মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে একাধিক যানবাহন সংঘর্ষের দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন এবং ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আতোয়াক ডি আলভারেজ শহরের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, সকাল ৬.৩০ মিনিটের দিকে গেরেরোর কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে এই দুঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট গাড়ির চালক একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিছনে ধাক্কা লাগে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যায়। যেখানে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

উল্লেখ্য, রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে। দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি বন্ধ ছিল।

আশুলিয়ায় মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

সিএনবিডি ডেস্কঃ আশুলিয়ায় কোটি টাকার মূল্যের মাদকসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪-এর একটি দল। আজ বুধবার (২৭ জুলাই) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করে র‌্যাব। পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মুশরইল আদীবাসি খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। তারা আশুলিয়া পলাশবাড়ীতে বসবাস করে আসছিলেন। তাদের থেকে এক কোটি সাত লাখ টাকা মূল্যের ১.০৭ কেজি হেরোইন, একটি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশ এলাকাগুলোতে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক কারবারি। তাদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বহু সাফল্য নিয়ে ঘরে ফিরছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্কঃ লুইস সুয়ারেজ কাতার বিশ্বকাপের আগে তিন মাসের জন্য তার প্রথম ক্লাব উরুগুয়ের ন্যাসিওনালে যোগ দিচ্ছেন। সেজন্য প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছেন।

৩৫ বর্ষী স্ট্রাইকার গত মৌসুম শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে নতুন ক্লাব খুঁজছিলেন। জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তারকা চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সুয়ারেজ বলেছেন, ন্যাসিওনালে যোগদানের জন্য একটি প্রাক-চুক্তিতে পৌঁছেছি। আশা করি দ্রুতই আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সম্পূর্ণ হবে।

২০০৫ সালের মে মাসে ১৮ বছর বয়সে সুয়ারেজ ন্যাসিওনালের জার্সিতে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরের মৌসুমে নেদারল্যান্ডসের ক্লাব গ্রোনিংজেনে যান। তার এক বছর পর নাম লেখান আয়াক্সে। এরপর আয়াক্সে ১১০ ম্যাচে ৮১ গোল করার পর লিভারপুলের নজর কেড়েছিলেন। তিন মৌসুম অ্যানফিল্ডে কাটানোর পর ৮০ মিলিয়ন ইউরোয় সুয়ারেজকে নিয়ে আসে বার্সেলোনা।

উল্লেখ্য, কাতালান ক্লাবটিতে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় পার করেছেন সুয়ারেজ। স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ-সহ জিতেছেন বহু ট্রফি। মেসি-নেইমারের সাথে মিলে বার্সার আক্রমণভাগের ভয়ঙ্কর জুটি ‘এমএসএন’র অংশ ছিলেন।

অতিরিক্ত দুশ্চিন্তার কারনে পেটের সমস্যা দেখা দেয়

লাইফস্টাইল ডেস্কঃ পেটের সমস্যা একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা। কোনোকিছু নিয়ে দুশ্চিন্তা করলেই পেটে আকস্মাৎ মোচড় বা মলত্যাগের প্রবণতা দেখা যায়। ভাবছেন, বাথরুমে বসতে পারলে বুঝি ভালো হতো। কোথাও বের হওয়ার সময় কিংবা দুশ্চিন্তার কারণে ঘনঘন বাথরুমে যাওয়াকে অনেকে পেটের সমস্যা বলে মনে করে থাকেন।

বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে রয়েছে ‘ইরিটেবল বাওল সিনড্রোম’ বা ‘আইবিএস’। এটি এক ধরনের পরিপাক তন্ত্রের সমস্যা। এই সমস্যায় মলত্যাগের প্রবণতায় আকস্মিক কিছু পরিবর্তন দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্ক বিভিন্ন স্নায়ুদ্বারা খাদ্যনালির সঙ্গে যুক্ত। তাই খাদ্যনালির কোনো সমস্যা দেখা দিলে যেমন সংকেত পায় মস্তিষ্ক, তেমনই মস্তিষ্কের অসুবিধাও অনেক সময় প্রকাশ পায় পেট খারাপের মধ্য দিয়ে। অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা খুব একটা গুরুতর না হলেও দীর্ঘ দিন অবহেলা করলে এই ইরিটেবল বাওল সিনড্রোম দীর্ঘস্থায়ী পেটের গোলযোগ ও আলসারের মতো সমস্যা ডেকে আনতে পারে।

তবে অনেক সময় এই অসুখ গুরুতর কোনো অন্তর্নিহিত সমস্যার সংকেতও হতে পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ভারতে বজ্রপাতে একদিনে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহার রাজ্যের আট জেলায় গেল ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলে আজ বুধবার (২৭ জুলাই) ও আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) আরও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বজ্রপাত নিয়ে বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

