দিবাস্বপ্ন!

নির্বাচন নিয়ে দেশে রাজনীতি এখন উত্তপ্ত। বি এন পি’ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ই ভি এম পদ্ধতি বাতিল এবং নিরপেক্ষতা নিয়েও নিত্য অভিযোগ করছে দলটি। তাদের জোটভুক্ত দলগুলিও বি এন পি’র দাবী সমর্থন করে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে। বি এন পি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে কোন প্রকার আলোচনায় বসতেও রাজি নয়। নেতাদের বক্তৃতা শুনে মনে হয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেই তারা বিজয়ী হয়ে সরকার গঠন করে ফেলবে। রাতারাতি দেশকে আমেরিকা ইউরুপের মত বানিয়ে ফেলবে। চিরদিনের জন্য দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং দেশে আর কোন রাজনৈতিক সংঘাত থাকবেনা। শ্রীলঙ্কার মত আন্দোলনের ইঙ্গিত দিয়েছে নেতারা। বি এন পি’র নেতারা স্বপ্ন দেখছে জনতা তাদেরকে চিরদিনের জন্য ক্ষমতায় বসিয়ে দিবে।  

বাস্তবতাটি কি আসলেই তাই? সত্যই কি বাংলাদেশের জনগন বি এন পি’কে সেই সমর্থন দিয়েছে? তা’ই যদি হয় তাহলে তো আন্দোলন করারও প্রয়োজন নেই। নির্বাচনে জনগনই তাদেরকে বিজয়ী করে ক্ষমতায় বসিয়ে দিবে। শক্তি প্রয়োগ করেও সরকার জনগনকে আটকাতে পারবেনা। কিন্তু সত্যটি হলো রাজনীতিতে তা ঘটেনি। ২০০৮ সালের নির্বাচিনে জনগন বি এন পি’কে প্রত্যাখান করেছে। এর পর থেকে কোন নির্বাচনেই দলটি জনগনের আস্থা অর্জন করতে পারেনি। নির্বাচনে অংশ নিয়ে কোন প্রচারনায় নামেনি না হয় নির্বাচনের দিন প্রার্থীতা প্রত্যাহার করে বসে গেছে। কারন নেতারা জানে জনগন তাদের পক্ষে নেই। নির্বাচনের পরে রাজনীতিকে বিভ্রান্ত করতে রাতে ভোট হয়েছে বলে প্রচারনা চালিয়েছে। নির্বাচিত সরকারকে অবৈধ বলে নিজেরাই সেই সংসদের সদস্য হয়ে সুবিধা নিচ্ছে। এমন স্ববিরোধী বক্তব্যে বি এন পি এখন জনবিচ্ছিন্ন।

বাস্তব চিত্রটি হলো বি এন পি রাজনীতিতে তাদের অযোগ্যতা প্রমান করেছে। সরকার পতনের আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে একশ চল্লিশ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে ধর্মপ্রান মানুষের সমর্থন হারিয়েছে।বিদ্যুতের নৈরাজ্য, সারের জন্য কৃষক হত্যা আর হাওয়া ভবনের দুর্নীতি দেশের মানুষ কে আতঙ্কিত করেছে। এসব দুর্বিসহ স্মৃতি দেশের মানুষ ভুলে গেছে ভেবে এমন ভুলেই দলটি এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশে স্বাধীনিতার শত্রুদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার অপকর্মটিও বি এন পি’ই করেছে। মৌলবাদকে উষ্কে দিয়ে হত্যার খেলাটিও শুরু করেছে বি এন পি! মুক্তিযোদ্ধা, ইতিহাস বিকৃতি সহ দেশে গনতন্ত্র হত্যা করেছে বি এন পি। দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যম্পিয়ান করে বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করেছে বি এন পি। তাদের হাতে আলাদিনের প্রদীপও নেই যে বি এন পি দেশকে বদলে দিবে। এখন তারাই গনতন্ত্র পুনরুউদ্ধারের শ্লোগান দেয়। এই দাবী হাস্যকর নয়ত কি!

