বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

স্পোর্টস ডেস্কঃ বরাবরই বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ানডে। বাকি দুই ফরম্যাটে ভরাডুবি হলেও ওয়ানডেতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ দল। তাইতো এই ওয়ানডেকে ঘিরেই স্বপ্ন দেখছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই এই ফরম্যাটের বিশ্বকাপ জয়ের স্বপ্ন তাঁর চোখে। একই সঙ্গে এশিয়া কাপ জিততেও চান এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে তেমনটাই বললেন মিরাজ। তিনি বলেন, ২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১৫ মাস বাকি আছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে সামনের বিশ্বকাপ আমাদের জন‍্য আরও বেশি ভালো হবে। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।

নিজেদের স্বপ্নের কথা জানিয়ে মিরাজ বলেন, বিশ্বকাপে ভালো কিছু করলে আমাদের নিজেদের জন্য ভালো হবে আবার দেশের জন্যও ভালো হবে। আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। অবশ্যই উনারা থাকতেই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপ জেতা যায়, সেই পথটা আমরা বের করতে পারি। এটা ভাগ‍্যের উপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।

মঞ্চের পাখি মৌসুমীর প্রথম মৃত্যুবার্ষিকী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ২০শে জুলাই শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার বিশিষ্ট মঞ্চাভিনেত্রী, মঞ্চের পাখি নাট্যকর্মী মৌসুমী নাগ মৌ এর প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁর অকাল প্রয়াণ দিবসে মৌসুমী নাগ এর প্রতি বিডিজার্নাল ডট নেট পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

মৌসুমী নাগ ১৯৮৫ সালের ২৯ জানুয়ারি শ্রীমঙ্গলের শান্তিবাগ আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রঞ্জন বৈদ্য। প্রয়াত রঞ্জন বৈদ্যের তিন মেয়ের মধ্যে মৌসুমী ছিলেন সবার বড়।।ছোটবেলা থেকেই মৌসুমী ছিলেন প্রতিভাবান একজন মানুষ। সদাহাস্যজ্বল এই মানুষটি একাধারে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, আবৃত্তিকার, উপস্থাপিকা, রন্ধনশিল্পী, আবৃত্তি শিক্ষক এবং একজন সফল অভিনেত্রী। অভিনয় জগতে ছিলো তাঁর অসাধারণ দক্ষতা। মঞ্চে এবং ক্যামেরার সামনে তাঁর অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হতেন দর্শক, নির্দেশক, পরিচালকরা। মঞ্চে তাঁর উল্লেখযোগ্য নাটক একজন লক্ষ্মীন্দর ও চোর নাটক দুটি ব্যপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও তিনি একাধিক পথনাটকও করেছেন। ছোটপর্দার তাঁর অভিনীত অসংখ্য এক পর্বের নাটক এবং ৩/৪টি ধারাবাহিক নাটক রয়েছে। ইংল্যান্ডের চ্যানেল এস-এ এই নাটকগুলো প্রচারিত হয়।

এছাড়াও দেশের জাতীয় গণমাধ্যম গুলোর একাধিক চ্যানেলে পার্শ্বচরিত্রে বড় অভিনেতাদের সাথে বিভিন্ন নাটকেও অভিনয় করেছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বিডি জার্নাল ডট নেট এর প্রতিষ্ঠাতা ছিলেন।

