বড়পুকুরিয়া কয়লা খনিতে ৫০জন চীনা ৪০জন বাংলাদেশী শ্রমিকের করোনা শনাক্ত

জাতীয় ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া খনির কয়লা খনিতে ৫০জন চীনা ৪০জন বাংলাদেশী শ্রমিক করোনা আক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখান থেকে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ করা হয়।

খনি সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩ মাস কয়লা উত্তোলন বন্ধ থাকার পর গত বুধবার সকাল সাড়ে ৯টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান খনির ১৩০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় খনির ৩০০ চীনা ও ৪০০ স্থানীয় শ্রমিকদের নিয়ে পরীক্ষমূলকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়। তিন দিনে প্রায় ৫হাজার মে.টন কয়লা উত্তোলন করতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।

তবে হঠাৎ খনিতে কর্মরত চীনা শ্রমিকদের মাঝে করোনা উপসর্গ দেখা দেয়। দুই ধাপে খনির ৪৩১ চীনা শ্রমিকের নমুনা সংগ্রহ করা হলে ৫০ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। বাধ্য হয়ে কর্তৃপক্ষ খনির কার্যক্রম বন্ধ করে দেয়ার পাশাপাশি চীনা শ্রমিকদের সাথে কাজ করা স্থানীয় ৩০০ শ্রমিককে ছুটি দিয়ে বাড়িতে পাঠান। তবে খনিতে কর্মরত  চীনা শ্রমিকদের সংস্পর্শে নেই এমন শতাধিক শ্রমিক খনির ভেতরে এখন কাজ করছেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার জানান, একটি নতুন ফেজ চালু করার পর তা পুরোপুরি উৎপাদনে আসতে কিছু সময়ের প্রয়োজন হয়। খনির ১৩০৬ নম্বর নতুন ফেজ ৮৩টি হাইড্রোলিক পাওয়ার সাপোর্ট রয়েছে। সেগুলোরও কাজ চলছে। মূলত খনিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো জানান, খনি থেকে বের করে দেয়া স্থানীয় শ্রমিকদের আবারও করোনা পরীক্ষা শেষে নেগেটিভ আসলে তাদের কাজে নিয়োগ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে প্রায় ৪০ হাজার মে.টন কয়লা মজুদ আছে কোল ইয়ার্ডে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পুনরায় কয়লা উত্তোলন শুরু করা হবে।

 

বগুড়ায় রহস্যজনক আগুনে একসঙ্গে ঘুমন্ত স্ত্রীর মৃত্যু হলেও স্বামী নিরুদ্দেশ

সাবিক ওমর সবুজ, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে ঘুমন্ত অবস্থায় রহস্যজনক আগুনে পুড়ে শামীমা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে তবে  একই সঙ্গে স্বামীও ঘুমিয়ে ছিলেন ঐ ঘরে। পুলিশ শুধু ওই নারীর মরদেহ উদ্ধার করলেও নিরুদ্দেশ রয়েছেন তার স্বামী আজাদুর রহমান। বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর রাতে আদমদীঘি উপজেলার বসিপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানাগেছে, পার্শ্ববর্তী নওগাঁ জেলার রানীনগর উপজেলার মালিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আজাদুর রহমান ৬ বছর আগে বসিপুর গ্রামে জমি কিনে ২টি টিনের ঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস করেন। আজাদুর পেশায় কাচাঁমাল ব্যবসায়ী। তার বড় ছেলে নওগার রানীনগরে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করেন। মেয়েকেও অন্যত্র বিয়ে দিয়েছেন। বসিপুর গ্রামে শুধু তারা স্বামী- স্ত্রী বসবাস করতেন।

আজাদুরের ছেলে রাকিব জানান, বুধবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে মা শামীমার সঙ্গে কথা হয়। সে সময় তার বাবা ঘুমিয়ে ছিলেন।

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানাগেছে, ভোর রাত ৩টার পর আজাদুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসিপুর গ্রামটি নওগাঁ সদর থানা সংলগ্ন হওয়ায় প্রথমে নওগাঁ সদর থানা পুলিশ ও নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও দুইটি ঘরের আসবাপত্র ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া শামীমা বেগমের মরদেহ উদ্ধার করে। কিন্তু তার স্বামী আজাদুরের মরদেহ পাওয়া যায়নি এবং তার কোন সন্ধানও পাচ্ছে না পুলিশ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। আজাদুরের ছেলের ভাষ্য অনুযায়ী তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলেন। কিন্তু তার মরদেহ সেখানে পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাটির অনুসন্ধান চলছে।

