কমলগঞ্জে ২ জুয়াড়ি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকায় আব্দুল হাই প্রকাশ কালাবন এর ঘরে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্য জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হলেও মধ্যভাগ গ্রামের আব্দুল ওয়াহিদ এর ছেলে আব্দুর রহমান (৫৭), ও একই গ্রামের ধলই মিয়ার ছেলে মো.খলকু মিয়া (৪৮) কে পুলিশ আটক করতে সক্ষম হয়। এসময় নগদ অর্থসহ জুয়ায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী মো আব্দুর রহমান, খলকু মিয়া, আমান উল্লাহ, আব্দুল হাই প্রকাশ কালাবন সহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে জুয়া আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই ব্যক্তিকে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নেত্রকোণায় পুকুরে বিষ প্রয়োগে ১০ লক্ষ টাকা ক্ষতি

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের শাহানাজ বেগম মৃত শামচুল হক এর পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকা ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী সুত্রে জানা যায়, কেবা কারা শাহানাজ বেগমদের পুকুরে বিষ প্রয়োগ করেছে। তাদের প্রায় ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী শাহানাজ বেগম বলেন, আমারা পুকুরে মাছ চাষ করিয়া জীবিকা নির্বাহ করি। রবিবার সকালে অনুমানিক ৮ ঘটিকার সময় ঘুম থেকে উঠিয়া দেখিতে পাই যে আমাদের পুকুরের মাছ গুলি মরিয়া ভাসিয়া উঠিতেছে। পরে খোঁজ নিয়া দেখি যে, আমার পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরিয়া গিয়াছে। বর্তমানেও মাছ মরিতেছে। ইহাতে আমার প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতি হয়।

ইতিপূর্বে আমাদের পুকুরের মাছ চুরি করাসহ বিষ প্রয়োগে করে মাছ মারিয়া ফেলে। এখন সব মাছ মরে পুকুরে পানির নিচে জমে যাচ্ছে।  আমাদের প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।  এছাড়াও গত বছর আমাদের মাছ আশেপাশের কিছু ক্ষতিপয় লোকজন  রাতের আঁধারে আমাদের  পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে তাদের পুকুরে চাষ করে।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সাত কলেজে ভর্তির তারিখ প্রকাশিত হয়েছে

 শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম চলবে। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

জানা গেছে, আগামী ১৬ জুন সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। তিন ইউনিটেরই পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে, গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে জানা গেছে, চলতি বছর স্নাতক প্রথম বর্ষে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের আসন সংখ্যার ভিত্তিতেই এবারের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতকে মোট আসন সংখ্যা ২১ হাজার ৫১৩টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্যে ৫ হাজার ৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞানে ৯ হাজার ৭০৩টি আসন রয়েছে।

পুলিশের নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে পুরো পরিবার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায নিজের বাড়ীর চৌহদ্দী আর সৌন্দর্য সম্প্রসারণের লক্ষে পার্শ্ববর্তী লোকের বাড়ি দখলের আশা পূরণ না হলে পুলিশ দিয়ে নির্মমভাবে পিটিয়েছে এক প্রভাবশালী নারী। বিশ্ব কবি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা দুই বিঘা জমির আদলে এই ঘটনাটি বদলগাছি উপজেলার ঢেকড়া গ্রামের। সাবিনা ইয়াসমিন নামের ঐ প্রভাবশালী নারী প্রতিবেশী এবং আত্মীয় মো: আব্দুস সালামের নিকট খেকে চাহিদা মত জমি না পেয়ে বদলগাছি থানায় বিভিন্ন মিথ্যা অভিযোগ করে।

এই অভিযোগের ভিত্তিতে থানার অফিসার্স ইনচার্জ মো: আতিউর রহমান ও দুইজন এ এস আই এসে জমি ও বাড়ির মালিক আব্দুস সালামকে চড় থাপ্পর, কিল ঘুষি এবং বুট জুতা পাযে লাথি মেরেছে।

