দোকানে চুরির অভিযোগ করায় ব্যবসায়ীর ওপর হামলা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় আবু বক্কর (৩৩) নামে এক সুপারী ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আবু বক্করের স্বজনদের অভিযোগ, সুপারী চুরির অভিযোগ করায় অটোরিকশা চালক জাকির হোসেন গংরা তার ওপর হামলা করেছে।

গত ২৪ মার্চ বিকেলে বড়লেখা পৌরশহরের রেলওয়ে মার্কেটের সুপারী আড়তে এই ঘটনা ঘটেছে। হামলার দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আহত আবু বক্কর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বক্কর উপজেলার তালিমপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে।

এই ঘটনায় আহত বক্কর বাদি হয়ে হামলাকারী উপজেলার তালিমপুর গ্রামের মৃত নেওয়ার আলীর ছেলে অটোরিকশা চালাক জাকির হোসেন তার ভাই হাসান মিয়া ও  ফয়েজ উদ্দিন এবং ফয়েজ উদ্দিনের ছেলে নাইম আহমদের নাম উল্লেখ করে বড়লেখা থানায় লিখিত মামলা করেছেন।

মামলার এজাহার ও  রেলওয়ে মার্কেটের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আবু বক্কর বড়লেখা পৌরশহরের রেলওয়ে মার্কেটে সুপারীর আড়ত দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। গত ২১ মার্চ দিন-দুপুরে তার আড়ত থেকে সুপারী চুরি হয়। সিসি ক্যামেরায় সুপারী চুরির দৃশ্যটি ধরা পড়ে। বক্কর ঘটনাটি বাজারের ব্যবসায়ী সমিতির লোকজনকে জানান। সিসি ক্যামেরার ফুটেজে অটোরিকশা চালক জাকির হোসেনকে আড়ত থেকে সুপারীর বস্তা নিয়ে যেতে দেখা যায়। বাজার কমিটির লোকজনও সিসি ক্যামেরার ফুটেজে দেখেছেন। বিষয়টি সমাধানের জন্য গত ২৪ মার্চ বেলা দুইটায় পৌরশহরের লতিফ ট্রেডার্সে সালিশ বৈঠক বসে। সেখানে জাকির হাজির হলেও কিচ্ছুক্ষণ পর চলে যান। ওইদিন বিকেলে চারটার দিকে জাকির গংরা আবু বক্করের ব্যবসাপ্রতিষ্ঠানেও তার ওপর হামলা চালান। এতে বক্কর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আহত আবু বক্কর তার ওপর হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, গত ২১ মার্চ হামলাকারী অটোরিক্সা চালক জাকির হোসেন আমার আড়তের পাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তিনি আমার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এক বস্তা সুপারী নিয়ে যান। যার দাম ৬০-৭০ হাজার টাকা। চুরির বিষয়টি আমার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ দেখে ঘটনাটি আমি বাজারের ব্যবসায়ী সমিতির লোকজনকে জানাই। তারাও সিসি ফুটেজ দেখেছেন। গত ২৪ মার্চ বিষয়টি সমাধানের জন্য সালিশি বৈঠিক ডাকা হয়। সেখানে জাকির এলেও কিছুক্ষণ পর তিনি চলে যান। বিকেল অনুমানিক চারটার দিকে জাকির ও তার ভাইয়েরা আমার প্রতিষ্ঠানে এসে হামলা চালায়। তারা দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে আমাকে রক্তাক্ত করেছে। পরে আশপাশের লোকজন আমাকে তাদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার ঘটনাটাও সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এই ঘটনায় আমি থানায় জাকির ও তার ভাইদের বিরুদ্ধে মামলা করেছি। আমি এই ঘটনার ন্যায় বিচার চাই।

বড়লেখা থানার এসআই জিয়া উদ্দিন শুক্রবার রাত সাড়ে ১১টায় কথা হলে তিনি বলেন, সুপারি ব্যবসায়ী আবু বক্করের ওপর হামলার অভিযোগে তিনি থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালিয়েছি কিন্তু আসামিদের পাওয়া যায়নি। বর্তমানে আমি ছুটিতে। থানায় এসে আবারও আসামিদের আইনের আওতায় আনতে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হবে।

সিরাজগঞ্জে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

পারভেজ সরকার, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ৩৬ লক্ষ টাকার হেরোইনসহ শেফালী ও জেসমিন নামের ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা।

গেলো শনিবার (১ এপ্রিল) সকালে  গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ৩১ মার্চ বিকেল ৫টার সময় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর আভিযানিক দল-সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা বঙ্গুবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এর দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ লক্ষ টাকার মূল্যের ৩৬৩ গ্রাম হেরোইনসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল এবং নগদ ৫হাজার টাকা জব্দ করা হয়।

আটক মাদক ব্যাবসায়ীরা হলেন- রাজশাহীর গোদাগারী থানার বিদিরপুর বারমাইল গ্রামের ইমরান আলীর মেয়ে জেসমিন আক্তার সুরভী(২২) ও  স্ত্রী শেফালী বেগম (৫০)।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার- সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জহামান।

ছিনতাই হওয়া মোবাইল তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করলো তালতলী থানা পুলিশ

নাজমুল আহসান, বরগুনাঃ ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিলেন তালতলী থানা পুলিশের উপ পরিদর্শক রাকিব হোসাইন। গত সপ্তাহের বৃহস্পতিবার রাত দশটার দিকে তালতলী থানার অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে মোবাইলের মালিক ঔষধ বিক্রয় প্রতিনিধি মোঃ আল-আমিনকে মোবাইলটি  বুঝিয়ে দেওয়া হয়।

আল আমিন বলেন, প্রায় এক বছর আগে কড়ইবাড়িয়া থেকে মার্কেটিং এর কাজ সেরে ফেরার পথে আমার মোটরসাইকেল থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকায় আমার নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি করি। জিডি নং – ৬৭০। প্রায় এক বছর পর তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের কাজির খাল এলাকার জামাল মৃধার ছেলে সোবাহান মৃধার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের উপ পরিদর্শক রাকিব হোসাইন বলেন, হারানো মোবাইলটির জিডি আমার উপর হাওলা করেন তালতলী থানার অফিসার ইনচার্জ মহোদয়। পরবর্তীতে আমি তথ্য ও প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলের সিডিআর সংগ্রহ করে মোবাইলটি উদ্ধার করি। পরে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি ৷

জানা যায়, গত এক বছরে প্রায় শতাধিক বিভিন্ন ব্র্যান্ডের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু। তিনি এ থানায় যোগদানের পরেই বিভিন্ন এলাকার ভূমি জটিলতার সংক্রান্ত পুরোনো বিরোধ দু’পক্ষে আলোচনায় নিস্পত্তি হয়েছে। ফলে কমেছে দাঙ্গা-হাঙ্গামা। এছাড়াও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া কয়েক জন ভুক্তভোগীর টাকা উদ্ধার করা হয়।

তালতলী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তবু বলেন, কারো হারানো মোবাইল উদ্ধার করে দিতে পারলে তখন নিজের কাছে অনেক ভালো লাগে। হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ায় সাধারণ মানুষও আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে পুরস্কৃত করেছেন।

১৩ মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামালসহ চোর গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহের বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামাল উদ্ধার সহ আসামি কামরুলকে গ্রেপ্তারে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত কামরুল ওই ইউনিয়নের আদমপুর নিবাসী তৈমুছ মিয়া ওরফে বাঘা মিয়ার ছেলে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে বুধবার দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙ্গে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা সমেত সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশকে দোকানের মালিক অবহিত করলে চুরির পরদিন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দলসহ চোরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য অভিযানে মাঠে নামে। অভিযানকালে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত চোর কামরুল হাসানকে শনাক্ত করে ব্রাহ্মণবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যমতে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা ও চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়ি, কাঠে সংযুক্ত লোহা কাটার ব্লেড উদ্ধার করে জব্দ করা হয়।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দোকানের মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আসামিকে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সাথে যুদ্ধরত রাশিয়া উল্লেখযোগ্য হারে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। গতকাল শনিবার (১ এপ্রিল) মস্কোতে সেনা কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। খবর আনাদোলু এজেন্সি’র।

সের্গেই শোইগু বলেন, বিষয়টি তদারকির জন্য সামরিক কারখানাগুলো পরিদর্শন করছি। আমাদের সর্বাধিনায়কের তত্ত্বাবধানে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সফল করতে আমরা সব কিছু করতে রাজি আছি।

বৈঠকে ইউক্রেন যুদ্ধে নিযুক্ত সেনা কমান্ডারদের কাছ থেকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্য শোনেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি ইউক্রেনে রুশ সেনাদের কাছে নিরবচ্ছিন্নভাবে অস্ত্র সরবরাহের কৌশল নিয়ে আলোচনা করেন।

মানুষ খেতে পারে না বললেই গ্রেফতার করা হয়

রাজনীতিক ডেস্কঃ মানুষ খেতে পারে না বললেই তাদের গ্রেফতার করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গত শনিবার (১ এপ্রিল) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)র সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন, পত্রিকার বিরুদ্ধে মানলা হচ্ছে। আর সেই কারণেই আজকে এ রমজানের মধ্যেও আমরা অবস্থান কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের অবস্থা কি! গরিব মানুষ আজ খেতে পারে না। মধ্যবিত্ত মানুষ আরও গরিব হয়েছে, শুধু গুটিকয়েক মানুষ যারা আওয়ামী লীগের সিন্ডিকেট তারা ধনী থেকে আরও ধনী হয়েছে।

বিএনপি নেতা মোশাররফ বলেন, সারা বিশ্বে গবেষণা হয় কোন দেশে কী পরিমাণ বৈষম্য হয়। সেই বৈষম্যের রিপোর্টে দেখা যায়, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। ধনী এখানে আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়।

তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এই সরকার জনগণের সরকার নয়; এই জন্য এরা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশ এখন সিন্ডিকেট দিয়ে পরিচালিত হয়। সিন্ডিকেটের মাধ্যমে অর্থনীতিতে ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। এদেশের মানুষ পরিবর্তন চায়, ভোটের অধিকার চায়। এই রমজানেই মানুষ রাজপথে নেমেছে; এই সরকারকে বিদায় করার লক্ষ্যে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রমুখ।

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আইইবি’র সামনে বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি।

প্রেমে পড়ার জন্যে শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব এশিয়ার দেশ চীনে উদ্বেগজনক ভাবে কমছে জন্মহার। সরকারের রাজনৈতিক উপদেষ্টারা জন্মহার বাড়ানোর জন্য বিভিন্নধরণের সুপারিশ করার মধ্যেই চীনের নয়টি কলেজের শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে “প্রেমে পড়ার” জন্য।

এনবিসির নিউজ অনুসারে, কলেজগুলো পরিচালনা করে ফান মেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। গত ২১ মার্চ সংস্থাটি প্রেমকে ফোকাস করে বসন্তের ছুটির ঘোষণা দেয়। ছুটির সময় ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল।

ওই ৯টি কলেজের অন্যতম একটি হলো মিনইয়াং এভিয়েশন ভোকেশনাল কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটির ডিন লিয়াং গুহি ছুটির ব্যাপারে বলেছেন, ‘আমাদের প্রতিষ্ঠান বসন্তের ছুটি চালু করেছে এই আশায় যে শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালবাসতে শিখতে পারবে, জীবনকে ভালবাসবে এবং ভালোবাসা উপভোগ করবে।’

তিনি আরও বলেছেন, ‘আমি আশা করি শিক্ষার্থীরা স্বচ্ছ পানি ও সবুজ পাহাড় এবং বসন্তের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের মানসিক বিকাশই ঘটাবে না, সঙ্গে শ্রেণীকক্ষে শিক্ষার কনটেন্ট সমৃদ্ধ ও দৃঢ় করবে।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাতদিনে শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্কের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত বিকাশের ট্র্যাক রাখা এবং ভ্রমণের ভিডিও তৈরি করা।

ছুটির কারণে যেন শিক্ষা কার্যক্রম ব্যহত না হয় বা শিক্ষার্থীরা পিছিয়ে না যান সে কারণে পরবর্তীতে বাড়তি ক্লাস নিয়ে সেগুলো পুষিয়ে দেওয়া হবে। তবে এখন শিক্ষার্থীদের ভালোবাসায় মনযোগী হওয়ার জন্য বলা হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, চীনে জন্মহার অত্যাধিক কমে যাওয়ার কারণে এবারের ছুটির থিম দেওয়া হয়েছে ভালোবাসা। দেশটির সরকার জনসংখ্যা বৃদ্ধিতে তরুণদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।

সিলিন্ডার গ্যাসের দাম কমলো

অর্থ-বাণিজ্য ডেস্কঃ ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১৪৪ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে দাম কমেছে অটো গ্যাসেরও। আজ রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান, আবুল খায়ের মো. আমিনুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ দশমিক ৯৪ টাকায় বা রেটিকুলেটেড পদ্ধতিতে গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০ দশমিক ২১১০ টাকায় সমন্বয় করা হলো। এছাড়াও ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৪ দশমিক ৯০ টাকায় সমন্বয় করা হলো।

সমন্বয়কৃত এই মূল্য ২ এপ্রিল, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টা থেকে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। তবে সরকারি এলপিজির ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সঙ্গে Saudi CP’র সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

এর আগে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আগামী ৩০ মে থেকে এইচএসসির টেস্ট পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ আগামী ৩০ মে থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

আজ রোববার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ৩০ মে নির্বাচনী পরীক্ষা শুরু হবে। আগামী ২১ জুনের মধ্যে এ পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ

জাতীয় ডেস্কঃ বাংলাদেশে এ বছর সাদাকাতুল ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২ এপ্রিল) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা‘ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১৫ (একশত পনের) টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা‘ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৩৯৬ (তিনশ ছিয়ানব্বই) টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা‘ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১,৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১,৯৮০ (এক হাজার নয়শ আশি) টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২,৬৪০ (দুই হাজার ছয়শত চল্লিশ) টাকা ফিতরা প্রদান করতে হবে।

দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, জামিয়া শরীয়াহ এর ভাইস প্রিন্সিপাল মুফতি নজরুল ইসলাম, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার প্রধান মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মুফতি ওয়ালীয়ুর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেমসহ বিশিষ্ট ওলামায়ে-কেরামগণ উপস্থিত ছিলেন।