আঘাত হানতে পারে জলজ টর্নেডো

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হাকালুকি হাওরে জলজ টর্নেডো নিয়ে ইতোমধ্যে তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ অবস্থা নিয়ে বিশ্নেষণ করছেন আবহাওয়াবিদরা। তাঁদের আশঙ্কা, অনাবৃষ্টি ও তাপদাহে বাড়ছে ভূপৃষ্ঠের উষ্ণতা। এতে আগামীতে জল ও স্থলে আরও টর্নেডো আঘাত হানতে পারে। ফলে বাড়াতে হবে জনসচেতনতা। মৌলভীবাজারের হাকালুকি হাওরে জলজ টর্নেডোর ঘটনার পর থেকে এ নিয়ে উদ্বিগ্ন সংশ্নিষ্টরা। তাঁরা বলছেন, দেশে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে কয়েকবার।

হাকালুকির বারহালি চাতলা বিলে গত শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ হাওরের পানি কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। বিষয়টি নিয়ে একেকজন একেকভাবে ব্যাখ্যা দিচ্ছেন। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মণ্ডল বলেন, বঙ্গোপসাগর ও জলাভূমিগুলোতে প্রায় প্রতি বছর ছোট ছোট টর্নেডো আঘাত হানার তথ্য মেলে। তবে ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জের সাটুরিয়া, ২০১৩ সালে ব্রাহ্মণবাড়িয়া ও ২০১৪ সালে নেত্রকোনায় প্রলয়ঙ্করী টর্নেডোর আঘাতে অসংখ্য প্রাণ ও সম্পদহানি হয়। অনাবৃষ্টি ও তাপদাহে ভূপৃষ্ঠের উষ্ণতা বাড়ার কারণেই আগামীতে জল ও স্থলে টর্নেডো আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, জলভাগে এ ধরনের টর্নেডো তেমন ক্ষতি করতে পারে না। তবে এর ব্যাপ্তি ১০-১২ কিলোমিটার হতে পারে। ঘূর্ণনের গতিসীমায় যা পড়বে, তা ওপরে তুলে নেবে। ওই স্থানে কালো মেঘ জমে বিজলি চমকায় এবং বিকট শব্দ হয়। তবে লম্বা পিলার আকারের স্তম্ভের নিচে মাটি ও পানির সংস্পর্শে থাকলে সেটি প্রলয়ঙ্কর রূপ ধারণ করে সবকিছু মাটিতে মিশিয়ে দেয়।

আবহাওয়াবিদরা বলছেন, ভূমিকম্পের মতো টর্নেডোর আগাম সতর্কসংকেত জারি করতে পারে না আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, অন্য টর্নেডোর তুলনায় হাকালুকির টর্নেডোটি ব্যতিক্রম ছিল। এর ফানেলটির দৈর্ঘ্য কমপক্ষে ৫০০ মিটার বা আধা কিলোমিটার বলে মনে হয়েছে। তিনি বলেন, গত এক যুগে দেশে টর্নেডোর আঘাত হানার প্রবণতা বেড়েছে। আগে সাধারণত আমরা চার থেকে পাঁচ বছর পরপর টর্নেডো আঘাত হানতে দেখেছি। সাম্প্রতিক বছরগুলোয় আমরা দেখছি, প্রায় প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো টর্নেডো আঘাত হানছে। এতে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। এখনও সঠিকভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এ কারণে আমাদের টর্নেডোর ক্ষতি মোকাবিলার উপযোগী করে বাড়িঘর নির্মাণ করতে হবে।

ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক মারা গেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  নিহত যুবকের নাম  মজিদুল ইসলাম (৩২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল গ্রামের আবেদ আলীর ছেলে।

চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, স্থানীয় সুলতান, শফিকুল জানান, চর গোরকমন্ডল আনন্দবাজার এলাকার জেল হোসেনের ছেলে হারান মিয়া(৪২) ও নিহত মজিদুল সহ ১০/১৫ জন যুবক দীর্ঘদিন থেকে ধরলা নদী তীরবর্তী নির্জন স্থানে জুয়া ও মদের আসর চালিয়ে আসছে। প্রতিরাতের মত মঙ্গলবার মধ্য রাতেও তারা কয়েকজন  মিলে তাসের মাধ্যমে জুয়া খেলা শুরু করে। খেলায় মজিদুল ৪০ হাজার টাকা জিতে নেয়। অপর জুয়ারী হারান মিয়া মজিদুলের কাছ থেকে ওই টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ নিয়ে টানা হেচড়ার এক পর্যায়ে  হারান মজিদুলের পেটে ছুরি বসিয়ে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে মজিদুলের সহযোগী তৈয়ব আলী সহ স্থানীয়রা আহত মজিদুলকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী পরে অবস্থার অবনতি হলে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মজিদুল।

