লোহাগাড়ার ৫২ টি গৃহ ও ভূমিহীন পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামী ২১ জুলাই  চট্টগ্রামের লোহাগাড়ার ভূমি ও গৃহহীন ৫১টি পরিবার মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও দলিলপত্র হস্তান্তর করা হবে। ১৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্যাহ।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁঞা, কলাউজান ইউপি চেয়ারম্যান এ ওয়াহেদ ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ আরও জানান, আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৩য় পর্যায়ে গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এ দিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক লোহাগাড়াকে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে।

ইতোপূর্বে প্রধানমন্ত্রীর উপহারের বসতঘর পেয়েছেন লোহাগাড়ার আরও ৩৩৩ ভূমি ও গৃহহীন পরিবার। লোহাগাড়ায় ক শ্রেণীভুক্ত সর্বমোট ৩৮৪ ভূমি ও গৃহহীন পরিবারের পুর্ণবাসন প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে।

প্রেস ব্রিফিং এ উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

ওয়ানডে থেকে বেন স্টোকসের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বেন স্টোকস ওয়ানডে ফরম্যাট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। গতকাল সোমবার (১৮ জুলাই) এক টুইট বার্তায় বিদায়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপজয়ী তারকা জানান, আজ মঙ্গলবার (১৯ জুলাই) ডারহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি।

বিদায়ের ঘোষণা দিয়ে টুইটারে স্টোকস লিখেছেন, আমি ডারহামে মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে নিজের শেষ ম্যাচটি খেলব। আমি এই ফরম্যাট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য সিদ্ধান্তটা ভীষণ কঠিন ছিল। ইংল্যান্ডের হয়ে আমার সতীর্থদের সঙ্গে খেলাটা আমি প্রতি মিনিটই উপভোগ করেছি। আমাদের অবিশ্বাস্য এক ভ্রমণ ছিল।

তিনি আরো বলেন, সিদ্ধান্তটা কঠিন হলেও এটা মেনে নেওয়া কঠিন নয় যে আমি আমার সতীর্থদের এই ফরম্যাটে শতভাগ দিতে পারছি না। যারা ইংল্যান্ডের এই জার্সিটা পরেন, তাদের কাছ থেকে দল কখনই কম আশা করে না। তিনটি ফরম্যাট এই মুহূর্তে আমার জন্য এখন চালিয়ে যাওয়া কঠিন। ব্যস্ত সূচির জন্য শুধু আমার শরীর যে দিচ্ছে না, তাই আর নয়। আমার মনে হচ্ছে, আমি আরেকজন খেলোয়াড়ের জায়গা ধরে আছি যে কিনা জস (অধিনায়ক) এবং তার দলকে আরও বেশি দিতে পারবে।

এদিকে, দলের সাফল্য কামনা করে স্টোকস বলেন, আমি জস বাটলার, ম্যাথু মটসহ বাকি খেলোয়াড় এবং সহযোগী স্টাফদের সামনের প্রতিটি সাফল্য কামনা করতে চাই। আমরা গত সাত বছরে সাদা বলের ক্রিকেটে দারুণ উন্নতি করেছি এবং ভবিষ্যতও উজ্জ্বল দেখছি।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটকে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন স্টোকস।

 

নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই গ্রামের কেনু মিয়ার ছেলে। মুক্তার মিয়া ছিলেন কাঠ বিক্রেতা। মিলন মিয়াও একই ব্যবসায় জড়িত ছিলেন।

লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার সাড়ে রাত ১০টার দিকে মুক্তার তার মা ও বোনের সঙ্গে তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে কথার কাটাকাটি করছিলেন। এ সময় যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোড়ে ঘুষি দেন মিলন। এতেই মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার মিয়া। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

আজ থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং

জাতীয় ডেস্কঃ আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাবে দেশ। এছাড়া সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত এবং মসজিদে এসি ব্যবহার বন্ধসহআরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা আরও জানান, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হচ্ছে। এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, রাত ৮টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে।

অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এরই মধ্যে গ্রাহককে সম্ভাব্য লোডশেডিং-এর সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। গাড়িতে তেল কম ব্যবহার করতে পদক্ষেপ নেওয়া হবে। এটা দীর্ঘমেয়াদি নয়। আমাদের সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের বেশি অগ্রাধিকার শিল্প ব্যবসায়। মঙ্গলবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

পাকিস্তানে বরযাত্রীবাহী নৌকাডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে সিন্ধু নদীতে বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে নারী-শিশুসহ ২০ জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৮ জুলাই) নৌকাটিতে শতাধিক যাত্রী নিয়ে এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

সরকারের এক বিবৃতিতে জানা যায়, সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ডুবে যায়। যাত্রীদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। প্রায় ৯০ জনকে ডুবুরিরা উদ্ধার করেছে। যাত্রীরা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন ছিল এবং তারা নদীর ওপারে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পাঞ্জাব প্রদেশের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণের সাদিকাবাদ জেলায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের বেশির ভাগই নারী। তবে নৌকায় ঠিক কতজন লোক ছিল, তা নিশ্চিত করা যায় নি।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

 

ভারতে রেলিং ভেঙে নদীতে বাস পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে একটি বাস নর্মদা নদীতে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আগরা-মুম্বাই হাইওয়ে হয়ে ইনদোর থেকে পুণে যাওয়ার পথে মহারাষ্ট্র সরকারের একটি বাস নদীতে পড়ে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। বাসটি মহারাষ্ট্রের ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত নদী থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রাস্তা পিচ্ছিল হওয়ায় ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ছিল। এরমধ্যেই উদ্ধার অভিযান চালানো হয়। বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলো।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় এক টুইট বার্তায় জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসনের দল পৌঁছে গেছে। বাসটিকে তোলা হয়েছে। ধার জেলার খারগোন প্রশাসনের সঙ্গে আমি সারাক্ষণ যোগাযোগে আছি। আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজন ও আহতদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, দুর্ঘটনার কারণ জানা না গেলেও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

 

আগামীকাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং

জাতীয় ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। এ ছাড়া ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত এবং মসজিদে এসি ব্যবহার বন্ধসহ আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বৈঠকে বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের সভাগুলোও অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা আরও জানান, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হচ্ছে। এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা লোডশেডিং হবে। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে তিনি আরও বলেন, রাত ৮টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগে থেকে গ্রাহককে লোডশেডিং-এর সময়সূচি জানানো হবে। গাড়িতে তেল কম ব্যবহার করতে পদক্ষেপ নেওয়া হবে। এটা দীর্ঘমেয়াদি নয়। আমাদের সাশ্রয়ী হতে হবে। বিদ্যুতের বেশি অগ্রাধিকার শিল্প ব্যবসায়। আগামীকাল মঙ্গলবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন প্রমুখ।

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন হোল্ডার

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য অলরাউন্ডার জেসন হোল্ডারকে ফিরিয়ে এনে ১৩ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন হোল্ডার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইকেটশূন্য থাকার পর এবার ভারতের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। ওয়ানডে সিরিজে শুধু প্রথম ম্যাচটি খেলেছিলেন ফিলিপ। অন্যদিকে তিন ম্যাচের সবকয়টি খেলেও তেমন কার্যকর ছিলেন না রোমারিও।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, আমরা জানি বিশ্বের অন্যতম শীর্ষ অলরাউন্ডার হোল্ডার। তাকে দলে পেয়ে আমরা খুশি। তিনি আরো বলেন, গায়ানায় বাংলাদেশের বিপক্ষে আমাদের তিনটি ম্যাচ খুবই চ্যালেঞ্জিং ছিল। তাই ত্রিনিদাদের কন্ডিশনে ভারতের বিপক্ষে নতুনভাবে শুরু করতে চায় দল। আমরা কিছু খেলোয়াড়ের উন্নতি দেখেছি, তবে আমাদের আবারও সংঘবদ্ধ হতে হবে এবং ভারতের বিপক্ষে আরও ভাল খেলতে হবে।

