বিদ্যুৎ প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন

সিএনবিডি ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বিভিন্ন দেশে দাম সমন্বয় করছে। একটা সময় আমাদের দেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হবে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৬ থেকে ৭ মাস ধরে তেলের দামে প্রচণ্ড ঊর্ধ্বগতি। ৭০ থেকে ৭১ ডলারের তেলের দাম এখন ১৭১ ডলার হয়েছে এবং সেটা সব সময় বাড়ছেই। আমরা তেলের নিজেদের অর্থে ভর্তুকি দিচ্ছি। কিন্তু আমাদের একটা সময় দাম অ্যাডজাস্টমেন্টে অর্থাৎ আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ তেলের দামের ঊর্ধ্বগতির কারণে পদক্ষেপ নিয়েছে। তারা তেলের দাম সমন্বয় করেছে। ভারতে লিটারপ্রতি বিভিন্ন তেলের ক্ষেত্রে প্রায় ৩৫ থেকে ৫০ টাকা ডিফারেন্স।

দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস দিয়ে আমাদের ৬৪ শতাংশ বিদ্যুৎ চলে। খনিগুলো থেকে আমরা স্বল্প পরিমাণে গ্যাস পাচ্ছি। আমরা প্রায় ১০ বছর থেকে বলে আসছি, আস্তে আস্তে গ্যাস কিন্তু ডিকলাইনের (কমের) দিকে যাবে। গ্যাসের ঘাটতি আমরা আমদানির মাধ্যমে পূরণ করতাম। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে স্পট মার্কেটে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। এতে তেল ও গ্যাসের দামে প্রচণ্ড প্রভাব পড়েছে। চার ডলারের গ্যাস এখন ৩০ ডলার হয়ে গেছে। সেটা কিনতে অর্থের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। ভর্তুকি দিয়েও এই পরিমাণ অর্থ জোগান দেওয়া সম্ভব হবে না।

নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু করবেন না, যা সাধারণ মানুষের ওপর বোঝা হবে। গ্যাসে সামান্য পরিমাণ মূল্য সংযোজন করেছি। তবে এখনও তেলে করিনি। আশা করবো সকলেই বিষয়টি বুঝতে পারবেন আর ধৈর্য ধরবেন। এটা খুব সাময়িক। সবাই যদি গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হন, তাহলে আমরা নিশ্চই এটা মোকাবিলা করতে পারব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভরসা রাখেন, নিশ্চই আমরা অল্পসময়ের মধ্যে বিপদমুক্ত হব।

ব্যাপক চাপের মুখে পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বুধবার (৬ জুলাই) ব্রিটেনে একদিনে ১৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মন্ত্রীর পদত্যাগের ঘটনা। আর এদিক দিয়ে নতুন রেকর্ড গড়েছে ব্রিটেন। আর এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ভয়াবহ চাপের মুখে পড়ায় এবং গত ৪৮ ঘণ্টার মধ্যে ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ তার সরকার থেকে পদত্যাগ করায় ব্যাপক চাপের মুখে বৃহস্পতিবার পদত্যাগ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন কনজারভেটিভ নেতা হিসেবে পদত্যাগ করবেন, কিন্তু দল নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

১০ নম্বরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (৭ জুলাই) জাতির উদ্দেশে বিবৃতি দেবেন।

বিবিসির রাজনীতিবিষয়ক সম্পাদক ক্রিস ম্যাসন বলেন, বরিস জনসন আজ কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবেন।

গত কয়েক দিন ধরে প্রধানমন্ত্রীর পদ বাঁচানোর লড়াইয়ে জনসনের মুষ্টিমেয় কয়েকজন মিত্র ছাড়া বাকি সবাই পরিত্যাগ করেছেন।

উল্লেখ্য, ৫৮ বছর বয়সী বরিস জনসন ২০১৯ সালে ব্রিটেনের ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। ব্রিটেনের এমন কিছু অংশে তিনি ভোট পেয়েছিলেন, যেখানে আগে কখনো তার কনজারভেটিভ পার্টি সমর্থন পায়নি। এমনকি তার অর্থমন্ত্রী নাদিম জাহাভি, যিনি বুধবারই নিয়োগ পেয়েছেন, তিনিও জনসনকে পদত্যাগ করার আহ্বান জানান।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বন্যাকবলিতদের প্রদান করলেন আইজিপি ড. বেনজীর আহমেদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় আর্থিক পুরস্কার (এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ) মৌলভীবাজারের বন্যা কবলিতদের সাহায্যার্থে প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বুধবার (৬ জুলাই) পুলিশ সদরদপ্তরে আয়োজিত অপরাধ সভায় পুরস্কারের এ অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর কাছে এ অর্থ তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৌলভীবাজার জেলার ৫ টি উপজেলা বন্যা কবলিত হয়। তবে ভয়াবহ বন্যায় কবলিত বিপর্যস্ত হয়েছে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা উপজেলার জনজীবনের মধ্যে চরম প্রভাব বিস্তার করেছে।

আইজিপি ড. বেনজীর আহমেদ এর মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারবাসী কৃতজ্ঞের সাথে স্মরণ রাখবে পাশাপাশি আমারা সম্মানিত। মৌলভীবাজারের সকল স্তরের জনগণ আইজিপির এ ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে ও যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময়ে আপনার এমন মানবতার সেবা নিয়োজিত মৌলভীবাজারবাসী আশা রাখেন।

নবাবগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার দুপুর ১ টায় প্রত্যেক পরিবারের মাঝে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব, অনটনে থাক তা শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম ও সাংবাদিক অলিউর রহমান মিরাজ প্রমুখ।

মুরাদনগর উপজেলা বিএনপি কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা অনুদান প্রদান

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের আহ্বানে কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নির্দেশে বন্যার্তদের সাহায্যে নগদ ২০ লক্ষ টাকা (সিলেটের জন্য ১৬ লাখ আর অন্যান্য স্থানের জন্য ৪ লাখ, মোট ২০ লাখ) অনুদান প্রদান করেন মুরাদনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির দলিয় কার্যালয়ে বিএনপি গঠিত জাতীয় ত্রাণ তহবিলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র নিকট নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ত্রাণ কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এনি, সাংগঠনিক সম্পাদক আব্দুসস সালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ এম তারেক মুন্সী, মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন, সাধারন সম্পাদক সম্পাদক মোল্লা মজিবুল হক, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ-আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা সহ আরো অনেকে।

শাজাহানপুরে বাস ট্রাক সংঘর্ষ, নিহত ১ ও আহত ১২

সাবিক ওমর সবুজ, বগুড়া (শাজাহানপুর প্রতিনিধি) : বগুড়ার শাজাহানপুরে  ট্রাকের পিছনে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন,তাদের মধ্যে গুরুতর আহত রয়েছেন ৮ জন, হতাহত সবাই বাসযাত্রী ছিলেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলার শাকপালা দাঁড়কামারি এলাকায় এ ঘটনায় ঘটে। হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । নিহত যুবক ও আহতদের নামপরিচয় সেসময় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিসটেন্ট কামরুল হাসান।

সার্ভিসের ডেপুটি অ্যাসিসটেন্ট কামরুল হাসান জানান, রংপুর থেকে বরিশাল যাচ্ছিল তুহিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে শাকপালা এলাকায় মহাসড়কের ধারে দাঁড় করে রাখা একটি চাল বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ওই বাস। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় গিয়ে আহত হন বাসযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। তারা আহদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। শজিমেকে কর্তব্যরত চিকিৎসক এক বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

শাজাহানপুর কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই হাসান হাফিজার জানান, দুর্ঘটনায় আহত হন ১২ জন বাসযাত্রী। তাদের মধ্যে আটজন গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। বাকি চারজন শজিমেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যের দিকে রওনা দেন।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকচালকের নাম সুমন কুমার। তিনি যশোর নওয়াপাড়া এলাকার বাসিন্দা। সুমন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে চালবোঝাই ট্রাক নিয়ে যশোর যাচ্ছিলেন। শাকপালা  এলাকায় এসে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করে রেখে একটি দোকানে চা পান করছিলেন সুমন। ওই সময় তৃুহিন পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে তার ট্রাকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বাস-ট্রাকের সংঘর্ষের কারণে যানজট সৃষ্টি হয়েছিল। যা এখন নিয়ন্ত্রনে এসেছে।

মৌলভীবাজারে ৩২টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখাসহ ৩২ বিদ্যালয়, কলেজ এমপিওভুক্ত হয়েছে। বুধবার দেশের ২ হাজার ৭ শ ১৬ টি বিদ্যালয়, কলেজ মাদ্রাসা এমপিওভুক্তি সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে মৌলভীবাজার জেলার কোনো ডিগ্রি কলেজ এমপিও ভুক্ত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। এ জেলার ৬ টি  উচ্চ মাধ্যমিক কলেজের মধ্যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন আহমেদের  নির্বাচনী এলাকা বড়লেখায় ৩ টি এবং সাবেক চিপ  হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের নিজের নামে করা ১ টিসহ ৩টি।

নতুন  এমপিওভুক্ত কলেজগুলো হলো  বড়লেখা উপজেলার সুজানগর পাথারিয়া কলেজ, এম মুন্তাজিম আলী কলেজ ও দাসেরবাজার আদর্শ কলেজ এবং কমলগঞ্জ উপজেলার বি এ এফ শাহীন কলেজ শমসেরনগর ও  আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ। এছাড়া শ্রীমঙ্গল উপজেলার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজও এমপিও ভুক্ত হয়েছে ।

এছাড়াও বুধবার ৪টি হাই স্কুলের কলেজ শাখা এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠানগুলো হলো মৌলভীবাজার সদর উপজেলার পৌরসভা এলাকার কাশিনাথ-আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কুলাউড়া উপজেলার ছকাপন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় এন্ড  কলেজ।

এদিকে বুধবার জেলার  ১৭ টি মাধ্যমিক বিদ্যালয় এমপিও ভুক্ত হয়। এগুলো হলো বড়লেখা উপজেলার ছোটলেখা উচ্চ বিদ্যালয়, কেছরিগুল উচ্চ বিদ্যালয়, হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়, পশ্চিম বর্ণি এ বি উচ্চ বিদ্যালয় ও কানশি হাকালুকি গার্লস উচ্চ বিদ্যালয়। জুড়ী উপজেলায় রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয়। কুলাউড়া উপজেলার লংলা উচ্চ বিদ্যালয়,শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়, রাজনগর উচ্চ বিদ্যালয়, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, সুলতানপুর গার্লস উচ্চ বিদ্যালয় ও অগ্রনী উচ্চ বিদ্যালয়। রাজনগর উপজেলার আলহাজ্ব আব্দুল মুক্তদির একাডেমি । কমলগঞ্জ উপজেলার বি এফ শাহীন কলেজ শমসেরনগর ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। শ্রীমঙ্গল উপজেলায় শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।

এমনকি জেলার ৫ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও এমপিওভুক্ত হয়েছে। বুধবার এমপিওভুক্ত হওয়া নিম্ন মাধ্যমিক স্কুলগুলো হলো বড়লেখা উপজেলার সোনাতলা উচ্চ বিদ্যালয়,জুড়ী উপজেলার কৃষ্ণনগর-বাছিরপুর জুনিয়র হাই স্কুল,কুলাউড়া উপজেলার মনোহরপুর হাই স্কুল, রাজনগর উপজেলার অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ  উপজেলার বদরুন নাহার ভুঁইয়া জুনিয়র গার্লস বিদ্যালয়।

এই আদেশ জারি হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী,  শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

মুরাদনগরে কোরবানির জন্য কেনা হয়েছে গয়াল

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ১০ জুলাই পবিত্র ঈদুল আজহার দিনে এই গয়াল কোরবানি করা হবে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের আলহাজ্ব আবদুল আলিম মাষ্টারের বাড়িতে।

গয়াল (বৈজ্ঞানিক নাম: Bos frontalis) বন্য গরুর একটি প্রজাতি। ভারতে এরা মিথুন নামে পরিচিত। এরা চিটাগাং বাইসন নামেও পরিচিত।

জানতে চাইলে আবদুল আলিম মাষ্টারের ছেলে মোঃ জাকির হোসেন বলেন, ‘গয়ালের মাংসে কোনো ধরনের চর্বি থাকে না। এবার তাই গয়াল কোরবানি দিচ্ছি।’

এক সময় গয়াল বন্যপ্রাণী হিসেবে সংরক্ষিত থাকলেও ১৯৬৪ সাল থেকে এটি গৃহপালিত পশু হিসেবে স্বীকৃত। ১৯৯০ সালে সরকার পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে গয়াল প্রজননকেন্দ্র্র গড়ে তোলে। সম্প্রতি গয়াল পালন, প্রজনন ও গবেষণার জন্য ১২০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.নজরুল ইসলাম বলেন, গরু লালন পালনের মতো করেই গয়াল পাল করা যায়। তবে গরুর চেয়ে গয়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কুমিল্লায় যারা গয়াল পালন করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রশিক্ষণের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা করবো।

ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ এচাহাক আলী (৫৮)। তিনি ওই এলাকার মৃত মনিরুজ্জামান ওরফে মনির ধনির ছেলে।

ওই এলাকার মমিনুর রহমান সহ স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বীজতলায় সেচ দেয়ার জন্য মটর ঘরে যান এচাহাক আলী। সেখানে সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে  বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গলে গান করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক আবেদন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: একদিকে জনে জনে পরিবেশন করে যাচ্ছে একের পর গান। সাথে তাল মিলিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে যাচ্ছেন যন্ত্রশিল্পীরা। অন্যদিকে গানের সাথে ঠোঁট মিলিয়ে, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের আবেদন’ বাক্স হাতে নিয়ে একজন থেকে আরেকজনের কাছে ছুটে যাচ্ছেন কিছু তরুণ তরুণীরা। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এভাবেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সাহায্যের আবেদন চেয়ে রাস্তায় নেমেছেন শিল্পীরা।

চারদিন ধরে তারা এভাবেই শহরের রাস্তায় রাস্তায় গান গেয়ে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করছেন। প্রথম দিন ২৭ জুন (সোমবার) বিকেল ৪ টায় দু’টি গ্রুপে বিভক্ত হয়ে বন্যার্তদের সহায়তায় গান পরিবেশন করে। একটি গ্রুপ শহরের রেলওয়ে স্টেশনে ও আরেকটি গ্রুপ শহরের চৌমুহনা চত্বরে গান পরিবেশন করে।

শনিবার (২ জুলাই) বন্যার্তদের সহায়তায় সাহায্যের আবেদন চেয়ে তারা গান পরিবেশন করে শহরের গদারবাজার, রবিবার (৩ জুলাই) দু’টি গ্রুপে বিভক্ত হয়ে বন্যার্তদের সহায়তায় গান পরিবেশন করে অর্থ সংগ্রহ করে। যার একটি গ্রুপ শহরের সাতগাঁও বাজারে ও আরেকটি গ্রুপ শহরের স্টেশন রোডের ঘরণীর সামনে গান পরিবেশন করে । শেষ পরিবেশন ছিল সোমবার (৪ জুলাই) শহরের চৌমুহনা চত্বরে। যেখানে শহরের পরিচিত শিল্পীরা গান গেয়ে বন্যার্তদের সহায়তায় সাহায্যের আবেদন চেয়ে তারা গান পরিবেশন করে।

আয়োজকের পক্ষ থেকে কণ্ঠশিল্পী সুমিত পাল জানান, ৪ দিনের মধ্যে প্রথম দিনে দুই গ্রুপ মিলে গান গেয়ে আমরা সংগ্রহ করেছি মোট ১০ হাজার ৪ শত ৫৮ টাকা। দ্বিতীয় দিন সংগ্রহ করেছি ৬ হাজার টাকা, তৃতীয় দিন বৃষ্টির কারণে তেমন সংগ্রহ না করতে পারলেও মাত্র আধা ঘণ্টায় আমরা সাড়ে ৩ হাজার টাকা সংগ্রহ করতে পেরেছি। আর আজকে শেষ দিন আমরা সংগ্রহ করতে পেরেছি ১৪ হাজার টাকা। তাছাড়া ভার্জুয়ালি আমাদের প্রোগ্রাম দেখে দেশ ও দেশের বাইরে থেকেও অনেকে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে এই ৪ দিনে আমরা ১ লাখ টাকার বেশি সংগ্রহ করতে পেরেছি।

সুমিত জানান, আসলে কিছু করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ গ্রহণ করতে হয়। সেই চিন্তা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে আমি উদ্যোগটা নিয়ে মাঠে নামি। আমাকে সহযোগিতা করেন তারেক ভাই। তারপর আমার উদ্যোগকে স্বাগত জানিয়ে একে একে শ্রীমঙ্গলের কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্র শিল্পীরা পাশে এসে দাঁড়ান। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আসলে এরকম কিছু করা সম্ভব হতো না। এখন সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বন্যার্তদের সহায়তায় তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমার ইচ্ছে যেসব দুর্গম এলাকায় মানুষ যেতে পারেনা সেরকম জায়গায় পৌঁছে বন্যার্তদের সহায়তা করা।