ফুলবাড়ী থানার এসআই আবুবক্কর সিদ্দিক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

দেশের দুর্দিনে গড়ে উঠা স্বেচ্ছসেবকলীগ সরকারের ভাবমুর্তি উজ্জল রাখতে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছে-খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের ভাবমুর্তি অক্ষুন্ন এবং উজ্জল রাখতে স্বেচ্ছাসেবকলীগ সারাদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যখন নানা ষড়যন্ত্র চলছিল সেই দুর্দিনে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেকবলীগ দল এবং নেত্রীর মর্যাদা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে।

খাদ্যমন্ত্রী বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা আওয়ামলীগ অফিস চত্বরে স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যগ্ম সাধারন সম্পাদক সরদার জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহম্মেদ রিজভী এবং জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তলবিগীন ঝুড়ি থেকে সদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, মেট্রোরেল রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলি ট্যানেল বহু মেগা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে সরকার। দেশ আজ উন্নয়নের এক উচ্চমাত্রায় যুক্ত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রাতে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামলীগকে আবারো সরকার গঠনের প্রয়োজনীয়তা সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলা ৬টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃৃন্দকে একযোগে কাজ করতে হবে। এর আগে কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতয়ি চারনেতা, স্থানীয় নেতা মোঃ আব্দুল জলিল ও বাংলাদেরেশর প্রথম ডেপুটি স্পীকার এ্যাড. মোহাম্মদ বয়তুল্লাহর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিবসের কেক কাটা হয়।

নেত্রকোণায় চীফ জুডিশিয়াল কোর্টের মামলার নথি চুরির দায়ে জলিলুর রহমান আটক

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় চীফ জুডিশিয়াল আদালতের নথি চুরির দায়ে মো: জলিলুর রহমান (৪০) নামে এক স্টেনুগ্রাফারকে আটক করেছে পুলিশ। ২৭ জুলাই সকালে জেলা কোর্ট এলাকার পাশ থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মো: জলিলুর রহমান সদর উপজেলার বাংলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত নওয়াব আলী ফকিরের ছেলে। সে নেত্রকোণা আদালতে স্টেনুগ্রাফার হিসেবে কাজ করে।

মামলার অভিযোগে জানা যায়, স্টেনুগ্রাফার মো: জলিলুর রহমান কোর্টে চাকুরি করার সুবাদে মামলার নথি চুরি করে।

এরই অভিযোগে গত সোমবার তার বিরুদ্ধে চীফ জুডিশিয়াল কোর্টের নাজির মো: নুরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতের নথি চুরির মামলা দায়ের করেন। মামলা নং-৪২ এবং তারিখ-২৫ জুলাই, ২০২২।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নথি চুরির অভিযোগে আটক করার পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রামে ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের নিকট স্টাফ নিয়োগে চাঁদা দাবির অভিযোগ!

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাাম সদর উপজেলার  মোগলবাসা ইউনিয়নের স্কুল কমিটি ও প্রধান শিক্ষককে স্কুলের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চাঁদা ও নানাভাবে হুমকি ধামকির অভিযোগ উঠেছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, কিছু নামধারী যুবলীগ ও সাবেক ছাত্রলীগের অসাধু নেতারা এই চাঁদা দাবি করে আসছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের জনৈক এক ব্যাক্তি জানান, গত ২ তারিখে জাতীয় দৈনিক ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় নিউজের মাধ্যমে আমরা মোগলবাসা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে শূন্য পদের অফিস সহায়ক ও একজন আয়া পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি। আর এই নিয়োগের জন্য ৭টি আয়া পদে ও ১০টি অফিস সহায়ক পদে স্থানীয় জনগন আবেদন করেন।

পরে আমরা স্কুল কমিটির সকল সদস্য সহ স্কুলের হেড মাস্টারকে ও স্কুলের সকল শিক্ষক সহ আলোচনা পূবক আমরা যখন স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি গ্রহণ করি ঠিক তখনি স্কুল কমিটির সদস্য আশরাফুল আলম আশা ও মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী শ্রী স্বপন কুমার টাকার জন্য আমাদেরকে হুমকি ধামকি প্রদান করে তারা বলে আমাদেরকে টাকা দিলে নিয়োগ হবে আর না দিলে আপনারা নিয়োগ দিতে পারবেন না।

