ক্যাটরিনা-ভিকি দম্পতিকে হত্যার হুমকি, গ্রেফতার উঠতি অভিনেতা

বিনোদন ডেস্কঃ বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এ ঘটনায় গ্রেফতার হয় এক উঠতি অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় এ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভির এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানা যায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি-ক্যাটরিনা। এরই মধ্যে এ মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিকি কৌশল জানান, এক অচেনা ব্যক্তি তাকে হুমকি দিচ্ছেন, ইনস্টাগ্রামে পোস্ট করছেন হুমকির বার্তা। এমনকী সেই ব্যক্তি ক্যাটরিনা ফলোও করছে এবং তাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে। কিছুদিন আগেই সালমান খানকে প্রাণনাশের হুমকি দেওয়া, এমনকী তাকে হত্যার পরিকল্পনাও করেছিল লরেন্স বিষ্ণোই। জেরায় সে কথা স্বীকারও করেছে সে। এরপরই ক্যাটরিনাকে হুমকি। তবে এই ব্যক্তি কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

অবশেষে জানা গেল তার পরিচয়। অভিযুক্তের নাম মানবিন্দর সিং। পেশায় সে স্ট্রাগলিং অভিনেতা ও ক্যাটরিনা কাইফের ফ্যান। ক্যাটরিনাকে বিয়ে করতে চাইতেন মানবিন্দর, সেই ইচ্ছে পূরণ না হওয়াতেই চটেছেন মানবিন্দর। তাই ক্যাটের বিয়ের পর থেকেই তাঁকে ও ভিকিকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সে। শুধুমাত্র হুমকিই নয়, ফটোশপে ক্যাটরিনার সঙ্গে বেশ কিছু ছবিতে নিজের ছবি বসিয়েছে ঐ ব্যক্তি। ভিডিয়োতেও এডিট করে নিজেকে যুক্ত করেছে সে। সেই সব ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্টও করেছে সে।

উল্লেখ্য, এর আগে সালমান খানও হুমকি পান লরেন্স বিষ্ণোই থেকে। আত্মরক্ষার জন্য কিছুদিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই অভিনেতা। ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই হুমকি দিচ্ছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

কেনিয়ায় সেতু থেকে ছিটকে নদীতে বাস পড়ে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি সেতু থেকে নদীতে বাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে সেতু পার হওয়ার সময় যাত্রীবাহী বাসটি ছিটকে নদী উপত্যকায় পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে কেনিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন জানানো হয়, দেশটির থারাকা নিথি কাউন্টিতে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় সেতু পার হওয়ার সময় বাসটি নদীতে উল্টে পড়ে যায়। মডার্ন কোস্ট কোম্পানির ওই বাসটি মেরু শহর থেকে বন্দর শহর মোম্বাসার দিকে যাওয়ার পথে নিথি ব্রিজ থেকে ৪০ মিটার নিচে নদী উপত্যকায় পড়ে যায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন কেবিসি টেলিভিশনের খবর অনুযায়ী, বাসটি মেরু শহর থেকে উপকূলীয় শহর মোম্বাসার দিকে যাচ্ছিল। পথিমধ্যে এ দুর্ঘটনাটি ঘটে। জীবিতদের সন্ধান এবং মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কাউন্টি কমিশনার নোবার্ট কোমোরাকে উদ্ধৃত করে ডেইলি নেশন জানিয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মেরু-নাইরোবি হাইওয়ের পাশে কুখ্যাত নিথি নদীর সেতুতে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় আমরা ২৪ জনকে হারিয়েছি। কোমোরা আরও বলেন, প্রাথমিক তদন্তে বাসের ব্রেকসংক্রান্ত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটি কেন্দ্রীয় শহর মেরু থেকে মহাসড়ক ধরে রাজধানী নাইরোবিতে যাতায়াত করে। দুর্ঘটনার সময় এটির গতি অনেক বেশি ছিল এবং ব্রেক ফেল করেছিল।

উল্লেখ্য, এর আগে ৮ জুলাই নাইরোবি থেকে উপকূলীয় শহর মোম্বাসা পর্যন্ত মহাসড়কের পাশে একটি দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী নিহত হয়। কেনিয়ার ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২১ সালে পূর্ব আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৫৭৯ জন মারা গেছেন যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

 

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড করলেন নাইজেরিয়ার স্প্রিন্টার আমুসান

