ন্যাটোর ৩১তম সদস্য দেশ ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে আজ ফিনল্যান্ড যোগ দিচ্ছে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ন্যাটো সদর দফতরে প্রথমবারের মতো ফিনিশ পতাকা উত্তোলন করা হবে বলেও জানান তিনি।

এটি ফিনল্যান্ডের নিরাপত্তা এবং সমগ্র ন্যাটোর জন্য একটি ভাল দিন হবে বলে মন্তব্য করেন জেনস স্টলটেনবার্গ।

ন্যাটোর ঘোষণার প্রতিক্রিয়ায় রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, ফিনল্যান্ডে যদি অন্যান্য ন্যাটো সদস্যদের বাহিনী মোতায়েন করা হয়, তাহলে রাশিয়ার সামরিক নিরাপত্তা নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে বাড়তি পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ার সাথে দেশটির দীর্ঘ সীমান্ত থাকায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনটি বেশি গুরুত্ব পায়। তবে ফিনল্যান্ড জঙ্গিদের সমর্থন করছে বলে তুরস্ক অভিযোগ করায় আবেদনটি পিছিয়ে যায়।

 

মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী অধ্যুষিত ও একটি পাতা দু’টি কুঁড়ি চায়ের রাজ্যে পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায় ও নতুন কর্মস্থলে যোগ দিতে প্রাক্তন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

সোমবার সকালে নতুন জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ
ড. উর্মি বিনতে সালাম

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক প্রমূখ।

এর আগে দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এতে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে অনু বিভাগে কর্মরত ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক (ডিসি) নিযুক্ত হলেন।

এর আগে নারী উপ-সচিব ড. নাজিয়া শিরীন এই জেলায় দায়িত্ব পালন করে গিয়েছেন।

ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

 শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।

অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পরবেন।

এরপর আগামী ৫ মে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এদিকে আগামী ২৯ এপ্রিল ঢাবিতে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এবারের ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট ও ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো নারায়ণগঞ্জ ও গাজীপুর ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্কঃ এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। আগুন আশেপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে। বর্তমানে আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দিয়েছেন।

নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও গাজীপুর থেকে একটি ইউনিট বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্সকো মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, আজ সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের থেকে ৫টি ইউনিটে ২৫ জন সদস্য বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। আরও ২৫ জন ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবী বঙ্গবাজারে যাচ্ছেন। পরিস্থিতি অনুযায়ী যেকোনো ধরনের সহযোগিতার জন্য তাঁরা প্রস্তুত আছেন।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফীন বলেন, তাদের ১ ইউনিটে ১২ সদস্যের একটি দল বঙ্গবাজারে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দিয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিন উইকেট তুলে নিয়ে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমে প্রথম সেশনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ৬৫ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুরারি কামিন্স। ১০ বল মোকাবিলা করে ৫ রান করতে সমর্থ হন তিনি।

শরিফুলের পর বল হাতে নিয়েই উইকেটের দেখা পেয়েছেন এবাদত হোসেনও। ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে তিনি আউট করেন জেমস ম্যাককলামকে। এবাদতের আউট সুইঙ্গার ম্যাককলামের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে। শান্ত অবশ্য প্রথম সুযোগেই বল হাতে জমাতে পারেননি। কয়েকবার জাগলিং করে বল নিজের নিয়ন্ত্রণে নেন এই বাঁহাতি।

তৃতীয় উইকেট তুলে নেন তাইজুল। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে এলবিডব্লিউ করেন বাঁহাতি এই স্পিনার। আউট হওয়ার পর অবশ্য রিভিউ নিয়েছিল আয়ারল্যান্ড অধিনায়ক। তবে তাতে কোনো লাভ হয়নি। ৫০ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এদিকে বাংলাদেশ এই ম্যাচে ৬ বোলার নিয়ে মাঠে নেমেছে। যদিও টাইগার অধিনায়ক সাকিব এখনও বোলিংয়ে আসেননি। আর এই ম্যাচে আয়ারল্যান্ড দলে ৬ জনের অভিষেক হয়েছে। যাদের মধ্যে একজনের প্রথম শ্রেণীর ম্যাচ খেলারই অভিজ্ঞতা নেই। আয়ারল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে; মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, হোয়াইট, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের। 

 

মধ্য রাতে অসহায় মানুষের পাশে সেহরি নিয়ে হিরো আলম

 বিনোদন ডেস্কঃ মধ্য রাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় আলোচিত হিরো আলমকে। গানে কণ্ঠ দেয়া, ভিডিওতে মডেল হওয়া, সিনেমা নির্মাণ ও অভিনয় করা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায় তাকে। তবে এসবের বাইরে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় এ কনটেন্ট ক্রিয়েটরকে।

