ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক জাতীয় পার্টিরএমপি হাফিজউদ্দীনের মিল চাতালে এ সভায় আয়োজন করা হয়।

উপজেলা জাপার সহ-সভাপতি দবিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয়  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি হাফিজউদ্দীন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, পৌর জাপার আহবায়ক অধ্যাপক তৈয়ব আলী, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড কান্সিলর কামরুজ্জামান, ভোমরাদহ ইউনিয়ন জাপার সভাপতি আবু হোসেন মিস্টার, পীরগঞ্জ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সেনগাও ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা জাতীয় যুবসংহতির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রমূখ।

পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কুড়িগ্রামে চালককে হত্যা করে অটো ছিনতাই ঘটনায় দুই অভিযুক্ত আটক; পুলিশের প্রেস ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারী চালিত অটো রিক্সার চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে  অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং- এ এসব তথ্য জানান সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জিয়াউর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, গত ৬ জুলাই রাত ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার হতে নাগেশ্বরী যাওয়ার কথা বলে নিহত আব্দুর রাজ্জাকের অটো রিকসা ভাড়া করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা। পরে ৭ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাবাইতারী গ্রামের আব্দুর সামাদ বিএসসি মাষ্টারের বাড়ির সামনে আক্কাছ আলীর পাট ক্ষেত থেকে অটো চালক আব্দুর রাজ্জাকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আব্দুর রাজ্জাকের স্ত্রী ছামিনা বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ফুলবাড়ী থানা পুলিশ প্রযুক্তি ও নানা কলাকৌশল অবলম্বন করে গত ১২ জুলাই ঘটনার সাথে জুড়িত মো: মমিনুল ইসলাম মিজান (২৪) ও তার প্রতিবেশি বন্ধু আব্দুর রশিদ রোকন (২৩) নামে দুইজনকে গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্যমতে নাগেশ্বরী উপজেলার ফকিরপাড়ার হামিদুলের বাড়ী থেকে অটো রিকসাটি উদ্ধার করা হয়। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহত অটো চালক আব্দুর রাজ্জাক ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নওদাবস গ্রামের সিদ্দিক আলীর পুত্র বলে জানা গেছে।

মৌলভীবাজারে দুই পুলিশ সদস্যের পদোন্নতি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দুই পুলিশ সদস্য পুলিশ পরিদর্শক ও উপ-পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে পদোন্নতি র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

মৌলভীবাজার জেলার রিজার্ভ অফিসের ডি-স্টোরে কর্মরত উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ আবুল বাশার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন এবং এএসআই (সশস্ত্র) মো. আনোয়ার হোসেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক থেকে উপ-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‌্যাঙ্ক ব্যাজ দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম। র‌্যাঙ্ক ব্যাজ পরিধান শেষে পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আবুল বাশার ও উপ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আনোয়ার হোসেন জেলার পুলিশ সুপার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই পলিশ সদস্য ভবিষ্যতে আরো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাথে সাথে বাংলাদেশ পুলিশের নাম উজ্জ্বল করার অঙ্গিকার ব্যক্ত করেন।

কুড়িগ্রামে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ যশোরে যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে  কুড়িগ্রামে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে এ বিক্ষোভ ও সমাবেশ করে জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম থানাপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিয়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক তাইজুল হক সাজু, যুগ্ম আহবায়ক রনি, ১ নং সদস্য ফেরদৌস খাঁন রুবেল,কুড়িগ্রাম পৌর যুবদল আহবায়ক শহিদুল ইসলাম শিমুল, যুগ্ম আহবায়ক নাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক আলিমুল,যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে : আইইএ

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ সম্প্রতি তাদের মাসিক তেল বাজার সম্পর্কে দেয়া প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

আইইএ তাদের প্রতিবেদনে বলেছে, জুন মাসে রাশিয়া তেল বিক্রি থেকে ২ হাজার কোটি ডলার আয় করেছে। আন্তর্জাতিক সংস্থাটি রাশিয়ার এমন বাড়তি আয়ের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিকে উল্লেখ করেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, রাশিয়ার তেল বিক্রি প্রতিদিন আড়াই রাখ ব্যারেল কমে যাওয়া সত্ত্বেও আগের মাসের চেয়ে জুন মাসে রাশিয়া তেল বিক্রি থেকে ৭০ কোটি ডলার বেশি আয় করেছে। জুন মাসে প্রতিদিনি রাশিয়া ৭৪ লাখ ব্যারেল তেল বিক্রি করতে সক্ষম হয়। গত আগস্টের পর এটিই রাশিয়ার সবচেয়ে কম তেল বিক্রির রেকর্ড।

