নওগাঁয় দূর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আনুষ্ঠানিক ভাবে দূর্নীতি দমন  সমন্বিত জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন  এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ( প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং মহা-পরিচালক দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তলোন করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উপলক্ষ‍্যে এক আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রশাসক খালিদ মেহেদী হাসান।

আলোচনাসভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশনের মহা- পরিচালক জিয়াউদ্দিন আহমেদসহ বিশেষ অতিথি দূর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মো: কামরুল আহসান,  নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জয়পুরহাট মো: মহি উদ্দিন জাহাঙ্গীর,  অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট ফারজানা হোসেন বক্তব‍্য রাখেন।

নওগাঁয় স্থাপিত দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয় নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করবে।

মুরাদনগরে চেয়ারম্যানের সামনে শালিসে নারী মানবাধিকার কর্মীকে নির্যাতন

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্ব বিরোধ ও ভোট না দেয়ার অযুহাতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসে মরিয়ম বেগম নামে এক নারী মানবাধিকার কর্মীকে ব্যাপক মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।

উপজেলার নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সামনে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার দলবল এ ঘটনা ঘটিয়েছে। বর্তমানে আহত ওই নারী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার কয়েকদিন  অতিবাহিত হলেও প্রভাবশালী ওই চেয়ারম্যান এবং মেম্বারদের বিরুদ্ধে মামলা দিতে পারছে না ভুক্তভোগী নারী মানবাধিকার কর্মী। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ উঠেছে।

জানা যায়, পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগ এনে গত ২৮জুন রাতে  মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের নারী মানবাধিকার কর্মী এবং ইন্টার ন্যাশনাল  লিগ্যাল এইড ফাউন্ডেশনের কর্মী মরিয়ম বেগমকে লোক মারফত কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে শালিসে বসেন। ভিডিওতে দেখা যায় শালিস চলাকালে নবীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেনের উপস্থিতিতে ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানি সহ ব্যাপক মারধর করেন। এক পর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা তাকে দৌড়ে গিয়ে ব্যাপক নির্যাতন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন তার আসনে বসে এসব দৃশ্য উপভোগ করেন।

হামলা ও মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নির্যাতনের শিকার ওই নারীর দাবি এসব ঘটনায় পুলিশ মামলা পর্যন্ত নিচ্ছে না।

নির্যাতনের শিকার মরিয়ম বলেন, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে শালিসে বসেন। এ সময় চেয়ারম্যানের সামনেই তার ভাতিজা ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং তার দলবল আমাকে শ্লীলতাহানি এবং নির্যাতন করেন। আমি আত্ম রক্ষার্থে সালিশ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে, তারা আমাকে জোরপূর্বক ধরে এনে ব্যাপক নির্যাতন করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন। এ ঘটনায় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নির্দেশে থানায় মামলা নিচ্ছেনা পুলিশ। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে।

তবে হামলাকারী ইউপি সদস্যের দাবি তাকে গালমন্দ করায় সে মারধর করেছে।

ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন বলেন, পূর্বের সামান্য একটি বিরোধ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। এ সময় আমরা তা মিমাংসা করে দিয়েছি।

এবিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, ওই নারী শুরুতে একটি সাধারণ ডায়েরি করতে এসেছিলেন কিন্তু এ বিষয়ে আমরা তাকে নিয়মিত মামলা দেয়োর করার পরামর্শ দিয়েছি, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের নামে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ মাধ‍্যমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের নামে কল্পিত দূর্নীতি নিয়ে দৈনিক আজকের বসুন্ধরা সহ কয়েকটি পত্রিকায় মিথ‍্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর আড়াইটায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন মাধ‍্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন বিএসসি। লিখিত বক্তব‍্যে বড়ভিটা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের নামে কল্পিত দূর্নীতি নিয়ে পত্রিকায় মিথ‍্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ সারাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্ছিত ও হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।

সম্মেলনে আরও বক্তব‍্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ গোলাম ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক গোলাম  কিবরিয়া, ভাঙ্গামোড় দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন প্রমুখ।

