পুলিশে যোগ দিলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি

স্পোর্টস ডেস্কঃ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলারের কথা উঠলেই মাথায় আসবে শাহিন শাহ আফ্রিদির নাম। এবার তাকে দিয়ে অন্যরকম এক কারিশমা দেখাতে চায় দেশটির খাইবার পাখতুনখাওয়া (কেপি) পুলিশ বিভাগ। তারা নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে এই তারকা ক্রিকেটারকে নিয়োগ দিয়েছে। ফলে এখন থেকে তার নতুন পরিচয় ডিএসপি শাহিন আফ্রিদি। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য জানায়।

গতকাল মঙ্গলবার (৫ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে শাহিন শাহ আফ্রিদিকে আনুষ্ঠানিকভাবে খাইবার পাখতুনখাওয়া পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পত্র তুলে দেন পুলিশের মহাপরিদর্শক-কেপি মোয়াজ্জাম জাহ আনসারি। তাকে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে  আফ্রিদি বলেন, আমার বাবা পুলিশের প্রতিনিধিত্ব করছেন এবং আমার ভাইও পুলিশে আছেন। তাই পুলিশের শুভেচ্ছা দূত হিসাবে কাজ করাটা আমার জন্য খুবই সম্মানজনক। এ সময় তিনি কেপি পুলিশ বিভাগের পোশাক পরে ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে তার অনবদ্য পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন আফ্রিদি। গত বছর ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে ২২.২০ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ৫১ রানে ৬ উইকেট।

 

নেত্রকোণা কলমাকান্দায় বন্যার্তদের মাঝে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের খাদ্য সামগ্রী বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় বন্যার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর ধাম,পাবনা বাংলাদেশ ও জেলা শাখা উকিলপাড়া, নেত্রকোণার যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নে রানাগাঁও হরিমন্দিরে ও কাগজিপাড়া, করিকাকান্দি, হাইলাটি, নাগেরগাতী, চিমটিসহ বিভিন্ন গ্রামে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম পাবনার সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সাহা (সঃ প্রঃ ঋঃ), নেত্রকোণা জেলা শাখা উকিলপাড়ার আহ্বায়ক দ্বীপক সেন বাচ্চু, প্রাক্তণ সভাপতি সমীরণ চৌধুরী কাচুসহ জেলার অন্যান্য সৎসঙ্গীবৃৃন্দ উপস্থিত ছিলেন।

প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্কঃ চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। ২০২০ সালের ৬ জুলাই আজকের দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। আর আজ (বুধবার) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এন্ড্রু কিশোর। ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে ডাক্তাররা হাল ছেড়ে দেন।এরপর তার নিজ ইচ্ছাতেই ২০২০ সালের ২০ জুন তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। মহানগরীর মহিষবাথানে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় বসবাস শুরু করেন তিনি। মাস না পেরুতেই ৬ জুলাই সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

১৫ হাজারেরও বেশি গান গেয়ে আগের মতোই শ্রোতাদের মণিকোঠায় জীবন্ত হয়ে আছেন এন্ড্রু কিশোর। সংগীত ক্যারিয়ারে শ্রেষ্ঠ গায়ক বিভাগে আটটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছেন প্রয়াত এই গায়ক। এছাড়া দুটি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও তিনটি ‘বাচসাস’ পুরস্কার’সহ এন্ড্রু কিশোরের ঝুলিতে আছে অসংখ্য নামিদামি সম্মাননা। তার মৃত্যু বাংলা সংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, এন্ড্রু কিশোরের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে বুধবার স্মরণসভার আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এদিন বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

 

এবার হজের খুতবা পাঠ করবেন শায়খ আব্দুল করিম

আন্তর্জাতিক ডেস্কঃ আরাফাতের ময়দানে এ বছরের পবিত্র হজের খুতবা পাঠ করবেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং ইসলামিক স্কলারদের সংগঠনের সভাপতি শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। স্থানীয় সময় আগামী শুক্রবার (৯ জিলহজ) আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা পাঠ করবেন তিনি। সেই সাথে মসজিদে নামিরায় নামাজে ইমামতিও করবেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন। মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক। তিনি দেশটির সাবেক বিচারমন্ত্রী এবং বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ইসলামের সহানুভূতি, বোঝাপড়া ও সহযোগিতার সত্যিকারের বার্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা বিশ্বের শীর্ষস্থানীয় বক্তা হিসেবে ব্যাপকভাবে সমাদৃত। আন্তঃধর্মীয় সংলাপ, মধ্যপন্থা প্রচারে এবং চরমপন্থা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে লড়াইকারী নেতা হিসেবে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসলামি ঐক্যে ও বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সালেহ তাকে সম্মাননা প্রদান করেন।

উল্লেখ্য, পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

 

মৌলভীবাজারে কোরবানির পশুর হাটে প্রাণী সম্পদ-ভোক্তার যৌথ অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কোরবানির পশুর হাটে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রাণী সম্পদ বিভাগ। ঈদুল আযহা উপলক্ষে সুস্থ পশু ক্রয় বিক্রয় নিশ্চিত করতে এই অভিযান বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।

তিনি প্রতিবেদক’কে জানান, মঙ্গলবার মৌলভীবাজার শহরের ষ্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী পশুর হাট ও দিঘীরপাড় বাজারের নিয়মিত হাটসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে প্রতিশ্রুতি অনুযায়ী কোরবানির পশু ক্রয়  বিক্রয় না করা, অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করার নামে প্রাণীকে কষ্ট দেওয়াসহ বিভিন্ন অপরাধে দিঘীরপাড় বাজারের হাটে মো রুমেল মিয়া নামক এক ব্যক্তিকে ১ হাজার টাকা এবং পাপ্পু মিয়াকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় খাদ্য পণ্য বিক্রয় করার অপরাধে হাট সংলগ্ন খাবারের প্রতিষ্ঠান কচুপাতা হোটেলকে ১ হাজার টাকা ও ওজনে কম দেওয়ার অপরাধে মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়াকে আরও  ২ হাজার টাকা সহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায়  করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সিনথিয়া কবির, ভেটেরিনারী সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শাহীনুল হক, জেলা ভেটেরিনারী অফিসার ডা. এ জেড এম ওয়াহিদুল আলম ।

উক্ত  অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৯ ফোর্স এর সদস্যগণ।কোরবানির প্রাণির হাটগুলোতে সুস্থ প্রাণি ক্রয়  বিক্রয় নিশ্চিত করতে প্রাণী সম্পদ বিভাগ র‍্যাব পুলিশ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান ভোক্তার ওই কর্মকর্তা।

বিএসএফের ধাওয়ায় নদীতে ডুবে মৃত ভাই বোনের লাশ উদ্ধারের ২দিন পর পরিবারের কাছে হস্তান্তর

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ এর ধাওয়ায় নদীতে ডুবে মৃত ভাই বোনের লাশ উদ্ধারের ২ দিন পর পরিবারের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের ৯৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৮ নং সাব পিলারের পাশে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।

মৃত শিশু দুটির নাম পারভীন (৮) ও সাকিবুর (৪)। তারা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতি গ্রামের রহিচ উদ্দিন (৩৮) ও সামিনা বেগম(৩৫) দম্পতির সন্তান।

এর আগে রবিবার দুপুর দেড়টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের ৯৪৩ নম্বর আন্তর্জাতিক পিলার থেকে ৫০ গজ ভারতের ভিতরে নীলকমল নদীতে ভাই বোনের ভাসমান লাশ উদ্ধার করে ১৯২ ব্যাটালিয়ন সেওটি-১ ক্যাম্পের বিএসএফ ও সাহেবগঞ্জ থানার পুলিশ।

উল্লেখ, ভারতের হরিয়ানা রাজ্যের সুলতানপুর এলাকার হাসিহেসা ইট ভাটায় কাজ শেষে  দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের  জন্য ১ জুলাই শুক্রবার রাতে স্ত্রী ও দুই সন্তান সহ কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি সীমান্ত এলাকায় আসেন রহিচ উদ্দিন। এ সময় পাচারকারী দালালরা কাঁটাতারের বেড়া কেটে তাদেরকে নীল কমল নদীর পাড়ে নোম্যান্স ল্যান্ড এনে দাঁড় করিয়ে রেখে নদী সাঁতরে বাংলাদেশে আসতে বলে। এ অবস্থায় লোকজনের শব্দ শুনে ভারতীয় সেউটি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা টর্চ লাইট জ্বালিয়ে তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে  দুই সন্তানকে নিয়ে নদী সাঁতরাতে শুরু করেন সামিনা বেগম। কিন্তু তীব্র স্রোতের মধ্যে হাতের বাঁধন খুলে ডুবে যায় দুই শিশু। ডুবে যাওয়ার দুই দিন পর রবিবার সকালে তাদের লাশ ভেসে উঠে।  পরে ওইদিন মৃত সন্তানের লাশ ফেরৎ চেয়ে লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার বরাবর একটি আবেদন করেন বাবা রহিজ উদ্দিন।

আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের পশ্চিম  ধর্মপুর সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪২ এর সাব পিলার ৮ এস থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে জনৈক নারায়ণ চন্দ্র বর্মনের বাড়ীর উঠোনে বিএসএফ-বিজিবি বৈঠক শেষে শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ। এসময় ভারতীয় বিএসএফ এর পক্ষে ১৯২ ব্যাটালিয়নের সেওটি-১, সেউটি-২ ক্যাম্পের বিএসএফ, সাহেবগঞ্জ থানা পুলিশ ও বিজিবির পক্ষে লালমনিহাট ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ফরিদ, অনন্তপুর ক্যাম্প ইনচার্জ আরফিন, পুলিশের পক্ষে এএসপি সার্কেল সুমন রেজা, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন ওয়ার্ড সদস্য আজিজুল ও মেছের আলী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন পরিবারের কাছে শিশু দুটির লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার রাতেই শিশু দুইটির লাশ দাফন করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

লোডশেডিংয়ে রাজধানী শহরও বিপন্ন : রিজভী

সিএনবিডি ডেস্কঃ লোডশেডিংয়ের ভয়াবহ ছোবলে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ এখন রাজধানী শহরও বিপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৫ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে নানা রংচংয়ের কথা বলা হয়েছে। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ১৫২টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। যার বেশির ভাগই এখন অচল হয়ে পড়ে আছে। এখন লোডশেডিংয়ের ভয়াবহ ছোবলে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ রাজধানী শহরও বিপন্ন হয়ে পড়েছে। অথচ বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুইক রেন্টাল স্থাপন করতে ভর্তুকি দিতে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা। এই টাকা কীভাবে খরচ হচ্ছে সেটি নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, সে জন্য দায়মুক্তির আইন করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বিদ্যুতের সীমাহীন ব্যর্থতার মূল কারণ ক্ষমতাসীন গোষ্ঠীর আত্মীয়স্বজনের বেপরোয়া লুণ্ঠন। এরা স্বদেশ ও স্বসমাজকে এড়িয়ে আত্মীয় তোষণ করতে গিয়েই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়ে জনগণকে শোষণ করার পথ উন্মুক্ত করেছে। যে কারণে বিদ্যুতের বিল এখন অস্বাভাবিক, দেশ অন্ধকারে নিমজ্জিত।

এছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশ

শিক্ষা ডেস্কঃ সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ উদযাপন বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার (৪ জুলাই) রাতে ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

নির্দিষ্ট একাডেমিক অধ্যায় শেষে শিক্ষার্থীরা যে বিদায়ী উৎসব করে থাকে সেটাই সাধারণত র‌্যাগ ডে নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পালিত এই র‌্যাগ ডে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আর সেই প্রেক্ষিতে এবার দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, র‌্যাগ ডের নাম করে অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, উদ্দাম নৃত্য ও বুলিং ছড়ানো হচ্ছে বলে আদালতে রিট করা হয়েছিল। সেই প্রেক্ষিতে ইউজিসিকে ব্যবস্থা নিতে বলে হাইকোর্ট।

হাইকোর্ট ডিভিশনের উল্লিখিত নির্দেশনা মোতাবেক সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে সরকারি বিশ্ববিদ্যালয়েও একই ধরনের নির্দেশনা দেবে ইউজিসি।

এদিকে কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশনা কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়েও একই ধরনের নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ‘র‍্যাগ ডে’ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। এর পরে ১৭ এপ্রিল ৩০ দিনের মধ্যে র‍্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং, নগ্নতা ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।

 

ফুলবাড়ীতে কাভার্ড ভ্যানে ৩৩ কেজি গাঁজা, চালক আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানের ভিতর ৩৩ কেজি ১০০ গ্রাম গাঁজা পাচারের সময় পুলিশ চালকসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে। সোমবার সকালে উপজেলা সদরের লাকু টেলিকমের সামনে থেকে গাঁজা ও চালক সহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের হেলপার কৌশলে পালিয়ে যায়।

আটকৃত চালকের নাম আহানুর ইসলাম(৪২)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চাঁদপুর দক্ষিণ পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানের ভিতর গাঁজা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পুলিশ উপজেলা সদরের লাকু টেলিকমের সামনে একটি কাভার্ড ভ্যানের চালককে থামানোর সংকেত দেয়। এ সময় পুলিশ দেখে কাভার্ড ভ্যানের হেলপার নেমে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ড  ভ্যানটি আটক করে তল্লাশী চালিয়ে ৩৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ভ্যানসহ চালককে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

নেত্রকোণায় বন্যাদুর্গতদের মাঝে জেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় কলমাকান্দা  উপজেলায় বন্যাদুর্গত অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন  এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়।

এ সময় জেলা বিএনপির উদ্যোগে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হোমেন রুবেল ও সাধারন সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।