অথচ যেই সরকারকে বি এন পি অবৈধ বলে গলা ফাটিয়ে বক্তৃতা করছে, সেই সরিকারটি দেশের অবস্থাটি বদলে দিয়েছে।বিরোধ আর হাজার রকম বাধা অতিক্রম করে পদ্মা সেতুর নির্মান করে ফেলেছে। কর্নফুলি নদীর তলদেশে টানেল নির্মান করে ফেলেছে। যোগাযোগ ব্যবস্থা সহ দেশের অবকাঠামো বদলে দিয়েছে। বছরে ৩০ লক্ষ টিন খাদ্য ঘটতি এখন চাহিদা পুরন করে রপ্তানী করে। বিদ্যুতের সরবরাহ এখন দেশের প্রত্যান্ত অঞ্চলে চলে গেছে। দেশের উৎপাদন এবং রপ্তানী এখন সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। রিজার্ভের পরিমান এখন ৫০ বিলিয়ন ডলার। বিদেশী প্রচার মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে গেছে প্রচার করছে। যারা একসময় বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি আখ্যা দিয়ে বিদ্রুপ করেছে, তারাই এখন অন্য দেশকে বাংলাদেশকে অনুসরনের পরামর্শ দেয়! নিকট প্রতিবেশী রাষ্ট্রগুলি বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দেশের মানুষ এখন সবই জেনে গেছে। মানুষ এখন সচেতন এবং সবাক। তাহলে বি এন পি কোন অদৃশ্য শক্তির ইন্দনে হুঙ্কার দেয় তা বোধগম্য নয়। আসলে নিজেদের অবস্থান টের পেয়ে দলটি এখন দিশেহারা হয়ে আবোলতাবল বকছে।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফের করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ১০ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফের করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে টুইটারে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন। গতকাল শনিবার (৩০ জুলাই) হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

বার্তা সংস্থাটি জানায়, বাইডেনকে আবারও কঠোর আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পূর্ব নির্ধারিত উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে। টুইট বার্তায় বাইডেন জানিয়েছেন, করোনার কোন লক্ষণ না থাকলেও অন্য সবার নিরাপত্তার স্বার্থে তিনি আইসোলেশনে থাকছেন।

হোয়াইট হাউসের চিকিৎসক ড. কেভিন ও’কন্নর গণমাধ্যমকে জানিয়েছেন, বাইডেনকে ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলভিড দেওয়া হয়েছিল। উচ্চ-ঝুঁকিতে থাকা বিশেষ করে বেশি বয়সের করোনা রোগীদের এই ওষুধ দেওয়া হয়। তবে নতুন করে বাইডেনের চিকিৎসা নিতে হবে না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

এদিকে করোনা শনাক্ত হওয়ায় বাইডেনের উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন বাইডেন। এরপর গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনা পরীক্ষা করান তিনি। চারবারেই ফলাফল পজিটিভ এসেছে।

 

শাজাহানপুরে টেনিস তারকা জেরিন সুলতানা জলিকে বিসিএফের পক্ষ থেকে গাছের চারা উপহার

সাবিক ওমর সবুজ, বগুড়াঃ বগুড়া শাজাহানপুরের ৩১ জুলাই রবিবার সকাল ১১.০০ ঘটিকায় টেনিসের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম জেরিন সুলতানা জলিকে  বিসিএফের পক্ষ থেকে গাছের চারা উপহার দেওয়া হয়।

বগুড়ার শাজাহানপুরের কৃতি সন্তান আজ ন্যাশনাল টেনিস খেলোয়াড়। সে ইতিমধ্যে জয় করেছে দেশ-বিদেশের অনেক স্বর্ণপদক। বিদেশের মাটিতে পরিচয় করে দিয়েছে লাল-সবুজের বাংলাদেশকে।

