নওগাঁর আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের গরু-ছাগল-ভেড়া বিতরণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ স্বাবলম্বী করে তোলার জন্য উপজেলায় অসহায় ও দুঃস্থ দরিদ্র পরিবারের মধ্যে ডাসকো ফাউন্ডেশনের গরু-ছাগল- ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে ডাসকো ফাউন্ডেশন উপজেলা শাখা কার্যালয়ে উপজেলার ছয়টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থ দরিদ্র পরিবারের মধ্যে ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প আয়োজনে বিএমজেড ও নেটজ আর্থিক সহযোগিতায় দারিদ্র বিমোচনে চৌদ্দ শত পরিবারের মধ্যে গরু-ছাগল-ভেড়া, হাঁস, মুরগি বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্প আত্রাই উপজেলা সমন্বয়কারী মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্প আত্রাই উপজেলা শাখার এফ এফ আরশী বানু, মোঃ জমির উদ্দিন, মোঃ নজরুল ইসলাম সহ আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ মনন্জুরুল আলম মঞ্জু, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, ভোঁপাডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিমুদ্দিন মন্ডল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম সহ ইউপি সদস্য,নাগরিক সংগঠনে সদস্য, সুধীজন, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

আয়োজকরা জানান, অসহায় ও দুঃস্থ পরিবার গুলোকে স্বাবলম্বী করে তোলার জন্য ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্প ২০১৯ সাল থেকে এ উপজেলার ছয়টি ইউনিয়নে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও ডাসকো ফাউন্ডেশন পরিবেশ প্রকল্প আওতায় উপজেলা ছয়টি ইউনিয়নে দারিদ্র বিমোচনে লক্ষে স্বাবলম্বীকার জন্য গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি পালনের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, ভ্যানক্রয়, মুদিরদোকান, বাঁশ-বেত, মৎস্য চাষ ইত্যাদি আয়বোধক প্রকলের উপর সহায়তা দিয়ে আসছেন।

ভারতের মুম্বাইয়ের কুরলা‍য় চারতলা ভবন ধসে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের কুরলায় চারতলা ভবন ধসে  ১৯ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন ভারিতীয় গণমাধ্যমসুত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৩ জন। গেলো সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এ তথ্য জানায়।

বিএমসি জানায়, ধ্বংসাবশেষ থেকে ২৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৯ জঙ্কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ১৪জন এখনো হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

শিবসেনা নেতা আদিত্য ঠাকরে গতকাল মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে লাখ ৫ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

স্থানীয় সাবেক করপোরেটর প্রবীনা মোরাজকার বলেন, ভবনটির বাসিন্দাদের এবং এলাকার আরও তিনটি ভবনকে খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে যারা ভাড়া থাকতেন, তারা চলে যাননি। ওই ভবনের মালিককে এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ধসে পড়া ভবনটি জরাজীর্ণ ছিল। ২০১৩ সালে প্রথমবার মেরামতের জন্য এবং পরে ভবনটি ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। ভবনের বাসিন্দারা নিজেদের ঝুঁকি ও খরচে সেখানে থাকবেন বলে অঙ্গীকারনামাও দিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি মাসে মুম্বাই শহরটিতে এটি তৃতীয় বড় ভবন ধসের ঘটনা।

মুরাদনগরে এখন কামারদের সুসময়

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কামারশালাগুলোতে বেড়েছে কাজের চাপ। কামারশালাগুলোতে সারা বছরই এখানকার কারিগরদের তৈরি লৌহজাত দ্রব্যের বিভিন্ন উপকরণের চাহিদা থাকে উপজেলা ও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলায়। তবে কোরবানি ঈদের সময় কামারশালায় দা, বটি, চাপাতি, ছোরাসহ অন্যান্য সরঞ্জামের চাহিদা বেড়ে কয়েকগুণে দাঁড়ায়। প্রতিবছর কোরবানির ঈদে কামার দোকানদারদের একটা বড় টার্গেট থাকে। আর সারা বছরের ব্যবসার লাভের বড় অংশ কোরবানি ঈদের এ মৌসুমেই হাতে আসে। এবারেও মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারসহ কামার দোকানিরা সেই টার্গেট রেখে পশু জবাইয়ের এবং মাংস কাটাকুটির সব সরঞ্জাম শান, তৈরি করা নিয়ে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন।

আরমাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু জবাইয়ের এ ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মুরাদনগরের কামারশালাগুলোতে। দা, বঁটি, চাপাতি, ছোরাসহ নানা ধারালো অস্ত্রের শান দেয়া ছাড়াও এ ধরনের নতুন সরঞ্জামও তৈরি করছেন কামারশালার কারিগররা। কাজ আর কাজ, ফুসরত নেই তাদের। মালিক কারিগর সমানতালেই ব্যস্ত। দোকানের কেউ হাঁপরের আগুনের শিখায় লাল করে নামিয়ে এনে হাঁতুড়ি পেটানোর টুং টাং শব্দে তৈরি করছে দা, বঁটি, ছুরি, চাপাতি। আবার কেউ মোটরচালিত মেশিনে দিচ্ছে শান। এসব শব্দে মুখর হয়ে হয়ে উঠেছে কোম্পানীগঞ্জ বাজারের গোটা কামারপট্টি।

মুরাদনগর উপজেলার অন্যতম কামারপট্রি কোম্পানীগঞ্জ বাজারের। প্রায় ২৫টি কামার দোকান রয়েছে এখানে। মুরাদনগর উপজেলার অন্যান্য বাজার গুলোতে বেশকিছু কামার দোকান রয়েছে।

গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, কামার দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। অন্য সময়ের চেয়ে দোকানে মৌসুমী কারিগরের সংখ্যাও বেড়েছে। পোড়া কয়লার গন্ধ, হাঁপরের হাঁসফাঁস আর হাঁতুড়ি পেটানোর টুং টাং শব্দে তৈরি হচ্ছে চকচকে ধারালো দা, চাপাতি, বড় ছোট ছোরা, বঁটিসহ নিমিষে মাংস কাটাকুটির সব ধরনের উপকরণ। কেউ মাংস কাটার নতুন সরঞ্জাম কিনছেন। কেউ গতবছরের ব্যবহৃত সরঞ্জাম শান দেয়ার জন্য নিয়ে আসছেন। কোম্পানীগঞ্জ বাজারের কামারপট্টি ছাড়াও মুরাদনগর বাজার, রামচন্দ্রপুর বাজার, বাংগরা বাজার এলাকায়ও চলছে দা, ছোরা, চাপাতি বিক্রি ও শান দেয়ার কাজ।

কোম্পানীগঞ্জ বাজারের একটি কামারশালার মালিক ছন্দু মিয়া জানান, কোরবানি এলেই বেচাবিক্রি ও লোকজনের মরিচা পড়া দা, বঁটি, ছোরা ইত্যাদি সরঞ্জাম ধারালো করার ব্যস্ততা বেড়ে যায়। কাঁচা লোহা, কয়লা ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে দা, ছোরা ও অন্যান্য সরঞ্জামও কিছুটা বেশি দরে বিক্রি করতে হচ্ছে। আবার কারিগরের মজুরিও বেশি দিতে হচ্ছে। তাই শান দেয়ার খরচও কম রাখা যাচ্ছে না।

