নাগেশ্বরীতে ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানবোঝাই ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে আব্দুল গফুর (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডীপুর ব্রিজ এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে নিচে চাপা পড়া শ্রমিককে জীবন্ত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল গফুর নাগেশ্বরী উপজেলার নন্দনপুর বিলাসীরভিটা গ্রামের আব্দুল হাকিমের পুত্র।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার জানান, নিহত শ্রমিক আব্দুল গফুরের মরদেহের সৃরতহাল রিপোর্ট তৈরি এবং এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আব্দুর গফুরের মরদেহ শুক্রবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে: সংস্কৃতি মন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যথাযথ মান উন্নয়নের মাধ‍্যমে পাহাড়পুরের পর্যটনের গুরুত্ব বাড়িয়ে তোলা হবে। কারন পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ঠ সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী শুক্রবার দুপুর ১২টায় ঐতিহাসিক পাহাড়পুর যাদুঘর সেমিনার কক্ষে আয়োজিত “পাহাড়পুর বৌদ্ধ বিহার”কে দর্শক বান্ধব করার লক্ষে অংশিজনের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয় বগুড়া এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কিভাবে আরও আকর্ষণীয়, আরও দর্শক নন্দিত এবং ভ্রমন পিপাসুদের নিকট আরও গুরুত্ববহ করে তোলা যায় সে ব‍্যাপারে পরামর্শ প্রদানপূর্বক বক্তব‍্য রাখেন-নওগাঁ-২ ধামইরহাট – পত্নীতলা আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ – ৩ মহেদবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মোছা: আল্পনা ইয়াসমিন, বদলগাছি থানার অফিসার্স ইনচার্জ মো: আতিয়ার রহমান, নওগা জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরসহ অন্যান্যরা।

সংস্কৃতি মন্ত্রী বলেছেন, দেশী বিদেশী পর্যটকদের অধিকতর আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থা, আবাসিক ব্যবস্থাসহ আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত  বর্তমান সরকার পর্যটন খাতকে অধিক গুরুত্ব প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হলে পর্যটন খাতকে  শক্তিশালী করার কোন বিকল্প নাই।

প্রতিমন্ত্রী এম খালিদ এমপি পরে পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনস্থলে দি হেরিটেজ ক্যাফেল নামের একটি মান সম্পন্ন হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ /২০২২ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক জগলুল রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাঃ সম্পাদক জাকারিয়া মিয়া, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে আজ ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।

বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আরোও ২৫৮ পরিবার

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার  বাঞ্ছারামপুর উপজেলায় আরোও ২৫৮ জন ভুমিহীন পেয়েছে  প্রধান মন্ত্রীর উপহারের জমিসহ ঘর। বৃহস্পতিবার ২১ জুলাই সকাল ৯ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার পর ২৫৮ জন ভূমিহীন পরিবারের নিকট জায়গার কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.রুহুল আমিন, সাবেক যুগ্মসচিব উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাষ্টার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আল মামুন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম,উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হোসেন, সোনারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিন মিয়া,মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরমোহাম্মদ মোল্লা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জানাগেছে, দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্প সারাদেশের ন্যায় “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে  সারাদেশে ২৬ হাজার ২২৯ টি গৃহের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় ৫৭৯ টি ঘরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ১ম, ২য়, তৃতীয় ধাপে সর্ব মোট ১৯৫ টি ঘর উদ্ভোধন করা হয়েছে।

অবশিষ্ট ৩৮৪টি ঘরের মধ্যে ২৫৮টি ঘরের নির্মাণ কাজ চলমান ও উদ্ভোধনের অপেক্ষায় সে গুলো হলো উজানচর ইউনিয়নে ৫১টি, ফরদাবাদ ইউনিয়নে ৫৮টি, পাহাড়িয়া কান্দি ১০টি, রুপসদী ১৩টি, দরিয়াদৌলত ২১টি, তেজখালি ১৫টি, ছলিমাবাদ ৫০টি, সোনারামপুর ৪০টি ঘর হস্তান্তর করা হয়েছে। এবং ২৮টি ঘরের জমি মাটি দ্বারা ভরাট করে প্রস্তুত করা হয়েছে এবং ৯৮টি ঘরের জমি ক্রয়ের জন্য চাহিদা পত্র প্রেরণ করা হয়েছে এবং বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে ঘরের নির্মাণ কার্যক্রম গ্রহন করা হবে।