বিবিসি বলছে, ভারতে প্রতিবছর বর্ষাকালে বজ্রপাতের ঘটনায় শত শত মানুষের প্রাণহানি হয়। দেশটিতে বজ্রপাতের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বিহার রাজ্যে।

ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেশি হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে অন্য দেশের তুলনায় ঘরের বাইরে বহু মানুষ কাজ করার বিষয়টির কথা বলা হয়। এতে বজ্রপাতে প্রাণ হারানোর ঝুঁকি থাকে সবচেয়ে বেশি।

গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘোষণা দিয়েছেন, বজ্রপাতে যাঁরা মারা গেছেন, ক্ষতিপূরণ হিসেবে তাঁদের প্রত্যেকের পরিবারকে চার লাখ করে রুপি দেওয়া হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি সভা করে রাজ্যের কর্মকর্তাদের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করতে বলেন মুখ্যমন্ত্রী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজ্যেটি ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষাকালে ঘন ঘন বজ্রপাতের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

উল্লেখ্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির তথ্য অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে বজ্রপাত দ্রুত বৃদ্ধি পেয়েছে।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ প্রায় দশ বছর পর ২০২৪ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) লন্ডনে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সভায় বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক নির্বাচন করা হয়।

২০১৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজন করেছিল বাংলাদেশ। আর তাই দশ বছর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজক হলো বাংলাদেশ।

এদিন ২০২৪ সালসহ ২০২৫, ২০২৬ এবং ২০২৭ সাল পর্যন্ত নারী ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম প্রকাশ করা হয়। ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এবং ২০২৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হবে শ্রীলঙ্কা।

এদিকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর আয়োজক স্বত্ব পাওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য দুর্দান্ত খবর। তিনি আরো বলেন, আমি এই সুযোগটির জন্য আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাই যখন নারীদের খেলার বিকাশ ও প্রসার ঘটছে এমন সময়ে বাংলাদেশকে নারীদের ইভেন্টটি উপহার দেওয়ার জন্য।’ ১০ দল নিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

 

বাংলাদেশের মিউজিক ভিডিওতে ফের দেখা যাবে নারগিস ফাখরিকে

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের গানে ফের মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। সংগীতশিল্পী আনিকার কণ্ঠে ‘পালাবি কোথায়’ শিরোনামের গানচিত্রে দেখা যাবে তাঁকে। তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস।

অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। মুম্বাইয়ে গানটির চিত্রধারণ হয়। আগামী ২৬ জুলাই প্রকাশিত হয় গানটির ফার্স্টলুক টিজার।

দারুণ উচ্ছ্বসিত আনিকা বলেন, গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশান। ইনশা আল্লাহ আমার গানটা সবার ভালো লাগবে, এমন প্রত্যাশা করছি।

উল্লেখ্য, এর আগে নারগিস ফাখরি উপস্থিত হয়েছিলেন লুইপা ও শামিমের কণ্ঠে ‘মনেরই খবর’ গানে। খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গানটিও মুক্তি পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমাতে জাতিসংঘবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্য এবং বাকিরা বেসামরিক নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সোমবার (২৫ জুলাই) দেশটির উত্তর কিভু প্রদেশের প্রধান শহর গোমার রাস্তায় জনতা জাতিসংঘ মিশন-এমওএনইউএসসিও’র বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন। দেশটিতে জাতিসংঘ মিশনের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোর কয়েক দশকের পুরোনো লড়াই বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছে। এরপর গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) বিক্ষোভ আরও উত্তরে বেনি এবং বুটেম্বো শহরে ছড়িয়ে পড়ে।

রয়টার্সের প্রতিবেদনে জানায়, এক প্রতিনিধি দেখেছেন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছেন। তারা নিহত হয়েছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য পাথর ছুড়ে মারা এবং জাতিসংঘের একটি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে। সেনাবাহিনীর পাহারায় এসব কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা বলেন, বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীরা কঙ্গোলিজ পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে। তারা পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, ঘাঁটি ভাঙচুর ও লুটপাট করেছে।

উল্লেখ্য, গোমাতে সোমবার জাতিসংঘের মনুস্কা মিশনের একটিতে কয়েকশ’ মানুষ হামলা চালায় ও লুটপাট করে। বিক্ষোভকারীরা মিশনের দেশত্যাগের দাবি জানায়। মঙ্গলবার আবারও বিক্ষোভ করেন তারা।

চলতি সপ্তাহেই ইউক্রেন থেকে শস্য চালান শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহেই খাদ্যশস্য রপ্তানির প্রথম চালান পাঠানোর আশা করছে ইউক্রেন। গতকাল সোমবার (২৫ জুলাই) দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে করা চুক্তির আওতায় এ সপ্তাহে চোরনোমরস্ক বন্দর দিয়ে খাদ্যশস্য পাঠানো সম্ভব হবে বলে তাঁরা আশা রাখছেন। আর দুই সপ্তাহের মধ্যে চুক্তিতে থাকা সব বন্দর দিয়ে শস্যের চালান পাঠানো যাবে বলেও তারা আশাবাদী।