স্পোর্টস ডেস্কঃ মেয়েদের ১০০ মিটার হার্ডলসের ফাইনালে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন নাইজেরিয়ার স্প্রিন্টার টবি আমুসান। মাত্র ২৫ বছর বয়সে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়েছেন আমুসান।

গতকাল রোববার (২৪ জুলাই) আফ্রিকান রেকর্ড গড়ে সেমিফাইনালে ওঠেন ১২.৪০ সেকেন্ড নিয়ে আমুসান। কিন্তু সেমিতে চমক দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েন নাইজেরিয়ান এই স্প্রিন্টার। ১২.১২ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে ওঠেন তিনি। এরপরেই ফাইনালে ১২.০৬ সময় নিয়ে স্বর্ণ জিতেন আমুসান।

ওই সময়ে তিনি ভাঙেন যুক্তরাস্ট্রের কেন্দ্রা হ্যারিসনের গড়া ১২.২০ সেকেন্ডের রেকর্ড। ২০১৬ সালে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে সেরা হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। কিন্তু এবার নাইজেরিয়ার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়লেন আমুসান।

ফাইনাল জয়ের পর আমুসান বলেন, সোনার পদক জেতাই ছিল লক্ষ্য। নিজের সামর্থ্যে আস্থা থাকলেও বিশ্ব রেকর্ড গড়ার কথা ভাবিনি। জয়টাই ছিল মূল লক্ষ্য, বিশ্ব রেকর্ডটা বোনাস।

উল্লেখ্য, এর আগে ১৬ বছর বয়সে আফ্রিকান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে আমুসান রুপা জিতেছেন এবং ১৮ বছর বয়সে জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন।

 

নেত্রকোণায় দুর্গাপুরে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কয়েকটি ঘরবাড়ি ভাংচুর থানায় মামলা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  দুর্গাপুর উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হান, স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ব্যবসায়ী অনিকের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর পৌর সভার চরমোক্তারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে গত (২২ জুলাই) শুক্রবার দুর্গাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারিনি।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জেলার দুর্গাপুর পৌরসভার চরমোক্তারপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ থেকে ১২টার মধ্যে কতিপয় যুবক উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হানসহ কয়েকটি বাসা- বাড়িতে হামলা চালায়। ওইদিন রাতে নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিক কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে চরমোক্তারপাড়া এলাকার বাসায় যাওয়ার পথে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান নিজাম উদ্দিন ও অনিক। পরবর্তীতে সন্ত্রাসীরা রামদা, কিরিচ, ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা দিয়ে উপজেলা যুবলীগের সহ- সম্পাদক রায়হান, সেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন ও ব্যবসায়ী অনিকের বাড়িতে হামলা চালায় এবং ভাংচুর করে আসবাবপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে। হামলাকারীরা এ সময় প্রায় চার লাখ টাকার মালামাল, স্বর্ণালংকার ও একটি মোটর সাইকেল নিয়ে যায়।

এ ঘটনায় ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন বাদী হয়ে নুরুন্নবী, নবী হোসেনসহ ১৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮- ১০ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে দুর্গাপুর পৌরসভার মেয়র আলাউদ্দিন আলাল বলেন, পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি দিনদিন বেড়েই চলছে। অস্ত্রের মহড়া, সন্ত্রাসীদের আনাগোনায় পৌরবাসীসহ এলাকার সাধারণ ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কিত। আমি শান্তি প্রিয় মানুষ, পৌরবাসীকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। পৌরশহরে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি বাড়ানো প্রয়োজন।

এ ঘটনায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। হামলা জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

কাতার প্রবাসী গৃহবধূ হত্যার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাতার প্রবাসী গৃহবধূ আকলিমা আক্তার হত্যার অভিযোগে তার স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে কুমিল্লা রেল স্টেশন এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। আটক পারভেজ মিয়া চাঁদপুর জেলার কচুয়ার চক্রা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এর আগে, গত (১৭ জুলাই) রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছিল। মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে গৃহবধূর পরিবার।