মাসখানেক আগেই নিজের নামে ফাউন্ডেশন গড়বেন বলে জানিয়েছিলেন। কথা অনুযায়ী ‘হিরো আলম ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনও গড়েন। সেখান থেকে মানুষদের সহায়তার চিত্র ফেসবুকে বিভিন্ন সময় তুলে ধরেছেন তিনি।

গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে দেখা যায়, মধ্য রাতে অসহায় মানুষদের সেহরির খাবার দিচ্ছেন তিনি।

রাজধানীর মালিবাগ এলাকায় রাস্তার ফুটপাতে শুয়ে থাকা মানুষ ও রাস্তায় চলাচল করা দিনমজুরদের হাতে সেহরির খাবার তুলে দেন হিরো আলম।

এর আগে তিনি জানিয়েছিলেন, রমজানে প্রতি রাতে অসহায় মানুষদের তার সাধ্যমতো খাবার দেবেন তিনি।

প্রথম নারীসহ আর্টেমিস-২ মিশনের চার মহাকাশচারীর নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের চারপাশে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে আর্টেমিস-২ মিশনকে। এরই মধ্যে এ মিশনের জন্য চারজন মহাকাশচারীকে বাছাই করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) তাদের নাম ঘোষণা করা হয়। চার মহাকাশচারীদের মধ্যে রয়েছেন ক্রিস্টিনা হ্যামক কোচ। যিনি প্রথম মার্কিন নারী হিসেবে মহাকাশে যাচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিস্টিনা হ্যামক কোচ ছাড়া বাকী তিন মহাকাশচারী হলেন ভিক্টর গ্লোভার, জেরেমি হেনসেন এবং রেইড ওয়াইজম্যান। এ চারজনের মধ্যে রেইড ওয়াইজম্যান হলেন মিশন কমান্ডার। ভিক্টর গ্লোভার দায়িত্ব পালন করবেন পাইলটের এবং ক্রিস্টিনা হ্যামক কোচ ও জেরেমি হেনসেন যাচ্ছেন মিশন স্পেশালিস্ট হিসেবে।

বিগত ৫০ বছরের মধ্যে এই প্রথম আবারও মানুষ নিয়ে চাঁদের দিকে যাচ্ছে কোনো মার্কিন মহাকাশযান। এ বিষয়ে জনসন স্পেস সেন্টারের পরিচালক ভ্যানেসা ওয়াইখ এক বিবৃতিতে বলেছেন, ‘বিগত ৫০ বছরেরও বেশি সময় পর আর্টেমিস-২ মিশনের ক্রুরা প্রথমবারের চাঁদের কাছাকাছি ভ্রমণ করবেন।’

এর আগে, ১৯৭২ সালে সর্বশেষ কোনো মনুষ্যবাহী কোনো মার্কিন মহাকাশযান চাঁদের কাছাকাছি গিয়েছিল।

আর্টেমিস-২ মিশনের গুরুত্ব তুলে ধরে ভ্যানেসা ওয়াইখ বলেন, ‘এ মিশনটি মানুষের গভীর মহাকাশ অনুসন্ধানের পথ প্রশস্ত করবে এবং বৈজ্ঞানিক আবিষ্কার, বাণিজ্যিক, শিল্প এবং একাডেমিক ক্ষেত্রের জন্য নতুন সুযোগ হাজির করবে।’

ক্রিস্টিনা হ্যামক কোচ, ভিক্টর গ্লোভার এবং জেরেমি হেনসেন এর আগেও মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন। তবে তারা কোনো চন্দ্র মিশনে যাননি। এটি তাদের প্রথম চন্দ্র মিশন হলেও মহাকাশে এটি তাদের দ্বিতীয়বার যাত্রা। ভ্যানেসা আর্টেমিস-২ মিশনের ক্রুদের মানবতার সেরা বাছাই বলেও অভিহিত করেন।

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন

অনলাইন ডেস্কঃ গুলিস্তানের বঙ্গবাজারে লাগা আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। কিন্তু পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট পানি ছিটানোর কাজ ব্যাহত হয়েছিল। এখন পানি দেওয়ার কাজ চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।

এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে তিনজন ফায়ার সার্ভিস সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো মার্কেটসহ অন্তত চারটি ভবনে ছড়িয়ে পড়েছে।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনিতে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। আজ সোমবার (৩ মার্চ) ভোরে আঘাত আনা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ২। তবে তাৎক্ষণিক বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এ কম্পনের মূল কেন্দ্র ছিল ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদে এবং ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। স্থানীয় সময় ভোর ৩টা ৪ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার নিচে ভূমিকম্পটি আঘাত হানে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।