মৌসুমী নাগ পড়াশুনায়ও অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অনার্স তৃতীয়বর্ষের ছাত্রী থাকাকালীন ২০০৬ সালে তিনি দীর্ঘ ৭ বছরের প্রেমের পরিনতিতে নাট্যকর্মী পংকজ কুমার নাগ কে বিয়ে করেন। তাঁদের সাড়ে ১১ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। সদাহাস্যজ্বল মৌসুমী নাগ ২ হাজার ২০ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ জানতে পারেন তিনি আবার মা হতে চলেছেন। নতুন অতিথি আসার আনন্দে তিনি স্বামী সন্তান, সংসার, চাকরি নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছিলেন এমতাবস্থায় ২ হাজার ২১ সালের জুলাই মাসে হঠাৎ তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে পড়েন। প্রথম করোনা টেস্টে, রিপোর্ট নেগেটিভ এলেও প্রচন্ড শ্বাসকষ্টে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। শ্বাসকষ্ট অতিরিক্ত শুরু হলে তাঁকে আই.সি.ইউ এ স্থানান্তর করা হয়। বাংলাদেশ কোভিড প্রোটকলের সকল ঔষধ প্রয়োগ করা হয়। হাইফ্লো অক্সিজেন প্রয়োগ করা হয়। ১৯ জুলাই তাঁর গর্ভে থাকা আট মাসের কন্যা সন্তানটি মারা যায়। ৭ দিন জীবনের সাথে নিদারুণ যুদ্ধ করে পরেরদিন ২০ জুলাই ভোর ৪ টা ৪০ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান মঞ্চের পাখি নাট্যকর্মী মৌসুমি নাগ মৌ। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।

নেত্রকোণায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন বিষয়ে প্রেস ব্রিফিং

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক ২১ জুলাই, ২০২২ তারিখে ৩য় পর্যায়ের (২য় ধাপ) “ক” শ্রেনীর ঘরের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে ৩য় পর্যায়ের (২য় ধাপ) “ক” শ্রেনীর ১৭৪টি ভূমিসহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ভূমিহীনদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে শাজাহানপুরে প্রেস ব্রিফিং

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর, বগুড়াঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরে ভূমিহীন ও গৃহহীন ৩৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি এবং গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে।

বৃহস্পতিবার (২১জুলাই) সকাল ৯ টার দিকে শাজাহানপুর উপজেলাসহ সারা দেশে নির্মিত বাড়ি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। ২শতক জায়গার উপরে উপজেলায় প্রতিটি বাড়ি নির্মাণে ব্যায় হয়েছে ২ লক্ষ ৫৯হাজার ৫০০ টাকা। উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ১৮টি, আমরুল ইউনিয়নের মাড়িয়া গ্রামে ১৬টি এবং আশেকপুর ইউনিয়নে ৩টি বাড়িসহ মোট ৩৭টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) মো. আশিক খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান, শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাংবাদিক মিলন, শাহাদাত হোসেন, সাইদুজ্জামন তারা, শাহ আলম, সাবিক ওমর, মিজানুর রহমান,নাজির, দুলাল, হোসেন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ বলেন, দেশকে ভূমি ও গৃহহীন মুক্ত করার লক্ষে ২০২০-২১অর্থ বছরে একলক্ষ ১৭হাজার ৩শত ১৯টি গৃহ নির্মাণ এবং হস্তান্তর করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের ৩য় পর্যায়ের প্রথম ধাপে ৬৭ হাজার ৮০০ গৃহ নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। এবং ২য় ধাপে ২৬ হাজার ২২৯টি বাড়ি হস্তান্তরের অপেক্ষায় আছে। এরই ধারাবাহিকতায় বগুড়া শাজাহানপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরে ২৮টি, ২০২১-২২অর্থ বছরের ৩য় পর্যায়ের প্রথম ধাপে ৩০টি এবং ২য় ধাপে আরো ৩৭টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

রাশিয়ার সাথে ৪০০০ কোটি ডলারের তেল চুক্তি সই করল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের একই সময়ে ইরানের তেল মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাশিয়ার সঙ্গে দেশটির তেল শিল্পের ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরানের তেল ও জ্বালানী মন্ত্রণালয়ের নিজস্ব বার্তা সংস্থা ‘শানা’ জানিয়েছে, ইরানের জাতীয় তেল কোম্পানি ও রাশিয়ার জ্বালানী প্রতিষ্ঠান গ্যাসপ্রমের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন (চার হাজার কোটি) ডলারের ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিটি ভার্চুয়ালি সই হয়েছে বলেও জানিয়েছে শানা। সিরিয়া বিষয়ক আস্তানা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন মঙ্গলবার তেহরান সফরে আসেন এবং ওই সম্মেলনে যোগ দেয়া ছাড়াও তিনি ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম পুতিন বিদেশ সফরে এলেন। তিনি এমন সময় এ সফর করলেন যখন গত পাঁচ মাসে রাশিয়া মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে ‘বিশেষ গুরুত্ব’ দিচ্ছে মস্কো। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ রাশিয়ার সঙ্গে তেল চুক্তিকে ইরানের ইতিহাসের বৃহত্তম বিদেশি পুঁজি বিনিয়োগের চুক্তি বলে বর্ণনা করেছে।

ইরানের জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহসেন খুজাস্তে মেহর বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে; কাজেই (প্রমাণিত হয়েছে) বিশ্ব বাজার থেকে ইরানের তেলকে আলাদা করে ফেলা সম্ভব নয়।

তিনি বলেন, ইরানের তেলের ওপর বিশ্ব নির্ভরশীল এবং এ কারণে ইরান বিশ্ব বাজারে তেল সরবরাহের একটি স্থিতিশীল ও নিরাপদ দেশে পরিণত হয়েছে।

তিনি জানান, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত সপ্তাহে গ্যাসপ্রমের কর্মকর্তারা ইরান সফর করে গেছেন এবং তখনই ৪০ বিলিয়ন ডলারের চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে।

খুজাস্তে মেহর বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে ইরানের তেল খাতের উন্নয়নের জন্য ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল বর্তমানে যার বাস্তবায়ন চলছে।

সুত্রঃ পার্সটুডে, নিউইয়র্ক টাইমস।

আত্রাইয়ে মেহেদীর রং না মুছতেই নবদম্পতির একসাথে আত্নহত্যা !

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মেহেদির রং না মুছতেই শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক নবদম্পতি আত্নহত্যা করেছে। তাদের আত্নহত্যার প্রকৃত কারন জানা যায়নি। এ নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলার সুদরানা গ্রামে।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে মাসুম (২৩) গত দুই মাস আগে বিয়ে করে তার আপন মামাতো বোন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আশকর আলীর মেয়ে লিমা খাতুনকে (১৮)। আত্নীয়তার সুবাদে পূর্ব থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সেই প্রেম থেকেই দু’জনের বিয়ে হয়।

ছেলের মা নাদিরা বেগম জানান, মঙ্গলবার রাতে ছেলে মাসুম বাইরে বেড়াতে যায়। এদিকে পুত্রবধূ স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। পরে মাসুম বাড়ি আসলে রাতের খাবার না খেয়েই স্বামী স্ত্রী এক ঘরে শুয়ে পড়ে। পরে গৃহকর্ত্রী নাদিরা তাদেরকে খাবারে জন্য ডাকাডাকি করলে মাসুম উঠে খাবার খেলেও পুত্রবধূ লীমা রাতের খাবার খায়নি।

এদিকে গতকাল সকালে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য মা নাদিরা দফায় দফায় ডাকাডাকি করেন । কিন্তু তাদের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে পুত্রবধূর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শয়নঘরের দরজা ভেঙ্গে দেখতে পান দু’জনের ঝুলন্ত লাশ। পরে তারা লাশ দু’টি নামিয়ে নিচে রেখে দেন।

এদিকে নবদম্পতির একসাথে আত্নহত্যার বিষয়টি প্রচার হলে এলাকার হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভীড় জমায়। সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান ঘটনাস্থল পদির্শন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। মনে হচ্ছে অভিমান করেই দু’জনে এ ঘটনা ঘটিয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

চা বাগানে রেড স্পাইডার ভাইরাস সংক্রমণের হানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: প্রচণ্ড খড়ায় চা বাগানে ছড়িয়ে পড়েছে রেড স্পাইডারের সংক্রমণ। ভাইরাসজনিত এ রোগে চা গাছের পাতা লাল হয়ে যায়। আক্রান্ত এলাকা থেকে চা পাতা উত্তোলন বন্ধ থাকে। এতে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চা বাগান সংশ্লিষ্টরা।

চা বাগান সূত্রের বরাতে জানা গেছে, মৌলভীবাজারের প্রায় বাগানেই এ রোগ ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ যথাযথভাবে কীটনাশক প্রয়োগ করছে। কিন্তু অব্যাহত দাবদাহে রেড স্পাইডারের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

চলতি বছরে চা উৎপাদনের ভরা মৌসুমে অতিবৃষ্টি ও প্রচণ্ড খড়া বয়ে যাচ্ছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা সীমিত পর্যায়ে রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

বিভিন্ন চা বাগান সরেজমিন ঘুরে দেখা যায়, সবুজ চা পাতা লাল বর্ণ ধারণ করেছে। এবিষয়ে কথা হলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউরা চা বাগানের ব্যবস্থাপক মো. সিরাজুদ্দৌলা বলেন, প্রচণ্ড খড়ায় রেড স্পাইডারের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য কীটনাশক স্পে করছি। আবহাওয়ার পরিবর্তন না আসলে এ ভাইরাস নিয়ন্ত্রণে আসবে না। প্রচণ্ড খড়ায় ব্যাপক হারে রেড স্পাইডারের বংশবৃদ্ধি হচ্ছে।

রাজনগরের ইটা চা বাগানের সহকারী ব্যবস্থাপক আদিল আহমেদ বলেন, চা উৎপাদনের জন্য বছরের শুরুটা ভালোই ছিল। কিন্তু জুন মাসের শুরুতে অতিবৃষ্টিতে চা উৎপাদনে বিপর্যয় নেমে আসে। আবার জুলাই মাসে প্রচণ্ড খড়া দেখা দেয়। আবহাওয়ার এই দু’ধরনের বিরূপ প্রভাবে চা উৎপাদনে প্রতিকূল অবস্থা বিরাজ করছে।

শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের ও ফিনলে টি ব্যবস্থাপক চা বিশেষজ্ঞ জি এম শিবলী বলেন, তীব্র রোদে চা গাছের কচি পাতা গজাচ্ছে না। যেটুকু কুঁড়ি গজাচ্ছে তা লাল মাকড়সা চুষে খেয়ে ফেলছে। এছাড়াও তীব্র খড়ায় চা গাছের সবুজ পাতা লাল বর্ণ ধারণ করেছে। লাল মাকড়সা ও হেলোফিলিটস রোগ প্রতিরোধে কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। প্রথমে দু’একটি বাগানে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও এখন অনেক বাগানে ছড়িয়ে পড়েছে। এতে চায়ের উৎপাদন ব্যাহত হচ্ছে এভাবে চলতে থাকলে চা উৎপাদন ব্যহত হবে।

মৌলভীবাজারের লংলাভ্যালীর সভাপতি জেলার রাজনগর উপজেলার চানভাগ চা বাগানের ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান বলেন, লংলাভ্যালীর ২২টি বাগানের মধ্যে অর্ধেক বাগানেই রেড স্পাইডারের সংক্রমণ দেখা দিয়েছে। যে সব বাগানে গরু ছাড়া হয় সেখানেই এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। গরুর মাধ্যমে রেড স্পাইডার দ্রুত ছড়ায়। রোগ দমনে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। রেড স্পাইডারে আক্রান্ত বাগানের সংখ্যা ও ক্ষতির পরিমাণের হিসাব মাঠ থেকে না আসলে আমরা সঠিক তথ্য এই মুহূর্তে দিতে পারব না।

পর্তুগাল ও স্পেনে দাবানলে প্রাণহানি ১১৬৯ জন

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র দাবানল নরকের রুপ ধারণ করেছে ইউরোপজুড়ে। ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, ক্রোয়েশিয়া ও মরক্কোতে ছড়িয়েছে আগুন। তবে দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি ভয়াবহতা স্পেন ও পর্তুগালে। এ পর্যন্ত দেশ দুটিতে অন্তত ১১৬৯ জন মানুষ দাবানলে প্রাণ হারিয়েছে। লাখো মানুষকে সরিয়ে নিয়ে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসকর্মীরা।

সংবাদমাধ্যম এবিসি নিউজের মাধ্যমে জানা যায়, স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশটিতে তাপজনিত সমস্যায় কমপক্ষে ৫১০ জন মারা গেছেন। অন্যদিকে পর্তুগালের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশটিতে তাপজনিত কারণে ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শুক্রবার এক দিনে দেশটিতে ২৭৩ জন মারা গেছেন।

আবার স্পেনে গত সোমবার সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিন যুক্তরাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্সে এরই মধ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। ফ্রান্সের আবহাওয়া অফিস জানিয়েছে, ফ্রান্সের পশ্চিমের শহর নান্তেসে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত সোমবার নেদারল্যান্ডসে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আশঙ্কা করা হচ্ছে সামনের দিনগুলোতে জার্মানি ও বেলজিয়ামে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, প্রচণ্ড এই তাপদাহে বেঁকে গেছে রেললাইন। লন্ডনের চারপাশের বেশ কয়েকটি এলাকাজুড়ে দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। জ্বলেপুড়ে ছারখার হচ্ছে ঘরবাড়ি। ট্রান্সপোর্ট ফর লন্ডন রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

 

বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না : কাদের

রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন; সরকার নয়, চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি। সামনে যখন আরও প্রকল্পের উদ্বোধন হবে তখন বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না।

আজ বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর সেতুভবনে ব্রিফিংকালে বর্তমান পরিস্থিতিতে সরকার চোখে সর্ষে ফুল দেখছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি নেতাদের যে অন্তর জ্বালা বেড়েছে তা এখনও কমেনি। বরং দিন দিন বাড়ছে। সামনেই আসছে তরুণ প্রজন্মের মেট্রোরেল, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ অনেক মেগা প্রকল্প। তাই বিএনপি নেতারা চোখে শুধু সর্ষে ফুলই দেখতে পাচ্ছেন। সামনে যখন এসব প্রকল্পের উদ্বোধন হবে তখন বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। সরকার পতনের যে দিবা স্বপ্ন বিএনপি দেখছে সেটা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিতে সিদ্ধহস্ত বিএনপি নেতারা সব কিছুতেই দুর্নীতির গন্ধ খুঁজে বেড়ান। সব কিছু নিয়ে মিথ্যাচার করা বিএনপির এখন দৈনন্দিন রুটিন হয়ে গেছে। দেশবাসী জানে বিশ্বব্যাপী এখন জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং ইউক্রেন- রাশিয়া যুদ্ধ এ সংকটকে আরও প্রকট করেছে। যুদ্ধের প্রভাবে জ্বালানি মার্কেট চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন না হয়, সে লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে। বিএনপি নেতারা বিশ্বব্যাপী এ সংকটের কোনো সমাধানের কথা না বলে বরং দুর্নীতির কাল্পনিক অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং শান্ত জনগণকে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপির এসব মিথ্যাচার আর ষড়যন্ত্র জাতির কাছে এখন স্পষ্ট।

তিনি বলেন, বিএনপির কথা মানুষ এখন আর বিশ্বাস করে না। যে কোনো সংকট ও দুর্যোগে আওয়ামী লীগের নেতৃত্ব আজ পরীক্ষিত। করোনা সংকট মোকাবিলায় যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খেয়েছে, সেখানে শেখ হাসিনা সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। দেশবাসী ভালো করেই জানেন, যেকোনো সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অন্য যেকোনো দলের চেয়ে অনেক এগিয়ে। কাজেই মিথ্যাচার আর অপপ্রচার করে জনগণকে উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র বিএনপি করছে সে ফাঁদে দেশবাসী পা দেবে না। অতীতেও জনগণ শেখ হাসিনা সরকারের ওপর আস্থা রেখেছে এবং এখনো রাখছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতা বিএনপি অনুধাবন করতে না পারলেও জনগণ ঠিকই বিষয়টি অনুধাবন করে সরকারকে সহযোগিতা করবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই এ সংকটের সমাধান হবে ইনশা আল্লাহ।

বরিশালে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

সিএনবিডি অনলাইন ডেস্কঃ বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বুধবার (২০ জুলাই) দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কে উপজেলার হ্যালিপেড মাঠ-সংলগ্ন সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার এসআই মো. শাহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাসটি কুয়াকাটা থেকে বরিশালের দিকে আসছিল আর অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল বিপরীত দিকে। পথে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে কিছুক্ষণ বন্ধ থাকে। হতাহতদের উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।