নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধিঃ নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগনকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে গত (২৩ জুলাই) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সাত দিনের কর্মশালা চলবে ২৯ জুলাই পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন (২৪ জুলাই) রোববার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, আত্রাই, নওগাঁর আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্বদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য “ নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। পরে সকাল এগারো টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেব নাথ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, আত্রাইয়ের সফল মৎস্য চাষী বারবার পুরস্কার প্রাপ্ত আত্রাই উপজেলার শুকটিগাছা গ্রামের মোঃ খয়বার আলী, বান্দাই খাড়া উন্নত জাতের ও বিলুপ্ত প্রায় প্রজাতির সফল মৎস্য চাষী মের্সাস সিরাজুল মৎস্য খামার স্বত্বাধীকার মোঃ সিরাজুল ইসলাম ও আত্রাই উপজেলার সিংসাড়া মৎস্য হেচারীর স্বত্বাধীকার মোঃ তুষার দেওয়ানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

পরে এ বছর তিনটি ক্যাটাগরিতে তিন জন মোঃ খয়বার আলী, বান্দাই খাড়া উন্নত জাতের ও বিলুপ্ত প্রায় প্রজাতির সফল মৎস্য চাষী মের্সাস সিরাজুল মৎস্য খামার স্বত্বাধীকার মোঃ সিরাজুল ইসলাম ও আত্রাই উপজেলার সিংসাড়া মৎস্য হেচারীর স্বত্বাধীকার মোঃ তুষার দেওয়ান কে সফল মৎস্য চাষী হিসেবে ক্রেস উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের গোনা অবমুক্ত করা হয়।

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন আদিবাসী প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী তিনি। আজ সোমবার (২৫ জুলাই) ভারতের রাজধানী নয়া দিল্লির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিনি দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বলে এনডিটিভির খবরে এ তথ্য পাওয়া যায়।

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা তাঁকে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান। এর পরপরই ২১ বার তোপধ্বনি করে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। ৬৪ বছর বয়সি মুর্মু ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পর দ্রৌপদী মুর্মু বলেন, প্রেসিডেন্ট হিসেবে সেবা করার সুযোগ পেয়ে তিনি গর্বিত।

তিনি আরো বলেন, ভারতের দরিদ্ররা যে স্বপ্ন দেখতে পারে এবং তা সত্যি করতে পারে, এর বড় প্রমাণ আমার নির্বাচন। প্রাথমিক শিক্ষা অর্জনই আমার কাছে স্বপ্ন ছিল।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেদের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করবেন না, দেশের ভবিষ্যতের ভিত্তিও তৈরি করুন। রাষ্ট্রপতি হিসেবে আপনাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে মনোনিবেশ করার কথাও জানান তিনি।

জাঁকজমকপূর্ণ এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।

উল্লেখ্য, রাজনীতিতে আসার আগে তিনি শিক্ষক ছিলেন। ১৯৯৭ সালে বিজেপির হয়ে ওড়িশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন তিনি। পরে ২০০০ এবং ২০০৪ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হন। ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।

 

রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ পুকুরে বিভান্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে রবিবার ২৪ জুলাই সকালে জাতীয় মৎস সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে কনফারেন্স রুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম প্রমুখ। এছাড়াও জাতীয় প্রার্টির নেতা এজেড সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন মৎসচাষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস ২০২২ পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কমার রায়, পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম),জেলা মৎস্য অফিসার মোঃ শাহজাহান কবীর, নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার নেত্রকোণা সদর মাহমুদা আক্তারসহ জেলার সকল মৎস্য খামারী ও জেলার মৎস্য অফিসের কর্মকতাবৃন্দ।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র উদযোগে ১৪টি পুকুরে ১০০ মন মাছের পোনা অবমুক্ত

কামাল উদ্দিন টগর, নওগাঁ  প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র উদযোগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