গেলো শুক্রবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে  ভুক্তভোগীর পরিবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস সালাম এর স্ত্রী ঝরনা বেগম।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় উক্ত আব্দুস সালাম পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে এখানে বাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে উক্ত সাবিনা ইয়াসমিন তার নিজের বাড়ির সম্প্রসারণ এর লক্ষ্যে আব্দুস সালাম এর বাড়ি ঘর দখল করার পাঁয়তারা শুরু করে। এক পর্যায়ে তার বাড়ি কিনে নেয়ারও প্রস্তাব দেয়। কিন্তু আব্দুস সালাম এতে রাজি না হওয়ায় আব্দুস সালামের বিরুদ্ধে সাবিনা ইয়াসমিন পুলিশের নিকট বিভিন্ন মিথ্যা অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের ভিত্তিতে গত ২৭ মার্চ দুপুর আনুমানিক সোয়া দুটায় ম বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমান, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, থানার এ এস আই জালাল হোসেন এবং আরো তিন কনস্টেবল সহ  উক্ত আব্দুস সালামের বাড়িতে আসেন। এসময় আব্দুস সালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে  ওসি আতিউর রহমান চড় থাপ্পর মারে। এ এস আই জালাল হোসেন বুট জুতো দিয়ে আব্দুস সালামকে কয়েকটি লাথি মারে। এতে আব্দুস সালাম মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার এবং বিভিন্ন মিথ্যা মামলা দেয়ার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে আব্দুস সালামের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মেছের উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আহসানুল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদ হোসেন, বালুহারা ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বিপুল চন্দ্র মন্ডল, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ: সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র ও শেখ জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ আরমান হোসেনসহ গ্রামের কমপক্ষে ২৫/৩০ জন বাসিন্দা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

পারভেজ সরকার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সলঙ্গায় ২০ লক্ষ টাকার হেরোইনসহ শামসুল হক নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা। গত শনিবার র‌্যাব-১২ এ বিষয়টি নিশ্চিত করেছে।

গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ এপ্রিল  দুপুর ২ টার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলত্ব ঢাকাগামী মহাসড়কের ফুড ভিলেজ এর সামনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল  জব্দ করা হয়।

আটক মাদক ব্যাবসায়ী হলেন- রাজশাহী গোদাগাড়ী থানার হরিশংকরপুর কুমারপাড়া গ্রামের মোঃ শামসুল হক (৪৫), পিতা- মৃত মন্তাজ আলী।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব ১২’র মিডিয়া অফিসার- সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জাহামান।

ইভিএমে নয়, ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে

জাতীয় ডেস্কঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে নয়, ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য বিবেচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)।

আজ সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম।

জাহাংগীর আলম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্য ১ হাজার ২৫৯ কোটি ৯০ লাখ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু সে অর্থ প্রাপ্তির অনিশ্চয়তার কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে সময় স্বল্পতা ও অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ পেতে নিশ্চয়তা না পাওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ইভিএম ব্যবহারের বিষয়ে যে ঐকমত্যের অভাব রয়েছে– সব বিষয় বিবেচনা করে আমরা ব্যালটে ভোটের সিদ্ধান্ত নিয়েছি।

এদিন সভায় জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার, পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। এরপর প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

এ ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে বলে জানায় ইসি। পাঁচ সিটিতেই ইভিএমে ভোট হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

ফিনল্যান্ডে সানা মারিনকে হারিয়ে ডানপন্থীদের জয়

আন্তর্জাতিক ডেস্কঃ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসডিপি) পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে ডানপন্থীরা। গতকাল রোববার (২ এপ্রিল) ফিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে এনসিপি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট।জাতীয়তাবাদী ফিন্স পার্টি ভোট পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সানা মারিনের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) পেয়েছে ১৯ দশমিক ৯ শতাংশ ভোট। খবর বিবিসির।

ফিনল্যান্ডের এবারের পার্লামেন্ট নির্বাচনে তিক্ত অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী সানা মারিনকে। তার দল সোশাল ডেমোক্র্যাটিক পার্টির এই হার ছিল অপ্রত্যাশিত। ২০১৯ সালে দলটি ক্ষমতায়এলে মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সানা মারিন। তার নেতৃত্বেই ফিনল্যান্ডের ন্যাটোতে ঢোকার পথ সুগম হয়। করোনা মহামারি দারুণভাবে মোকাবিলা করে বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসিত হয়েছেন সানা। ধারণা করা হচ্ছিল এবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত বাজিমাত করলেন রক্ষণশীল অর্পো।

নিজেদের বিজয়ী দাবি করে রাজধানী হেলসিংকির এক রেস্তোরাঁয় সমর্থকদের উদ্দেশে এনসিপির নেতা পেটেরি অর্পো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েছি। এই ফলাফলের ভিত্তিতে এনসিপির উদ্যোগে ফিনল্যান্ডে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করা হবে।’

অর্পো জয় দাবি করার কিছুক্ষণ পর ফল মেনে নেন সানা। সমর্থকদের তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ীকে অভিনন্দন। ন্যাশনাল কোয়ালিশন পার্টিকে অভিনন্দন। ফিনস পার্টিকে অভিনন্দন। গণতন্ত্র বহাল আছে।’

ফিনল্যান্ডের এবারের নির্বাচনে তিনটি বড় রাজনৈতিক দল ২০ শতাংশের কাছাকাছি ভোট পেলেও কেউই এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেনি। পার্লামেন্টের ২০০টি আসনের বিপরীতে রোববার ফিনল্যান্ডের ২২টি রাজনৈতিক দলের ২ হাজার ৪০০ জনের বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছিলেন।

 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলছে দেশ : পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষকদের মাঝে প্রণোদনাসহ সার ও বীজ প্রান্তিক চাষীদের বিতরণ করছে। মন্ত্রী এসময়  কৃষকদেরকে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানান।

পরিবেশমন্ত্রী গত শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, অসহায় রোগীদের মাঝে চেক, শিক্ষার্থীদের মাঝে পিসি বিতরণ ও উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্য শস্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পরিবেশমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিলো। তারা ক্ষমতায় আসলে আবারও জঙ্গিবাদের উত্থান হবে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একসাথে ১৩ টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিলো। অগ্নি সন্ত্রাসীরা আবার যাতে কোনো অবস্থায় বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  এ সময় মন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ২০৪১ সালের ভিশন বাস্তবায়ন ও দেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নেই বলে জানান।

জুড়ী উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদের সদস্য মোঃ বদরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

মন্ত্রী অনুষ্ঠানে জুড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার;  ভালনারেবল উইমেন বেনিফিট এর উপকারভোগীদের মধ্যে কার্ড ও খাদ্য শস্য ; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে জুড়ী উপজেলার সরকারি, এম.পি.ও ভুক্ত ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব ; সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত ‘ক্যান্সার, কিডনী, হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক এবং মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে জুড়ী উপজেলার দুঃস্থদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

“রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” শিরোনামে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ অছিম উদ্দিন, আমবাটি প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা।

সমাজসেবা অধিদপ্তর নওগাঁ জানিয়েছে এ জেলায় মোট ৭০ হাজার ৩শ ৩১ জন অটিজম, শারিরীক প্রতিবন্ধী, দীর্ঘস্থায়ী মানষিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী,  দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী,  শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালসি, বহুমাত্রিক প্রতিবন্ধী, ডাউন সিনড্রম এবং অন্যান্য প্রতিবন্ধী রয়েছে।

পরে প্রতিবন্ধী শিশু ও অটিজম বিদ্যালয় সমূহের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান ও গমের বীজ নিজ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সচেতনতামূলক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার ১ এপ্রিল উপজেলার রাতোর ইউনিয়নের ধামের হাটে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও খামার বাড়ি উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া।বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর অঞ্চল অধিদপ্তর কৃষি সম্পাসারণের উপ পরিচালক শফিকুল ইসলাম,প্রকল্প চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ,উপজেলা কৃষি অফিসার সঞ্চয় দেবনাথ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে রাতোর ইউনিয়নের কৃষক আক্তারুল ইসলাম ও খলিলুর রহমান,বলেন আমরা কৃষি অফিসের পরামর্শে  এ ধান ও গম চাষাবাদ করেছি ফলন ভালো পেয়েছি এতে লাভবান হয়েছি। আমাদের এসব বীজ এখন উপজেলা গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে যা আমাদের গর্বের ব্যপার।
প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণী মাঠ দিবসে উপস্থিত ছিলেন। অনুষ্টান সঞ্চালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।