রায়পু‌রে ইভটিজিংয়ের অপরা‌ধে ভ্রাম্যমান আদাল‌তে দুই যুব‌কের কারাদন্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ইভটিজিং-এর অপরাধে জাহিদুল ইসলাম সবুজ (১৯) ও আহাদ হোসেন (২৩) নামের দুই বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গেলো শনিবার দুপুরে (২ জুলাই) পৌরসভার ১নং ওয়ার্ড খেজুর তলায় আদালত বসিয়ে ইভটিজিং (নারী শ্লীলতাহানির) অপরাধের দায়ে ১৮৬০ এর ৫০৯ ধারায় এদণ্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ রাসেল ইকবাল।

দন্ডপ্রাপ্ত দুই যুবক হলোঃ– জাহিদুল ইসলাম সবুজ (১৯) রায়পুর ইউপির দেবীপুর গ্রামের (পাটোয়ারী বাড়ি) জাহাঙ্গির আলমের ছেলে এবং আহাদ হোসেন (২৩) একই গ্রামের (সৈয়দ আলী জমাদ্দার বাড়ি) মৃত মনির হোসেনের ছেলে।

নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল জানান, শনিবার দুপুরে মাদরাসা ছুটির পর খাজুরতলা নামক স্থানে দুই মাদরাসা ছাত্রীকে ইভটিজিং করার সময় এলাকার লোকজন সবুজ ও আহাদকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে ইউএনও কার্যালয়ে ধরে নিয়ে আসে।

তিনি আরও জানান, অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পূর্বলাছ এলাকার খেজুরতলা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। হালিমা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির দুইজন ছাত্রীকে কুপ্রস্তাব ও নারীর শ্লীলতাহানির অপরাধ স্বীকার করায় বখাটে আহাদ হোসেন ও জাহিদুল ইসলাম সবুজ কে (১৯) দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীসহ অন্যান্য নারীদের শ্লীলতাহানির উদ্দেশ্যে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এদিকে বিকালে বখাটে দুই যুবক সবুজ ও আহাদকে লক্ষ্মীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শিপন বড়ুয়া।

 

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রবিবার (৩ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্র সংরক্ষণ না করার জন্য পশ্চিমবাজার এলাকায় অবস্থিত লিটন এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা এবং কুদরত উল্ল্যা রোডে অবস্থিত মৌলভী ক্যাশ এন্ড ক্যারীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত প্রতিষ্ঠানদ্বয় সয়াবিন তেলের ডিলার।

সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শনিবার  ২ জুলাই দুপুরে বজ্রপাতে রেজওয়ানুল ইসলাম শুকরু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার কোষা মন্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেজওয়ানুল ওই এলাকার মো. সহিদ আলী ওরফে জমিরউদ্দিনের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই গ্রামের শুকরু ও তার ভাই মহরুল বাড়ির পাশের মাঠের জমিতে আমন ধান রোপন করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে  ঘটনাস্থলেই শুকরু মারা যায় এবং তার ভাই মহরুল জ্ঞান হারিয়ে ফেলে।

খবর পেয়ে স্থানীয়রা শুকরুকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং অন্যজনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

কোষারাণীগঞ্জ  ইউনিয়নের ইউপি সদস্য শামীম বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া ফের বাড়ল

জাতীয় ডেস্কঃ পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল যুক্ত করে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফলে এ রুটে চলাচলকারী সব বাসেই গত ৮ জুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া হয়েছে।

দূরত্ব ও বাসের আসন অনুযায়ী নতুন ভাড়ার তালিকা তৈরি করে গত বৃহস্পতিবার তা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ঢাকার সায়েদাবাদ দিয়ে মাওয়া, ভাঙ্গা ও মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। ৪০ সিটের বাসে আসনপ্রতি এ পথের ভাড়া ৪৫৪ টাকা আর ৫১ সিটের বাসে আসনপ্রতি ভাড়া ৩৫৬ টাকা। ঢাকা থেকে মাওয়া ও ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ দশমিক ৫৩ কিলোমিটার। এ পথে চলাচলকারী ৪০ সিটের বাসের ভাড়া ৪২৩ টাকা আর ৫১ সিটের বাসের ভাড়া ৩৩২ টাকা।