গত মাসে রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রতিদিন ৫০ লাখ ব্যারেলে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তেল রপ্তানি করেছে প্রতিদিন ৩০ লাখ ব্যারেল। গত নভেম্বর মাসের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এটিই সবচেয়ে কম তেল বিক্রির রেকর্ড।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ কম থাকায় এবং চাহিদা বেশি হওয়ায় তেলের দাম বেড়েছে অনেক বেশি। জুন মাসে গড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ১১৭ ডলারে। তবে রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি শতকরা ১০.৭ ভাগ বেড়ে বিক্রি হয়েছে ৮৭.২৫ ডলারে। পার্সটুডে।

টানা অষ্টমবারের মতো লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ টানা অষ্টমবারের মতো লিঙ্গ সমতা নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই অঞ্চলে ভালো করা সত্ত্বেও ডব্লিউইএফের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০২২-এ বাংলাদেশ ১৪৬টি দেশের মধ্যে ৬ ধাপ নেমে ৭১তম অবস্থানে রয়েছে।

গতকাল বুধবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনের ১৬তম সংস্করণের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের সামগ্রিক লিঙ্গ ব্যবধান দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭১ দশমিক ৪ শতাংশ হয়েছে। ফলে বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটে।

লিঙ্গ সমতায় ২০১৪ সাল থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সব দেশ থেকে এগিয়ে আছে। সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নেপাল এই অঞ্চলে দ্বিতীয় সেরা এবং বিশ্বব্যাপী দেশটির অবস্থান ৯৬তম। লিঙ্গ ব্যবধান কমানোয় শ্রীলঙ্কা এই অঞ্চলে তৃতীয় এবং সামগ্রিকভাবে ১১০তম স্থানে রয়েছে। দেশটির স্কোর পয়েন্ট ৬৭ শতাংশ। এরপরেই রয়েছে মালদ্বীপ ১১৭তম এবং ভুটান ১২৬তম অবস্থানে রয়েছে। সূচকে ভারতের অবস্থান ১৩৫তম, এই অঞ্চলে খারাপের দিক থেকে তৃতীয়। বিশ্বে এবং দক্ষিণ এশিয়াতে লিঙ্গ সমতায় সবার নিচে অবস্থান করছে। লিঙ্গ ব্যবধান কমানোয় দেশটির স্কোর ৪৩ দশমিক ৫ শতাংশ। পাকিস্তান বিশ্বব্যাপী ১৪৫তম অবস্থানে রয়েছে এবং খারাপের দিক থেকে এই অঞ্চলে দ্বিতীয়।

যদিও কোনো দেশ এখনও সম্পূর্ণ লিঙ্গ সমতা অর্জন করতে পারেনি, তবুও শীর্ষ ১০টি দেশ লিঙ্গ ব্যবধান কমানোয় কমপক্ষে ৮০ শতাংশ স্কোর করেছে। ১৩তম বারের মতো বিশ্বের সবচেয়ে লিঙ্গ সমতার দেশ আইসল্যান্ড। দেশটি একমাত্র লিঙ্গ ব্যবধান কমানোয় ৯০ শতাংশের বেশি স্কোর করেছে। আইসল্যান্ডের পরেই রয়েছে যথাক্রমে ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড ও সুইডেন।

ডব্লিউইএফ মূলত চারটি মাপকাঠি-অর্থনীতিতে অংশগ্রহণ এবং শিক্ষায় সুযোগ, স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও রাজনৈতিক ক্ষমতায়নের ওপর লিঙ্গ-ভিত্তিক ব্যবধান পরিমাপের মাধ্যমে সূচক তৈরি করে। প্রাপ্ত স্কোরে বিশ্বে শিক্ষায় সুযোগে ১২৩তম, স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ১২৯তম এবং রাজনৈতিক ক্ষমতায়নে নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