নেত্রকোণায় বাংলাদেশ ব্রাহ্মন সংসদের উদ্যোগে ১ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ বাংলাদেশ ব্রাহ্মন সংসদ নেত্রকোণার উদ্যোগে ১ম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কালে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সহকারী অধ্যাপক,মদনপুর শাহ সুলতান (রাহ:) ডিগ্রি মহাবিদ্যালয়, নেত্রকোণা শ্রী আশীষ চক্রবর্তীর সভাপতিত্বে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্র শিরোমনি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, প্রতিরোধ যোদ্ধা ৭৫, সম্মানিত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

পরে অনুষ্ঠানের অংশ হিসে ১১.৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প নিবেদন করা হয় বেলা ১২.০০ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয় পরবর্তীতে বিশেষ আলোচনা ও অতিথিবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

রাণীশংকৈলে দলিলসহ জমি ও ঘর পেলেন ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশব্যাপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৩য় পর্যায় ২য় ধাপ) ৪২৫ জন ভূমিহীন-গৃহহীন ব্যক্তি দলিলসহ জমি ও ঘর হস্তান্তর করা হয় । এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কামরুন নাহার, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ,শিক্ষক, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেের মাধ্যমে সরকারের এ আশ্রায়ণ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি  ঘর হস্তান্তরের ঘোষনা দেন। এইসাথে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলাসহ ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করেন।

নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ পালিত

নেত্রকোণা প্রতিনিধিঃ “৮০০ কোটির পৃথিবী:সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানে নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ পালিত দিবস ২০২২ পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি  বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেনের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল (পিপিএম), নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খাইরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদসহ সদর ও আটপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকতাবৃন্দ।

প্রথমবারের মতো খোলাবাজারে ডলারের দাম ঠেকল ১০৩ টাকায়!

সিএনবিডি ডেস্কঃ যা আনুষ্ঠানিক দর হিসেবে প্রতি ডলারের মূল্য ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করছে প্রায় ১০০ টাকারও বেশি দামে। আর খুচরা বাজারে প্রথমবারের মতো রেকর্ড মূল্য প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৩ টাকায়। মানি চেঞ্জার ব্যবসায়ীরা দাবী করছেন যে ঈদুল আজহার পর থেকে ডলারের চাহিদা ব্যাপক বেড়েছে, কিন্তু সরবরাহ সেভাবে বাড়েনি। আবার ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি একপ্রকার বন্ধ করে দিয়েছে। এতে সবাই খুচরা ডলারের জন্য খোলাবাজারেই আসছে। ফলে দাম বাড়ছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক ডলারের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রায় প্রতিদিনই রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। গত অর্থবছরে রিজার্ভ থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। আর ভুক্তভোগীরা অভিযোগ করছে, সংকটের সুযোগ নিয়ে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে।

অন্যদিকে, ব্যাংকগুলো দাবী করছে যে, সংকটের কারণে রেমিটার ও রপ্তানিকারকদের কাছ থেকে তাদের বেশি দামেই ডলার নিতে হচ্ছে। এ কারণে তাদেরও বেশি দামেই ডলার বিক্রি করতে হচ্ছে। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার পর থেকে দেশে অস্বাভাবিক গতিতে বাড়ছে বিভিন্ন পণ্যের আমদানির পরিমাণ ও মূল্য। মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, শিল্পের মধ্যবর্তী পণ্য, খাদ্যপণ্য, জ্বালানি তেলসহ সব পণ্যের আমদানির পরিমান ও মূল্য এখন বেশ ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে পণ্য আমদানি বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। কিন্তু ব্যাংকের কাছে ডলার আসার উৎস রেমিট্যান্স প্রবাহ কমছে। ২০২১-২২ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স কমেছে প্রায় ১৫ শতাংশ।প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবণতা ও আমদানি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধিতে গত বছরের আগস্ট থেকে ঊর্ধ্বমুখী রয়েছে ডলারের দাম। ডলার বিক্রিসহ নানা পদক্ষেপ নিয়েও ডলারের বাজারের অস্থিরতা থামাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের হিসাবেই গত এক বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১০ দশমিক ৭৯ শতাংশ। যদিও ডলারের বাজার পরিস্থিতি বিবেচনায় নিলে টাকার অবমূল্যায়ন হয়েছে ১৮ শতাংশেরও বেশি।

মিশরের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু সংস্থা রোজাটোম মিশরে তাদের প্রথম পরমাণুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করেছে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিরোজাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আ্যালেক্সি লিখাচিওভ জানান, মিশরের আল দাব্বা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে এবং এর মধ্যদিয়ে মিশর বিশ্বের পরমাণু জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হবে। রাজধানী কায়রো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিম উপকূলে মিশর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। এটি হবে আফ্রিকা মহাদেশে রোজাটমের প্রথম পরমাণু প্রকল্প।