গোপালগঞ্জ হয়ে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২০৭ কিলোমিটার। এ পথে ভাড়া দাঁড়িয়েছে ৪০ সিটের বাসে ৫৭৫ টাকা আর ৫১ সিটের বাসে ৪৫৬ টাকা। ঢাকা থেকে শরীয়তপুরের দূরত্ব ৭৩ কিলোমিটার। এ পথে ভাড়া ৪০ সিটের বাসে ২৫৭ টাকা আর ৫১ সিটের বাসে ২১১ টাকা। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু, মাওয়া ও জাজিরা হয়ে শরীয়তপুরে যাওয়ার আরেকটি পথ আছে। এ পথের দূরত্ব ৭৩ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ২৫৭ টাকা আর ৫১ সিটের বাসে ২০১ টাকা। মাওয়া, ভাঙ্গা ও বরিশাল হয়ে পিরোজপুরের দূরত্ব ২০৬ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৫৮০ টাকা, আর ৫১ সিটের বাসে ৪৫৫ টাকা। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়েও পিরোজপুরের একটি রুট আছে। এ পথের দূরত্ব ২২৭ কিলোমিটার। এ রুটের ভাড়া ৪০ সিটের বাসে ৬১৯ টাকা আর ৫১ সিটের বাসে ৪৮৬ টাকা।

অন্যদিকে, ঢাকা থেকে ভাঙ্গা ও বরিশাল হয়ে পটুয়াখালীর দূরত্ব ১৯২ কিলোমিটার। এ রুটের ভাড়া ৪০ সিটে ৫৬১ টাকা, আর ৫১ সিটে ৪৪০ টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে মাদারীপুরের দূরত্ব ১১১ কিলোমিটার। এ পথে ভাড়া ৪০ সিটের বাসে ৩৪৪ টাকা, আর ৫১ সিটের বাসে ২৭০ টাকা। মাওয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও খুলনা হয়ে সাতক্ষীরার দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৬৮৯ টাকা,আর ৫১ সিটের বাসে ৫৪১ টাকা। মাওয়া ও ভাঙ্গা হয়ে ফরিদপুরের দূরত্ব ১০২ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৩২৩ টাকা, আর ৫১ সিটের বাসে ২৫৩ টাকা। ঢাকা থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী হয়ে পর্যটন শহর কুয়াকাটার দূরত্ব ২৭৬ কিলোমিটার। এ পথের ভাড়া ৪০ সিটের বাসে ৭৬৭ টাকা, আর ৫১ সিটের বাসে ৬০১ টাকা।

উল্লেখ্য, বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে মাওয়া হয়ে ১৩টি রুটে বাস চলাচলের অনুমতি আছে। ভবিষ্যতে আরও কোনো নতুন রুটে কেউ বাস নামালে এর জন্য নতুন ভাড়ার হার ঠিক করা হবে।

 

নওগাঁয় শশীভূষণ চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি প্রদান

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার  বদলগাছি উপজেলায় বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ‍্যালয় ও কলেজ-এর “শশীভূষণ চক্রবর্তী মেধা শিক্ষাবৃত্তি ২০২১” প্রদান করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

শনিবার বেলা সাড়ে ১১টায় স্কুল ও কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ও কলেজের কার্যকরী কমিটির সভাপতি সুকমল কর্মকার।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-২ (ধামইরহাট – পত্নীতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার,  নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলাছি) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার,  নওগাঁ-৬ ( আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য মো: আনোয়ার হোসেন হেলাল, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ  সুপার কে এম এ মামুন খান চিশতি, আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়িসমিন এবং নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বালুভরা শশীভূষণ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোথ্তালেব হোসেন।

অন্যআন্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বদলগাছি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ দুলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরসহ অন্যরা।

অনুষ্ঠানে ঐ প্রতিষ্ঠানের , এসএসসি, জেএসসি ও পিএসসি পর্যায়ের মৌট ৩৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শেরপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা জাঙ্গাল পাড়া গ্রামের গোসলের সময় এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে সুমন হাসান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন হাসান(২১) ওই এলাকার মোঃ বাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ঐছাত্রী বাড়ির বাথরুমে গোসল করছিলো এসময় সুমন গোপনে গোসলের দৃশ্য দেখে এবং যৌন হয়রানি করে মেয়েটি চিৎকার দিলে তার মা বাবা সহ ভাইয়েরা এসে তাকে আটক করে। পরে স্থানীয়রা রাতে সালিশ বসালে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তারা সুমন কে পুলিশের হাতে হস্তান্তর করে।

