ইউক্রেনের বন্দর ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় জাতিসংঘের মধ্যস্থতায় মস্কো-কিয়েভ চুক্তির আওতায় ইউক্রেনের বন্দর থেকে শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেনীয় ওদেসা বন্দর ছেড়েছে। এর মাধ্যমে যুদ্ধের কারণে গত পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বজুড়ে বন্ধ থাকা শস্য রপ্তানি সোমবার থেকে পুনরায় শুরু করল ইউক্রেন। স্থানীয় সময় আজ সোমবার (১ আগস্ট) সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দর ছেড়েছে শস্যবাহী প্রথম জাহাজ।  বিবিসির খবরের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তুরস্ক ও ইউক্রেনের কর্মকর্তারা।

প্রতিবেদনে জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে বিশ্বের অন্যতম দুই প্রধান খাদ্য ও জ্বালানি রপ্তানিকারক দেশের মধ্যে চলে আসা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বৈশ্বিক এ সংকটের সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় গত ২২ জুলাই কিয়েভ ও মস্কোর কর্মকর্তারা ইউক্রেনে আটকা আড়াই কোটি টন গম ও ভুট্টা বিশ্ববাজারে সরবরাহের লক্ষ্যে তুরস্কে একটি চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হওয়ায় বৈশ্বিক খাদ্য সংকট এবং বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম কমবে বলে আশা করা যায়।

তুরস্কের এক বিবৃতিতে বলা হয়, সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি লেবাননে নোঙর করবে। আগামী সপ্তাহগুলোতে আরও চালানের পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, চুক্তির আওতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির কাজ তদারকির জন্য তুরস্কের ইস্তাম্বুলে যৌথ সমন্বয় কেন্দ্র (জেসিসি) চালু করা হয়েছে। জেসিসি বলেছে, জাহাজটি প্রায় ২৬ হাজার টন ভুট্টা পরিবহণ করছে এবং আগামী ২ আগস্ট সেটি তুরস্কের জলসীমায় পৌঁছাবে।

কুলাউড়া পুলিশের জালে কামাল ডাকাত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল সোমবার (১ আগষ্ট) গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কামাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাত কামাল মিয়া কুলাউড়া থানার বাঘজুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তাহার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় চলমান।

এর সত্যতা নিশ্চিত করতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গ্রেফতারকৃত ডাকাত কামাল মিয়াকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদক সহ আইন-শৃঙ্খলা সঠিক থাকতে এমন অভিযান সব সময় পরিচালনা থাকবে বলে জানান ওসি।

দুর্দান্ত জয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে হারের পর শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সদ্য বাংলাদেশের নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান। সেই কথা রেখেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ব্যাটে-বলের দাপটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ে সিরিজেও সমতা ফিরিয়ে এনেছে নুরুল হাসান সোহানের দল।

গতকাল রোববার (৩১ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরল। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী মঙ্গলবার ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে বাংলাদেশকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি জিম্বাবুয়ে। জিততে হলে বাংলাদেশকে করতে হতো মাত্র ১৩৬ রান। এই রান তাড়ায় লিটন দাসের হাফসেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় লাল-সবুজের দল।

এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে একাই নাড়িয়ে দিয়েছেন সৈকত। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে হাফসেঞ্চুরি করা লিটন দাস উপহার দিয়েছেন ৩৩ বলে ৫৬ রানের ইনিংস। যাতে ছিল ছয়টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এ ছাড়া ব্যাট হাতে আফিফ হোসেন করেছেন ৩০ রান। ১৬ রান এসেছে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। শান্ত করেছেন ১৯ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৩৫ রান তুলতে পেরেছে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন সিকান্দার রাজা। ৫৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও দুই ছক্কা দিয়ে।

তবে সৈকতের বোলিং কোটা শেষ হলে প্রতিরোধ গড়েন সিকান্দার রাজা। বাকি সময় লড়াই করে জিম্বাবুয়েকে ১৩৫রানের পুঁজি এনে দেন সিকান্দার রাজা। গত ম্যাচেও জিম্বাবুয়ের হয়ে দারুণ ব্যাট করেন তিনি। আজও বিপদে পড়া জিম্বাবুয়েকে বাঁচাতে লড়াই করেন রাজা। সৈকত ছাড়া বাংলাদেশের হয়ে বল হাতে উইকেটের দেখা পেয়েছেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। দুজনের পেয়েছেন সমান একটি করে উইকেট।

উল্লেখ্য, প্রথম ম্যাচ জিম্বাবুয়ে এবং দ্বিতীয়টি বাংলাদেশ জেতায় সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণীতে পরিণত হয়েছে। একই মাঠে আগামীকাল (২ আগস্ট )তৃতীয় টি-টুয়েন্টি খেলবে দুইদল।

 

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২০ টি স্টল নিয়ে  সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২২ শুরু হয়েছে। রবিবার (৩১ জুলাই) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উক্ত মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার -৩ (সদর-রাজনগর)  আসনের সংসদ সদস্য  নেছার আহমেদ।

এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নেছার আহমেদ বলেন, আমরা একদিকে যেমন গাছ রোপন করছি, ঠিক তেমনি অপ্রয়োজনে অনেক গাছ কেটে ফেলছি। এভাবে এলোপাতাড়ি গাছ কাটার ফলে দিন দিন বন উজাড় হচ্ছে। এতে  বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী  বিলুপ্ত হচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ আয়োজিত এই মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন হয়।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ (সংরক্ষিত মহিলা) আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো. মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।

মেলায় স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন-কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ,বীর মুক্তিযোদ্ধাগন ,বিভিন্ন নার্সারির মালিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। সপ্তাহব্যাপী মেলা চলবে আগামী ৬ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে মেলায় কার্যক্রম।

‘হাওয়া’র গল্প নকলের অভিযোগ উড়িয়ে দিলেন নির্মাতা

বিনোদন ডেস্কঃ মুক্তির আগেই নির্মাতা-অভিনেতারা বলছিলেন, ‘হাওয়া’ সিনেমাটি একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহে আসার দুদিন পর শোনা গেল এই ‘হাওয়া’ নাকি নকল। নেটিজেনদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতো করে পোস্ট করে দাবি তুলেছেন কোরিয়ান সিনেমা ‘সী ফগে’র অনুকরণে নির্মাণ করা হয়েছে এটি।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল কোরিয়ান ভাষার ছবি ‌‘সি ফগ’। নির্মাণ করেছিলেন সাং বু শিম। ছবির কাহিনীতে দেখানো হয়, চীন থেকে কোরিয়াতে অবৈধ মানবপাচারের জন্য ভাড়া করা হয় মাছ ধরার নৌকা। কিন্তু প্রতিকূল আবহাওয়াসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ে সেই নৌকা। আর সেখান থেকেই নেটিজেনদের ধারণা ‘সি ফগ’ নকল করে ‘হাওয়া’ নির্মাণ করা হয়েছে।

তবে এবার এই অভিযোগ অস্বীকার করেন ‘হাওয়া’র নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিকে সম্পূর্ণ মৌলিক গল্পের বলে দাবি করেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘সিনেমা দু’টির শুটিং সাগরে হয়েছে বলে অনেকে হয়ত এরকম ভাবছেন। সাগরে দৃশ্যধারণ করা হলেই তো আর সিনেমা এক হয় না।’

মেজবাউর রহমান সুমন আরো বলেন, ‘যারা এই দাবি তুলেছেন মনে হয় তারা আমার সিনেমাটি দেখেননি। তাদের বলব, আপনারা আগে আমার সিনেমাটি দেখে, মিলিয়ে তারপর এরকম দাবি তুলুন। আমি আগে থেকেই জোর গলায় বলে আসছি এটা এ অঞ্চলের গল্প। এখনও বলব এটা আমাদের ছবি। যারা নকল বলছেন তাদের প্রতি আমার আহ্বান, তারা দুটি সিনেমা পাশাপাশি রেখে দেখুক।’

মূলত, মাঝসমুদ্রে ঘটনাচক্রে গন্তব্যহীন হয়ে পড়া মাছ ধরার একটি ট্রলারের আট মাঝি এবং রহস্যময় এক বেদেনীকে ঘিরেই ‘হাওয়া’ সিনেমার গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চোধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সোহেল মন্ডলের মতো অভিনেতারা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই সিনেমা হলগুলোর টিকিট বিক্রি হয়ে যায়। সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল দেখার মতো। অনেকেই মনে করছেন এই সিনেমা দিয়েই হয়তো বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে।

 

রাণীশংকৈল নির্বাচনী সহিংসতায় পৃথক ৩ মামলায় আসামী ৮০০ গ্রেফতার আতংকে এলাকাবাসী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাদী হয়ে মামলা তিনটি করেন। এতে অজ্ঞাতনামা ৬৫০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে।

থানা– পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৭ জুলাই) রাণীশংকৈল উপজেলায় তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাচোর ইউনিয়ন পরিষদের টেকিয়া মহেষপুর ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রথমে জয়ী ইউপি সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে ৩ নম্বর ওয়াডের্র ইউপি সদস্য পদে বাবুল হোসেন ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজাদ আলী পেয়েছেন ৪৪২ ভোট ও খালেদুর রহমান পেয়েছেন ২৪৫ ভোট।

কিন্তু ওই ফল প্রত্যাখ্যান করে পরাজিত ইউপি সদস্যপ্রার্থী আজাদ আলী ও খালেদুর রহমানের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখান থেকে বের হতে বাধা দেন। সাথে সাথে পুলিশের সহায়তায় কেন্দ্র থেকে তাদের বের করে উপজেলা নির্বাচন কনট্রোল রুমে পাঠিয়ে দেয়া হয়।

পরক্ষণে উপস্থিত  জনতা আরো উত্তেজিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় হামলাকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছোড়ে।

ঘটনার সূত্রপাত জানতে ভোটে জয়ী মেম্বার প্রার্থী বাবুল হোসেনের বলেন, ‘ফলাফল পাওয়ার পর আমিসহ আমার সমর্থকরা উপজেলা পরিষদে চলে আসি। সেখানে এসেই জানতে পারি, নির্বাচনী ফল না মানতে বিশৃঙ্খলা চলছে এবং গুলিতে এক শিশু নিহত হয়েছে।

উপজেলার মীরডাঙ্গী এলাকার বাদশাহ মিয়ার ৯ মাস বয়সী মেয়ে সুরাইয়া মায়ের কোলে থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ খতিবর রহমান ৩০ জুলাই একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামী করা হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান বলেন, ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাঁদের ওপর হামলা করেছিলেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি বলে এজাহারে কারও নাম উলে­খ করা হয়নি।

ওই দিন রাতে ভোট গ্রহণের দায়িত্ব শেষে ফেরার সময় মীরডাঙ্গী বাজারের ১৫০ গজ দক্ষিণে পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই বিলাশ চন্দ্র রায় একটি মামলা করেন। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

শিশু সুরাইয়ার মৃত্যুর ঘটনায় ওইদিন তাৎক্ষণিকভাবে লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। ওই সময় তাঁরা রাণীশংকৈল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ও রাণীশংকৈল থানা ঘোরাও করে রাখেন। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

উপজেলার বাচোর ইউনিয়নে পরে রাত সাড়ে দশটার দিকে আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় রাণীশংকৈল থানার এএসআই আহাদুল জামান বাদী হয়ে ৩০ জুলাই একটিমামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার কথা শুনে অনেকেই গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন। হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া গ্রামের প্রায় সব দোকান বন্ধ রয়েছে। প্রতিবেশী এক নারী জানিয়েছেন, কিছু লোক এলাকা ছেড়ে চলে গেছেন। তবে কোথায় গেছেন, তা তাঁরা জানাননি।

৯ মাস বয়সী শিশু সুরাইয়ার ময়নাতদন্ত শেষে মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান হাবিবুর রহমান জানান, শিশুটির মাথায় আঘাত ছিল। এটি লোহার রডের আঘাতেও হতে পারে, বুলেটের আঘাতও হতে পারে। খুলির একটি অংশ পাওয়া যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণকে আহ্বায়ক করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গুলিতে নিহত সুরাইয়ার বাবা মো. বাদশাহ মিয়া বলেন, ‘সুরাইয়ার মতো আর কারও সন্তান যেন এভাবে মারা না যায়।

এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার খতিবর রহমান বলেন, ফলাফল ঘোষনার পর উপজেলা কনট্রোল রুমে আসার পথে পরাজিত মেম্বার প্রার্থীদের সমর্থকরা আমাদের পথ অবরোধ করে। পরে পুলিশের সহায়তায়, নির্বাচনী মালামাল এবং আমিসহ নির্বাচনে জড়িত সংশ্লিষ্ঠ সকলেই গাড়ি নিয়ে চলে আসি। আমরা কনট্রোল রুমে পৌঁছার পর ওই কেন্দ্রে থেকে যাওয়া পুলিশের সাথে উত্তেজিত জনতার  ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে এ খবর আমি জানতে পারি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন এ ব্যাপারটা ৩ টি মামলা দায়ের করা হয়েছে। এবং তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘নিরীহ ও সাধারণ মানুষকে হয়রানি করা হবে না। নির্ভয়ে আপনারা এলাকায় থাকুন। পরের কথায় কান না দেওয়ার অনুরোধ করেন মর্মে তিনি জানান।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ নিয়ে থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় আতংকের বিষয়ে এস পি বলেন,কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেদিকে আমরা লক্ষ্য রাখবো।

ভারতে সাউন্ডবক্স থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ পুণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জল্পেশের শিব মন্দিরে যাবার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩১ জুলাই) রাতে একটি পিকআপ ভ্যানের মধ্যে সাউন্ডবক্স বাজিয়ে একটি তীর্থ ক্ষেত্রে যাচ্ছিলেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

জানা যায়, এ ঘটনায় আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পর ওই ঘটনাটি ঘটে। গাড়িতে সেসময় ডিজে গানে উল্লাস চলছিল, হঠাৎ করে পুণ্যার্থীদের কোনো সাড়াশব্দ না দেখে চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেন, গাড়িতে থাকা জেনারেটরটি দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। সেই জেনারেটরটি কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক। দুর্ঘটনাগ্রস্ত সকলেই শীতলকুচির বাসিন্দা। সকলের পরিবারকেই খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

মৌলভীবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাদকদ্রব্যর অপব্যবহার রোধে অদ্য রবিবার (৩১ জুলাই ২০২২) মৌলভীবাজার জেলার রাঙ্গাউটি রিসোর্ট হল রুমে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় “মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হই, জনসচেতনতা গড়ে তুলি : ড. মো. আওলাদ হোসেন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কল্যাণে দক্ষিণ এশিয়ায় শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত একমাত্র দেশ, বাংলাদেশ। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়িত হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কিছু দুর্গম পার্বত্য এলাকা বাদে এরই মধ্যে দেশের ৯৯.৮৫% এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুতের আলো এরই মধ্যে চলে গেছে দেশের প্রত্যন্ত চরাঞ্চলে, দ্বীপ ও দুর্গম পাহাড়ি এলাকায়। বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাগুলোর বাসিন্দারা দীর্ঘ দিন অন্ধকারে কাটালেও শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিদ্যুতের আলোয় তারা আলোকিত। অবকাঠামোগত সমস্যার কারণে যেসব এলাকায় যুগের পর যুগ বিদ্যুতের আলো পৌঁছায়নি, এবার বিদ্যুৎ বঞ্চিত সেই এলাকার বাসিন্দাদের স্বপ্ন পূরণ হয়েছে।

বিদ্যুৎ সুবিধার কারণে এসব প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা, কৃষি, দৈনন্দিন কাজে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, হাসি ফুটেছে সকলস্তরের মানুষের মুখে। সবাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। কিন্তু সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপকরণ গ্যাস ও জ্বালানী তেলের  অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, বিভিন্ন উন্নত দেশে বিদ্যুতের জন্য হাহাকার চলছে। বাংলাদেশেও বিদ্যুৎ বিভাগকে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। চলমান বৈশ্বিক সংকটের ফলশ্রুতিতে বাংলাদেশে সৃষ্ট লোডশেডিং মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদের গাড়ি নিয়ে ছুটাছুটি না করার নির্দেশ দিয়েছেন।

সুতরাং জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে মন্ত্রনালয় বা অধিদপ্তরে বা সংস্থার প্রধান কার্যালয়ে মিটিং করার জন্য ঢাকার বাইরে বা মিটিংস্থল থেকে দূরে অবস্থানরত কর্মকর্তাকে ঢাকায় ডেকে না পাঠিয়ে অফিস পরিচালনায় ভার্চুয়াল মিটিং উৎসাহিত করা প্রয়োজন।

দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, (সূত্র: বাংলাদেশ ইজিবাইক আমদানি ও সরবরাহকারী ব্যবসায়ী সমিতি) বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা ও গ্রাম পর্যায়ে প্রায় ১৫ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা-ভ্যান চলাচল করছে। প্রতিটি ইজিবাইক চলাচলের জন্য ৪-৫ টি ১২ ভোল্টের ব্যাটারি প্রয়োজন। এসব ব্যাাটারী চার্জ করতে দৈনিক ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুতের এই অবৈধ ব্যবহার  শুধুমাত্র বেআইনি নয়, রাষ্ট্রের ক্ষতিসাধনও করছে, যা জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয়। এই অপচয় রোধে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

সরকারি, বেসরকারি ভবন, অফিস-আদালত, ব্যক্তিগত বাসভবনে যথেচ্ছ বিদ্যুৎ অপচয়ের উদাহরণ রয়েছে। আমি সেদিকে না গিয়ে জাপানের অভিজ্ঞতা থেকে একটি দৃষ্টান্ত দিতে চাই। জাপানের Nagoya University -তে অধ্যয়নকালে Professor Murata একদিন আমাকে বলেছিলেন, ‘Mr. Hossain, electricity is our national property. Please use electricity properly. Don’t misuse’. আমি লক্ষ্য করেছি বিভাগীয় অধ্যাপক মহোদয়সহ ছাত্র, শিক্ষক সকলেই সবসময়ই  নিজ নিজ কক্ষ থেকে বের হওয়ার সময় দরজার ডান পাশে থাকা সুইচটা বন্ধ করে বের হতেন। নামিদামি আবাসিক হোটেলে যেমনি Door Key card ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় করে, ঠিক তেমনিভাবে জাপানের সকল সরকারি-বেসরকারি ভবনসমূহের সকল কক্ষ থেকে বের হওয়ার দরজার ভিতর দিকে একটি সুইচ ব্যবহার করে কক্ষের সকল সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় করে। আমাদের দেশেও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে ভবনের নকশায় তেমনি সুইচ ব্যবহার নিশ্চিত করে বিদ্যুৎ সাশ্রয় করার পদ্ধতি চালু করা যায়।

একটি জাতীয় দৈনিক পত্রিকায় জ্বালানি সাশ্রয়ে রাস্তায় গাড়ির গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন। রাস্তায় বেরুলেই দেখা যায় হাজার হাজার গাড়ি ঘন্টার পর ঘন্টা ট্র্যাফিক জ্যামে আটকা পড়ে আছে। সবগুলো গাড়ির ইঞ্জিন চালু করে রেখেছে। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (Air-conditioning system) সংযুক্ত গাড়িগুলো AC system চালু করে রেখেছে যা জ্বালানীর অপচয়। এই অপচয় রোধে রাস্তায় গাড়ির গতি বাড়ানোর ব্যাপারে জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। গাড়ির গতিভেদে রাস্তায় লেন নির্দিষ্ট করে দিয়ে কম গতি সম্পন্ন গাড়ি সর্ববামে, বেশি গতি সম্পন্ন গাড়ি ডানে চলাচল করার ব্যবস্থা করা প্রয়োজন। রাস্তায় গাড়ি চলাচলে শৃংখলা নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেয়া যায়। জাতীয় স্বার্থে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তাও নেয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের নাগরিকদের- ‘আমি বিদ্যুৎ ব্যবহার করবো, আমি বিল পরিশোধ করবো’ এমন মানসিকতা পরিহার করতে হবে। বরং এমন মানসিকতা পোষণ করতে হবে যে, বিদ্যুৎ ও জ্বালানি জাতীয় সম্পদ যা প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স ও দেশে শ্রমিকের ঘামের বিনিময়ে উৎপাদিত পণ্য রপ্তানী করে অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করতে হয়।

জাপানসহ পৃথিবীর অনেক উন্নত দেশে বিদ্যুত সাশ্রয় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। আমি জাপানে অবস্থানকালে দেখেছি টোকিও শহরে একটি পাঁচ তারকা হোটেলের বিছানার উপরে রাখা একটা বড় কাগজে লেখা রয়েছে: ‘বিদ্যুৎ উৎপাদন করতে পৃথিবীর কোথাও না কোথাও পরিবেশের ক্ষতি হচ্ছে। সুতরাং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই’।

জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহ. শের আলী বিদ্যুৎ সাশ্রয় নিয়ে আলাপচারিতায় বললেন, দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি দেখেছেন, লিফটের সামনে লেখা আছে: ‘Burn calories not electricity’।

দেশের বিদ্যুৎ বিভাগ লোডশেডিং এর ঘোষণা দিয়েছে এ কথা ঠিক, কিন্তু জ্বালানী বিশেষজ্ঞদের মতে ‘সেপ্টেম্বর ২০২২  অতিক্রান্ত হওয়ার পর গরমের প্রভাব কমতে থাকবে, সাথে সাথে বিদ্যুৎ এর সংকটও কমতে থাকবে। এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে কয়লা দিয়ে পরিচালিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে শুরু হবে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হয়েছে, সঞ্চালন লাইনের কাজ চলছে, ঐ সঞ্চালন লাইন ব্যবহার করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ব্যবহারে উৎপাদিত ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় এনে সংযোগ করা হলে আগামী মার্চ মাস নাগাদ লোডশেডিং কমবে। সেখানে তেল, গ্যাস প্রয়োজন হবে না। কয়লা ব্যবহারে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলমান সংকট মোকাবেলা করতে পারবে বিদ্যুৎ বিভাগ। লোডশেডিং থাকবে না’।

চলমান সংকট মোকাবেলায় বিদ্যুৎ, জ্বালানি ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় উৎপাদন বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের নিয়ে কর্মীসভা ও গসণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে চলমান সংকটের কারণসমূহ ব্যাখ্যা করা প্রয়োজন। সংকট মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য জনপ্রতিনিধি, সমাজের প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবগন এবং স্কুলের শিক্ষকমন্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মসজিদের ইমাম সাহেবের বয়ান (বক্তব্য) এবং ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষকদের নির্দেশনা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

এছাড়া স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা যেন এই বৈশ্বিক সংকটকে পুঁজি করে, ভুল ব্যাখ্যা প্রচার করে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার সুযোগ না পায় সে বিষয়েও সজাগ থাকা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে পবিত্র কোরানের সেই মহান বাণী-‘তোমরা সম্পত্তির অপচয় করবে না। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ।‘ – (সূরা বনী ইসরাঈল- আয়াত ২৭)।

ড. মোঃ আওলাদ হোসেন, ভেটেরিনারীয়ান, পরিবেশবিজ্ঞানী, রাজনৈতিক কর্মী ও কলামিস্ট, ঢাকা, বাংলাদেশ। 

জুড়ীতে কুয়ায় মিলল নিখোঁজ তরুণীর লাশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের পরদিন কুয়া থেকে পারুল বেগম (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি তুলে পুলিশের কাছে হস্তান্তর করেন। পারুল উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর মেয়ে।

ফায়ার সার্ভিস ও পুলিশি সূত্রের বরাতে জানা গেছে, পারুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর বাবা পক্ষাঘাতগ্রস্ত। গত শুক্রবার বিকেলে তাঁর মা স্বামীর জন্য ঔষুধ কিনে আনতে স্থানীয় একটি দোকানে যান। বাড়ি ফিরে দেখেন, পারুল ঘরে নেই। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি।

শনিবার বিকেলে বাড়ির কাছে পরিত্যক্ত গভীর কুয়ায় তাঁর লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কুয়া থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী রাত আটটার দিকে মুঠোফোনে প্রতিবেদক’কে বলেন, পারুল মানসিক রোগী বলে স্বজনেরা জানিয়েছেন। কোনোভাবে কুয়ায় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় একটি সাধারণ ডায়েরি মূলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়ে গেছে পরিবারের কাছে।