এছাড়া, অর্থনীতিতে অংশগ্রহণের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, পুরুষ ও নারী উভয়েরই কর্মক্ষেত্রে অংশগ্রহণ যথাক্রমে ৩ দশমিক ৬ এবং ৫ দশমিক ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে। আনুপাতিক প্রভাব নারীদের ওপর বেশি পড়েছে।

যশোর যুবদল নেতার খুনের রহস্য উদঘাটন

যশোর প্রতিনিধিঃ যশোর যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনিকে খুনের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এরই মধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তারকৃত শহরের টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক রূপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সুত্রে জানা গেছে, বদিউজ্জামান ধনিকে খুনের ঘটনায় বুধবার (১৩ জুলাই) রাতে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মনিরুজ্জামান মণি। এরই মধ্যে মামলায় পাঁচ নম্বর আসামি আল আমিনকে বুধবার রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে র‍্যাব।

মামলার আসামিরা হলেন, শহরের বেজপাড়া টিবি ক্লিনিক ফুড গোডাউনের সামনে আশ্রম রোডের আব্দুল আলীমের ছেলে আকাশ (২৫), মোহাম্মদ ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আব্দুর রশিদের ছেলে ও যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়া (৪৮), টিবি ক্লিনিক ফুড গোডাউনের পাশের মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনীর উত্তর পাশের বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের মৃত হুজুর ইয়াসিনের বাড়ির পাশের লাভলুর ছেলে রিজভী (২৬)।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফেটেন্যান্ট কর্নেল এম নাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আল আমিনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনিকে নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়ার নির্দেশেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সর্বোপরি এলাকায় দলীয় কোন্দল আর রাজনীতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ধোনিকে হত্যা করা হয়। মানুয়ার নির্দেশে তার ভাগনে রায়হান হত্যা করে।পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

উল্লেখ্য, যশোর শহরের চোপদারপাড়া আকবারের মোড় এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি (৫২) খুন হয়েছিলেন।

হত্যার তিন প্রত্যক্ষদর্শী ক্লিনার আব্দুল ওয়াদুদ, স্থানীয় স-মিল শ্রমিক শাহজাহান শেখ ও রাজমিস্ত্রি শ্রমিক ফয়সাল হোসেন জানান, মঙ্গলবার ১১টার একটু পর বাসার সামনে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ে ইউসুফের চা দোকান থেকে চা পান করেন ধোনি। পরে স্থানীয় শান্তি কমিটির অফিসে বসেছিলেন তিনি। এ সময় একটি রিকশায় করে এসে ধোনিকে কুপিয়ে হত্যা করেন ২০ থেকে ২২ বছরের তিন যুবক। এতে চার থেকে পাঁচ মিনিট সময় নেন তারা। সেই তিনজনের মধ্যে একজন অফিসের ভেতর থেকে ধোনিকে তার জামার কলার ধরে বের করে নিয়ে আসেন। এরপর সড়কের মধ্যে তার ডান পায়ে রামদা দিয়ে কোপ দেন। ধোনিকে টানতে টানতে তার সামনে বৌরানী ফার্মেসির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি পড়ে যান। সেখানে দুই যুবক তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একজন ছুরিকাঘাত করতে থাকেন। এই হত্যায় তিন যুবক থাকলেও গেঞ্জি ও টি-শার্ট পরা একজন পাহারা দিচ্ছিলেন। এ সময় এগিয়ে আসলেও তাকে বাঁচাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌদি এয়ারলাইন্সের বিমানে চড়ে মালদ্বীপ ছাড়লেন গোতাবায়া রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে তিনি সৌদি আরব যাবেন। সঙ্গে তার স্ত্রী এবং দু’জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে (১৪ জুলাই) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

মালদ্বীপের এক সরকারি কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী নেতা বুধবার সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমে সিঙ্গাপুর এবং তারপর সৌদি আরবের জেদ্দায় পৌঁছবেন। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ বিমান গোটাবায়াকে বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।

এর আগে, বুধবার (১৩ জুলাই) সকালে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে শ্রীলঙ্কা ছেড়েছিলেন রাজাপাকসে। মালদ্বীপের বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্পিকার মোহাম্মদ নাশিদ। যেদিন রাজাপাকসের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল, সেদিনই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