দিকে অন্যান্য কামারশালার মালিকরা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় লৌহজাত পণ্যের ও হার্ডওয়ার দোকানিরা কোম্পানীগঞ্জ বাজারের কামারপট্টি থেকে পাইকারি দরে দা, চাপাতি, বঁটি, কোদাল, ছোরাসহ বিভিন্ন উপকরণ সারা বছরই কিনে নেয়। তবে কোরবানির সময় এলে এসব সরঞ্জামের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। গত এক সপ্তাহ ধরে পাইকারি বিক্রির পরিমাণ বেশি গেছে। এখন ঈদ ঘনিয়ে আসায় কোরবানিদাতাদের পুরানো সরঞ্জাম মেরামত, শান দেয়া ছাড়াও নতুন সরঞ্জাম বিক্রি ভালোই চলছে। অন্যান্য সময়ের চেয়ে কোরবানি ঈদের এই সময়ে লাভের পরিমাণটা অনেকটা বেশি হয়।

আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে : আবহাওয়া অফিস

আবহাওয়া ডেস্কঃ সারাদেশে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (২৯ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে । এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিলেটে ১১০, ডিমলায় ৯৪, দিনাজপুরে ৬১ ও নেত্রকোনায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় মাত্র ৬ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ডিমলায় সর্বনিম্ন ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ফের তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে

সিএনবিডি ডেস্কঃ উজানের ঢলে ফের তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহ ধরে পানি কমলেও আজ সকাল থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার (২৯ ‍জুন) দুপুরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৯ জুন) সকাল ৯টায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার (যা বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচে)। তবে  দুপুর ১২টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৬২ সেন্টিমিটার, যা বিপৎসীমার শূন্য দশমিক ২ সেন্টিমিটার ওপরে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, আজ বুধবার (২৯ জুন) দুপুর থেকে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। পানির চাপ মোকাবিলায় ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। একইভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। বড় ধরনের সমস্যা মোকাবিলায় পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা সজাগ রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২১ জুন সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে ছিল। তার আগের দিন ২০ জুন সর্বোচ্চ ৩১ সেন্টিমিটার ওপরে ওঠে। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী এলাকার কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ২২ জুন থেকে দফায় দফায় পানি কমতে শুরু করলে এসব গ্রামের সব বাড়িঘর থেকে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ চলে গেছেন না ফেরার দেশে

রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ বুধবার (২৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু। এছাড়া, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ জুন দিনগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে। এরপরই তাঁকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হার্টে দুটি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। তাতেও অবস্থার উন্নতি হয়নি। পরে উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের জুন মাসের শেষ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু ছাত্রলীগের হাত ধরে। ছাত্রাবস্থায় তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যুক্ত হন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন তিনি। সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে পৃথক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পণ করার আগ পর্যন্ত সামরিক অভিযান চলবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানান, ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা আত্মসর্পণ করার আগ পর্যন্ত দেশটিতে গত কয়েক মাস ধরে চলা সামরিক অভিযান অব্যাহত থাকবে।

দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ‘আজ সূর্যাস্তের আগেই’ সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদেরকে অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়। ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে।

দিমিত্রি পেসকভ আরো বলেন, “এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।”

সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার কোনো সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কিনা। উত্তরে পেসকভ না-সূচক জবাব দেন।

এর আগে, চলতি ইংরেজি বছরের শেষ নাগাদ চলমান সংঘাত থেমে যাবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে মন্তব্য করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিমিত্রি পেসকভ এসব কথা বলেন।

ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যরা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পুর্ব রাবাইতারী গ্রামে। নিহত শিক্ষার্থীর নাম অর্নিলা আক্তার নিলুফা (১৪)। সে ওই গ্রামের আজিজার রহমানের মেয়ে ও নেওয়াশী জাগরনী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারের সদস্যরা জানান, নিলুফা দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে সে তার মাকে বলে পুকুরে  গোসল করতে যায়। দীর্ঘক্ষন পরেও ফিরে না আসায় বাড়ীর পাশে পুকুর সহ বিভিন্ন জায়গায় এবং এলাকায়  মাইকিং করে খোঁজ খবর করেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে  রাত আড়াইটার দিকে নিখোঁজের বিষয়টি ফুলবাড়ী থানায় মৌখিক ভাবে অবগত করেন। কিন্তু পুকুরের পানিতে পড়ে ডুবে যাওয়ার বিষয়টি খেয়াল করেননি কেউই।
অবশেষে আজ বুধবার (২৯ জুন) সকালে নিখোঁজের একদিন পর বাড়ীর পাশের পুকুরে নিলুফার মরদেহ ভেসে ওঠে। নিলুফার বাবা আজিজার রহমান মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ীতে ফেরার সময় পুকুরের পানিতে মেয়ের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের অন্যান্য লোকজন এসে নিলুফার  মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যৌবনের চাহিদা মেটাতে বন্ধুকে খুনের পর মোবাইল বিক্রির টাকায় বান্ধবীকে নিয়ে হোটেলে কিশোর

