চরম খাদ্য সংকট দেখা দিয়েছে শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্কঃ  চরম খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার জনগণ। একদিকে জ্বালানির সংকট সেই সঙ্গে শুরু হয়েছে খাদ্যের অভাব। সেই সাথে এবার শিশু খাদ্যেও দেখা দিয়েছে সংকট। শিশুদের খাওয়ানোর মতো দুধ পাওয়া যাচ্ছে না দেশটিতে। বিবিসির খবরে এসব তথ্য জানা যায়।

দ্রব্যমূল্যের দাম নাগালের বাইরে হওয়ায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে দেশটির শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও। বেশিরভাগ বাড়িতেই খাবারের সংকট। তাদের ঘরে প্রয়োজনীয় খাবার নেই। বেশি কষ্টে আছে নারী ও শিশুরা। খাবারের জন্য তারা বাচ্চাদের নিয়ে খাবারের লাইনে অপেক্ষা করছেন দিনের পর দিন।

খাবার নিতে লাইনে দাঁড়ানো এক জননী চন্দ্রিকা মানেল বলেন, আমরা এখানে এসেছি, কারণ আমরা ক্ষুধার্ত। শাক সবজির দামও চলে গেছে হাতের নাগালের বাইরে। বাচ্চাদের খাবারের সংকট সৃষ্টি হয়েছে। শিশুদের কাটছে ভয়ংকর দিন।

জানা যায়, শুধু জুন মাসেই শ্রীলঙ্কায় খাদ্য পণ্যের দাম ৮০ শতাংশ বেড়েছে। তাই অধিকাংশ শিশুরাই পাচ্ছে না পুষ্টিসম্পন্ন খাবার।

এদিকে শ্রীলংকার এই মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির প্রেসিডেন্ট এখন অব্যাহত চাপের মুখে আছেন। এই দ্বীপ-রাষ্ট্রের জ্বালানি প্রায় ফুরিয়ে যাওয়ার পথে, কারণ তাদের আর জ্বালানি আমদানি করার মতো সামর্থ্য নেই। এ সপ্তাহে দেশটির স্কুলগুলোতে ছুটি দিয়ে দেয়া হয়েছে এবং অতি জরুরি সেবা ছাড়া আর সবকিছুর জন্য জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট রাজাপাকশে এখন রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কেনার জন্য প্রেসিডেন্ট পুতিনের কাছে চিঠি লিখেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ব্যাপক হারে কর নেয়ার পদক্ষেপের মাধ্যমে এ সংকটের সূচনা হয়। এ সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও ভাটা পড়ে। ফলে দেশটির আয় কমতে থাকে। বৈদেশিক ঋণ পরিশোধে হিমশিম খেতে থাকে শ্রীলঙ্কা। চীনের কাছ থেকে নেয়া অর্থ ঋণের বড় অংশই ছিল উচ্চাভিলাষী অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের জন্য। এ সময়ে আমদানি পণ্যের মূল্য পরিশোধে হিমশিম খেতে থাকে সরকার। পরিস্থিতি খারাপ হয়ে বিক্ষোভ শুরু হয়ে এক সময় তা সহিংসতায় রূপ নেয়। অবশেষে সরকার পরিবর্তন হয়।

 

হাজারো মুসল্লির উপস্থিতিতে রাণীশংকৈলে শিক্ষক আইরিনের জানাযা নামাজ সম্পন্ন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইরিন পারভীন বেবির (৪১) জানাযা নামাজ হাজারো মুসল্লির উপস্থিতে সোমবার ৪ জুন সকাল ১১ টায় তার নিজ গ্রাম উত্তর সন্ধ্যারই জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

শিক্ষক বেবি প্রায় এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার ৩ জুন বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক উত্তর সন্ধ্যারই গ্রামের প্রধান শিক্ষক বাবর আলীর স্ত্রী। মৃত্যুর পর তিনি স্বামীসহ দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ গভির শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দাফন শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এবার বিমানে চড়ে গায়ানায় গেলেন বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্কঃ  সেন্ট লুসিয়া টেস্ট শেষে ফেরিতে করে আটলান্টিক পাড়ি দিয়ে ডোমিনিকায় গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সে সময় সমুদ্রে ৫ঘণ্টার ফেরি পথের যাত্রায় অনেক ক্রিকেটার ‘সি সিকনেসে’ অসুস্থ হয়ে পড়েন। এর জন্য সমালোচনার মুখে পড়তে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় গায়ানা রওনা করার মুহূর্ত। এবার আর ফেরি করে ডোমিনিকা থেকে ফিরতে হয়নি তাদের। এবার বিমানে করেই ডোমিনিকা থেকে গায়ানায় ফিরলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গায়ানায় মাঠে। আর ওই ম্যাচের আগে গতকাল সোমবার (৪ জুলাই) ডোমিনিকা ছাড়ল মাহমুদউল্লাহর দল। এরপর একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাই দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিকোলাস পুরানের দল। অন্তত মান বাঁচাতে হলেও শেষ ম্যাচে জয় চাই বাংলাদেশের। তাহলে অন্তত ড্র নিয়ে শেষ করতে পারবে টি-টোয়েন্টি সিরিজ।

