মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রেস ব্রিফিং

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২১শে জুলাই জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আজ বুধবার দুপুর ১২টায় বাঞ্ছারামপুর  উপজেলা হলরুমে নির্বাহী অফিসার একি মিত্র চাকমা  সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের মো.চাঁন মিয়া সরকার,দৈনিক আমাদের সময় ও বিজয় টিভি আশেক এমরান, দৈনিক মানব কন্ঠের মো.ফারুক আহমেদ, দৈনিক দেশ সেবা মো.নাছির উদ্দিন,চ্যানেল এস টিভির আলমগির হোসেন, দৈনিক ভোরের কাগজ রফিকুল ইসলাম, একাত্তর টিভি মো.বাহারুল ইসলাম, বাংলা টিভির ফয়সাল আহমেদ, এশিয়ান টিভির রিফাত আবির সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামী ২১শে জুলাই সারাদেশের ন্যায় “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পবিত্র ঈদের উপহার হিসাবে সারাদেশে ২৬ হাজার ২২৯ টি গৃহের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় ৫৭৯ (পাঁচশত উনাআশি) টি ঘরের মধ্যে  মাননীয় প্রধানমন্ত্রী ১ম ধাপে ৬৪ টি,২য় ধাপে ৮৫টি এবং তৃতীয় ধাপের ৪৬টি সর্ব মোট ১৯৫ (একশত পচান্নব্বই) টি ঘর উদ্ভোধন করা হয়েছে।

অবশিষ্ট ৩৮৪টি ঘরের মধ্যে ২৫৮টি ঘরের নির্মাণ কাজ চলমান ও উদ্ভোধনের অপেক্ষায় এবং ২৮টি ঘরের জমি মাটি দ্বারা ভরাট করে প্রস্তুত করা হয়েছে এবং ৯৮টি ঘরের জমি ক্রয়ের জন্য চাহিদা পত্র প্রেরণ করা হয়েছে এবং বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে ঘরের নির্মাণ কার্যক্রম গ্রহন করা হবে।

আগামি ২১শে জুলাই ২০২২ বৃহস্পতিবার সকাল ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন।

উক্ত অনুষ্ঠানে সকল সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে প্রশাসনকে পূর্বের ন্যায় পূনরায় সকলের সহযোগিতা কামনা করেন।

রাণীশংকৈলে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে ইউএনও’র প্রেস ব্রিফিং

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামি ২১ জুলাই ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (৩য় পর্যায় ২য় ধাপ) উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডিসহ প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও লিখিত বক্তব্যে আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং  সাংবাদিকদের নিকট পূর্ণ সহযোগিতা কামনা করেন।

নওগাঁয় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ১৯৭টি ঘর বিতরন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে জেলার ৮ উপজেলায় ১৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ বাড়ি প্রদান করা হবে। বৃহষ্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে ২৬ হাজার ২২৯টি মান সম্মত ঘর বিতরন করা হবে তারই অংশ হিসেবে নওগাঁ জেলায় এই পরিমাণ ঘর প্রদান করা হবে।

আজ বুধবার বেলা ১১ টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে নওগাঁ জেলার নির্ধারিত পরিবার গুলোর মধ্যে ঘর বিতরনের তথ্য উপাত্ত তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, আগামী ২১ জুলাই নওগাঁ জেলায় ১৯৭টি ঘর বিতরন করা হবে। উপজেলা ভিত্তিক ঘর বিতরনের পরিমাণ হচ্ছে ধামইরহাট  উপজেলায় ৩৫ টি, নওগাঁ সদর উপজেলায় ৩০ জন, বদলগাছী উপজেলায় ৩০ জন, রানীনগর উপজেলায় ১২ জন, মহাদেবপুর উপজেলায় ২৫ টি, নিয়ামতপুর উপজেলায় ৫ টি, পোরশা উপজেলায়  ৫০ টি এবং সাপাহার উপজেলায় ১০টি।

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

উল্লেখ্য, নওগাঁ জেলায় প্রথম পর্যায় ১০৫৬ টি, দ্বিতীয় পর্যায়ে ৫০২ টি, তৃতীয় পর্যায়ের ১ম ধাপে ৫৪০টি ঘর বিতরন করা হয়েছে। আর তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বিতরন করা হচ্ছে ১৯৭টি।

তৃতীয়বার মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন কারিনা কাপুর!