নিহত গৃহবধূ আকলিমা আক্তার (২৬) শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাধবপাশা রেলওয়ে কলোনির আবুল কাশেম এর মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম বলেন, এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহত গৃহবধূর পরিবার। এরই ধারাবাহিকতায় চাদঁপর জেলার কচুয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে হত্যা মামলার অভিযোগে অভিযুক্ত পারভেজ মিয়াকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির গনমাধ্যমকে বলেন, আমাদের পুলিশের একটা টিম কুমিল্লা, চাঁদপুর গিয়েছিল, সেখানে কুমিল্লা রেল স্টেশনের ট্রেন থেকে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত হত্যার পর থেকে পলাতক রয়েছিল এবং বিজ্ঞ আদালতে অভিযুক্ত পারভেজ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে যে, গত ১৭ জুলাই রাতে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।

লোড শেডিং

সম্প্রতি সরকার লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়ায় রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিরোধী নেতারা গলা ফাটিয়ে বক্তৃতা করতে শুরু করেছে। শ্রীলঙ্কার সাথে তুলনা করে সরকারের পদত্যগ দাবী করছে বিরোধী দলের নেতারা। ব্যর্থ বি এন পি নেতাদেরও কথাবার্তা বদলে গেছে। কিন্তু বিদ্যুৎ আর জালানী সঙ্কট এখন বিশ্ব জুড়েই। ১৯৪৫ সালের পর জার্মানীতে ১ মিনিটের জন্যও বিদ্যুৎ বিভ্রাট হয়নি। সেই জার্মানীও বিদ্যুৎ রেশনিং করার ঘোষনা দিয়েছে। ফ্রান্স এবং হাঙ্গেরীর অবস্থাও আরও খারাপ। অবস্থা অনুমান করে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষনা দিয়েছে। ন্যাটোভুক্ত  অন্যান্য দেশেও এখন আমেরিকান নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে। যূক্তরাজ্যের প্রধামন্ত্রী অর্থনৈতিক মোন্দাবস্থার দায়ে অভিযুক্ত হয়ে পদত্যগে বাধ্য হয়েছেন। বিশ্ব জুড়ে দ্রব্যমূল্যের উর্ধগতি অর্থনৈতিক সঙ্কার কারন হয়ে দাড়িয়েছে।

অভিন্ন অবস্থা যুক্তরাষ্ট্রেও। প্রেসিডেন্ট বাইডেন মধ্যপ্রাচ্য সফর করে তেল উৎপাদন বৃদ্ধিতে সৌদিআরবকে রাজী করাতে পারেনি। কিন্তু ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের চুক্তি করে ফেলেছে। ওপেকের সাহায্য ছাড়া এখন সঙ্কট নিরসনের সমর্থ নেই বিশ্ব নেতাদের। এমনটি হলে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে জালানী সঙ্কট বৃদ্ধি হবেই। জালানী সরবরাহ ব্যহত হলে বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে। আর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলে রাজস্ব উৎপাদন ক্ষতিগ্রস্থ হবে যার প্রভাব পড়বে সবার উপর।

অতএব, দেশের এই গুরত্বপুর্ন ক্ষেত্রটিকে স্বচল রাখতে এই লোডশেডিং এর বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধ জালানি রপ্তানির নিষেধাজ্ঞা এখন প্রভাব ফেলেছে বিশ্বময়। শিঘ্রীই জালানি সরবরাহ স্বচল হবে মনে হয়না। জালানির আমদানি ব্যহত হলে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হবেই। বিদ্যুৎ সেক্টর রক্ষায় ব্যয় সংকোচন জরুরী ছিল। বিদ্যুৎ নিয়ে যারা রাজনীতি করছে তারা হয় সত্যটি জানেন না অথবা জেনেও সত্যটি বলেননা। তবে বি এন পি’র বিদ্যুৎ নিয়ে কথা না বলাই শ্রেয়। এই খাতে তাদের ব্যর্থতাটি দেশের মানুষ জানে।

আজিজুর রহমান প্রিন্স, কলামিস্ট ও আওয়ামীলীগ নেতা, টরন্টো, কানাডা।

 

নেত্রকোণার দুর্গাপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে পৃথক স্থান থেকে আদিবাসী নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ইন্দ্রপুরের জমাট বাধা পানির গর্ত ও ছনগড়া খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হচ্ছে উপজেলার ছনগড়া এলাকার জ্ঞানেন্দ হাজংয়ের স্ত্রী সুচিলা হাজং (৫০) এবং একই উপজেলার ইন্দ্রপুর এলাকার আজিজুর রহমানের ছেলে মালেক মিয়া (৩০)।

পুলিশ জানায়, সুচিলা হাজং গত বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলনা। আজ উপজেলার ছনগড়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মালেক মিয়া শুক্রবার দুপুরে গরু আনতে গিয়ে ইন্দ্রপুর এলাকায় জমাট বাধা পানির গর্তে পরে নিখোঁজ হয়।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট তৈরী করে নিহতদের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলে জানায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিরিরুল ইসলাম।

‘লাভ, ডেথ এন্ড রোবটস’ এর তৃতীয় সিজনের আলোচিত নবম পর্ব ‘জিবারো’

বিনোদন ডেস্কঃ প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামক এক বহুরূপী কাল্পনিক সামুদ্রিক প্রাণীর কথা শোনা যায়। সাইরেন ছিল নদীদেবতা একিলাসের কন্যা। সে মাঝ সমুদ্রে দারুণ মিষ্টি গলায় গান গাইত, আর সেই গানের আকর্ষণে নাবিকরা দিক ভুল করে পৌঁছে যেত সাইরেনের দ্বীপ ‘সাইরেনিয়া’তে। পরবর্তীতে সাইরেন সেই জাহাজ ধ্বংস করে নাবিকসহ বাকি সব মানুষকে মেরে ফেলত। ঠিক এমনই এক কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘লাভ, ডেথ এন্ড রোবটস’ এর তৃতীয় সিজনের আলোচিত নবম পর্ব ‘জিবারো’।

সিজনটির এ গল্পে দেখানো হয়েছে, জলাধারে বাস করতো সাইরেন নামক এক জলদেবী। মানুষকে সে তার সুরেলা কণ্ঠ দিয়ে সম্মোহন করত। সাইরেন দেবীর শক্তি মূলত তার ‘কণ্ঠস্বর’। একদিন কিছু জলদস্যু সেই জলাধারের পাশে এলে সাইরেন তার কণ্ঠস্বরের জাদুতে তাদের জলাধারে টেনে নিয়ে যায়, ফলাফলে সবারই হয় মৃত্যু। শুধু বেঁচে যায় এ গল্পের মূল চরিত্র এক বধির জলদস্যু। বধির বলে সাইরেনের কণ্ঠস্বর কোনোভাবেই তাকে কুপোকাত করতে পারেনি।

তবে মূলত গল্পটির সমাপ্তি হয় উদ্দেশ্যহীন ভালোবাসার পর প্রতিশোধের মধ্য দিয়ে। বিষাক্ত সম্পর্ক সবসময় নিকৃষ্টভাবে নিশ্চিহ্ন হয়, এমনই গল্প চিত্রায়িত হয়েছে ‘জিবারো’তে।

এই পর্বের পরিচালক হলেন আলবার্টো মিয়েলগো । এর আগে অ্যানিমেশনের চমৎকার কাজের জন্যে ‘একাডেমি অ্যাওয়ার্ড’ সহ চারবার ‘এমি অ্যাওয়ার্ড’ এবং দুইবার ‘এনি  অ্যাওয়ার্ড ‘ অর্জন করেছেন তিনি। সম্প্রতি সব অ্যানিমেশনের কাজগুলোকে পেছনে ফেলে এগিয়ে তার ‘জিবারো’।

তবে অবাক করার বিষয় হচ্ছে, এর পুরো পর্বটি সিজিআই অ্যানিমেশনে তৈরি। তাছাড়া জিবারোতে ব্যবহার করা হয়েছে অ্যানিমেশনের অনেক কৌশল। এতে মানুষের শরীরের সত্যিকারের চলাফেরাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। ৭২ জন সদস্যের নিরলস পরিশ্রমের মাধ্যমে ১৫ মিনিটের এই পর্বটি নির্মিত হয়েছে।

উল্লেখ্য, এ পর্বটি অ্যানিমেশনকে নিশ্চিহ্ন না করে আরও এগিয়ে নেয়া যেতে পারে, কারণ অ্যানিমেশন এখন শুধু শিশু কিশোরদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এ ছাড়া জিবারোতে পানির ঝাপটা, শরীরের নাড়াচাড়ার সাথে পরিহিত গহনার ঝলকানি, চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে যে কেউ দ্বিধায় পড়ে যেতে পারে। কারণ এর অ্যানিমেশন এতটাই বাস্তবিক। এ ছাড়া সাইরেন পরিহিত অলংকারের কারুকার্যগুলো নেয়া হয়েছে ওয়েস্টার্ন ইউরোপ, রাশিয়া, ভারত এবং নর্থ আফ্রিকা থেকে।

 

নবাবগঞ্জে বৃষ্টির প্রত্যাশায় নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বৃষ্টির প্রত্যাশায় দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় আলেম ওলামা ও মুসল্লিরা। গত শনিবার সকাল ১০টায় ধিয়াস গ্রামের ফসলি জমির মাঠে স্থানীয় মুসল্লী ও আলেম ওলামারা এ নামাজের আয়োজন করেন। নামাজে অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন মুসল্লীরা।

ধিয়াস জামে মসজিদের খতিব সোহাইব হোসাইন সিদ্দিকী নামাজে ঈমামতি করান। তিনি বলেন মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা, অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পাওয়ার জন্য এ নামাজের আয়োজন করা হয়েছে।

মুসুল্লীরা জানান- আষাঢ় মাস পেরিয়ে শ্রাবন মাস চলছে কিন্তু নেই বৃষ্টির দেখা। অনাবৃষ্টিতে কৃষি জমি শুকিয়ে গিয়ে ফেটে গেছে। পানির অভাবে বীজতলা পুড়ে যাচ্ছে। চলতি আমন ধানের আবাদ অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। অপর দিকে বৃষ্টিপাত না হওয়ায় ভ্যাপসা গরমে পশুপাখি ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই বৃষ্টির প্রত্যাশায় মহান আল্লাহ তায়ালার দরবারে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করেছি।

নেত্রকোণার জন্য বিরল সম্মান ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক- ২০২২’

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার জন্য বিরল এক সম্মান এনে দিলেন নেত্রকোণার সাবেক জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে “হাওড়ে পতিত জমিতে কৃষি সংস্কৃতির নতুন চেতনা” শীর্ষক উদ্যোগের জন্য দলগতভাবে পদক পেয়েছেন নেত্রকোণা জেলার সাবেক জেলা প্রশাসক ও মাধ্যমিক, উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজি মোঃ আবদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক হাবিবুর রহমান, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, খালিয়াজুরীর সাবেক সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হাসান খান এবং উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক- ২০২২’ প্রদান উপলক্ষ্যে (২৩ জুলাই) শনিবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রশাসনের ২৭ জন কর্মকর্তা ও তিনটি সরকারি দপ্তরকে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে ‘হাওড়ে পতিত জমিতে কৃষি সংস্কৃতির নতুন চেতনা’ শিরোনামে পতিত জমিতে কৃষি উৎপাদনের সার্বিক উন্নয়ন ঘটাতে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়।

নেত্রকোণার হাওড় অঞ্চলে ২০২০-২১ অর্থবছরে আড়াই হাজার একর পতিত জমিতে রবি শস্যের আবাদ হয়।‌ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “মুজিবশতবর্ষ উপলক্ষ্যে এক ইঞ্চি পতিত জমিও অনাবাদি থাকবে না” ঘোষণা দেন। তাঁর নির্দেশনা বাস্তবায়নে হাওড় অঞ্চলে দীর্ঘদিনের পতিত হাজার হাজার একর জমি প্রথম বারের মত আবাদের আওতায় আনা হয়। প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবিশস্য উৎপাদনে নতুন ধারার সৃষ্টি হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব হ্রাস করা, খাদ্যের চাহিদা পূরণ করে পুষ্টির চাহিদা নিশ্চিত করা, কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রান্তিক অঞ্চলের নারী-কর্মীগণকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা, গ্রামীণ কৃষির বাণিজ্যিকিকরণ ও কৃষিপণ্য বিপণনে কৃষকদের সহায়তা করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য।

কৃষকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ, সার, প্রণোদনা ও পরামর্শের মাধ্যমে উদ্বুদ্ধ করে রবিশস্য সম্পর্কে নেত্রকোণার হাওর এলাকার কৃষকদেরকে ধারণা প্রদান ও নতুন উদ্যোক্তা তৈরি করা হয়। এতেই আসে সাফল্য। নতুন এই উদ্যোগের ফলে কৃষকদের মুখে ফুটেছে হাসি। অনাবাদি জমিতে মিষ্টি কুমড়া, শসা, বাদাম, আলু, সরিষা সহ নানা সবজি চাষ করে তারা এখন স্বাবলম্বী। উদ্যোগটির ফলে, ১শ জন উদ্যোক্তা তৈরি হয়েছে এবং ১২শ জন বেকার যুবক কৃষক উৎপাদনের সাথে সম্পৃক্ত হয়।