 

লুহানস্ক ‘জয়ে’ রুশ সেনাদের অভিনন্দন পুতিনের

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানস্ক এলাকা দখল করার জন্য রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন। গতকাল সোমবার (৪ জুলাই) তিনি এই অভিনন্দন জানান বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু পুতিনকে এই অঞ্চলে যুদ্ধের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং দেন এবং বৈঠকটি রুশ রাষ্ট্রায়ত্ত গণ মাধ্যমে সম্প্রচার করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ১৯ জুন থেকে শুরু করে স্বঘোষিত রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী লুহানস্কের (এলপিআর) পিপলস মিলিশিয়া বাহিনীর ২য় কর্পস ও দক্ষিণের বাহিনীর সহায়তায় রুশ সেনাবাহিনী সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী লুহানস্কের সকল অঞ্চলকে স্বাধীন করেছে। তিনি আরো বলেন, গোরস্কি কলড্রন’ নামে পরিচিত লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহরকে ২ সপ্তাহের মধ্যে ঘিরে ফেলা হয়। তিনি দাবি করেন, এই যুদ্ধে ইউক্রেনের ৫ হাজার ৪৬৯ সেনা নিহত হয়েছে।

পুতিন বলেন, এলপিআরের যুদ্ধে যেসব সেনা সদস্য অবদান রেখেছেন তারা ‘বীরত্বের’ জন্য পুরস্কৃত হবেন। আমি আশা করি লুহানস্কের মত সবখানেই আমাদের অভিযান সফল হবে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ভয়াবহ হামলায় ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তাদের অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনসহ পশ্চিমারা অভিযোগ করেছে রুশ সেনারা যুদ্ধাপরাধ করছে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে।

 

দুর্ঘটনায় আহত দক্ষিণী সিনেমার অভিনেতা বিশাল

বিনোদন ডেস্কঃ  দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। গত রবিবার (৩ জুলাই) চেন্নাইয়ে ‘লাদদি’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে চোট পান তিনি। ভারতীয় গণমাধ্যম টলিউড ডটনেট এই খবর জানিয়েছেন।

টুইটারে একটি ছবি পোস্ট করে পরিচালক শ্রীধার পিল্লাই নায়কের আহত হওয়ার বিষয়টি জানান। তিনি বলেন, ‘লাদদি’ সিনেমার শুটিং চলাকালে পায়ে আঘাত পেয়েছেন বিশাল। চেন্নাইয়ে চূড়ান্ত অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বিশাল সুস্থ হলে আবার শুটিং শুরু হবে। এর আগেও হায়দরাবাদে এই সিনেমার শুটিংয়ে আহত হয়েছিলেন বিশাল। তখন তার হাত ও আঙুলের হাড়ে চিড় ধরেছিল। এবার তৃতীয় লটের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে ফের আহত হন এই অভিনেতা।

উল্লেখ্য, ড্রামা-অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন বিনোদ কুমার। এতে বিশালের বিপরীতে অভিনয় করছেন সুনয়না। অভিনেতার সুস্থতার পরই সিনেমার বাকি অংশের শুটিং হবে বলে জানা যায়।

 

রাশিয়ার শস্যবাহী জাহাজ আটক করেছে আঙ্কারা

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার এক শস্যবাহী জাহাজ আটক করেছে তুরস্ক। রাশিয়ার পতাকাবাহী জাহাজ বেআইনিভাবে ইউক্রেন থেকে শস্য পরিবহন করছে বলে দাবি করার পর আঙ্কারা জাহাজটি আটক করে। তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসলি বদ্নারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

রাষ্ট্রদূত ভ্যাসিলি বদনার ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন চ্যানেলকে জানান, “আমরা এ ব্যাপারে পূর্ণ ও সহযোগিতা করছি। জাহাজটি বর্তমানে বন্দরের প্রবেশ মুখে অবস্থান করছে। এটি আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ।”