আন্তঃজেলা ডাকাত দলের ১৮ সদস্য গ্রেফতারঃ ডাকাতি করা ট্রাক, চাল ও অস্ত্রশস্ত্র উদ্ধার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ’র জেলা পুলিশ দু’টি পৃথক ডাকাতির ঘটনায় বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে। সেইসাথে ডাকাতি’র মালামাল উদ্ধার করেছে। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান গত ২২ মার্চ রাত দেড়টায় শহরের বাইপাস সড়কের পাশে ইকরতারা নামকস্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ৮ জন ডাকাত একটি চাল বোঝাই ট্রাক আটকায়। ট্রাকের চালক ও হেলপারের হাত পা মুখ বেঁধে ফেলে রেখে ট্রাকসহ ঐ ট্রাকের ৪০০ বস্তা আতপ চাল লুট করে নিয়ে যায়। ভোরে লোকজনের সহায়তায় হাত পায়ের বাঁধন খুলতে সক্ষম হন। পরে তারা বিয়য়টি পুলিশকে জানায়।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশান ও পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফায়সাল বিন আহসাস প্রয়েজনীয় ফোর্সসহ অভিযান শুরু করেন। এরই এক পর্যায় বগড়ার শেরপুর থানার রানির হাট থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। ২৮ মার্চ সেখানে অভিযান চালিয়ে প্রথমে দুই ক্রেতাকে আটক করে। তাদের স্বীকারোক্তি মত সোহাগের বাড়ি থেকে ৯০ বস্তা এবং বগুড়ার নিশিন্দারা হতে আরও ২০ বস্তা চাল উদ্ধার করা হয়।

পর দিন ২৯ মার্চ কাহালু থানা এলাকা থেকে শাজির উদ্দিন মন্ডল ওরফে মিলনকে গ্রেফতার এবং তার নিকট থেকে আরও ১১১ বস্তা চাল উদ্দার করা হয়। ঐ দিনই অন্যতম ডাকাত জিয়াকে কাহালু থানা কাহালু থানা এলাকা থেকে এবং ৩০ মার্চ রাতে জয়পুরহাট ও নওগাঁ’র বিভিন্ন ঐরাকা থেকে শাহজাহান ওরফে লালন, মেহেদী এবং ইউসুফকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান ও ইউসুফ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।

অবশেষে ৩১ মার্চ রাতে বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত দলের মুল হোতা মাহফুজ, রাজু পালোয়ান এবং রতনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু পালোয়ানকে নিয়ে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে চাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত শরীফকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ১১১ বস্তা চাল বিক্রির ২ লক্ষ ১৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে ডাকাািতর কাজে ব্যবহৃত দেশয়ি অস্ত্র, হাসুয়া, দা, প্লাস ও হাতুড়ি উদ্ধার করা হয়। এই ডাকাতির ঘটনায় মোট ১২ জনকে
গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে জিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ ৭টি, আব্দুল মজিদের বিরুদ্ধে ডাকাতিসহ ৪টি, মেহেদীর বিরুদ্ধে ডাকাতিসহ ২টি, রতনের বিরুদ্ধে ডাকাতিসহ মগটি এবং রাজু পালোয়নের বিরুদ্ধে খুন-ডাকাতিসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

অপরদিকে গত ২২ মার্চ রাত অনুমান ১০টা ২০ মনিটে জেলার পোরশা উপজেলার সরাইগাছি – অড্ডা সড়কে তাইতর মোড় সামকস্থানে কতিপয় দুষ্কৃতকারী একটি মোটর সাইকলে আটকিয়ে অঅরোহগী মিলনের নিকট থেকে একটি স্যামসং মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঐ সময় একটি মাইক্রোবাস আসে। দুষ্কৃতকারীরা মাইক্রো যাত্রী রাফিয়া জান্নাতের নিকট থেকে ২২ হাজার টাকা মুল্যের স্বর্নের গহনা, অপর যাত্রী আমেনা খাতুনের নিকট থেকে নগদ ১৪ হাজার টাক ছিনিয়ে নেয়। মোছাঃ আমিনা খাতুনের ছেলে আমিনুল ইসলাম রাজু বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ বাচ্চু মৃধা, বদিউজ্জামান তোতা, হাফিজুর রহমান ওরফে হাফিজুল, মোঃ মোশারফ, মোঃ সাদেকুল এবং মোঃ শাহিন আলমকে গ্রেফতার করেছে পুলিশ।