বিনোদন ডেস্কঃ বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর তৃতীয়বারের মতো বাবা-মা হচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই এ আলোচনা উড়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর তাই এবার এই জল্পনার অবসান ঘটালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর।

গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডির স্টোরিতে কারিনা লিখে জানিয়েছেন, পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে দেশের জনসংখ্যা বাড়ানোয় ওর অনেক অবদান।

এরপরেই অনুরাগীদের বুঝতে আর বাকি থাকেনা যে কারিনা মা হচ্ছেন না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে (ওভার দ্য টপ)। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে দিব্যি দিন কাটছে কারিনার।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান এবং ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয় তাদের জীবনে আসে ছোট ছেলে জাহাঙ্গীর আলী খান।

 

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংযোগ সড়কে ডাকাতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের দুটি উপজেলা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ। এই দুই উপজেলাতেই রয়েছে দেশের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ চিরসবুজ বনাঞ্চল বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যান। ফলে এখানে পর্যটক, গবেষকসহ নানান শ্রেণির মানুষের আনাগোনা থাকে। এই দুই উপজেলার সংযোগ সড়কে ৩৩ দিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। নিঃস্ব হয়েছেন সাধারণ মানুষ। এই ডাকাতির ফলে প্রচণ্ড ভীতি সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মাঝে।

বন বিভাগ সূত্রের বরাতে জানা যায়, সর্বশেষ গত রোববার দিনগত রাত সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মুজিব টিলা নামক স্থানে ১৫/১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গাছ কেটে রাস্তায় ফেলে সড়কটি আটকে ফেলে।

এ সময় শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ অভিমুখে একটি ডায়না (ঢাকা মেট্রো ১৯-৩৬৭৪) গাড়ি আটকানোর চেষ্টাকালে গাড়ির ড্রাইভার আব্দুল করিম সাহসিকতার সঙ্গে গাছের ওপর দিয়ে গাড়িটি চালিয়ে নিয়ে যেতে সক্ষম হন। তখন ডাকাত দল চলন্ত গাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে ফেলে।

ওই দিন রাতেই বাগমারা ক্যাম্প থেকে মোটরসাইকেলে লাউয়াছড়া বিট অফিসে যাওয়ার সময় মামুনুর রশীদ এবং আনিসুজ্জামানকে গতিরোধ করেন ডাকাতরা। আনিসুজ্জামানকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি কাঁধে আঘাত পান। তাদের কাছ থেকে ডাকাতরা মোবাইলফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সময়ে ওই স্থানে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে। আটক করা অটোরিকশার চালকরা হলেন- সাদ্দাম হোসেন, জাকির হোসেন, মইনুদ্দিন, সুমন মিয়া, মামুন মিয়া, সানোয়ার হোসেন বিল্লাল। ডাকাতরা তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।

এদিকে বিগত ১৬ জুন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) চা বাগানের বেলতলী নামক এলাকার সড়কে ডাকাতির শিকার হয়েছেন যাত্রীরা। গাছ ফেলে সড়ক অবরোধ করে ১৩-১৪ জনের একটি ডাকাতদল যাত্রীদের মারধর করে টাকাসহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নিয়েছিল। প্রায় এক মাসের ব্যবধানে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে আবারো ডাকাতির ঘটনায় জনমনে গভীর আতংক বিরাজ করছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, সড়কের ওপর গাছ ফেলে কতিপয় দুষ্কৃতিকারীরা ছিনতাইয়ের চেষ্টা করেছেন। আমরা আসায় তারা পালিয়ে গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