তিনি আরো বলেন, ৩ হাজার কোটি ডলারের এই পরমাণু প্রকল্প ২০১৮ সালের মধ্যে শেষ হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মিশর চারটি পরমাণু চুল্লির মাধ্যমে ১২০০ মেগাওয়াট করে মোট ৪,৮০০ মেগা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, মিশর এবং রাশিয়ার যৌথ অর্থে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্প ব্যয়ের তিন হাজার কোটি ডলারের মধ্যে রাশিয়া শতকরা ৮৫ ভাগ অর্থের যোগান দেবে। বাকি অর্থ যোগান দেবে মিশর। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মেয়াদকাল ধরা হয়েছে ৬০ বছর এবং এতে যত পরমাণু জ্বালানি লাগবে তার সবই রাশিয়া সরবরাহ করবে। আর প্রতিটি চুল্লি চালু হওয়ার পর দশ বছর পর্যন্ত রাশিয়া রক্ষণাবেক্ষণ ও দেখাশোনের দায়িত্ব পালন করবে।

এছাড়া, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মিশরের যে সমস্ত লোকজন কাজ করবেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাশিয়া এবং এরইমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রকল্পের সাথে যুক্ত মিশরের ১,৭০০ বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিবে রাশিয়া।

নওগাঁয় আদালত অবমাননা করে জমি দখলের অভিযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর  উপজেলার চন্দননগর ইউনিয়নের মহাভার গ্রামে মৃত বাসতুল্যা মন্ডলের ৯০ শতক জমি জোর পূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মৃত বাসতুল্যা মন্ডলের মেয়ে ফরিদা বিবি (৩৮) গং ওয়ারিশ সুত্রে জমির মালিক হলেও জমির দখল নিতে পারেনা প্রভাবশালীদের প্রভাবে। জানা যায় একই গ্রামের মৃত জসিমদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম মন্ডল, মো.  হরুন উদ্দিন মন্ডল ও মো. মন্জুর আলি মন্ডলের ছেলে মো. আব্দুর রাজ্জাক  ও রবিউল মন্ডল তারা নিজেদের প্রভাব খাটিয়ে ১৯৮৬ সালে মৃত ফয়েজ উদ্দিনের ছেলে নফছের আলি মন্ডলের কাছে থেকে অবৈধ ভাবে জাল দলিল মৃলে বলে ৯০ শতক জমি ক্রয় করেন। যে দলিল মূলে ক্রয় করেন, ওই জাল দলিল ১৩/০৮/২০১৭ ইং আদালতে বাতিল বলে গন্য হয়। এবং মূল জমির মালিক আদালত কর্তৃক ডিগ্রী পায়। ডিগ্রী পাওয়ার পরেও এলাকাতে গিয়েও আজও জমি দখল নিতে পারেনি। তারা
জমি দখল নিতে গেলে জমির অবৈধভাবে দখলদাররা এলাকার প্রভাবশালী হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদর্শন করে। পরবর্তীতে আবারও দখলদাররা ডিগ্রি পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করে। বর্তমান আদালতে মামলা চলমান রয়েছে।

মৃত বাসতুল্যা মন্ডলের মেয়ে ফরিদা বিবি বলেন, আমার বাবার বুধুরিয়া মৌজার ১২১৪-১৭২৬ দাগে ৯০শতক জমি প্রভাবশালীরা জাল দলিল করে দখল করে নিয়েছে। আমরা অসহায় হাওয়াই আদালতের ডিগ্রী পাওয়ার পরেও দখল পাচ্ছিনা। আমাদেরকে বিভিন্ন সময়ে রাত্রীবেলায় এসে হুমকি ধমকি দিচ্ছে। বিভিন্ন রকম মামলার ভয়-ভীতি দেখাচ্ছে। আমরা গরীব দেখে কোন সুবিচার পাচ্ছিনা। আমি এবং আমার পরিবার এর লোকজন সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি তাই প্রশাসনের কাছে জোর দাবী আমাকে যেন সঠিক বিচার করে দেওয়া হয়।

বিবাদী মো. নুরুল ইসলাম মন্ডল এর সাথে কথা বলে জানা গেছে, তিনি তার যায়গা দখল করেছে, কাওকে কোন হুমকি প্রদর্শন করেনি, এই বিষয়ে কোন কথা বলতে রাজি নয় বলে জানান।

স্থানীয় চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদি বলেন, আমরা মিমাংসা করার চেষ্টা করেছি, দলিল মূলে মৃত বাসতুল্যা মন্ডলের ছেলে-মেয়ে  প্রকৃত জমির মালিক, তারা জমি পাবে। এই জমি বিষয়ে কয়েকবার বৈঠক করেও কোন কাজ হয়নি। প্রভাবশালীরা জোরপূর্বক দখল করে রাখার কারণে মোছা. ফরিদা গংদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, এই বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি, শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেওয়া আছে, তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।