সুত্রে আরো জানা যায়, এরা কুড়িগ্রামের কিছু যুবলীগ নেতার ছত্রছায়ায় থেকে এই চাঁদা দাবি ও নানা প্র্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। তারা বলেন আমাদেরকে চাঁদা না দিলে আমরা কোনো নিয়োগ হতে দিবো না, আমরা যুবলীগ করি কুড়িগ্রামে আমাদের যুবলীগ নেতা মোঃ আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোঃ নাজমুল ইসলাম আছে। আমাদের ও আমার কুড়িগ্রামের নেতাকে পকেট ভরে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, তারপর নিয়োগ দিতে পারবেন । তাই স্কুল কমিটি ও শিক্ষকগন কোনো কুল না পেয়ে বিষয়টি মিডিয়াতে প্রকাশ করতে বাধ্য হয়।

মোবাইল না দেওয়ায় রায়পু‌রে ফাঁস দি‌য়ে শিশুর আত্মহত্যা

‌লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে মোবাইল  না দেওয়ায় মা‌য়ের সা‌থে অ‌ভিমান ক‌রে সাজ্জাদ হো‌সেন (০৮) না‌মে এক শিশু গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে।

ঘটনা‌টি ঘ‌টে শুক্রবার (২৮ জুলাই) রায়পুর উপ‌জেলার ৪ নং সোনাপুর ইউ‌নিয়‌নের ৩ নং ওয়া‌র্ডে। নিহত সাজ্জাদ হো‌সেন হি‌মেল রাখা‌লিয়া মোকরমআলী সর্দার বা‌ড়ির ‌মোঃ খোকন হো‌সে‌নের ছে‌লে।

সূ‌ত্রে জানা যায়, বৃহস্প‌তিবার (২৮ জুলাই) সাজ্জাদ তার ম‌া‌য়ের মোবাই‌লে গলায় ফাঁস দেওয়ার এক‌টি টিকট‌কের ভি‌ডিও দে‌খে এবং তার মা‌কে ব‌লে সে ও এমন এক‌টি টিকটক বানা‌বে এবং সে মারা যা‌বে না।

 শুক্রবার তার মা‌য়ের কা‌ছে মোবাইল চাই‌লে তার মা তা‌কে মোবাইল না দিয়ে দরজায় তালা দি‌য়ে পুকু‌রে চ‌লে যায়। পরবর্তীতে পুকুর থেকে এসে দেখতে পায় যে উক্ত সাজ্জাদ নিজ বিল্ডিং ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে সামনে রুমের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পরে তাহার মায়ের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সাজ্জাদ কে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মে জানা যায়।

টি-২০ ম্যাচ চলাকালীন কাবুল স্টেডিয়ামে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৯

স্পোর্টস ডেস্কঃ আফগাস্তিানের কাবুল স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে ভয়াবহ বোমা হামলায় ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল শুক্রবার (২৯ জুলাই) পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজার বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমি ম্যাচ চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে ক্রিকইনফো জানিয়েছিল, বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো খেলোয়াড় হতাহত না হলেও স্টেডিয়ামের গ্যালারিতে বসা ৪ জন দর্শক আহত হয়েছেন। তবে ডেইলি মেইলসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি মিডিয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টুইটের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবারের ঘটনায় ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

এক টুইটবার্তায় গুতেরেস বলেন, আমি কঠোরভাবে এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও আরও অনেকে হতাহত হয়েছে।

এদিকে, আন্তোনিও গুতেরেস ছাড়াও জাতিসংঘের মহাসচিবের ডেপুটি বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানের জন্য মানবাধিকার সমন্বয়কারী রমিজ আলাকবারভ এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন।

বোমা হামলায় নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিস্ফোরণটি আফগানিস্তানের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়েছে। এটা সত্যিই হতাশাজনক। খেলা দেখতে মানুষ অনেক আশা নিয়ে আসে। যেখানে শিশু এবং সকলককে একইভাবে অনুপ্রাণিত করে৷

উল্লেখ্য, কয়েকদিন আগেও কাবুলে বিস্ফোরণ হয়েছিল। যদিও তাতে কারো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে এবার প্রাণহানির ঘটনা ঘটল।

রণবীর-শ্রদ্ধার সিনেমা সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

বিনোদন ডেস্কঃ রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমার শুটিং সেটে আগুন লাগার ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। লাভ রঞ্জন পরিচালিত এ সিনেমার সেটে গতকাল শুক্রবার (২৯ জুলাই) ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে জানায়, আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে ১০০০ বর্গফুট জায়গা জুড়ে সেট ফেলে চলছিল সিনেমার শুটিং। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমার শুটিং।

এই ঘটনায় এক যুবককে উদ্ধার করে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যদিও এখনও সে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানিমেল’ সিনেমায় আরও অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া ও বনি কাপুর। রশ্মিকা মান্দানারও অভিনয়ের কথা আছে এ সিনেমায়।