এদিকে শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা বলেছেন, তিনি এখনো গোটাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র পাননি। তবে নিজের গন্তব্যে এখনো পৌঁছাতে পারেননি তিনি তাই এখনো পদত্যাগপত্র জমা দেননি। আজই পদত্যাগপত্র হাতে পেতে পারি বলেও জানিয়েছেন স্পিকার মাহিন্দা।

কুলাউড়ায় নৌকা ডুবিতে নিখোঁজের ১দিন পর লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর বাবুল মিয়ার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বরমচালের বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খোঁজাখোঁজির অব্যাহত থাকে। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির এ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকা যোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়তুফানের কবলে পড়লে নৌকা ডুবে যায়, তারা নিখোঁজ হয়ে যায়।

পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি। আজ সিলেট থেকে আসা ডুবুরিদল বাবুলের মৃতদেহ উদ্ধার করেন।

এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ক‍্যারিবীয়দের কাছে বিধ্বস্ত হলেও ওয়ানডেতে টানা দ্বিতীয় জয় পেয়ে সিরিজ জিতলো টাইগাররা।

বুধবার গায়ানার প্রভিডেন্স পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সফরকারীদের সামনে ১০৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে এক উইকেট হারিয়ে ১৭৬ বল হাতে রেখে বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সে সঙ্গে বাংলাদেশ দল জিতেছে নিজেদের ৩১তম ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে এ নিয়ে পঞ্চমবার ৯ উইকেটে জিতল বাংলাদেশ, চলতি বছর দ্বিতীয়বার।  ২০১৮ সালের পর থেকে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত বাংলাদেশ। এ সময়ের মধ্যে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে ম্যাচ জিতেছে টাইগাররা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের অনবদ্য বোলিং নৈপুণ্যে স্বাগতিকরা অলআউট হয় মাত্র ১০৮ রানে। দুই ওপেনার শেই হোপ ও কাইল মেয়ার্স ১০ ওভার টিকে থেকে ওভারপ্রতি তিনের নিচে রান তুলছিলেন। অবশ্য ১০ ওভারের আগেই উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ এসেছিল। মিরাজের বলে হোপকে আউট করার সুযোগ হাতছাড়া করেন কিপার নুরুল হাসান সোহান। ক্যাচ ও স্টাম্পিং হাতছাড়া করেন তিনি।

৪ রানে জীবন পেয়েও তা আর কাজে লাগাতে পারেননি হোপ। আরেক ওপেনার মেয়ার্স বিপজ্জনক হওয়ার আগেই তাকে ছেঁটেছেন তাসকিন আহমেদের বদলে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দকের হালকা টার্ন করে বেরিয়ে যাওয়া বলে ঠিক আগের ম্যাচের মতই অফ স্টাম্প খুইয়েছেন মেয়ার্স। দুই ওভার পরই ব্রোকসকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু নাসুমের। ১৮তম ওভারে তিনি থামিয়ে দেন থিতু হতে থাকা হোপকে। ওই ওভারে নেমেই প্রথম বলে নাসুমের তৃতীয় শিকারে পরিণত হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরান। উইকেট নেওয়ার পাশাপাশি দারুণ আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষের শ্বাস বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি করেন এই বাঁহাতি।

রভম্যান পাওয়ালের সঙ্গে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারেননি ব্র্যান্ডন কিংও। পাওয়াল ঝড় তুলতে পারেননি শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে দেওয়ায়। কিং পরে বোল্ড হয়ে যান মিরাজের বলে। আকিল হোসেন শিকার হন রানআউটের। আগের ম্যাচে শেষ দিকে কিছু রান এনে দেওয়া রোমারিও শেফার্ডকে এবার বাড়তে দেননি মিরাজ। আলজেরি জোসেফকেও ছাঁটেন তিনি। এক পাশে উইকেট পতনের মাঝে একা চালিয়ে রান বাড়ান কেমো পল। দলকে তিন অঙ্ক পার করান তিনিই। তবে তার একার পক্ষে আর বেশিদূর টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। গুডাকেশ মুটিকে এলবিডব্লিউ করে ইনিংসও মুড়ে দেন মিরাজ।

বাংলাদেশের হয়ে ৮ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভার ৪ মেডেনে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম।