শাজাহানপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে কৃষকদের মাঝে চলতি (২০২২-২০২৩) অর্থবছরে গ্রীষ্মকালীন মৌসুমে পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

বুধবার  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বীজ এবং সার কৃষকদের হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা নুরে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষিবিদ মাসুম কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ প্রমূখ।

এ সময় প্রতিজন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ ৫ কেজি, এমওপি সার ১০ কেজি ও ডিএপি সার ১০ কেজি হিসাবে মোট ৪৭০ জন কৃষকদের দেয়া হয়েছে।

অপরদিকে ১ কেজি পেঁয়াজের বীজ, এমওপি সার ২০ কেজি ও ডিএপি সার ২০ কেজি হিসাবে মোট ৮৫ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও পেঁয়াজ চাষীদের প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদনের খরচ বাবদ ২ হাজার ৮০০ শত টাকা প্রদান এবং অন‍্যান‍্য কৃষি উপকরণ দেয়া হয়েছে।

প্রধান অতিথি সোহরাব হোসেন ছান্নু বলেন, কৃষি খাতে সরকারের বিশেষ নজরদারীরর জন্য দেশে খাদ্য সঙ্কট দুর হয়েছে।কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় শাজাহানপুরের  কৃষকরা ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন।

নেত্রকোণায় বিদ্যালয়, মাদ্রাসা, নিম্ন আয়ের উদ্যোগী নারীদের মাঝে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান, সেলাই মেশিন ও চেক বিতরণ করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, মাদ্রাসায় সিলিং ফ্যান, নিম্ন আয়ের উদ্যোগী নারীদের মাঝে সেলাই মেশিন ও নিম্ন আয়ের মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন।

বুধবার দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এসব সামগ্রী ও চেক তুলে দেন।

উপজেলার ২৯ টি বিদ্যালয়ে ক্রিকেট সেট, ফুটবল ও ভলিবল সেট, ১৪ টি মাদ্রাসায় হিলিং ফ্যান, ৮৪ জন নিম্ন আয়ের উদ্যোগী নারীদের মাঝে ১টি করে সেলাই মেশিন ও ২শত ২২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

হাকালুকি হাওরের পানি নামেনি এখনও!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে এখনও। ১০ দিনেও নামেনি হাকালুকি হাওরের পানি; এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কের বেশ কিছু স্থানে। জলাবদ্ধতার কারণে নজরেও আসে না সড়কের ঝুঁকিপূর্ণ এসব খানাখন্দ। ফলে অনেক ঝুঁকি নিয়েই যানবাহন চলছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে। পানি ঢুকে পথিমধ্যেই বিকল হয়ে পড়ছে যানগুলো। যার কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ ছাড়া রাস্তার বেহাল দশার দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়াও আদায় করছেন অসাধু চালকরা।

সম্প্রতি ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে পানিতে তলিয়ে যায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান। অবশ্য বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ায় নামতে শুরু করেছে পানি। তবে এখনও তালিমপুর, রতুলী, দক্ষিণভাগ, হাতলিঘাট, বাছিরপুর, জুড়ী বাজার এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কের এসব অংশে ঝুঁকি নিয়েই যানবাহন চলছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসব স্থানে কোথাও হাঁটুপানি, কোথাও হাঁটুর নিচে পানি। পানি মাড়িয়ে চলাচল করছেন মানুষজন। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। তবে ছোট যানবাহন খুবই কম চলাচল করছে। যেগুলো চলছে সেগুলোয় পানি ঢুকে বিকলও হচ্ছে। ফলে চালক ও যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। কিছু স্থানে পানি নেমে যাওয়ায় চোখে পড়ছে বড় বড় গর্ত।

অটোরিকশাচালক হামিদ আহমদ বলেন, ‘বন্যার পানি উঠার পর দূরে কোথাও যাত্রী নিয়ে যাই না। আজকে যাত্রী নিয়ে বেরিয়ে বিপদে পড়েছি। পানির কারণে সড়কে গর্ত তৈরি হয়েছে। গর্তগুলো দেখা যায় না। চলতে গিয়ে এসব গর্তে গাড়ি আটকে পড়ছে। পানি ঢুকে গাড়ি বিকল হয়ে যাচ্ছে। বড় ঝামেলা পোহাতে হচ্ছে।’ হাফিজুর রহমান নামে এক যাত্রী বলেন, ‘সড়কে অনেক পানি। জরুরি প্রয়োজেন কুলাউড়ায় যেতে হচ্ছে। এখন বেরিয়ে বিপদে পড়েছি। অনেক কষ্টে একটি গাড়ি পেয়েছি। এখন অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।’

অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে অটোরিকশাচালক কামাল আহমদ বলেন, ‘সড়কে গাড়ি চলছে না পানির কারণে। মানুষের কষ্ট দেখে গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়িতে পানি ঢুকে নষ্ট হচ্ছে। তা ঠিক করতে টাকা লাগবে। এ কারণে যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নিচ্ছি। এটা দোষের কিছু নয়।’

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে পানি খুব ধীরগতিতে নামছে। একদিকে পানি কমলে অন্য দিকে বেড়ে উঠছে। আঞ্চলিক মহাসড়কে পানি নেমে গেলে অবস্থা বুঝে সড়ক মেরামতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপি সাহিত্য সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বুধবার (২৯ জুন) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ দিনব্যাপি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে।

এছাড়াও অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাজা শহিদুল আসলাম, আলপনা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম, আনসারুল ইসলাম, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তি ও কবি সাহিত্যিকগণ সাহিত্য সম্পর্কে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত: প্রত্যেক উপজেলা হতে ৩ জন, সদর উপজেলা ও পৌরসভার সংগঠনসমূহ থেকে ৩ জন করে কবি-সাহিত্যিক কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন। বিকেলে স্থানীয় কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

দলই চা বাগানে আগুন: দুই জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঘেঁষা মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানের অফিস কার্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কার্যালয়ে রক্ষিত অর্ধশত বছরের জরুরি সকল নথিপত্র। আগুন নেভানোর চেষ্টাকালে কার্যালয়ের দুই নৈশ প্রহরী শ্রী প্রসাদ পাশী (২৬) ও সৎ নারায়ণ রাজভর (২৫) গুরুতর আহত হয়েছেন। আহত দু’জনকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

দলই চা বাগান সুত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দলই চা বাগান অফিস কার্যালয়ের হিসাব রক্ষকের কক্ষ থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাগানের প্রধান ব্যবস্থাপকের কক্ষসহ সহকারী ব্যবস্থাপকের কক্ষ, জেনারেল কক্ষ, টিলাক্লর্কের কক্ষসহ পাঁচটি কক্ষ সম্পূর্ণভাবে আগুনে ভস্মিভূত হয়ে যায়। গভীররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় অফিসের কোন নথিপত্র অক্ষত অবস্থায় রাখা সম্ভব হয়নি। পরে স্থানীয় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাত ৪ টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর কমলগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়।

এদিকে দলই চা বাগানের অফিস কার্যালয়ের পাশে স্টোররুমে ডিউটিরত নৈশ প্রহরী বাবলু ফুলমালী জানায়, স্টোর রুমের বারান্দায় আমি ঘুমিয়ে ছিলাম। রাত পৌনে তিনটার দিকে মুখোশ পরা একদল লোক আমাকে বেঁধে ফেলে। এ সময় তাদের সাথে থাকা অন্যলোকরা অফিসের দরজার কাঁচ ভেঙে অফিসের ভেতরে আগুন দেয়। আগুন যখন ছড়িয়ে পড়ে তখন আমাকে বেঁধে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অফিসের বারান্দায় ডিউটিতে থাকা নৈশ প্রহরী শ্রী প্রসাদ পাশী ও সৎ নারায়ণ রাজভর এর শরীর পুড়ে গেছে। দু’জনই আহত অবস্থায় আমার কাছে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিলে আমি সাথে সাথে গিয়ে কারখানায় থাকা সায়রন ও পাগলা ঘন্টা পিটাই তৎপর করি। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছিলো। পরে বাগানের চা শ্রমিকরা এসে ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