ইউক্রেনের রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী সোমবার তদন্তকারীরা জাহাজটির ভাগ্য নির্ধারণ করবেন।

ঝিবেক ঝোলি নামে এই জাহাজটি আটকের জন্য ইউক্রেনের রাষ্ট্রদূত তুরস্কের সরকারকে অনুরোধ করার দু দিন পর জাহাজটি আটকের খবর এলো। প্রথম থেকেই ইউক্রেনের রাষ্ট্রদূত দাবি করে আসছেন যে, জাহাজটি ইউক্রেন থেকে চুরি করা কৃষি পণ্য পরিবহন করছে।

রাষ্ট্রদূত বদনার দফায় দফায় টুইটার পোস্টে বলেছেন, জাহাজটি মারিওপল শহরের বারদিয়ানস্ক সমুদ্রবন্দর থেকে ছেড়ে গিয়েছিল। এরপর থেকেই বদনার একাধিক টুইটার পোস্টে জাহাজটি আটকের জন্য তুর্কি সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, বারদিয়ানস্ক সমুদ্রবন্দরটি রাশিয়ার সেনা এবং দোনবাসের যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। পার্সটুডে।

নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাহেরুল ইসলাম সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাওছার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোকসানা হ্যাপী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তি যোদ্ধা কমন্ডার মোঃ আব্দুল মালেক মোল্ল্যা, উপজেলা বাজার মালিক ও বণিক সমিতিরি সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পল্টু, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মঞ্জুরুল আলম মঞ্জ, বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, মনিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন সহ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ক্ষয়ক্ষতি থেকে উত্তোরনের জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

সিএনবিডি ডেস্কঃ গ্যাস স্বল্পতার কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। গতকাল রোববার (৩ জুলাই) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ দুঃখপ্রকাশ করেন মন্ত্রী।

পোস্টে নসরুল হামিদ বলেন, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ বিঘ্তনিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে জানান তিনি।

তিনি আরো বলেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

 

ছেলে ও মেয়েকে নিয়ে পদ্মা সেতুতে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওযাজেদ পুতুলকে নিয়ে দীর্ঘদিন পর সড়ক পথে পিতৃভূমিতে গেলেন। জীবনে বহুবার সড়ক পথ দিয়ে বাবার কবরে শ্রদ্ধা জানাতে গেলেও শেখ হাসিনার এবারের যাত্রা পুরোটাই ভিন্ন। অন্যরকম ভালো লাগারও। কারণ স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে সাতসকালে পৌঁছেছেন একান্ত আপন ভুবনে।

এর আগে গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিনে মেয়ে পুতুলকে নিয়ে ওপারে গেলেও এই প্রথম মায়ের সঙ্গী হলেন সজীব ওয়াজেদ জয়। ফলে পুরো পরিবারের জন্য এ এক বাড়তি আনন্দের। যে কারণে আনন্দক্ষণের স্মৃতি ধরে রাখতে ভুলেননি তারা।

প্রধানমন্ত্রীর পুত্র ও  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফ্রেমে মা এবং বোনকে নিয়ে হাসিমুখে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পদ্মা সেতু।’ ছবিতে দেখে বোঝা গেছে, সায়মা ওয়াজেদ পুতুল মা ও ভাইকে সেলফিতে বন্দি করেছেন। তিনজনের এমন ছবি যেন বলে দিচ্ছে প্রধানমন্ত্রীর এবারের টুঙ্গিপাড়া সফর কতটা আনন্দ ও তৃপ্তির।

এর আগে, আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতু পার হন সরকার প্রধান।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সোমবার সকাল ৮টার কিছুক্ষণ পরে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন।

সুত্রে জানা গেছে, যাওয়ার পথে পদ্মা সেতুর মাঝামাঝি গিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। সেখানে প্রায় আধাঘণ্টার মতো যাত্রা বিরতি নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। যাত্রা বিরতি শেষে আবারও তারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা শুরু করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

ঢাকা সফরে আসছেন প্রিন্স চার্লস

জাতীয় ডেস্কঃ যুক্তরাজ্যের প্রিন্স চার্লস আগামী অক্টোবরে ঢাকা সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রোববার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে গতকাল রোববার ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

গণমাধ্যম প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ব্রিটিশ যুবরাজ চার্লস আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন। এ সময় তিনি সিলেটেও সফর করবেন এবং যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা করবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন। এ সময় চার্লস দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দিবেন।

উল্লেখ্য, গত ২৪ থেকে ২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ৭৩ বছর বয়সী ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয় পররাষ্ট্রমন্ত্রীর।