হাকালুকি হাওর পাড়ের বানভাসি মানুষের আত্মচিৎকার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দুঃখ-কষ্টে দিন কাটছে বানভাসি মানুষের। ত্রাণের আশায় নৌকা দেখলেই ছুটে যান তারা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা পানিতে দাঁড়িয়ে থাকেন একটু খাবারের আশায়। গবাদিপশুর ও গোখাদ্য নিয়েও চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষগুলো।

অনেকে কোরবানির ঈদের জন্য লালনপালন করা গরু লোকসানে বিক্রি করে দিচ্ছেন। এদিকে প্রকৃতিক দুর্যোগের ডাক এলেই চরম ভোগান্তিতে পড়েন বানভাসি নারী, শিশু ও বৃদ্ধরা। অনেকে পানিতেই সারছেন প্রাকৃতিক কাজ। ফলে ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগবালাই ছাড়িয়ে পড়েছে।

এদিকে পানি নামা অব্যাহত থাকায় বন্যার কিছুটা উন্নতি হচ্ছে। কিন্তু এরপরও এখনও উপজেলার প্রায় প্রতি গ্রাম কমবেশি বন্যাকবলিত। পানি কমলেও দুর্ভোগ কমেনি।

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরগতিতে। কিন্তু দু’দিন ধরে বৃষ্টি হওয়ায় পানি কিছুটা বেড়ে গেছে। সাধারণত একদিনে ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা স্থানীয় বন্যায় পরিণত হয়। সেই হিসাবে চলমান বন্যার পানি না নামতেই যদি ফের ভারি বৃষ্টি হয়, তাহলে সেটা মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবেই বর্ষীত হয় বানভাসি ক্ষতিগ্রস্তদের মানুষগুলোর।

ঢাবির ‘ক’ ইউনিটে পাসের হার ১০.৩৯ শতাংশ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ক ইউনিটের অধীন বিজ্ঞান অনুষদভুক্ত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মাত্র ১০.৩৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

আজ সোমবার (৪ জুলাই) সাড়ে ১২টার পর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

চলতি বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ১৫  হাজার ৬৮৯ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন। পাস করেছেন মাত্র ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৩৯ শতাংশ। বাকি ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

গতবার বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে পাসের হার ছিল ১০.৭৬ শতাংশ। এবার এই ইউনিট থেকে ১৮৫১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

এর আগে গত ১০ জুন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণরা বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদভুক্ত বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক হাজার ৭৮১ আসনে ভর্তি হবে।

যেভাবে ফলাফল জানা যাবেঃ ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণঃ 

(১) পাস করা শিক্ষার্থীদের আগামী ৬ জুলাই ২০২২ বিকেল ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(২) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ফার্মেসী অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে এ সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(৩) ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি দেওয়ার সাপেক্ষে আগামী ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ফার্মেসি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ক ইউনিটের অধীন বিজ্ঞান অনুষদভুক্ত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের আসীর আনজুম খান। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৯৫। মেধাস্কোর ১১৫। আসীর বুয়েটের ভর্তি পরীক্ষায়ও প্রথম স্থান অর্জন করার পাশাপাশি মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করেন।

ভারতে স্কুলবাস খাদে পড়ে ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ সোমবার (৪ জুলাই) সকালে জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানা যায়। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানায়, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে।

কুলু জেলা কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে সেটি খাদে পড়ে যায়।

উল্লেখ্য, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

 

কমলগঞ্জে হত্যাচেষ্টা ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রবীণ মুরব্বী, গ্রাম্য সালিশ কারক আব্দুল খালিক (৬৮) কে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আব্দুল খালিক বাদী হয়ে গত ২৯ জুন মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন- উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বর্তমান ইউপি সদস্য মৃত ওয়াদ মিয়ার পুত্র বুলবুল আহমদ ওয়াতির ও মৃত হাজী আলাউদ্দিন এর পুত্র নজির মিয়া গং অজ্ঞাত ৩/৪জন। আদালত মামলাটি আমলে নিয়ে কমলগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, আব্দুল খালিক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছিলেন গত ২৭ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পথে উজির মিয়ার দোকানের সামনে আসলে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমদ ওয়াতির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় তিনি বাধা দিলে পুর্ব পরিকল্পিত ভাবে তাদের হাতে থাকা দা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করেন।

পরে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আব্দুল খালিককে উদ্বার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন।

আব্দুল খালিক জানান,আমি এখনও পুরোপুরি সুস্থ্য হয়ে উঠতে পারিনি,আমাকে রক্তাক্ত জখম করে তারা ক্ষান্ত নয়,আদালতে মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশ ও মিথ্যা মামলার হুমকি ধমকি দিচ্ছে এবং ইউপি সদস্য বুলবুল আহমদ ওয়াতির তার আত্বীয় স্বজন ও সহযোগীদের দিয়ে ফেসবুকের মাধ্যমে হামলার ঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিক ভাবে হেয় করার জন্য আমার বিরুদ্বে বিভিন্ন রকম কুৎসা রটনা করে যাচ্ছে।