দলই চা বাগানের প্রধান ব্যবস্থাপক আজগর আলী খাঁন জানান, ১৯৭১ সালের পর থেকে অর্ধশত বছরের সকল নথিপত্র অফিস কার্যালয়ে রক্ষিত ছিলো যা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। কিভাবে তা পুষিয়ে উঠবো বুঝতেছিনা। এই কার্যালয় থেকেই বাগানের চা শ্রমিকদের রুটি রুজির ব্যবস্থা করা হয়ে থাকে। চা বাগানের ইতিহাসে এটাই প্রথম চা কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটানা ঘটলো।

এদিকে ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, মনু-দলই ভ্যালী সভাপতি ধনা বাউরীসহ চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দ এবং মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় চা শ্রমিকরা প্রকৃত অপরাধীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানায়। এ ঘটনায় চা বাগানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগান কর্তৃপক্ষ মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দু’মাস পূর্বেও দলই চা বাগানের অফিস কার্যালয়ের হিসাব রক্ষকের কক্ষে রাতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। তখন তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও এবারের আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। এই আগুন লাগার ঘটানাটি পূর্ব পরিকল্পিত বলেই মনে করছেন অনেকে। পুলিশ সঠিক তদন্ত করলেই আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করছি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন জাতীয় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।যদিও বোর্ডে এখনো লিখিত কোনো চিঠি দেননি তবে মৌখিকভাবে নেওয়া সেই ছুটিকে অফিসিয়াল বলেই ধরে নিতে আজ (২৯ জুন) বলেছেন বিসিবি প্রধান।

সাকিবের ওয়ানডে থেকে নেওয়া ছুটি প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘ওইরকম ভাবে আমার সঙ্গে কথা হয়নি। বোর্ডের সঙ্গে এখনও কিছু যেহেতু বলে নাই, আজকে-কালকের মধ্যে ওর সঙ্গে কথা বললে বুঝতে পারবো।’

তবে সাকিবের মৌখিক ছুটি নেওয়াটা অফিসিয়াল ধরে নিতে বলে নাজমুল হাসান বলেন, ‘আমি যেটা শুনেছি যে, সে জালাল ইউনুসকে বলেছে ওয়ানডে না-ও খেলতে পারে। আগেই বলেছে। তবে অফিসিয়ালি বোর্ডকে এখনও কিছু জানায়নি। তবে আপনারা চাইলে সেটা অফিসিয়াল ধরতেও পারেন।’

এদিকে সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কে খেলবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে জানা গেছে, টেস্ট দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজে থেকে যাচ্ছেন। টেস্ট দলে নিয়মতি হলেও তাইজুল বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন।

 

চিঠিতে হত্যার হুমকি পেলেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগে হত্যার হুমকি পান বলিউড ভাইজান সালমান খান। সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার হত্যার হুমকি পেলেন আরেক বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মুম্বাইয়ের ভারসোভায় অভিনেত্রীর বাড়িতে একটি বেনামি চিঠি পাঠানো হয়েছে, যাতে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আর তথ্য পাওয়ার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারসোভা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এর মধ্যেই অভিযোগ জানিয়েছেন স্বরা। তথ্য অনুযায়ী, হিন্দিতে লেখা চিঠিটিতে স্পষ্ট বলা হয়েছে, বীর সাভারকরের অপমান এ দেশের যুবসমাজ মেনে নেবে না। নিচে সইয়ের জায়গায়, ‘দেশ কে নওজওয়ান’ অর্থাৎ দেশের যুবসমাজ লেখা ছিল।

হঠাৎ কেন এমন চিঠি পাঠানো হলো সেটার সুনির্দিষ্ট কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সরব জওহরলাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এ শিক্ষার্থী।

তবে ধারনা করা হচ্ছে, নিজের টুইটার থেকে ২০১৯ সালে একটি ভিডিও টুইট করেন স্বরা সেটা থেকেই এমনটা হতে পারে। যার নিচে লেখা ছিল, ‘সবচেয়ে কাপুরুষকে ‘বীরপুরুষ’ বানানোর পরিকল্পিত চেষ্টা। ‘বীর’ সাভারকরকে বুঝতে চাইছি। উদয়পুরের নৃশংস হত্যার প্রতিবাদেও টুইট করেছিলেন অভিনেত্রী। লেখেন, ‘তোমারা ঈশ্বরের দোহাই দিয়ে যদি খুন করতে চাও, তাহলে নিজেকে দিয়ে শুরু করো। বিকৃতমনস্ক শয়তান!’

উল্লেখ্য, বর্তমানের পরিস্থিতি দেখে স্বরা ভাস্করকে দেয়া এ হুমকির বিষয়কে গুরুত্বের সঙ্গে দেখছেন মুম্বাই পুলিশ। ফলে কে বা কারা ওই চিঠি পাঠিয়েছে সে ব্যাপারে জোরালোভাবেই খোঁজখবর শুরু হয়েছে।

 

সুইডেন-ফিনল্যান্ডকে হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্কঃ  পশ্চিমা সামরিক জোট ন্যাটো যদি ফিনল্যান্ড ও সুইডেনে কোনও সেনা মোতায়েন করে তাহলে তার উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার (২৯ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে এ কথা বলেন তিনি।

ন্যাটো যদি দুই নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে সদস্যপদ দিয়ে সেখানে তাদের সৈন্য ও অবকাঠামো মোতায়েন করে, তাহলে তিনি এর পাল্টা পদক্ষেপ নেবেন বলে জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে আমাদের ইউক্রেনের মতো সমস্যা নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু তাদের বুঝতে হবে আগে কোনো হুমকি ছিল না, এখন যদি সেখানে সামরিক বাহিনী ও অবকাঠামো মোতায়েন করা হয়, আমাদের স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং সেই অঞ্চলগুলোর জন্য একই হুমকি তৈরি করতে হবে, যেখান থেকে আমাদের প্রতি হুমকি তৈরি করা হয়।

উল্লেখ্য, ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যদিয়ে ন্যাটোকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছে দেশটি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন এ জোটের প্রয়োজনীয়তা বেশি। স্থল, আকাশ ও নৌ এসব দিক থেকে ন্যাটোকে শক্তিশালী করা হবে।

 

ঈদুল আজহা কবে তা আজ জানা যাবে

জাতীয় ডেস্কঃ খুব সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (৩০ জুন)। জিলহজ মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে, বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গবমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে বলেও জানান শায়লা শারমীন।

আজ বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

প্রসঙ্গত, ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

নীলফামারীতে চোর চেয়ারম্যানসহ পাঁচ সহযোগী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী ও পঞ্চগড় জেলায় টিউবওয়েল ও পানির ট্যাঙ্কিতে চেতনা নাশক মিশিয়ে বাড়ির সদস্যদের অচেতন করে চুরি করতো একদল চোর। সেই চক্রের প্রধানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা দুটি মোটরসাইকেল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৭ জুন) নীলফামারীর জলঢাকা, ডিমলা এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চোর চক্রের প্রধান ফজল আলী ওরফে চোর চেয়ারম্যান ফজল (৩৯), তার সহযোগী আল-আমিন (২৬), মঈন হাসান ওরফে শিউল (২৮), ডাবলু মিয়া (৪৫), মো. সোহাগ (২০) ও হাসান আলী (১৯)।

জলঢাকা থানার পরিদর্শক ফিরোজ কবির জানান, দীর্ঘদিন থেকে জলঢাকাসহ নীলফামারী জেলা এবং আশপাশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় তারা চুরি করে আসছিল। চোরের দল বাড়ির টিউবওয়েল এবং পানির ট্যাংকের ভেতরে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দিতো। পরে ওই টিউবওয়েল বা ট্যাঙ্কির পানি পান করে বাড়ির সদস্যরা অচেতন হয়ে পড়লে তারা ঘরে ঢুকে আলমিরা, ওয়ার ড্রপ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বাড়ি থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যেতো এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন গভীর রাতে জলঢাকা উপজেলার কিসামত বটতলা গ্রামের নুরন্নবীর বাড়িতে একই কায়দায় একটি মোটরসাইকেল, স্বর্ণের এক জোড়া হাতের বালা ও এক জোড়া কানের দুল তারা চুরি করে। ওই ঘটনার সূত্র ধরে জলঢাকা থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারে মাঠে নামে। গত ২৪ জুন থেকে ২৭ জুন সকাল পর্যন্ত নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির প্রধানসহ পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।