নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে আলোচনা সভায় সভাপত্বি করেন আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেব নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া আত্রাই উপজেলা প্রদিনিধি মোঃ মুজাহিদ খাঁন,দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুসহ আত্রাইয়ের কর্মরত সকল সাংবাদিকগন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ জানান, আত্রাইয়ে মৎস্য উৎপাদনে সারা দেশের মধ্যে সেরা। তাই এই উপজেলায় আরো বেশি বেশি মাছের চাষ বৃদ্ধি করতে সমন্বিত প্রকল্প নেয়া হয়েছে। মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আমরা (২৩  জুলাই হতে ২৭ জুলাই) সপ্তাহ ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি এর মাধ্যমে মৎস্যজীবিরা আরো বেশি উদ্বুদ্ধ হবে। এবং মাছ চাষে আগ্রহী হয়ে উঠবে।

খাদ্যশস্য রপ্তানিতে রাশিয়া-ইউক্রেনের চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্কঃ গোটা বিশ্বকে খাদ্য সংকট থেকে বাঁচাতে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তি অনুযায়ী আজ শনিবার (২৩ জুলাই) থেকেই জাহাজ চলাচল শুরু। গতকাল শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুলে ঐতিহাসিক এ চুক্তি সই করে দুই দেশের প্রতিনিধি দল।

রাশিয়ার হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শোইগু এবং ইউক্রেনের হয়ে দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ সেই চুক্তিতে সই করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

চুক্তি অনুযায়ী পণ্যবাহী জাহাজ যাত্রা শুরুর আগে ইউক্রেনীয় বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ নিরীক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘ। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালির দিকে যাবে।

ইউক্রেনে প্রবেশকারী জাহাজগুলোও একইভাবে যৌথ সমন্বয় কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালনা করা হবে, যাতে তারা ইউক্রেনে অস্ত্র বহন করতে না পারে। রাশিয়া ও ইউক্রেন অত্যাবশ্যক শস্য পরিবহনে নিযুক্ত কোনো বাণিজ্যিক জাহাজ বা বন্দরগুলোতে আক্রমণ করবে না।

চুক্তি অনুযায়ী পণ্যবাহী জাহাজ যাত্রা শুরুর আগে ইউক্রেনীয় বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ নিরীক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘ। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালির দিকে যাবে।

বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধরত দুই পক্ষের মধ্যকার এই চুক্তি সইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক ও জাতিসংঘ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সারাবিশ্বে সৃষ্ট খাদ্য সংকট এই চুক্তির ফলে অনেকটা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, চুক্তিটি ইউক্রেন থেকে উল্লেখযোগ্য পরিমাণে খাদ্য রপ্তানির পথ খুলে দেবে এবং যুদ্ধের প্রভাবে মারাত্মক সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলো এ থেকে উপকৃত হবে। চুক্তি পুরোপুরি বাস্তবায়নে রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা ইস্তাম্বুলের একটি যৌথ সমন্বয় কেন্দ্র থেকে জাহাজ পর্যবেক্ষণ করবেন।

 

দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সিএনবিডি ডেস্কঃ আজ শনিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। এ অবস্থায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গতকাল শুক্রবার (২২ জুলাই) ভোর ৬টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত দেশের মধ্যে কুতুবদিয়ায় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় ২৩, হাতিয়ার ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টিপাত ১৫ মিলিমিটার অতিক্রম করেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের রহস্যময় বার্তা

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে মুশফিক-সাকিব কেউই থাকছেন না। নতুন অধিনায়কের অধীনে নতুন পুরনোর সংমিশ্রণে দল সাজিয়েছে বাংলাদেশ। এদিকে বিশ্রামের কথা বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন।

তবে দলে না থাকলেও হজ পালন শেষে দেশে ফিরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন মুশফিক। শনিবার (২৩ জুলাই) ফেসবুকে একটি বার্তা দিয়েছেন মুশি। ফেসবুকে মুশফিক একটি ছবি আপলোড দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন।

এমন ছবি আপলোড দেখে নেটিজেনরা বিভিন্ন কথা বলে যাচ্ছে। তবে মুশফিক আসলে কি ইঙ্গিত করতে চাচ্ছেন, তা সঠিক করে কেউ বুঝতে পারছেন না।