প্রয়াত মুকুল বোসের প্রতি প্রতি আ.লীগের শ্রদ্ধা নিবেদন

রাজনীতি ডেস্কঃ আজ সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার পরে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রয়াত মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় সব নেতারা।

এর আগে, প্রথমে মুক্তিযোদ্ধা এই নেতাকে গার্ড অফ অনার জানায় পুলিশের এক চৌকস দল।

গত রোববার (৩ জুলাই) বিকেলে তাঁর মরদেহ দেশে আনা হয়। আর গত শনিবার ভারতীয় সময় ভোররাতে দেশটির চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকুল বোস।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মৃনাল কান্তি দাস, আহমদ হোসেন, মোজাফফর হোসেন পল্টু, এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, এসএম কামাল, বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পরে সম্মান জানান কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় তেলবাহি লরীর ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শাহীন আহমদ (৩৫) পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি উপজেলার দক্ষিণভাগের দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত ২৮ জুন মঙ্গলবার দুপুরে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার কাঠালতলী ব্র্যাক অফিস সংলগ্ন সড়কের বিপরীত দিক থেকে ছুটে আসা একটি তেলবাহি লরী মোটরসাইকেল আরোহী শাহীন আহমদকে ধাক্কা দেয়। এতে শাহীন গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন দুর্ঘটনায় আহত শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদের ম্যাচ জেতাটাই লক্ষ্য

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে দলের এই বেহাল দশাতেও জয় ছাড়া কিছু ভাবছে না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উইন্ডিজদের বিপক্ষে শেষ ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করতে চায় বাংলাদেশ। তবে এর জন্য দলের সবাইকে নিজের দায়িত্ব পালন করে টিম গেমে নজর দিতে বলেছেন মাহমুদউল্লাহ।

গত বছরের বিশ্বকাপের সময় থেকে এখন পর্যন্ত ১২ টি-টোয়েন্টিতে মাত্র ১ ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১০টিতে এবং অন্য ম্যাচটি বৃষ্টি বাধায় পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদসম্মেলনে রিয়াদ বলেন, ফোকাস তো একটাই ম্যাচ জেতা আর সবসময় এই ফোকাসই থাকে। আমরা যেরকম টিম টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের দল হিসেবে ভালো পারফর্ম করতে হবে। ছোট ছোট এরিয়ায়, যার যে স্পেসিফিক রোল সেটা পালন করতে হবে। তাহলে আমরা টিম হিসেবে ভালো পারফর্ম করি। আমি যতটুক বুঝি আমার টিম নিয়ে, এটাই আমাদের শক্তি।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বাধায় পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা পিছিয়ে আছেন জানিয়ে মাহমুদউল্লাহ আরও বলেন, আমরা কোনো সিরিজের প্রথম বা দ্বিতীয় খেলায় যখন দল হিসেবে ভালো খেলি তখন আমরা অনেক বুস্ট আপ থাকি। এমনকি ওই সিরিজটা এগিয়ে নিতে পারি। ওই শুরুটা আমাদের ভালো একটা অ্যাডভান্টেজ দেয়। আবার অনেক সময় আমরা যখন পিছিয়ে থাকি, আমি বলছি না আমরা পারবো না। তবে শেষ অনেকগুলো ম্যাচ ধরে আমরা স্ট্রাগল করছি।

‘মিস ইন্ডিয়া ২০২২’ মুকুট জিতলেন সিনি শেট্টি

বিনোদন ডেস্কঃ ‘মিস ইন্ডিয়া ২০২২’ প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন ভারতের কর্ণাটকের সিনি শেট্টি। এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত এবং দ্বিতীয় রানার-আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

বিচারকদের প্যানেলে ছিলেন- নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। ভারতের নানা প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। তবে সবাইকে পেছনে ফেলে বিজয়ের হাসি হেসে সেরার শিরোপা জিতে নেন ২১ বছরের সিনি।

ভারতের সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক করেছেন। নাচ শেখা শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছে তিনি।

উল্লেখ্য, এই প্রতিযোগিতার জন্য ৩১ জন প্রতিযোগীকে প্রথমে মুম্বাই আনা হয়। সেখানে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করা হয়। দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ। ইন্ডাস্ট্রির নানা তারকাদের থেকে নানাবিধ জিনিস শিখে নিয়েছেন তারা। প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা বলেন, এই প্রতিভাবান মেয়েগুলির সঙ্গেই আমি আমার যাত্রার প্রত্যেকটা মুহূর্ত ফিরে দেখলাম।

 

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল বাঘের

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায় ১৪ বছরের একটি বাঘ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল রোববার (৩ জুলাই) ওহাইয়োর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এই প্রথমে করোনা আক্রান্ত হয়ে কোনো বাঘের মৃত্যু হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হলো জুপিটার নামের এই ছোট বাঘটির৷ সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে।

এক বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির। এর ফলে ভাইরাসের হানায় সে আরও কাবু হয়ে পড়েছিল। ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে জানা যায়, বাঘটিকে সংজ্ঞাহীন করা হয়েছিল চিকিৎসার প্রয়োজনে৷ তখন একটি সংক্রমণের কথা জানা যায়৷ চিকিৎসাও শুরু হয়। কিন্তু খাওয়াদাওয়া করতে বা সামান্য নড়াচড়া করতেও সে চাইছিল না।

এদিকে টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ সারা হ্যামার ওয়াশিংটন জানিয়েছেন, প্রাণীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ অত্যন্ত বিরল। প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষাও খুব কমই করা হয়। কিন্তু কলম্বাস চিড়িয়াখানায় সেই পরীক্ষার প্রমাণ রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা আক্রান্ত হয়ে এক সিংহের মৃত্যু হয়। এর পর নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যুর হয় করোনার কারণে। ইতোমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।

 

ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় নীল কমল নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে বিএসএফ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর সীমান্ত দিয়ে বাবা মায়ের সাথে পাচারকারী দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে নদী সাঁতরিয়ে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর লাশ নীল কমল নদী থেকে উদ্ধার করেছে ভারতীয় বিএসএফ।

গতকাল রবিবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত এলাকার ৯৪৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার থেকে পঞ্চাশ গজ ভারতের ভিতরে  নীল কমল নদীতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে। খবর পেয়ে ভারতীয় সেউটি ক্যাম্পের বিএসএফ সদস্য ও সাহেবগঞ্জ থানার পুলিশ দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ভারতে নিয়ে যায়। নিহত শিশু দুটির নাম পারভীন (৮) ও সাকিবুর (৪)। তারা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম সুখাতি গ্রামের রহিচ উদ্দিন (৩৮) ও সামিনা বেগম(৩৫) দম্পতির সন্তান।

এদিকে প্রায় ১৬ বছর আগে রহিচ উদ্দিন ও তার স্ত্রী সামিনা বেগম কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। সেখানেই তাদের দুই সন্তানের জন্ম হয়। বাবা- মা বাংলাদেশী হলেও শিশু দুটির জন্ম ভারতে হওয়ায় তাদের বাংলাদেশী নাগরিকত্বের কোন প্রমাণপত্রও দেখাতে না পারায় বিজিবির কাছে হস্তান্তর না করে শিশু দুটির লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ।

স্থানীয়রা জানান, ভারতের হরিয়ানা রাজ্যের সুলতানপুর এলাকার হাসিহেসা ইট ভাটায় কাজ শেষে  দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের  জন্য শুক্রবার রাতে স্ত্রী ও দুই সন্তান সহ কোচবিহার জেলার দিনহাটা থানার সেউটি সীমান্ত এলাকায় আসেন রহিচ উদ্দিন।  এ সময় পাচারকারী দালালরা কাঁটাতারের বেড়া কেটে তাদেরকে নীল কমল নদীর পাড়ে নোম্যান্স ল্যান্ড এনে দাঁড় করিয়ে রেখে নদী সাঁতরে বাংলাদেশে আসতে বলে। এ অবস্থায় লোকজনের শব্দ শুনে ভারতীয় সেউটি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা টর্চ লাইট জ্বালিয়ে তাদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে  দুই সন্তানকে নিয়ে নদী সাঁতরাতে শুরু করেন সামিনা বেগম। কিন্তু তীব্র স্রোতের মধ্যে হাতের বাঁধন খুলে ডুবে যায় দুই শিশু। ডুবে যাওয়ার দুই দিন পর রবিবার সকালে তাদের লাশ ভেসে উঠে।

রহিচ উদ্দিন জানান , পরিবার নিয়ে নিরাপদে  দেশে ফেরার জন্য ভারতের দালালদের সাথে ৩০ হাজার টাকা চুক্তি করি। তারা আমাদেরকে সীমান্তে এনে অন্য ২০/২৫ জন নারী,পুরুষ ও শিশুর সাথে একটি বাড়ীতে রাখে । শুক্রবার মধ্য রাতে কাঁটাতারের বেড়া কেটে তারা আমাদেরকে নদীর পাড়ে নিয়ে আসে । এ সময় বিএসএফ ধাওয়া দিলে দালালরা দ্রুত নদী পার হতে বলে। আমি ব্যাগ নিয়ে সাঁতার দেই আর আমার স্ত্রী দুই সন্তান নিয়ে নদী সাঁতরাতে শুরু করে। কিন্তু অন্ধাকারে তীব্র স্রোতের বেগে স্ত্রীর হাত থেকে সন্তানরা নিখোঁজ হয়।  এরপর পানিতে ডুবে অনেক খোঁজা খুজি করেছি কিন্তু সন্ধান পাইনি।

এ প্রসঙ্গে লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার কবির হোসেন বিএসএফ কর্তৃক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে তাদের বাংলাদেশী নাগরিকত্বের প্রমাণপত্রও দেখাতে না পারায় বিএসএফ শিশু দুটির লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান