রানীশংকৈলে সাংবাদিকদের সাথে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) কার্যালয়ে শুক্রবার ৮ জুলাই দুপুর ১২ টায় প্রেসক্লাবের আহব্বায়ক কুশমত আলীর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে এ উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত  নৌকা মার্কা প্রার্থী আব্দুল বারীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন  নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নৌকা মার্কার প্রার্থী আব্দুল বারী। তিনি তার বক্তব্যে বলেন, গত  নির্বাচনে আমি সামান্য ভোটে হেরে গেছি। এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আমি নির্বাচন করছি। আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন।  আমি নন্দুয়ার ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলি করে জনগণের সেবা করতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে তিনি ইউনিয়নের প্রযোজনীয় রাস্তা কালভার্ট ও নিজস্ব ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু  হওয়ার লক্ষ্যে  আপনারা সাংবাদিকরা সহযোগিতা করবেন এবং নির্বাচনী মাঠের সঠিক চিত্র তুলে ধরবেন।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব-নির্বাচিত  সভাপতি  অধ্যাপক আনোয়ারুল ইসলাম,  নব-নির্বাচিত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, নব-নির্বাচিত সহ-সভাপতি রুহুল আমিন ও নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি ও সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির, সদস্য রেজাউল করিম রাজা ও সদস্য মাহবুব আলম প্রমুখ।

সভায় আব্দুল বারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকরা নির্বাচনে তার সাফল্য কামনা করেন।

নওগাঁয় দাবী এনজিও’র সাবেক কর্মকর্তাকে ডেকে নিয়ে পিটালেন কর্তৃপক্ষরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তাকে অবসরকালীন পিএফ ও গ্র্যাজুইটি’র টাকা দিবে বলে অফিসে ডেকে নিয়ে পরিবারসহ জিম্মি করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ ফোন দিয়ে ভুক্তভোগীর পরিবারকে উদ্ধার করে থানা পুলিশ। ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও মামলা নথিভুক্ত করেনি পুলিশ।

মোশাররফ হোসেন (৩৮) জেলার বদলগাছী উপজেলার কাশিয়ারা গ্রামের মৃত আয়চাদ আলীর ছেলে। গত বুধবার (৬জুলাই) রাত ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার চকরামপুর (কাঁঠালতলী) এলাকায় বেসরকারি সংস্থা ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থার’ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ১৪ বছর পূর্বে দাবী মৌলিক উন্নয়ন সংস্থায় মাঠকর্মী হিসেবে যোগদান করেন মোশারফ হোসেন। পরে শাখা ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যান। সংস্থায় চাকুরি করাকালীন তিনি পিএফ (প্রভিডেন্ট ফান্ড) ও গ্র্যাজুইটি বাবদ প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা পাওনা আছেন। টাকাগুলো পাওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হলেও আজকাল বলে কালক্ষেপন করা হচ্ছিল। সর্বশেষ গত ৬ জুলাই ওই অফিস থেকে ফোন করে তাকে তার পাওনা টাকাগুলো নিয়ে যেতে বলা হয়। ওইদিন বিকেল সাড়ে ৩টায় তিনি স্ত্রী সাবিনা বেগম, দুই সন্তান মেয়ে (১৫) ও ছেলে (৪) কে নিয়ে সংস্থার অফিসে যান। অফিসে যাওয়ার পর তাকে একটি প্রাপ্তি স্বীকারপত্র কাগজে স্বাক্ষর করতে বলা হয়। এ নিয়ে তাদের রাত ৯টা বাজে। কিন্তু পাওনা টাকায় হিসাবের গড়মিল হওয়ায় তিনি প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেন। দাবী এনজিও’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সিমা (৩৮), পরিচালক মুনির চৌধূরী (৪৫), প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান(৩৬), আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ ও অফিস সহকারি হাসান (৪২) ক্ষিপ্ত হয়ে তাকেসহ পরিবারের সদস্যদের অফিসের একটি ঘরে আটকিয়ে রাখার চেষ্টা করে। এতে কৌশলে ঘর থেকে বেরিয়ে আসেন মোশারফ। এসময় তার স্ত্রী ও দুই সন্তানকে ঘরে রেখে বিদ্যুতের সংযোগ বন্ধ করে অন্ধকারে আটকিয়ে রাখা হয়।