সাবিক ওমর সবুজ, বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামের ইসরাফিলের ছেলে নওফেল হাসান (১২) নামের এক স্কুলছাত্রকে  ফোনের জন্য  খুন করেছে তারই বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওফেল উপজেলার উপজেলার দাড়িগাছা ইসলামী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বন্ধুকে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী নিজ কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে  জানান, নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় ওই ১৬ বছরের কিশোর। ভাড়া করা নারীর সঙ্গে দিনক্ষণ ঠিক করা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় টাকা। পূরণ হচ্ছিল না মনের ইচ্ছাও। তবে মনের সাধ মেটাতে করা হয় ভয়ংকর পরিকল্পনা। এমন নিষ্ঠুরতায় খুন হলো তারই বন্ধু ১৪ বছরের নওফেল। মজার ছলে বন্ধুকে খুন করে ছিনতাই করে মুঠোফোন। সেই ফোন বিক্রির টাকা দিয়েই ঘনিষ্ঠ হয় ভাড়া করা নারীর সঙ্গে। তবে একা নয়, একই সময় আরেকজনও সেই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়।

১৮ জুন নওফেলকে শ্বাসরোধে ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। পরে ২০ জুন সন্ধ্যায় দাড়িগাছা ফুলবাড়ীয়া গ্রামের একটি ঝোপ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিনই মধ্যরাতে বগুড়ার শাজাহানপুর থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়। নিহতের বাবা মামলাটি করেন বলে জানান তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই মো. আরিফুল ইসলাম।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা খাতুন এবং শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

কুড়িগ্রামের উলিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জনশুমারি ও গৃহগণনাকারী এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে । গত সোমবার (২৭ জুন) দুপুরে ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে উলিপুর থানায় এ মামলা দায়ের করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ৯ টায় জনশুমারি ও গৃহগণনার নিয়োগ সংক্রান্ত কথা আছে বলে ওই নারীকে জাতীয় পরিচয় পত্র নিয়ে চেয়ারম্যান তার নিজ বাড়ীতে ডাকেন। সে অনুযায়ী ওই নারী বাড়ীতে আসলে তাকে রুমের ভিতর বসতে বলেন চেয়ারম্যান। এক পর্যায়ে বাড়ীতে কোন লোকজন না থাকার সুবাদে চেয়ারম্যান ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওই নারীর মুখ চেপে ধরে জোড়পূর্বক খাটে শোয়ায়ে পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন। এ অবস্থায় ইজ্জত বাঁচানোর তাগিদে চেয়ারম্যানের সাথে ধস্তাধস্তি করে দ্রুত দরজা খুলে চিৎকার করতে করতে রুম থেকে বেরিয়ে আসেন ওই নারী। পরে রাস্তায় এসে অটোরিকশায় উঠে বাড়ীর উদ্দেশ্য রওনা দিলেও চেয়ারম্যান তার পিছে পিছে এসে অটো রিকশাতে উঠেন। এ সময় চেয়ারম্যান তাকে  জনশুমারির গণনার কাজ করতে দিবেন না, তার স্বামী ও সন্তানের বড় ধরণের ক্ষতি করবেন বলে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গত ২৭ জুন সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং-১৮। তদন্ত অব্যাহত রয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।