এ লাকাবাসীরা জানান, বখাটে সুমন এর আগেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটিয়েছে। তার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের আনন্দের একটি উৎসব হল রথযাত্রা। ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব এটি। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়।

এই উৎসব অনুষ্ঠিত হয় চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে। ১ জুলাই শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রথযাত্রা শুরু হয়ে সন্ধ্যার আগ মুহূর্তে সমাপ্ত হয়। এবং ৯ জুলাই উল্টো রথটানার মাধ্যদিয় সমাপ্তি ঘটবে পুরো উৎসবের।

এ সময় রথযাত্রা অনুষ্ঠান, শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ অবস্থিত জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা: হরিপদ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অনুমিত সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ ডঃ আব্দুস শহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন রায়সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। এমপির বক্তব্যে তিনি বলেন, বস্তুত পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন। পুরীতে রয়েছে জগন্নাথ বলরাম শুভ্রদার দারুমূর্তি। কিন্তু ধর্মমতে জগন্নাথ বিশ্ব প্রতিপালক বিষ্ণুর অবতার। হলধারী বলরাম তার জ্যেষ্ঠ ভ্রাতা ও সুভ্রদা তাদের ভগ্নি। রথটানা হয় এই ত্রিমূর্তিকে নিয়ে।

রথযাত্রার শুরু ইতিহাস হচ্ছে, যশোপাল রাজা একদা হাতির পিঠে চড়ে বেড়াতে যান ধামরাই এলাকার পাশের গ্রামে। রাস্তায় চলতে চলতে হাতি একটি মাটির ঢিবির সামনে গেলে হাতিটি থেমে যায় আর চলতে চায় না। রাজা শত চেষ্টা করেও হাতিটিকে সামনে নিতে পারলেন না এবং অবাক হলেন। তখন তিনি হাতি থেকে নেমে স্থানীয় লোকজনকে ওই মাটির ঢিবি খনন করার জন্য নির্দেশ দেন। সেখানে একটি মন্দির পাওয়া যায়। এছাড়া কতগুলো মূর্তি পাওয়া যায়। এর মধ্যে শ্রীবিষ্ণুর মূর্তির মতো শ্রীমাধব মূর্তিও ছিল। রাজা ভক্তি করে সেগুলো সঙ্গে নিয়ে আসেন। পরে ধামরাই সদরে ঠাকুরবাড়ি পঞ্চাশ গ্রামের বিশিষ্ট পণ্ডিত শ্রীরামজীবন রায়কে তিনি ওই মাধব মূর্তি নির্মাণের দায়িত্ব দেন।

তখন থেকে শ্রীমাধবের নামের সঙ্গে রাজা যশোপালের নামটি যুক্ত করায় বিগ্রহের নতুন নাম হয় শ্রীশ্রী যশোমাধব। সেদিন থেকে সেবা পূজার বন্দোবস্ত হয়। আজও ধামরাইয়ে শ্রীমাধব-অঙ্গনে পূজা-অর্চনা চলে আসছে। পরবর্তীকালে শ্রীমাধবকে কেন্দ্র করেই গড়ে উঠছে ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মেলা। এই প্রচলনের পথ ধরে দেশ জুড়ে পালিত হয় রথযাত্রা।

সুদীর্ঘ ৩৫০ বছর ধরে এ রথযাত্রা পালিত হয়ে আসছে। কবে, কিভাবে এই বাঁশের রথটি কাঠের রথে পরিণত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

বাংলা ১২০৪ থেকে ১৩৪৪ সাল পর্যন্ত ঢাকা জেলার সাটুরিয়া থানার বালিয়াটির জমিদাররা বংশানুক্রমে চারটি রথ তৈরি করেন। ১৩৪৪ সালে রথের ঠিকাদার ছিলেন নারায়ণগঞ্জের স্বর্গীয় সূর্য নারায়ণ সাহা। এ রথ তৈরি করতে সময় লাগে এক বছর।

রথ টানার সময় হাজার হাজার নর-নারীর উলুধ্বনি ও কলা,বাতাসা লুট এর মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এই রীতিমতো শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো হাজারো নরনারীর রথটানার মধ্যে দিয়ে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।