আন্তর্জাতিক পদক গুলোর মধ্যে ১১তম এশিয়ান গেমস অনূর্ধ্ব-১৪ গার্লস ডাবলস রানার আপ, ১২ তম এশিয়ান গেমস অনূর্ধ্ব -১৪ গার্লস সিঙ্গেল এবং ডাবল উভয় চ্যাম্পিয়ন, ITF এশিয়ান অনূর্ধ্ব -১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ এশিয়ান গেমস ২০১৯ নেপালে চাম্পিয়ান।

জাতীয় পদক গুলোমধ্যে-২০২১মহিলাদের সিঙ্গেল বাংলাদেশ গেমস (২০২০) চ্যাম্পিয়ন, ২০২১মহিলাদের  ডাবল বাংলাদেশ গেমস (২০২০) চ্যাম্পিয়ন, ২০১৮ অনূর্ধ্ব ১৪ সিঙ্গেল Bksp. ক্যাম্প চাম্পিয়ান, ২০১৮ অনূর্ধ্ব ১৬ সিঙ্গেল Bksp. ক্যাম্প চাম্পিয়ান, ২০১৮ অনূর্ধ্ব ১৬ সিঙ্গেল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান, ২০২০ অনূর্ধ্ব ১৬ সিঙ্গেল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান, ২০১৭ অনূর্ধ্ব ১৪ সিঙ্গেল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান, ২০১৭ মহিলাদের ডাবল জাতীয় টুর্নামেন্ট চাম্পিয়ান সহ আরো অনেক অর্জন রয়েছে।

বিসিএফ এর চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, প্রত্যেক ছেলেমেয়েদের খেলাধুলা করা উচিত। কারণ খেলাধুলার মধ্য দিয়ে তার প্রতিভার সঠিক বিকাশ ঘটে। সুস্থ সবল সুন্দর মনের জন্য  খেলাধুলার কোন বিকল্প নেই।

ভিন্ন ধরনের শুভেচ্ছা উপহার হিসেবে গাছ উপহার দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মানুষকে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল না দিয়ে ফুল গাছ কিংবা বৃক্ষ উপহার দেয়া উচিত। ফুল একটু পরে নষ্ট হয়ে যাবে, গাছ রয়ে যাবে তার স্মৃতি হয়ে। উপহারটা যেন স্মৃতি হয়ে থাকে এই জন্য তার এই উদ্যোগ।

জেরিন সুলতান জলি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের  কোন বিকল্প নেই। তাই সকলে গাছের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়া উচিত। গাছ মানুষের প্রকৃত বন্ধু। মানুষকে গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত করার জন্য বি সি এফ চেয়ারম্যান আরিফুল ইসলাম এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানায় জলি।

জুড়ীতে পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজিতে দুই প্রতারক আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী থানা এলকায় পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রবিবার (৩১ জুলাই) রাতে পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি করার সময় জুড়ী থানা পুলিশ দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জুড়ী থানার এলাকার ৫ নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী টু বড়লেখা গামী রাস্তার জাঙ্গিরাই মাদ্রাসার সামনে দুই প্রতারক একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশ পরিচয়ে টাকা দাবি করে।

সংবাদ পেয়ে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১. মোঃ সেলিম মিয়া ও ২. মোঃ কবির আহম্মদ নামের দুই প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া জুড়ী থানার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব ও মোঃ কবির আহম্মদ একই উপজেলার বেলাগাঁও এলাকার মৃত- হোছন আলীর ছেলে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, জুড়ী থানা এলাকায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই প্রতারককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত প্রতারকদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

রৌমারী উপজেলার উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ১০ জন

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): আসন্ন রৌমারী উপজেলা পরিষদের উপ- নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে হাটে, বাজারে, চায়ের দোকানে, মাঠে-ঘাটে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