এসময় মোশারফকে তারা মারপিট শুরু করলে এক পর্যায়ে তিনি সংস্থা থেকে পালিয়ে রাস্তা চলে আসেন। পরে তিনি ‘৯৯৯’ ফোন করা হলে থানা পুলিশ তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে।

শুধু মোশারফ হোসেন না, পিএফ ও গ্র্যাজুইটি’র টাকা নিয়ে সংস্থার অনেক কর্মচারীর সঙ্গে এমন অশোভন আচরণ করা হয়েছে বলে জানা গেছে। কোন কর্মচারী ওই সংস্থা থেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেলে তাকে যেমন ভোগান্তীতে পড়তে হয়, তেমনি তার পাওনা টাকাও নয়-ছয় করা হয়। ভুক্তভোগীরা প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তিনি। তবে ঘটনার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি।

ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন, সংস্থা থেকে গত বছরের জুনে ১ লাখ টাকা ঋণ নিয়েছি। এরমধ্যে ২৪ হাজার ৫০০ টাকা (৭ কিস্তিতে) পরিশোধ করেছি। ঋণের বাঁকী টাকা ছাড়া সংস্থা আমার কাছে অন্য কোন ধরনের টাকা পাবে না। কিন্তু তারপরও আমার পাওনা প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা থেকে তারা ৩ লাখ টাকা কেটে নিবে। আনুষঙ্গিক আরো কিছু কেটে নিয়ে সবশেষে ২ লাখ টাকা তারা দিতে চায়। আমার পাওনা হিসাবের সঙ্গে অসঙ্গতি থাকায় প্রাপ্তি স্বীকারপত্র কাগজে স্বাক্ষর না করায় আমাকে তারা মারপিট করেছে এবং পরিবারকে ঘরে আটকে রাখে। পাওনা টাকা চাইলে তারা আমাকে হত্যা করে গুম করবে বলে হুমকি দেয়।

তিনি আরো বলেন, আমি কেন অন্য কোথাও চাকরি করবো। সেটা ছেড়ে দিয়ে এসে আবারও তাদের সংস্থাতে যোগদান করতে বলে। আমার সাথে যে অন্যায় করা হয়েছে তার বিচার চাই। সেই সাথে সংস্থার কর্তৃপক্ষদের গ্রেফতারের দাবী জানাই। তবে অভিযোগের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো মামলা হিসেবে নথিভুক্ত করেনি।

ভুক্তভোগী মোশারফ হোসেনের স্ত্রী সাবিনা বেগম বলেন, এনজিও’র অফিসের একটি ঘরে বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকারে বন্দি করে রাখে। তার আগেই স্বামী ঘরের বাহিরে চলে যায়। এসময় স্বামীর চিৎকার ও হৈ-চৈ এর শব্দ শুনতে পায়। পরে অভিযুক্তরা এসে আমাকে শ্লীলতাহানীল চেষ্টা করে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন তিনি।

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাসীন্দা মশিউর রহমান। তিনি ‘দাবী মৌলিক উন্নয়ন সংস্থায়’ প্রধান হিসাবরক্ষক পদে ছিলেন। গত ২০১৯ সালে সেপ্টেম্বর চাকরি ছেড়ে দিয়ে অন্য একটি প্রতিষ্ঠানে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

তিনি বলেন, ২০০১ সালে ওই প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলাম। সেখানে আমার পাওনা ছিল ৩৩ লাখ টাকার ওপরে। সংস্থা থেকে কিছু ঋণ নিয়েছিলাম। আমার পাওনা থেকে ৩লাখ ২০ হাজার টাকা কেটে নিয়ে বাঁকী টাকা আমাকে দেওয়া হয়। ওই সংস্থায় আমার মতো অনেকের সাথে এমন অন্যায় করা হয়েছে।

দাবী এনজিও’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সিমা’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

দাবী এনজিও’র পরিচালক মুনির চৌধূরী বলেন, মোশারফ হোসেন যা বলেছে সব অযৌক্তিক। প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে যা তিনি মানতে চাননা। সবকিছু কাগজপত্র প্রস্তুত করে যখন তাকে চেক দেওয়া হবে তখনই সে ঝামেলা শুরু করে। তার পাওনা টাকা না নিয়ে অফিস থেকে যাবে না। বাধ্য হয়ে আমরা থানা পুলিশকে জানালে রাত ৯টার দিকে তাদের অফিস থেকে বের করে নিয়ে যায়। এছাড়া তার পরিবারকে জিম্মি বা তাকে মারপিট করা হয়নি বলে অভিযোগ অস্বীকার করেন।