উল্লেখ্য, আগামী ২২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরের দু’টি ওয়ানডে হবে ২৪ ও ২৭ জুলাই। ওয়ানডে শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পাঁচটি ম্যাচ হবে ২৯ জুলাই এবং ১, ২, ৬ ও ৭ আগস্ট।

 

আবারও আইটেম গানে সামান্থা

বিনোদন ডেস্কঃ ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অভিনয়ে আগে থেকেই দর্শকরা মুগ্ধ। সেই মুগ্ধতায় বাড়তি রোশনাই এনে দিয়েছিল ‘পুষ্পা:দ্য রাইজ’ সিনেমায় ও আন্তাভা গানে কোমর দুলিয়ে। রাতারাতি ভাইরাল হয়ে যায় এ গান, সেই সঙ্গে গানের নাচের স্টেপ। লাস্যময়ী এই অভিনেত্রীকে আবারও দেখা যাবে আইটেম গানে। আগের বারের চেয়ে অধিক আবেদনময়ী রূপে ধরা দেবে এই অভিনেত্রী।

দর্শকরা যেন ও আন্তাভা গানের মধ্য দিয়ে এক নতুন সামান্থাকে দেখতে পেয়েছিলেন। একেবারেই নতুন অবতারে ধরা দিয়েছিল এই অভিনেত্রী। চলে আসেন আলোচনাতে। শোনা যাচ্ছে ভারতের হায়দরাবাদে এক অসাধারণ সেট তৈরি করেছেন নির্মাতারা। গানটির দৃশ্যধারণের কাজ করছেন সেখানে। এত আয়োজন করে যে সিনেমার জন্য আইটেম গান তৈরি হচ্ছে সেই সিনেমার নাম ‘যশোদা’।

‘যশোদা’ সিনেমায় প্রধাণ নারী চরিত্রে অভিনয় করছেন সামান্থা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, উন্নি মুকুন্দন, বারালক্ষ্মী শরৎকুমার, রাও রমেশ, মুরালি শর্মা, শত্রু প্রমুখ। নারীকেন্দ্রিক ও ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন হরি ও হারিস। তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এটি। আগামী ২২ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

উল্লেখ্য, সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। তামিল ভাষার এ সিনেমা গত ২৮ এপ্রিল মুক্তি পায়। তা ছাড়াও ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে। তবে শোনা যাচ্ছে খুব শিগগিরিই বলিউডে এন্ট্রি হবে এই অভিনেত্রীর।

শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটিতে ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গতকাল রোববার (১৭ জুলাই) রাতে এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি সোমবার (১৮ জুলাই) থেকে কার্যকর হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জরুরি অবস্থা নিয়ে একটি নোটিশ জারি করেছেন যেখানে বলা হয়েছে জননিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবা রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জন্য জরুরি অবস্থা জারি করা প্রয়োজন ছিল।

প্রতিবেদনে জানা যায়, এই সপ্তাহে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেছেন। প্রথমে তিনি মালদ্বীপ যান আর এরপরে সেখান থেকে সিঙ্গাপুরে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। গত শুক্রবার গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহীত হয়েছে।

এদিকে, আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। গত শনিবার (১৬ জুলাই) রাতে দেশটির পার্লামেন্টে বিশেষ অধিবেশনে প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করেন স্পিকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জুলাই পদটির জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে। একজনের বেশি প্রার্থী হলে ২০ তারিখে ভোট হবে।

উল্লেখ্য, করোনার ধাক্কায় ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। তীব্র অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় ১০০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী আন্দোলন চলছে। এতে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি আগের মতো অবস্থায় ফিরে যাওয়ার হুমকিতে পড়ে। এছাড়া দেশটির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) মারাত্মকভাবে ব্যাহত হয়।