শ্রীমঙ্গল থানা এবং কমলগঞ্জ থানা যৌথভাবে এই সড়কে রাতে পুলিশি টহল আরও জোরদার করেছে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে জানান এই পুলিশ পরিদর্শক।

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণে ভোক্তা অধিকার এর জরিমানা

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলায় বরুণ কান্দি গ্রামের মো. ইসমািইল ছেলে মো. রহিস উদ্দিন দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ করে অবৈধ ভাবে বেশী মুনাফা পাওয়ার আশায় গুড়া দুধ মিশে দুধ তরল করে বাজারে বাজারজাত করতো এমন এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গরুর দুধ জব্দ ও তুলসী গঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তদারকিকালে ৫ টি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর দুধ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রয় এবং নির্ধারিত দামের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যাবস্থায় ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন ও নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক। জনস্বার্থে এ ধরনের তদারকি সবসময় অব্যাহত থাকবে জানান।

 

হরিপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন; সভাপতি মুকুল ও সাধারণ সম্পাদক আলমগীর

ঠাকুগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুলকে সভাপতি ও  এস এম আলমগীরকে সাধারণ সম্পাদক, ঘোষণা করা হয়েছে৷ গত সোমবার ১৮ জুলাই রাত সাড়ে ৮ টায় উপজেলার ডাক বাংলো মাঠে সমঝোতার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিপক কুমার।

এর আগে সকাল ১১টায় হরিপুর মহিলা কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক  সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিপক কুমার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-৩ আসনের এমপি দবিরুল ইসলাম, সাবেক এমপি ও কেন্দ্রীয় আ.লীগ কমিটির সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমি, এ্যাডঃ হোসনে-আরা – লুৎফা ডালিয়া।

আরো উপস্থিত জেলা আ.লীগ সহ- সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, যুগ্ন সাধারণ সম্পাদক, সদর উপজেলা আ.লী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, এ্যাড: লাম ফারুক রুবেল, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোস্তাক আহম্মেদ টুলু, অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টু, সদর পৌর মেয়র আনজুমান আরা বন্যা, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।

এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: কেন্দ্রীয় ও জেলা আ.লীগ কমিটির সমঝোতার মাধ্যমে সভাপতি, সম্পাদকসহ সভ-সভাপতি নগেন কুমার পাল ও আব্দুল কায়ুম পুষ্প, যুগ্ন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মোকারমা বাবলিসহ মোট ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের পরাজয়

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো নায়ক বেন স্টোকসকে ওয়ানডে ক্রিকেটে বিদায় জানাতে ডারহামে হাজির হয়েছিল হাজারো সমর্থক। মহানায়কের বিদায় বলেই কি না ইংল্যান্ড ছিল কিছুটা বিষণ্ন। স্টোকসের বিদায়ী ম্যাচে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬২ রানের জয় পেয়েছে সফরকারী প্রোটিয়ারা।

ডারহামে টসে জিতে ব্যাটিংয় করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক কেশভ মহারাজ। আগে ব্যাট করে রসি ফন ডার ডুসেনের ১১৭ বলে ১৩৪ রানের ইনিংস ও এইডেন মার্করামের ৬১ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্যের দিকে ছুটে প্রোটিয়ারা। শেষদিকে ১৪ বলে ঝড়ো ২৪ রান করে দলকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ডেভিড মিলার। ইংলিশদের লক্ষ্য দাড়ায় ৩৩৪ রান। জবাবে ভালো শুরু পায় ইংলিশরাও। কোনো উইকেট না হারিয়ে শত রান জমা করে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৪৩ করে জেসন রয় ফিরলে জো রুটকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটছিল বেয়ারস্টো। তবে ৬৩ রানে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে ইংলিশরা। একপ্রান্ত আগলে রাখেন রুট।

এদিকে, ওয়ানডেকে বিদায় বলে দেওয়া স্টোকস ফেরেন ৫ রান করে। অধিনায়ক জস বাটলারও দায়িত্ব নিতে পারেননি। ফেরেন ১২ রান করে। এরপর ৭৭ বলে ৮৬ রান করে রুট ফিরলে আর ম্যাচের লাগাম টানা যায়নি। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৭১ রানে থামে ইংলিশরা। ফলাফল ৬২ রানের জয়ে সিরিজে ১-০-তে এগিয়ে প্রোটিয়ারা।

ম্যাচ শেষে স্টোকস বন্দনায় মেতে ছিলেন বাটলার এবং tiniত বলেন, তিন বছর আগে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল স্মৃতিতে অনেক দিন বেঁচে থাকবেন স্টোকস। কিন্তু সবসময় সে তার ১০০ভাগ দিয়েছে। তা অনুশীলন হোক কিংবা ম্যাচে। আমরা তাকে মিস করব। ইংল্যান্ডের একজন ভক্ত হিসাবে তার বিদায় একটি তিক্ত অভিজ্ঞতা। দুঃখের বিষয় আমরা তাকে আর এই ফরম্যাটের খেলায় পাব না। তবে ওয়ানডে ক্রিকেটে আমারা তাকে হারালেও অবশ্যই টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের লাভ হয়েছে।

 

রনিল বিক্রমাসিংহেই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বুধবার (২০ জুলাই) দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের ২২৫ ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য জানায়।

সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিক্রমাসিংহে। নির্বাচিত এ নেতা সদ্য সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। গোটাবায়া বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়েছেন। পরে ইমেইলে তিনি নিজের পদত্যাগপত্র পাঠান।

এর আগে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন দেশটির সংসদ সদস্যরা। রনিল বিক্রমাসিংহে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত গোটাবায়া রাজাপাকসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট ক্ষোভে গোটাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

উল্লেখ্য, গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার আগে রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করে গিয়েছিলেন। এর আগে তাঁর ভাই মাহিন্দা রাজাপাকসেও পদত্যাগ করতে বাধ্য হলে তিনিই তাঁকে প্রধানমন্ত্রী করে যান। গোতাবায়ার দল প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহেকেই সমর্থন দিয়েছিল।

 

মৌলভীবাজারে জোর পূর্বক ঘর কেটে ফেলার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বড় বাড়ী এলাকায় এজমালি দেয়াল ও ঘরের ছালা কেটে দেয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী অপু আহমেদ এর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, তারা যৌথ ঘরে বসবাস করে আসছেন প্রায় ৪৫ বছর যাবত । তার ছোট ভাই মো: শিমুল (জাহিদ) জোর পুর্বক এজমালি অংশসহ দেয়াল দেওয়ার চেষ্টা করছেন এমনকি এজমালি দেয়ালের উপর ঢালাই করার জন্য টিনের ছালা কেটে ফেলেছেন। বাঁধা বিপত্তি উপেক্ষা করে কারো কোন কর্ণপাত না করে জোর পুর্বক ঘর ভেঙ্গে দেয়ালে ঢালাই করার জন্য পিলার স্থাপন করেন। এনিয়ে সুবিচার চেয়ে গত ৫ জুলাই মৌলভীবাজার পৌরসভা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন অপু আহমেদ। লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জুলাই মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে নোটিশ দেওয়া হয় এবং আগামী ২৪ জুলাই বিষয় নিস্পত্তির জন্য উভয় পক্ষকে মৌলভীবাজার পৌরসভায় উপস্তিত থাকার নির্দেশ প্রদান করা হয়।

অপু আহমেদ জানান, ঘর কেটে ফেলায় ঝড় বৃষ্টির মাঝে স্ত্রী সন্তান নিয়ে অনেক কষ্টে বসবাস করছি। পৌরসভার লোকজন নোটিশ দিয়ে যাবার পর মো: শিমুল (জাহিদ) এর স্ত্রী তানিয়া বেগম তাকে মামলা মোকদ্দমাসহ বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করছেন। এই ঘটনায় তিনি সুবিচার প্রার্থনা করেন।

এ ব্যপারে তানিয়া বেগম জানান, আমিও একটি লিখিত অভিযোগ করেছি এখানে নিয়ম মেনে ঘরে কাজ করা হচ্ছে।