ব্যাটালিয়নের আওতাধীন নওগাঁ জেলার সদর, পোরশা ও সাপাহার এবং চাপাইনবাব জেলার গোমস্তাপুর উপজেলার ৪৪ বিঘা জলাবিশিষ্ট মোট ১৪টি পৃথক পুকুরে  বিভিন্ন দেশী প্রজাতির ১০০ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় এই কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির প্রধান দপ্তরের একটি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ  আসাদুজ্জামান পিএসসিজি।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সহ-সভাপতি এ এস এম রাইহান আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাংবাদিকদের সাথে ইএসডিও’র মতবিনিময়

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে এবং হেকস / ইপার এর সহযোগিতায় শনিবার ২৩ জুলাই সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন বিকাল ৪ টায় ইএসডিও’র হলরুমে  প্রকল্প সম্বনয়কারী সেরাজুস সালেকিনের সভাপতিত্বে উম্মুক্ত আলোচনায় উপজেলার প্রায় ২০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখানে, আদিবাসী শান্ত পাহান, সুইপার শিউলি, রবিন হেমরম প্রমুখ।

উপস্থিত সাংবাদিকরা আদিবাসি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে মাদকের ব্যপক ব্যবহার রোধে প্রেমদীপ প্রকল্পের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নে সংবাদকর্মীরা সকল প্রকার সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেমার প্রচারনায় ‘হাওয়া’ টিম

বিনোদন ডেস্কঃ সাগরের বুকে নির্মিত চলচ্চিত্র ‘হাওয়া’ আগামী ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ গানটি ইতোমধ্যে দর্শকমনে উত্তেজনা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সমুদ্রের পানির সঙ্গে মিশে যাওয়া জেলেদের গভীর জলে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প।

সিনেমার প্রচারণার অংশ হিসেবে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হাজির হন মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ টিম। এ সময় টিমের সঙ্গে উপস্থিত ছিলেন সুরকার ইমন চৌধুরী, কণ্ঠশিল্পী এরফান মৃধা শিবলু এবং সংগীত ব্যান্ড মেঘদল।

সিনেমার কলাকুশলীদের বরণ করে নিতে কার্পণ্য করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুক্তমঞ্চজুড়ে দেখা গেছে সিনেমাপ্রেমীদের উপচেপড়া ভিড়। চঞ্চল চৌধুরী, ইমন চৌধুরীদের সুরে সুর মিলিয়ে গেয়েছেন ‘সাদা সাদা কালা কালা’ গান।

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, এ কালের রূপকথার গল্প হলো ‘হাওয়া’। যে রূপকথার গল্প আমরা শুনে আসছি, ‘হাওয়া’ তেমন নয়। এটি মাটির গল্প নয়, বরং পানির গল্প। গভীর সমুদ্রের গল্প। গভীর সমুদ্রের একদল মাঝির জীবনের রূপকথার গল্প।

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, এ রকম গল্প নিয়ে এর আগে দেশে আর কোনও সিনেমা নির্মাণ হয়নি। হয়তো কেউ সাহসও করেননি। আমরা এত কষ্ট করতে পেরেছি সিনেমাকে ভালোবাসি সে জন্য। আশা করি দর্শক এর মূল্য দেবেন।

অভিনেত্রী নাজিফা তুশি বলেন, ‘হাওয়া’একটি মৌলিক সিনেমা। আমি এই সিনেমা নিয়ে খুবই এক্সাইটেড। আশা করি আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।

সম্পূর্ণ নতুন লুকে এ সিনেমায় ধরা দিয়েছেন অভিনয়শিল্পীরা। চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল সবাই হয়ে উঠেছেন যেন রূপকথার একেকটি চরিত্র। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান, জাহিন ফারুক আমিন এবং পরিচালক নিজেও।

উল্লেখ্য, সমুদ্র নিয়ে নির্মিত এই সিনেমায় রয়েছে রহস্য উন্মোচনের উত্তেজনা। চমৎকার সিনেমাটোগ্রাফি, দৃশ্যায়ন, চরিত্রগুলোর অভিব্যক্তি, মোহময় উপস্থাপনা বারবার দর্শকদের দেখার আগ্রহ জাগাবে।

 

ইরানের ভূমিকম্পে কেঁপে ওঠল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ  ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ ভূকম্পনটি আঘাত হানে। ৩০ সেকেন্ড ধরে চলা এ ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের দক্ষিণাঞ্চলসহ আরব আমিরাতের অনেক এলাকা। খবর রয়টার্স।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৫ বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানায় ইএমএসসি। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ছিল।

ইরানের কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, একই অঞ্চলে গত এক মাসে অন্তত ১০০টির বেশি ভূমিকম্প এবং ভূমিকম্পের আফটার শক হয়েছে। প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইন ইরানকে অতিক্রম করেছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয় দেশটিতে।

উল্লেখ্য, এর আগে জুলাইয়ের শুরুতে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি ৬.১ মাত্রার আরও একটি ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছিল।

ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ইউক্রেনকে পাঠানো আমেরিকার হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস-এর চারটি ইউনিট ধ্বংস করার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউস বলেছে, তারা নতুন করে ইউক্রেনকে আরো ২৭ কোটি ডলারের বাড়তি অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে যাতে মধ্যম পাল্লার রকেট সিস্টেম এবং ট্যাক্টিক্যাল ড্রোন অন্তর্ভুক্ত থাকবে। নতুন এই সামরিক সহায়তা প্যাকেজে চারটি এইচআইএমএআরএস লঞ্চার এবং ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন থাকছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। এছাড়া ৩৬ হাজার রাউন্ড কামান বা রকেটের গোলা এবং এইচআইএমএআরএস-এ ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত থাকবে।

প্রসঙ্গত, ইউক্রেনকে নতুন এই সামরিক সহযোগিতা প্যাকেজ পাঠালে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে ৮২০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র পাঠানো হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য সম্প্রতি ৪ হাজার কোটি ডলারের অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করে।

তবে রাশিয়া বলেছে, আমেরিকা এবং পশ্চিমা যেসব দেশ ইউক্রেনে অস্ত্রশস্ত্র পাঠাবে সেগুলো রাশিয়ার সেনাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। আর পশ্চিমা অস্ত্রের চালান হবে তাদের প্রধান লক্ষ্যবস্তু।

মিডিয়ার সামনে বিএনপি নেতাদের হাস্যকর তর্জন-গর্জন বৃদ্ধি পাচ্ছে : কাদের

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজপথের শক্তি যত হ্রাস পাচ্ছে মিডিয়ার সামনে তাদের নেতাদের হাস্যকর তর্জন-গর্জন ততই বৃদ্ধি পাচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও বিএনপি নামক রাজনৈতিক দলটি দুর্যোগ-দুর্বিপাক ও সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে সংকটকে পুঁজি করে ষড়যন্ত্রে লিপ্ত হয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে পরিস্থিতিকে ভয়াবহতার দিকে ঠেলে দিতে সব ধরনের অপচেষ্টা চালায়।

শনিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,  আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে। তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করতে মরিয়া হয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশা রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতারা দায়িত্বশীল আচরণ করবেন এবং জনগণের স্বার্থ পরিপন্থি কর্মকাণ্ড পরিহার করবেন। না হলে দেশের জনগণ বিএনপিকে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে বিএনপির মানসিক দেউলিয়াত্ব ফুটে উঠেছে বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব বারবার নির্বাচনে না আসার মতো শিশুসুলভ বক্তব্য দিচ্ছেন। আমরাও বারবার বলেছি, দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। সংবিধানবহির্ভূত যেকোনো বিধান দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসনব্যবস্থাকে বাধাগ্রস্ত করার নামান্তর। শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক অশুভ অপশক্তির হাতে রাষ্ট্রক্ষমতার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না। বিএনপি তার অতীত অপকর্মের জন্য জনগণের মুখোমুখি হতে ভয় পায় বলেই তারা সাংবিধানিক পন্থার ব্যত্যয় ঘটিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বিদেশি প্রভুদের আজ্ঞাবহ সরকার গঠনের দিবা স্বপ্নে নিমজ্জিত হয়ে আছে।