এদিকে বয়স হয়েছে মুশফিকের। আর জিম্বাবুয়ে সফরে যদি ভালো করে বসে কেউ, তাহলে টি-টোয়েন্টিতে মুশফিকের স্পট হুমকির মুখে পড়বে। কারণ টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ভালো করতে পারছেন না এই উইকেটরক্ষক।

তবে গতকাল শুক্রবার (২২ জুলাই) এক ফেসবুক পোস্টে মুশফিক টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহানকে অভিনন্দন জানিয়েছেন। মুশফিক লিখেছেন, জিম্বাবুয়ে সিরিজের নতুন অধিনায়ক সোহানকে অভিনন্দন। তরুণ এ দলটার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি, আসন্ন সিরিজে এ দল ভালো করবে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ৪

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের মূলহোতা আজিমসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৭। গতকাল শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত এখনো আরো ২ জনকে আটকের চেষ্টা চলছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফাতার ৪ জনের মধ্যে আজিম হোসেন (২৩) ও নুরুল আবছার বাবু (২২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্য দুজন হাটহাজারী কলেজের ছাত্র।

আজিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্র। বাড়ি নোয়াখালীর হাতিয়ার চর ভারত সেনে। তার বাবার নাম আমির হোসেন। এখন হাটহাজারীর ফতেহপুরে থাকেন তারা। নুরুল আবছার বাবু বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা বেলায়েত হোসেন ফেনীর পরশুরামের বেড়াবাড়ির বাসিন্দা। এখন হাটহাজারীর ফতেহপুরে থাকেন তারা।

অন্য দুজনের মধ্যে নূর হোসেন শাওন (২২) হাটহাজারীর ফতেহপুরের জাবেদ হোসেনের ছেলে। তিনি হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র। মাসুদ রানা (২২) হাটহাজারী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ঝালকাঠির আশিয়ার গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গত ১৭ জুলাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল না। গ্রেপ্তার হওয়ারা রাতের বেলায় ক্যাম্পাসে আড্ডা দিতেন। দুটি মোটর সাইকেলে করে তারা ওই পথে যাচ্ছিলেন। সেসময় ভিকটিম ছাত্রীকে তার এক বন্ধুসহ ওই এলাকায় দেখতে পেয়ে জেরা করতে থাকেন। এ সময় ওই ছাত্রী তাদের বাধা দেয়ায়, তারা মারধর শুরু করে এবং তার বন্ধুকে বেঁধে রাখে। ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে আজিম নিজের, ওই ছাত্রীর এবং ছাত্রীর বন্ধুর মোবাইলসহ মোট তিনটি মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে। এসময় তাদের একজন ওই ছাত্রীকে শারীরিক সম্পর্ক করতে চাপ দেয় এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। প্রায় ঘণ্টাখানেক আটকে রেখে তারা ওই ছাত্রী এবং তার বন্ধুর কাছ থেকে নগদ ১৩ হাজার ৭০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার পরপর ভিকটিম ট্রমার মধ্যে ছিল। তার সাথে কথা বলে আশেপাশের বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে ৬ জনকে শনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে দুষ্কৃতকারীরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রীদের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে তখন থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

ফকির আলমগীরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্কঃ একাত্তরের কণ্ঠযোদ্ধা প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান। আজ ২৩ জুলাই তার প্রথম মৃত্যুবার্ষিকী।

ফকির আলমগীর ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত হন। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন গুণী এই শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। ১৯৮২ সালের বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে গানটি প্রচারের পর দর্শকদের মাঝে সাড়া ফেলে।

শুধু গায়ক নন, তিনি একজন লেখকও ছিলেন। ১৯৮৪ সালে তার প্রথম বই ‘চেনা চায়না’ প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি ৩টি বই প্রকাশ করেন-অমর কথা, যারা আছে হৃদয় পটে এবং স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ। তিনি মোট নয়টি বই রচনা করেছেন। তিনি সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতি।
সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে ফকির আলমগীর একুশে পদক পান। এছাড়া ভাসানী পদক, সিকোয়েন্স সম্মাননা পদকসহ পেয়েছেন নানা পুরস্কার।
উল্লেখ্য, পরিবার, ঋষিজ শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে। ফকির আলমগীরের গাওয়া গানের সংখ্যা অগণিত। সেই অসংখ্য গানের মধ্য থেকে কিছু গান জয় করে নিয়েছে প্রজন্ম ও কালের সীমানা। আর সেসব গানের মাঝেই ফকির আলমগীর বেঁচে থাকবেন অনন্তকাল।