সংবাদ সম্মেলনে ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী ওলেক্সান্দর কুব্রাকভ বলেন, চুক্তিতে শস্য রপ্তানির পরিমাণের বিষয়ে কোনো সীমা বেঁধে দেওয়া নেই। চুক্তিতে সার আমদানি ও রপ্তানির সুযোগ দেওয়ার কথা রয়েছে।

ইউক্রেনের অবকাঠামোবিষয়ক উপমন্ত্রী ইয়ুরি ভাসিয়ুকভ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের বন্দরগুলো দিয়ে রপ্তানি পুনরায় শুরু করতে প্রস্তুতি শেষ হবে বলে বিশ্বাস করি। আমরা চোরনোমরস্ক বন্দরের কথা বলছি। এখান দিয়েই প্রথমে রপ্তানি শুরু হবে। এরপর ওদেসা এবং তারপর পিভদেনি বন্দর দিয়েও রপ্তানি হবে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, চুক্তির আওতায় ইউক্রেনের শস্য রপ্তানিতে কোনো বাধা নেই। তবে পণ্য নিতে কোনো জাহাজ ইউক্রেনের বন্দরে ভিড়লে তাতে তল্লাশি চালানো হবে। জাহাজে কোনো সমরাস্ত্র আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হবে। কায়রোতে আরব লিগ নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজে করে ইউক্রেনে অস্ত্র এলে তা চলমান যুদ্ধকে আরও খারাপের দিকে নিয়ে যাবে।

গত শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তি হয়। পরদিনই ইউক্রেনের ওদেসা বন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে ইউক্রেন ও রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। অপর দিকে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদেশগুলো। ফলে বৈশ্বিক খাদ্য সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। শুরু হয়েছে বৈশ্বিক খাদ্যসংকট।

 

বিপদ আসন্ন!!!

বি এন পি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন সরকার দাবী না মানলে রাজপথে ফয়সালা হবে। তত্বাবধায়ক সরকার ছাড়া বি এন পি নির্বাচনে যাবে না। নির্বাচন বিষয়ে সরকার কিংবা কমিশন কারো সঙ্গেই কোন প্রকার আলোচনায় বসবেনা। আওয়ামী লীগের সেক্রেটারী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যের জবাব দিয়েছেন। নির্বাচন এলেই এমন গরম বক্তব্য শোনা যায়। যুদ্ধাংভাব জনমনে আতঙ্ক সৃষ্টি করে। কিন্তু ফয়সালা হয় জনগনের ভোটেই। বি এন পি নেতাদের বক্তব্য শুনে মনে হয় যেন সরকার এখনই পরে যাবে! কিন্তু দেশের মানুষ টেলিভিশনে প্রচারিত বক্তব্য কমই শোনে। নেতাদের এই গরম বক্তৃতার সঙ্গে জনগনের সম্পৃক্ততাও নেই।

পদ্মা সেতু নিয়ে বি এন পি প্রথমে দুর্নীতি অভিযোগ করেছে। এখন ফখরুল প্রশ্ন তুলেছেন প্রয়োজনীয়তা নিয়েও। সেই সেতুর উদ্বোধন দেখতে লোকের উপস্থিতই প্রমান করেছে সেতুর প্রয়োজনীয়তাটি! অন্ধ সেজে যারা দেশের উন্নয়নকে কটাক্ষ করে তারা দেশের উন্নতি চায়না। তারা চায় দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে শত্রু শক্তির কাছে দেশকে বিক্রি করে দিতে। শত্রুর অর্থে নিজেদের বিলাসী জীবনকে নিশ্চিত করতে। সেই সত্য অনুধাবন করেই জনগন বি এন পি কে প্রত্যাখ্যান করেছে। দলটি এখন জনবিচ্ছিন্ন। দেশকে শ্রীলঙ্কার অবস্থা বর্ননা করে যারা ক্ষমতা দখল করার হুমকি দেয় তারা মতলববাজ। তাদের এমন বক্তব্য দেশদ্রোহিতার সামিল এবং দন্ডনীয় অপরাধ।

স্বপ্ন দেখা দোষের নয়। সব নেতাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। নিজেকে যোগ্য ভাবে মনে মনে। ঘরে ফিরে সরকারের মন্ত্রীদের সাথে খোঁশগল্প করে সুবিধা নিতে। দলের পক্ষে শ্লোগান না দিলে যে কোন সময় সরে পরার ভয় তাদেরও আছে। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর নির্বাচনের চিত্রটি এখন ভিন্ন।

দক্ষিন বঙ্গের ৭৬টি আসনে আওয়ামী লীগ শক্ত অবস্থানে। এসব আসনে বি এন পি’র সম্ভাবনা খুবই ক্ষীণ। সাংগঠনিক দুর্বলতায় কুমিল্লায় বি এন পি’র দূর্গ এখন নড়বড়ে। চট্রগ্রামের বি এন পি জামাতের হাতে বন্দী বরিশালের বি এন পি’র কোন বড় নেতা নেই। খুলনা কোন্দলে বিভক্ত। সিলেট সব সময়ই আওয়ামী লীগের ঘাটি। সিটি মেয়র ছাড়া সিলেটে এখন বি এন পি’র কোন বড় নেতা নেই। রংপুর দিনাজপুর বি এন পি / জাতীয় পার্টির আধিক্য হলেও আওয়ামী লীগ দুই জেলাতেই এখন ভাল অবস্থানে। সেখানেও অনেক আসন আওয়ামী লীগ দখল নিয়েছে। ময়মনসিংহ আওয়ামী লীগের দুর্গ ছিল। ৭৫ এর পরে বি এন পি এবং জাতীয় পার্টি বহু আসন দখল করে ছিল। সেই অবস্থাটিও বদলে গেছে। কিছু আসনে বি এন পি এগিয়ে থাকলেও এই জেলার বেশীর ভাগ আসন আওয়ামী লীগ পাবে। রাজশাহী কুমিল্লার মতই বিভক্ত বি এন পি।

বিভক্তি আওয়ামী লীগের মধ্যে আরও বেশী। কিন্তু পার্থক্যটি হল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হলে দলে ঢোকার চেষ্টা করবে। বি এন পি’র বিদ্রোহী প্রর্থীরা দলে ফিরবেনা। সব দলেরই বিদ্রোহী প্রার্থী হবে এবং সংখ্যাটিও হবে অন্য যে কোন নির্বাচনের চেয়ে বেশী। কেউ কেউ নির্বাচিতও হবে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা সুবিধা নিতে ক্ষমতার সঙ্গেই থাকতে চাইবে। চরম দুরাবস্থাতেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাবে তা নিশ্চিত করেই বলা যায়। বি এন পি’র একমাত্র ভরসা জামাত। নিবন্ধন না থাকায় জামাত নির্বাচনে যেতে পারবেনা। কিন্তু জামাতের কোন ভোট নৌকার বাক্সে পরবেনা। জামাত দীর্ঘমেয়াদি দুরাভিসন্ধি নিয়ে নেমেছে প্রচুর অর্থ নিয়ে। সেই অর্থেই বি এন পি জামাতের লক্ষ্য পুরন করতে মাঠে রয়েছে। জামাত ১০ বছরের সময় পরিকল্পনা নিয়ে বি এন পি’কে রাজনীতিতে স্বক্রিয় রেখেছে। সেই অর্থেই তারেক লন্ডনে রাজকীয় জীবন কাটাচ্ছে। এই দুই দলেরই মূল ভীতি শেখ হাসিনা। তাই তারা ১০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে নেমেছে।

জামাত মনে করে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে পরবে। তখন তারা মাঠে নামিবে সর্বশক্তি নিয়ে। বি এন পি’কে সাথে নিয়ে জামাত তখন শক্ত আঘাত হানবে দেশে। বিদেশী মদদও থাকবে তাদের লক্ষ্য পুরণে। তখন জামাত হবে মূল দল এবং বি এন পি হবে তাদের সতীর্থ। তারেকও আর দেশে ফিরতে পারবেনা। পদ্মা সেতু চালু হওয়ার পর আগামি নির্বাচিনে আওয়ামী লীগকে ঠেকানো যাবেনা সে কথা জামাতও জানে। রাজনীতিতে টিকে থাকতেই এখন তারা বি এন পি’তে অর্থ বিনিয়োগ করছে।

ইতিমধ্যে জামাত কর্মীরা সরকারের গুরত্বপুর্ণ জায়গায় ঢুকে পরেছে। শুধু সরকারে নয় আওয়ামী লীগেও ঢুকেগেছে জামাত বি এন পি’র কির্মীরা। দেখে চেনার উপায় নেই তাদের। জামাত বি এন পি’র এই কির্মীরা অনেকে আওয়ামী লীগের নমিনেশন পেতে চেষ্টা চালাচ্ছে। আর সেই জন্যই ভয়টি বি এন পি নেতাদের লাগামহীন বক্তব্য নয়। মূল সঙ্কাটি এখন জামাতের এই দুরভিসন্ধি। গোয়েন্দা সংস্থার দৃষ্টি এড়িয়েই জামাতের এই অপতৎপরতাটি সরকারী দলের নেতারা জানলে ভাল। নাহয় দেশের জন্য বিপদ আসন্ন।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।