নওগাঁ সদর থানার ওসি-তদন্ত রাজিবুল ইসলাম বলেন, ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে ভুক্তভোগীর পরিবারকে উদ্ধার করা হয়। ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিজিএফ’র চাল ভর্তি নৌকা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারী চরে দুধকুমার নদী দিয়ে পাচারের সময় ভিজিএফ’র ৪০বস্তা চাল ভর্তি একটি নৌকা আটক করেছে স্থানীয়রা। পরে নাগেশ্বরী থানা পুলিশ আটককৃত চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টায় বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারী চরে ভিজিএফ’র ৪০বস্তা চাল ভর্তি একটি নৌকা আটক করেছে স্থানীয়রা। এ সময় পাচারকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বামনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর (গোয়ালটারী) গ্রামে একাধিক ব্যক্তি জানান, চর লুছনী গ্রামের আজিজ, ভুট্টু, ইমান হোসেন ও ফজল হকের আটককৃত ৪০বস্তা চাল। বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি একান্ত কর্মী হচ্ছে আজিজ, ভুট্টু, ইমান হোসেন ও ফজল হক।

থানা সূত্রে জানা যায়, বামনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর (গোয়ালটারী) গ্রামে ভিজিএফ’র ৪০বস্তা চাল আটকের সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে চালগুলো জব্দ করে থানায় আনা হয়।

নাগেশ্বরী থানার এসআই অনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুটিরচর (গোয়ালটারী) গ্রামে একটি নৌকায় ভিজিএফ’র ৪০বস্তা চাল স্থানীয়রা আটক করে। সংবাদ পেয়ে চালগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম বলেন, আটককৃত চাউল থানা হেফাজতে আছে ব্যবস্থা নেয়া হবে।

ঠাকুরগাঁওয়ে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ ।

শনিবার ৯ জুলাই দুপুরে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়। জহিরুল ইসলাম  উপজেলার চাপাতি গ্রামের শামসুদ্দিনের ছেলে।

এদিন আনুমানিক দুপুর ০২ টার দিকে জহিরুল দুটি বস্তার মধ্যে ১৬০ বোতল ফেনসিডিল নিয়ে চাপাতি এলাকা থেকে টাঙ্গন ব্যারেজের দিকে যাচ্ছিল।

এ সময় সে টাঙ্গন ব্যারেজ এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থান থেকে তাকে আটক করে।

রুহিয়া থানার ওসি (তদন্ত) সহিদুর ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ জহিরুল ইসলামকে আটক করেছে। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা জেলা হাজতে পাঠানো হয়েছে।

ভারতে করোনার নতুন ধরন পাওয়ার খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন যা ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’ পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি। গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে চারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।

ভারতে পাওয়া নতুন এ ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা। এই উপ-ধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ এবং পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সুত্রঃ হিন্দুস্তান টাইমস।

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি জানুন

জাতীয় ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বায়তুল মোকাররমে ঈদের দিন (১০ জুলাই) প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত ৮টা, তৃতীয় জামাত ৯টা, চতুর্থ জামাত ১০টা এবং পঞ্চম জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সকাল ৭টায় ১ম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের হাফেজ মো. আতাউর রহমান।

সকাল ৮টায় ২য় জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আব্দুল হাদী।

সকাল ৯টায় ৩য় জামাতের ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা এহসানুল হক এবং মুকাব্বির থাকবেন হাফেজ মো. শহীদ উল্লাহ।

সকাল ১০টায় ৪র্থ জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।

এবং সর্বশেষ সকাল ১০টা ৪৫ মিনিটে ৫ম জামাতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম এবং মুকাব্বির হবেন খাদেম মো. রুহুল আমিন।

আগামী ১লা অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মেট্রোরেল

জাতীয় ডেস্কঃ আগামী ১লা অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। তবে এটা উদ্বোধনের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এম এ এন সিদ্দিক জানান, প্রথম অংশ পরিচালনার জন্য নিযুক্ত জনশক্তির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল। প্রথম দুটি প্যাকেজে ১০০ কোটি টাকার বেশি সাশ্রয় হবে। প্রথম ৪টি স্টেশনের এক্সিট এন্ট্রির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর রুফসিট স্থাপনের কাজ চলছে।

তিনি আরো জানান, ইতোমধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনও কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্রাক বসানো হয়েছে। ইতোমধ্যে ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফর্মেন্স টেস্ট চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া, জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

হেল্পিং হ্যানড ফাউন্ডেশনের দ্বিতীয় বারের মতো সভাপতি পদে শুভদ্বীপ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃনমুল, হতদরিদ্র, অসহায় মানুষদের নিয়ে কাজ করা অতি অল্প বয়সেই মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন শুভ দ্বীপ দাস। হেল্পিং হ্যানড ফাউন্ডেশন এর মাধ্যমে অবদান রেখে সেবার প্রত্যয় নিয়ে শুভদীপ দাস কে দ্বিতীয় বারের মতো সভাপতি পদে চুড়ান্ত করেছে। বহু সংঘটনের মধ্যে হেল্পিং হ্যানড সংঘটটি উপজেলা ছাড়িয়ে জেলা জুড়ে ব্যপক কার্যক্রমের মাধ্যমে নিজেদের তুলে ধরছেন এই সংঘটনটি।

সংগঠনটি বৃহস্পতিবার (৩০জুন) শ্রীমঙ্গল উপজেলার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বারের মত সভাপতি পদে বহাল রেখে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি শুভ দ্বীপ দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিলয় কান্তি চন্দ (অভি)।

নতুন অর্থবছরের প্রথম পাঁচদিনেই প্রবাসী আয় আসার জোয়ার

সিএনবিডি ডেস্কঃ সদ্য শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২১ হাজার কোটি ডলারের কিছু বেশি। শুরু হওয়া নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম পাঁচদিনেই প্রবাসী আয় আসার জোয়ার দেখা যাচ্ছে। আর মাত্র দুদিন পরই দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রবাসে থাকা বাংলাদেশিরা তাদের আত্মীয়-স্বজনদের ঈদ উদযাপনকে আনন্দময় করতে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত পাঁচদিনে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, কোরবানির ঈদ বা ঈদুল আজহার আগে প্রবাসীরা দুহাত ভরে পাঠাচ্ছেন তাদের উপার্জন। চলতি জুলাই মাসের প্রথম পাঁচদিনে ৫৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদের আগে দেশে থাকা স্বজনরা যেন একটু ভালো করে ঈদ উদযাপন করতে পারেন, কোরবানির পশু কিনতে পারেন, সেজন্য প্রতিবছর ঈদের আগেই রেমিট্যান্স আসে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে আরো জানা গেছে, ১ ডলার প্রতি এখন পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকের ডলার সংকট কাটাতে রেমিট্যান্স আহরণে বিশেষ সুবিধার আওতায় আরও বেশি টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এছাড়া সরকার আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে রেমিট্যান্সে। এতে ডলারপ্রতি ৯৫-৯৬ টাকা পাচ্ছেন গ্রাহকরা।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, যে হারে রেমিট্যান্স আসছে, তা খুবই ইতিবাচক। সাধারণত প্রতি ঈদের আগেই রেমিট্যান্স বাড়ে। তবে এবারের রেমিট্যান্স আসার হার একটু বেশি। ঈদের দুদিন বাকি। এ দুদিনে আরও বেশি রেমিট্যান্স আসবে বলে আশা করছি।

ইউক্রেনকে দেয়া আমেরিকার দুটি উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে দেয়া আমেরিকার দুটি উন্নত ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গতকাল বুধবার  (৬ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকার হাই মবিলিটি রকেট সিস্টেম বা এইচ আই এম এ আর এস ধ্বংসের এই দাবি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপোও ধ্বংস করেছে যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চারে ব্যবহার করার জন্য বিপুল পরিমাণ রকেট মজুদ রাখা ছিল। পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের পাশে একটি গ্রামে ওই ডিপো ছিল। রাশিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেগুলো ধ্বংস করে দিয়েছে।

জেনারেল ইগোর কোনাশেংকভ আরো জানান, ইউক্রেন পরিচালিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইউনিটও রাশিয়ার সেনারা ধ্বংস করে দিয়েছে। এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, রাশিয়ার এই দাবি মিথ্যা এবং ভুয়া। ইউক্রেনের সেনারা আমেরিকার দেয়া উন্নত এইচ আই এম এ আর এস ব্যবহার করছে যা রাশিয়ার সেনাদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, যখন থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানো শুরু করেছে তখন থেকেই আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের সহযোগিতা করে আসছে।