ভূরুঙ্গামারীতে মৃত মানুষের মাথার খুলি ও হাড্ডিসহ কবিরাজ আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে মানুষকে বান মারার কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি ও হাড্ডিসহ এক কথিত কবিরাজকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে স্হানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে (২২ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে।

স্থানীরা জানিয়েছে, ওই গ্রামের আয়নাল হক সর্দারেগ্ররাম বাড়ির সামনের গেটে শত্রুতাবশতঃ কে বা কারা তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে প্রায়ই মরা মানুষের কাফনের কাপড়,সিদুর মাখা জবা ফুল,সিদুরের ফোটা ইত‍্যাদি দিয়ে আসছে। এলাকাবাসী ও আয়নাল হকের দাবী এসব কবিরাজীর কারনে তার স্ত্রী মোছাঃ জুলেখা বেগম কয়েকবার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে বাংলাদেশ ও ভারতের কয়েকটি হাসপাতালে চিকিৎসা করিয়ে কোন সুফল না পেয়ে অন‍্য এক কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করান।

এ ঘটনায় কথিত কবিরাজকে হাতেনাতে আটক করতে তারা বাড়িতে নজরদারী রাখেন। শুক্রবার (২২ জুলাই) আয়নাল হক সর্দারের প্রতিবেশী জনৈক লিটন মিয়ার বাড়িতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তরছাট গোপালপুর গ্রামের মৃত রফাতুল্লাহর পুত্র কথিত কবিরাজ আব্দুস ছাত্তার (৫০) আসে। সেখানে বিভিন্ন মন্ত্র তন্ত্র পড়ে ঝাড় ফুক দিয়ে তান্ত্রিক কবিরাজী শুরু করে। এসময় আয়নাল হক সর্দার তার স্ত্রীর চিকিৎসা করাবেন বলে কবিরাজকে জানালে ওই কবিরাজ অন্যকাজে ব্যস্ত এবং চিকিৎসা করাতে পারবেন না বলে জানালে তাদের সন্দেহ হয়।

পরে কথিত কবিরাজ লিটনের বাড়িতে কাজ সেরে বাড়িতে ফেরার সময় উক্ত আয়নাল হক সর্দার ও এলাকাবাসী তাকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে একটি মরা মানুষের মাথার খুলি,হাড্ডি ও বান মারার কাজে ব্যবহৃত কবিরাজী জিনিসপত্র উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ একটি মরা মানুষের মাথার খুলি,হাড্ডি ও বান মারার কাজে ব্যবহৃত কবিরাজী জিনিসপত্রসহ কথিত কবিরাজ আব্দুস ছাত্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, কথিত কবিরাজকে শুক্রবার রাতে থানা হেফাজতে নেয়ার পর পুলিশ বাদী হয়ে দঃবিধি ১৫১ ধারায় মামলা দায়ের পুর্বক আজ শনিবার (২৩ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করা হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল শুক্রবার (২২ জুলাই) সকালে সিরিয়ার দামেস্কের কাছে এ ঘটনা ঘটেছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলানের দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ৩ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও সাতজন আহত হয়েছেন। সিরিয়ার বিমানবাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে।

এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, এ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১০ জন।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইসরায়েল তার প্রতিবেশী দেশের সরকারি সেনাদের পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে শত শত বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলার কথা বরাবরই অস্বীকার করেছে ইসরায়েল।

 

ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে অটোবাইক চালকের মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে শফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোবাইক চালকের  মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি বেগম(৩০) গুরুতর আহত হন। নিহত শফিকুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাড়ীর উঠানে নিজস্ব অটোবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক সংযোগ দেন শফিকুল। শনিবার সকালে খাওয়া দাওয়া সেরে অটোবাইক নিয়ে বের হওয়ার জন্য বাইকে হাত দেওয়া মাত্রই বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। স্ত্রী পপি বেগম স্বামীকে বাঁচাতে গেলে তিনিও আটকে যান। পরে শফিকুলের পিতা আব্দুল মজিদ মেইন সুইস বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান শফিকুল। আর গুরুতর আহত অবস্থায় পপি বেগমকে প্রথমে ফুলবাড়ী এবং পরে অবস্থার অবনতি হলে দুপুর ১২ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা গেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

জাতীয় ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

ফজলে রাব্বী মিয়ার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া নয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

উল্লেখ্য, ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের হয়ে যুদ্ধে অংশ নেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে সপ্তম বারের মতো জয়ী হন তিনি।