাতকতা করেছে। এখন শাপলা বেগম ন্যায় বিচারের প্রত্যাশায় আইনের দরজায় মাথা খুড়ে মরছেন। একটি সন্তান নিয়ে পিতার বাড়িতে দুর্বিসহ দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপার করছেন।

তার প্রশ্ন তিনি কি কোন বিচার পাবেন না ?

নীলফামারীর ডোমারে চাল বোঝাই ট্রাক্টর উল্টে ২ জন নিহত, আহত ১

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে চাল বোঝাই ট্রাক্টর উল্টে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১ আগষ্ট) দুপুরে বোড়াগাড়ী-জলঢাকা সড়কের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়া পাড়া একবট নতুন জামে মসজিদ সংলগ্ন এলাকায়।

নিহতরা হলেন, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে ভ্যান চালক আফসারুল ইসলাম(৪৫) ও ডিমলা বড় সমজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম(২৫)।

এ ঘটনায় নিহত জহুরুলের বোন লিমা আক্তার গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আবু সাঈদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলেই জহুরুল ইসলাম নামে একজন এবং রংপুরে নিয়ে যাওয়ার পথে ভ্যান চালক আফসারুল মারা যান।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে জলঢাকা-বোড়াগাড়ী সড়কের একবট এলাকায় ঠাকুরগাঁও থেকে চাল বোঝাই একটি ট্রাক্টর জলঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দুইজন যাত্রী নিয়ে একটি ভ্যান বোড়াগাড়ীর দিকে আসছিলো। এ সময় নতুন মসজিদের সামনে ট্রাক্টরের এক্সেল ভেঙ্গে গেলে ট্রাক্টরের ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা চাল বোঝাই বস্তা ভ্যান গাড়ীর উপরে পরলে ভ্যানচালকসহ যাত্রীরা চালের বস্তার নিচে চাপা পড়ে। স্থানীয়রা এ সময় বস্তা সরিয়ে ভ্যানচালকসহ যাত্রীদের উদ্ধার করে বের করে আনেন। এ সময় ঘটনাস্থলেই বোনের বাড়ীতে বেড়াতে আসা জহুরুল মারা যান। রংপুরে নিয়ে যাওয়ার পথে মারা যায় ভ্যান চালক আফসারুল ইসলাম।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএসসি-২০২২ পরীক্ষার রুটিন প্রকাশ

শিক্ষা ডেস্কঃ বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১ অক্টোবর। গতকাল রোববার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রয়ক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়।

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা মধ্য-আগস্টে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু ওই সময় দেশে বন্যার আশঙ্কা থাকায় পরীক্ষা কার্যক্রম আবার বাধার মুখে পড়তে পারে। তাই ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়, যা চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে।

প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

উল্লেখ্য, এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা শুরু হওয়ায় ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এতে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।

 

ডিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩জন আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয় অদ্য রোববার (৩১ জুলাই) মৌলভীবাজার সদর মডেল থানার ০১ নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মো: হেলাল মিয়া(৩৪) ও শংকর সূত্রধর (৩০) কে আটক করা হয়।

নবীগঞ্জ নিবাসী দীগম্বর ব্রাক্ষন গ্ৰামের মৃত আফতাব উদ্দিন এর ছেলে হেলাল মিয়া। একই গ্ৰামের মৃত দীগেন্দ্র সূত্রধর এর ছেলে শংকর সূত্রধর।

অন্য আরেক অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন সদর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের ঢাকা সিলেট হাইওয়ে রাস্তার উপর গোপন তথ্যের ভিত্তিতে ৩ কেজি গাঁজাসহ সাকিব মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাকিব মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আপ্তার হাওর গ্রামের অনু মিয়ার ছেলে বলে জানা যায়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার দু’টি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে হাজির করলে, আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।

নওগাঁয় মহিলাদের বিনামূল্যে বেসিক কম্পিউটার ট্রেনিং কার্যক্রম শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহিলাদের বিনা মূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে স্থানীয় প্রভাতী মহিলা সমিতির উদ্যোগে এই প্রশিক্ষশা কার্যক্রম চালু করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় শহরের ডিগ্রি কলেজের মোড়ে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন।

প্রভাতী মহিলা সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অীনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রতি ব্যাচে ১৫জন করে মহিলা প্রশিক্ষণে অংশ গ্রহন করবেন। প্রতি ব্যাচে মোট ৪৫ ঘন্টা করে প্রশিক্ষন ক্লাশ অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিশেষ এই কম্পিউটার প্রশিক্ষন কর্মসূচীতে চারটি ব্যাচে ৬০ জন মহিলা প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবেন।

শুরু হলো বাঙালির শোকের মাস-শোকাবহ আগস্ট

সিএনবিডি ডেস্কঃ আগস্ট মানে বাঙালির শোকের মাস, বেদনার মাস। বছর ঘুরে আবার এসেছে বাঙালি জাতির ইতিহাসে রক্তের আখরে লেখা শোকাবহ আগস্ট। বাঙালির জীবনে এ মাস অভিশপ্ত। ১৯৭৫ সালের এই মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ মহান নেতাকে হারানোর শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকেও হত্যা করে ঘাতকরা। এ ছাড়া বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ সদস্য ও আত্মীয়-স্বজনকে হত্যা করা হয়। শুধু দেশের বাইরে থাকার জন্য তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।

আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচিঃ শোকের এই আগস্ট মাসকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শোকের মাসটিকে স্মরণ করতে প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। মাসব্যাপী ঘোষিত হয়েছে বিভিন্ন কর্মসূচি।

আজ ১লা আগস্ট সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের আয়োজনে রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ই আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন।

আগামী ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বাদ জোহর আজিমপুর এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ ছাড়া আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি, আওয়ামী যুবলীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগ পৃথক আলোচনাসভার আয়োজন করবে।

আগামী ১৫ই আগস্ট সূর্য উদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সর্বস্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৭টা ৪৫ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।

আগামী ১৬ই আগস্ট বিকেল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে। ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা।

আগামী ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ৯টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০টায় ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনাসভার আয়োজন করবে আওয়ামী লীগ।

এবং সর্বশেষ আগামী ৩১শে আগস্ট ছাত্রলীগ ও কৃষক লীগের আয়োজনে আলোচনাসভার মধ্য দিয়ে শোকের মাস আগস্টের কর্মসূচি শেষ করবে আওয়ামী লীগ।