উপজেলা ঘুরে জানা যায়, নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সহ সকল প্রার্থীরা ইতিমধ্যে অগ্রিম ব্যানার ফেস্টুন টানিয়েছেন। এমনকি ভোটারদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে আছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম সালু, আ,লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ, সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনু, মজিবুর রহমান বঙ্গবাসী, প্রভাষক আবুল হাশেম, নুর মোহাম্মদ ডন, ফজলুল হক মন্ডল, শামসুল দোহা, মিজানুর রহমান মজনু।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন মজিবুর রহমান বঙ্গবাসী ও রৌমারী  উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ ।

উদারমন মানসিকতা ও মেধাবী সম্পন্ন হারুনর রশীদ নিজে’কে উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোষনা করে ইতিমধ্যে তিনি জনসাধারন এর সঙ্গে কুশল ও মতবিনিময় এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা মূলক কাজ করতে চান। আগামীদিনেও সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রৌমারী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী  বলেন, আমি সাবেক চেয়ারম্যান ছিলাম। জনগন আমার পাশে এখনো রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব।

জীবন বাঁচাতে বুলেট প্রুফ গাড়ি কিনলেন সলমান!

বিনোদন ডেস্কঃ প্রাণ রক্ষার্থে এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার কিনেছেন সালমান। সেই গাড়িতে চড়ে সম্প্রতি মুম্বাইয়ে নিজেদের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যেতে দেখা গেছে তাকে।

নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত বলিউডের এই সুপারস্টার। গত মাসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। সলমান ও তাঁর পরিবার উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মুম্বাই পুলিশ। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা ইতিমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন। গাড়িটি অত্যাধুনিক মডেলের না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাঁকে বাঁচাতে পারে এই গাড়ি।

নিজের প্রাণের সুরক্ষায় কোনো চেষ্টারই কমতি রাখছেন না সাল্মান খান। বুলেট প্রুফ গাড়ি ছাড়াও সালমানের সঙ্গে বহু আগে থেকে তিন-চারজন অস্ত্রধারী এবং চৌকস দেহরক্ষী তো থাকেই। হত্যার হুমকি পাওয়ার পর সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেরও নিরাপত্তা জোরদার করেছেন মুম্বাই পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জুন গুলি করে মারার হুমকি দেওয়া হয় সালমান খান ও তার বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে। একটি চিঠির মাধ্যমে তাদের এই হুমকি দেয় পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা। চিঠিতে বলা হয়, সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে তোমাদের। সালমান ও তার বাবাকে হুমকি দেওয়ার সপ্তাহ খানেক আগেই পাঞ্জাবী গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় গুলি করে ঝাঁঝরা করে দেয় এক দল সন্ত্রাসী। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিধুর। আর এর সপ্তাহ খানেক পরই সালমান ও তার বাবাকে গুলি করে মারার হুমকি চিঠি আসে।

 

শ্রীমঙ্গলে চা বোর্ডের বার্ষিক টি টেষ্টিং অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল চায়ের রাজধানীতে বাংলাদেশ চা বোর্ডের বার্ষিক টি টেস্টিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদের চা গবেষণা ইনিন্টিটিউটের টি টেস্টিং রুমে এর উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।

বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত চা বাগান প্রতিনিধিগণ তাদের উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিং এ অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা গবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক ড. মো: ইসমাইল হোসেন টি টেস্টিং এ অংশগ্রহণ করেন।

নবমবারের মতো ইউরোর ফাইনালে মাঠে নামছে জার্মানি

স্পোর্টস ডেস্কঃ নবমবারের মতো ইউরোর শিরোপা জিততে আজ রোববার (৩১ জুলাই) রাতে মাঠে নামছে জার্মানি নারী ফুটবল দল। ওয়েম্বলি স্টেডিয়ামে রাত ১০টায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড নারী দল মাঠে নামছেন।

১৯৮৪ সালে নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম আসর বসে। প্রথম আসরে ফাইনালে ওঠে সুইডেন ও ইংল্যান্ড। যেখানে সুইডিশরা শিরোপা জিতে নেয়। ইংল্যান্ড এরপর আরও একবার ফাইনালে খেলেছে। এবার নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে  উঠল তারা।

জার্মানি ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল। প্রতিযোগিতাটির ১২ আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছে আটবার। সেই সংখ্যাটিকে আরও একধাপ ওপরে নিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে।

জার্মানি এবার ফাইনালের টিকিট কেটেছে ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, অস্ট্রিয়া ও ফ্রান্সের মতো দলগুলোকে হারিয়ে। এর মধ্যে কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে ও সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারায় তারা। প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বড় জয়টি ডেনমার্কের বিপক্ষে ৪-০ গোলে।

অন্যদিকে ইংল্যান্ড ফাইনাল যাত্রায় হারায় অস্ট্রিয়া, নরওয়ে, নর্দার্ন আয়ারল্যান্ড, স্পেন ও সুইডেনকে। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ ও সেমিফাইনালে সুইডেনের বিপক্ষে ৪-০ গোলে জয় পায় তারা। অবশ্য ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়টি আসে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫-০ গোলে।

 

মাদাগাস্কারে ডাকাতের আগুনে ৩২জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর উত্তরে একটি এলাকায় একাধিক বাড়িতে ‘দাহালো’ নামে পরিচিত ডাকাতদের দেওয়া আগুনে অন্তত ৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আনকাজোভ জেলায় গত শুক্রবার (২৯ জুলাই) এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র দাহালো মাদাগাস্কারের অনেক এলাকায় গবাদিপশু চুরি ও নানা ধরনের দস্যুবৃত্তির সঙ্গে জড়িত।

গতকাল শনিবার মন্ত্রণালয়ের ফেইসবুক পেজে দেওয়া এক ভিডিওতে মাদাগাস্কারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিচার্ড রাকোকোনিরিনা বলেছেন, মানুষজন ভয়াবহ বেদনাদায়ক ঘটনার সাক্ষী হয়েছে, অনেক প্রাণ ঝরে গেছে। ৩২ জন মারা গেছেন। এটা করেছে নিষ্ঠুর দাহালোরা, যারা এমনকী নারী ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরেছে।

রাকোকোনিরিনা বলেছেন, যারা এ অপরাধ করেছে তাদের এবং তাদের সহযোগীদের আমরা খুঁজে বের করা হবে।  অপরাধীদের ধরতে সেখানে এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তার ধারণা, দাহালোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর আগের অভিযানগুলোতে যারা তথ্য দিয়ে সহায়তা করেছে তাদের ওপর প্রতিশোধ নিতেই এ হামলা হয়েছে।

মৌলভীবাজারসহ ৩ জেলায় মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড আইডি পাবেন মুক্তিযোদ্ধারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং ‘ডিজিটাল সার্টিফিকেট’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজারসহ টি জেলার প্রায় ১১ হাজার মুক্তিযোদ্ধা এসব কার্ড ও সার্টিফিকেট পাবেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র মতে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের সতেরোটি জেলার ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ বিতরণ করা হবে। এ ছাড়া ৪৬ হাজার ৮০৩ জন মুক্তিযোদ্ধা পাবেন ‘ডিজিটাল সার্টিফিকেট’।

এর মধ্যে সিলেট বিভাগের তিন জেলায় ৩ হাজার ২৮৩ জন মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড এবং ৭ হাজার ৪৮৫ জন পাবেন ডিজিটাল সার্টিফিকেট।

সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট, মৌলভীবাজার জেলায় ৬৪৪ কার্ড ও ১ হাজার ৪৭১ সার্টিফিকেট এবং হবিগঞ্জে ৯২৮ কার্ড ও ২ হাজার ৪৭ সার্টিফিকেট বিতরণ করা হবে।

তবে সিলেট জেলায় আপাতত কোনো মুক্তিযোদ্ধা কার্ড বা সার্টিফিকেট পাচ্ছেন না। পরবর্তী ধাপে এ জেলার মুক্তিযোদ্ধারা এগুলো পাবেন।

এ বিষয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, সতেরোটি জেলায় স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেটের প্রিন্টিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি জেলার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টের কাজ শেষ হতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে।